Author: Hello Bangla News

  • আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করে আফগানিস্তান। সেমিফাইনালে সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদায় হয়েছে সুপার এইট থেকে। সবাই ভেবেছিলো দল হিসেবে আফগানিস্তান বেশ যোগ্য। কিন্তু আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দাঁড়াতেই পারেনি আফগানরা। আফগানিস্তান ৫৬ রানে অলআউট হয়ে গেলে দক্ষিণ আফ্রিকা সেই রান করতে খেলেছে ৮.৫ ওভার। খুব হতাশাজনকভাবে থেমে গেল আফগান রূপকথা। তৈরি হলো দক্ষিণ আফ্রিকার ইতিহাস রচনার প্রেক্ষাপট।

    আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। চোকার্স তকমা ঘুচিয়ে বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম ফাইনাল।

    ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ।  প্রোটিয়া পেস তোপের সামনে দাঁড়াতেই পারেনি তারা। সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে।  দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আজমতউল্লাহ ওমরজাই (১০)। এছাড়া বাকি সব ব্যাটার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে থেকে। তাদের ব্যাটিং লাইন ধসিয়ের দেওয়ার শুরুটা করেন মার্কো ইয়ানসেন। ৩ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন বাঁহাতি এই পেসার। তিনটি উইকেট নেন তাবরেইজ শামসিও। তবে তার আগে দুটি করে উইকেট ঝুলিতে যায় কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ার।

    ৫৭ রানের লক্ষ্য পাড়ি দিতে তেমন কষ্ট করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। তবু চোকার্স হওয়ায় একটু ভয় তো ছিলই ভক্তদের মনে। কিন্তু সেই ভয়কে এবার সত্যি সত্যিই জয় করল প্রোটিয়ারা। শুরুতে কুইন্টন ডি ককের (৫) উইকেট হারালেও রিজা হেনড্রিকস ও অধিনায়ক এইডেন মারক্রামের ব্যাটে ঠিকই পৌঁছে যায় ফাইনালের ঠিকানায়। তাও ৬৭ বল হাতে রেখে। বলের হিসেবে এটাই তাদের সবচেয়ে বড় জয়।  অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে হেনড্রিকস ২৯ ও মারক্রাম অপরাজিত ছিলেন ২৩ রানে।

    এদিকে গায়ানায় দিনের অপর সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

  • এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ডিএমপির ১৯ নির্দেশনা

    এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ডিএমপির ১৯ নির্দেশনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুন, ২০২৪: আগামী ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা । এই উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য ১৯ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তা করতে ঢাকা শহরের রাস্তায় কাজ করবে ডিএমপির কুইক রেসপন্স টিম।

    আজ বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এইচএসসি পরীক্ষা ২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে ডিএমপি ট্রাফিক বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মো. মুনিবুর রহমান।

    মো. মুনিবুর রহমান বলেন, “আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিটি কেন্দ্রের রোড ভিত্তিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য রাস্তায় তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”

    তিনি বলেন, “ঢাকা মহানগরে এইচএসসি পরীক্ষার ৮০টি কেন্দ্র আছে। পরীক্ষার কেন্দ্রমুখী যেসব রাস্তা রয়েছে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন সেই প্রচেষ্টা থাকবে আমাদের। এ ছাড়া প্রধান সড়কগুলোয় ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না।”

    মো. মুনিবুর রহমান বলেন, “যেখানে পরীক্ষাকেন্দ্র বেশি সেখানে কুইক রেসপন্স টিম বেশি থাকবে। কুইক রেসপন্স টিম বিভিন্ন রাস্তায় থাকবে। যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করে অথবা বিপদে পড়ে, সেখানে কুইক রেসপন্স টিম তাদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ করবে।

     

    ডিএমপির এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো হলো:

    ১। পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও কলম সঙ্গে নিন।

    ২। পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রের অবস্থানটি ভালো করে জেনে নিন এবং আপনার বাসা থেকে কোন রাস্তায় যেতে হবে তার পরিষ্কার ধারণা নিন।

    ৩। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী/অভিভাবকদের সড়ক-মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।

    ৪। বাসা থেকে এমনভাবে বের হতে হবে যেন ন্যূনতম ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো যায়।

    ৫। যেসব সড়ক পারাপারে রেলক্রসিং আছে, তা বিবেচনা করে বাসা হতে সময় নিয়ে রওনা দেওয়া জরুরি।

    ৬। আপনার বাসার বা পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে যদি কোনো খোঁড়াখুঁড়ি বা মেরামতের কাজ চলে, তবে তা বিবেচনায় নিয়ে সময়মতো রওনা দিতে হবে।

    ৭। পরীক্ষার্থী ও অভিভাবকদের সাবধানতা অবলম্বন করে যানবাহনে চলাচলের অনুরোধ করা হলো।

    ৮। কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া করবেন না।

    ৯। যেসব পরীক্ষার্থী মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাবেন, তারা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে হেলমেট পরিধান করবেন।

    ১০। পরীক্ষাকেন্দ্রে আগত পরীক্ষার্থীরা যানজট বা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

    ১১। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকুন। প্রয়োজনে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন এবং পুলিশের সহায়তা নিন।

    ১২। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং থাকলে ব্যবহার করুন।

    ১৩। পরীক্ষা কেন্দ্রের আশপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন কেন্দ্র থেকে দূরের নিরাপদ স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

    ১৪। পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে থাকলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে অন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রের প্রধান গেইটে ও রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো।

    ১৫। পরীক্ষাকেন্দ্রের সামনে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন।

    ১৬। গত এক বছরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছে, যা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

    ১৭। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোন কর্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম গঠন করা হবে এবং আলাদা ট্রাফিক পরিকল্পনা নেওয়া হবে।

    ১৮। বর্তমানে বর্ষাকাল চলছে বিধায় অবশ্যই ছাতা, রেইনকোর্ট কিংবা বৃষ্টি থেকে রক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।

    ১৯। যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯-এ ফোন করুন।

  • গত ১০ বছরে পাট রপ্তানি বাবদ ১০৪৫৪.১৬ কোটি টাকা আয় হয়েছে: পাটমন্ত্রী

    গত ১০ বছরে পাট রপ্তানি বাবদ ১০৪৫৪.১৬ কোটি টাকা আয় হয়েছে: পাটমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ জুন, ২০২৪: গত ১০ বছরে পাট রপ্তানি বাবদ ১০৪৫৪.১৬ কোটি টাকা আয় হয়েছে, বলে সংসদে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।তিনি বলেন, “২০১৩-১৪ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ থেকে ১৯.০৭ লাখ মেট্রিক টন কাঁচাপাট রপ্তানি হয়েছে। রপ্তানি হওয়া দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিল, যুক্তরাজ্য, জিবুতি, ভিয়েতনাম, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, বেলজিয়াম, তিউনিশিয়া, কেনিয়া, উগান্ডা, সিংগাপুর উল্লেখযোগ্য। এ সময়ে পাট রপ্তানি বাবদ ১০৪৫৪.১৬ কোটি টাকা আয় হয়েছে।”

    আজ বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মোরশেদ আলমের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

    স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

    আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের উত্তরে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, “বর্তমানে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য হেসিয়ান, সেকিং, সিবিসি এবং ইয়ার্ন টুয়াইন রপ্তানি করা হচ্ছে। এ ছাড়া ২৮২ ধরনের বহুমুখী পাটজাত পণ্য রপ্তানি করা হচ্ছে। পাটের ব্যাগ ব্যবহারের লক্ষ্যে সরকার কর্তৃক পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ (২০১০ সনের ৫৩ নং আইন) প্রণীত হয়েছে। এই আইনের অধীনে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া, পোল্ট্রি ও ফিসফিড মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাটজাত পণ্য ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পাট অধিদপ্তর নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।”

    এছাড়া স্টেকহোল্ডারদের নিয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ/মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। দেশে ও বিদেশে বহুমুখী পাট ও পাটজাতপণ্যের মেলার আয়োজন করা হচ্ছে। পাট অধিদপ্তর, করিম চেম্বার, ২য় তলায় পাট ও পাটজাত পণ্যের স্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। রংপুরে ২৩-২৫, মে/২০২৪, নরসিংদীতে ০১-০৩, জুন/২০২৪ এবং ফরিদপুরে ৮-১০ জুন/২০২৪ তারিখে বহুমুখী পাটজাতপণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার/ অভ্যন্তরীণভাবে ব্যবহার বৃদ্ধি পাবে এবং অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন পাটমন্ত্রী।

  • পাকিস্তানে অতিরিক্ত গরমে ৫ শতাধিক মানুষের মৃত্যু

    পাকিস্তানে অতিরিক্ত গরমে ৫ শতাধিক মানুষের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ জুন, ২০২৪: বিশ্বব্যাপী আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ ভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে অতিরিক্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খবর পাওয়া গেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে গত ছয়দিনে পাকিস্তানে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একদিনেই প্রায় দেড়শো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    দেশটির অন্যতম বাণিজ্যকেন্দ্র করাচি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, সেখানে অনুভূত তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস।

    পাকিস্তানের অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা বলছে, তারা করাচি শহরের মর্গে প্রতিদিন গড়ে প্রায় ৩০ থেকে ৪০ জনের লাশ নিয়ে যায়। তবে গত ছয় দিনে তারা প্রায় ৫৬৮ টি লাশ সংগ্রহ করেছে। গত মঙ্গলবারই তারা সংগ্রহ করেছে ১৪১টি লাশ।

    করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. ইমরান সারওয়ার শেখ জানিয়েছেন, হাসপাতালটিতে গত রবিবার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত ২৬৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। মারা যাওয়া অধিকাংশের বয়স ৬০ বা ৭০ এর কোটায়।

    এদিকে উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে করাচির বাসিন্দারা কার্যত লড়াই করছে। শহরটিতে নিয়মিত লোডশেডিংয়ের ফলে নগরবাসীর জন্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

    করাচি ছাড়াও গত মাসে পুরো সিন্ধু প্রদেশে প্রায় রেকর্ড ৫২.২ ডিগ্রি তাপমাত্রা নথিভুক্ত করা হয়।

    পাকিস্তান ছাড়াও ভারতের রাজধানী দিল্লিতেও অতিমাত্রার তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। গত মে মাস থেকে সেখানে প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে আবার কখনও কখনও তা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনাগুলো নিয়মিত এবং তীব্র হয়ে উঠছে। করাচির এই তীব্র তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে।

    বিশ্বব্যাপী প্রচন্ড গরমের কারণ হিসেবে উন্নত দেশগুলোকে দায়ী করা হয়েছে। যদিও দক্ষিণ এশিযার দেশগুলোতে অপরিকল্পিত নগরায়ণের কারণে তাপমাত্রা বাড়ছে।

  • সরিয়ে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা

    সরিয়ে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুন, ২০২৪: ছাগল–কাণ্ডের জন্য আলোচিত মোহাম্মদপুর এলাকার ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’–এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে।

    গত ঈদে জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. মতিউর রহমানের ছেলে দুটি ছাগল কিনে ফেসবুকে পোস্ট করলে ব্যপক আলোচনা শুরু হয় । বেরিয়ে আসে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি। তারপর থেকে সাদিক অ্যাগ্রোর ফার্মের অবৈধ স্থাপনার বিষয়টি আমলে নেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

    অভিযান পরিচালনা করছেন ডিএনসিসির মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

    পরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ সাংবাদিকদের বলেন, “আজকের অভিযানে দেখেছেন রামচন্দ্রপুর খালের তীর দখল করে স্থাপনা করা হয়েছে। সেই স্থাপনা থেকে দখল উচ্ছেদ করা হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, আমাদের অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে।”

    তিনি বলেন, “সাদেক অ্যাগ্রোর মালিককে ঈদের আগেও আমরা নোটিশ দিয়েছি। অবৈধ স্থাপনা থাকলে সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা ঈদের আগে উচ্ছেদ অভিযান করিনি। কারণ এর ফলে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো। আমরা এমনটা চাইনি বলে উচ্ছেদে যাইনি। সেই নোটিশের কোনো ব্যবস্থা নিইনি।”

    জমির মালিকের অভিযোগ তিনি কোনো নোটিশ পাননি। তাহলে সাদিক অ্যাগ্রো ভাড়াটিয়া হিসেবে নোটিশ কীভাবে পায়– জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “খালের একটা নীতিমালা আছে। খালের প্রবাহীকার ৩০ ফিটের ভেতরে কোনো স্থাপনা থাকতে পারবে না, এই নীতিমালা রয়েছে। জমির মালিক কাগজ দেখিয়েছেন ৪ শতাংশের কিন্তু দখল করেছেন এক বিঘা। আর আমরা উচ্ছেদ করেছি অবৈধ স্থাপনা, জমির মালিককে নয়। খালের ভেতরের যে অংশ আছে, সেটা আমরা উচ্ছেদ করেছি।”

    এর আগে, অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছিল ডিএনসিসি। বুধবার (২৬ জুন) ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেওয়া হয়।

  • বিজিবি’র প্রধান দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: বিজিবি মহাপরিচালক

    বিজিবি’র প্রধান দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: বিজিবি মহাপরিচালক

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুন, ২০২৪: বিজিবি’র প্রধান দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান দায়িত্ব হচ্ছে সীমান্ত প্রহরার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা। বিজিবি হবে ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’। আর এজন্য সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা এই চারটি গুণের সংমিশ্রণ ঘটিয়ে দেশপ্রেমিক সৈনিক হিসেবে নবীনদের গড়ে উঠতে হবে।”

    আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বাহিনীর ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

    বিজিবি মহাপরিচালক বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ০৫ ডিসেম্বর বাহিনীর তৃতীয় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের বিদায়লগ্নে নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘যারা নতুন আজকে বিডিআর-এ যোগদান করেছো, যারা শপথ গ্রহণ করলা, তাদের কাছে আমার কথা রইলো-ঈমানের সঙ্গে কাজ করো, সৎপথে থেকো, দেশকে ভালোবাসো।”

    তিনি বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্তের চোরাচালান রোধের পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধে এবং নারী ও শিশু পাচার রোধেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন সীমান্তের কার্যক্রম দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখে। এবিষয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। চেইন অব কমান্ড মেনে চলতে হবে।”

    বিজিবি প্রধান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। অনৈতিক অর্থ উপার্জন এবং শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দুরে থাকাতে হবে।”

    নবীন নারী সৈনিকদের উদ্দেশ্যে বিজিবি মহাপরিচালক বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে ভূমিকা পালন করছেন। মনে রেখো বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহীয়সী নারীদের আত্মত্যাগ অবিস্মরণীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা বিজিবির সার্বিকভাবে কর্মকাণ্ড পরিচালনায় আরও গতিশীল ভূমিকা রাখাসহ বাহিনীর সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে সততা ও দক্ষতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাবে। দেশের অগ্রযাত্রায় যিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একজন নারী, তার অপরিসীম দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।”

    তিনি বলেন, “বঙ্গবন্ধুর হাতে গড়া এই বাহিনী সাফল্যের পথ পরিক্রমায় আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দেশমাতৃকার অখণ্ডতা রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচাররোধ এবং নারী ও শিশু পাচারসহ যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অসামরিক সহায়তা প্রদান এবং যেকোনো জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকা সর্বমহলে প্রশংসিত।”

    তিনি আরও বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় এই বাহিনী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যাধুনিক ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার, এপিসি, এটিভি, আরসিভি, এয়ার বোট, অত্যাধুনিক অ্যান্টি ট্যাংক অস্ত্র, জলযানসহ আধুনিক সরঞ্জামাদি। বিজিবি আজ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে জল, স্থল ও আকাশপথে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম। এ বাহিনীর সদস্যদের অভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নতুন নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনসহ নানাবিধ সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বাহিনীর ক্রমবর্ধমান প্রশিক্ষণ চাহিদা পূরণের লক্ষ্যে চুয়াডাঙ্গায় আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আরও একটি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।”

    বিজিবি মহাপরিচালক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে ১০১তম রিক্রুট ব্যাচের সর্ববিষয়ে সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর-৩০৬ রিক্রুট (জিডি) মো. মিনহাজ হোসেন রাফি, শারীরিক উৎকর্ষ (পুরুষ) প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর-৬৩২ সিপাহী আবু হুরায়রা ও সর্ববিষয়ে তৃতীয় ও শারীরিক উৎকর্ষ (নারী) বিষয়ে প্রথম স্থান অধিকারী বক্ষ নম্বর-৭১৬ সিপাহী ছাবাতুন উল্লাহ জীম এবং ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট বক্ষ নম্বর-৬৪১ সিপাহী মো. শাহিন উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন।

    এরপর নবীন সৈনিকদের চৌকস দল কর্তৃক বিজিবি মহাপরিচালককে আবারও সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    সব শেষে বিজিবির প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং বিজিবির সুসজ্জিত বাদকদল কর্তৃক মনোজ্ঞ ব্যান্ড ডিসপ্লে প্রদর্শন করা হয়।

    বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ ২০২৪ সালের ১৪ জানুয়ারি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিঅ্যান্ডসি)-তে শুরু হয়। প্রশিক্ষণ ভেন্যুতে সর্বমোট ৫৫৬ জন রিক্রুটের মধ্যে ৫২০ জন পুরুষ এবং ৩৬ জন নারী রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

    দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো।

    নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজিবি, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনী, স্থানীয় অসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করা হবে: প্রধানমন্ত্রী

    রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করা হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুন, ২০২৪: রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করা হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর উন্নয়নকল্পে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় কার্যক্রম চলমান রয়েছে, যা ভবিষ্যতে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

    আজ বুধবার (২৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

    প্রধানমন্ত্রী বলেন, “বাহিনীগুলোর গঠন ও উন্নয়নের ক্ষেত্রে ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। বর্তমানে ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।”

    তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর উন্নয়নকল্পে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় কার্যক্রম চলমান রয়েছে, যা ভবিষ্যতে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সশস্ত্র বাহিনীর উন্নয়নের লক্ষ্যে যথাসম্ভব সকল বাস্তবমুখী কার্যক্রম হাতে নিয়েছে। অদ্যাবধি সেনাবাহিনীর জন্য ক্রয়কৃত বিভিন্ন উন্নত সরঞ্জামাদির মধ্যে কাসা ইউটিলিটি বিমান, ডওফিন ইউরোকপ্টার, ডায়মন্ড প্রশিক্ষণ বিমান, এমবিটি-২০০০ ট্যাংক, ভিটি-ফাইভ লাইট ট্যাংক, আর্মার্ড রিকভারি ভেহিক্যাল, সেলফ প্রপেল্ড (এসপি) কামান, অ্যান্টি ট্যাংক গাইডেড উইপন, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রটেক্টেড ভেহিক্যাল, আনম্যানড এরিয়াল ভেহিক্যাল, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, র‍্যাডার কন্ট্রোল এয়ার ডিফেন্স গান সিস্টেম, নাইট ভিশন মনোকুলার, অত্যাধুনিক সমরাস্ত্র, আধুনিক যোগাযোগ সরঞ্জামাদি উল্লেখযোগ্য।”

    শেখ হাসিনা বলেন, “দেশের সমুদ্র নিরাপত্তা এবং সম্পদ রক্ষার বিষয়ে সরকারের প্রথম মেয়াদ থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দেশের সমুদ্র এলাকায় বহিঃশত্রুর মোকাবিলা ছাড়াও জলদস্যুতা, মাদক/অস্ত্র/মানব চোরাচালান প্রতিরোধ, সামুদ্রিক দূষণরোধ এবং মৎস্য ও খনিজ সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে একটি শক্তিশালী নৌশক্তি গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। এই লক্ষ্যে ইতোমধ্যে অত্যাধুনিক সাবমেরিন, ক্যাসল ক্লাস জাহাজ, ফ্রিগেড, করভেট, সমুদ্র জরিপ জাহাজ, লার্জ প্যাট্রোল ক্রাফট, মেরিটাইম প্যাট্রোল এয়ার ক্রাফট এবং মেরিটাইম হেলিকপ্টারসহ অত্যাধুনিক নৌযুদ্ধ সরঞ্জাম বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত হয়েছে।”

    তিনি আও বলেন, “একইসাথে নৌবাহিনীর আধুনিকায়নের জন্য ডাইভিং বোট, ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি, রিমোট কন্ট্রোল গান, আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম ইত্যাদিসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, নেটওয়ার্ক হাব স্টেশন, টেকটিকেল ফায়ারিং রেঞ্জ, লং রেঞ্জ এয়ার ডিফেন্স ও সার্ভিলেন্স র‍্যাডার, বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্র ক্রয় করা হয়েছে। এছাড়াও, সশস্ত্র বাহিনীর জন্য আইএফএফ সেন্টার গঠনের প্রক্রিয়া বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হচ্ছে।”

    শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন যুগোপযোগী কার্যক্রম অব্যাহত আছে। এ যাবৎকালে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এমআই জি-২৯, ইয়াক-১৩০ এবং এফ-৭ বিজি-১ যুদ্ধ বিমান, সি-১৩০ জে এবং কে-৮ বিমান, এমআই১৭১ হেলিকপ্টারসহ অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা হয়েছে। এ সকল আধুনিকায়নের ফলে বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে।”

    এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে র‍্যাডার, আনম্যানড এরিয়াল ভেহিক্যাল, ট্রান্সপোর্ট ট্রেইনার এয়ারক্রাফট এবং সিমুলেটর, লং ও শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স ও সার্ভিলেন্স র‍্যাডার, হেলিকপ্টারে নাইট ভিশন সিস্টেম স্থাপন, মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার ইত্যাদি উল্লেখযোগ্য সরঞ্জাম ক্রয় করা হয়েছে; যা সার্বিকভাবে বাহিনীত্রয়ের মান উন্নয়ন ও আধুনিকায়নে সরাসরি ভূমিকা রেখেছে বলে প্রতীয়মান।

  • রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুন, ২০২৪: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

    আজ বুধবার (২৬ জুন) বঙ্গভবনে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

    সাক্ষাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্যস্থল। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণের পাশাপাশি নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে কাজ করতে হবে।

    এসময় কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান সম্ভাবনাগুলোকে কাজে লাগানোরও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

  • শুরুর স্টেজে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়: স্বাস্থ্যমন্ত্রী

    শুরুর স্টেজে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ২৬ জুন, ২০২৪: শুরুর স্টেজে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “আমার খুবই কষ্ট লাগে যখন গ্রাম থেকে মায়েরা আসেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে। তারা এত দেরিতে আসেন তখন তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। এজন্য যত দ্রুত সম্ভব ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুর স্টেজে এটা শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়।”

    আাজ বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর হাজারীবাগে শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একটা ব্যাপার আমাদের দেশে কমন যা সাধারণ মায়েরা অবহেলা করে। সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আপনাদের কাছে যখন রোগী আসবে তখন আপনারা খেয়াল করবেন ব্রেস্টে কোন লাম্প আছে কিনা। আপনারা যদি সেরকম কোনো রোগী পান তাহলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠাবেন। সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ব্রেস্ট স্ক্রিনিং এর সেরা ফ্যাসিলিটি আছে। আপনারা যদি এরকম ১০ জন, ১৫ জন করে রোগী পাঠান আমরা বিনামূল্যে সব রকমের টেস্ট করে তাদের চিকিৎসা করব।”

    স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে আরও উন্নতমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “শেখ পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক, সাংবাদিক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির সহধর্মিণী একজন মহীয়সী নারীর নামে প্রতিষ্ঠিত এ কল্যাণ কেন্দ্রের উন্নয়নে যা যা করা দরকার সবই আমি করব। দেশের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে মা ও শিশু স্বাস্থ্যের উন্নতির কোনো বিকল্প নেই।”

    স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌস আহমেদ।

  • রান্না: গরুর মাংসের শাহী কোরমা

    রান্না: গরুর মাংসের শাহী কোরমা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৬ জুন, ২০২৪: কোরবানি ঈদের পর সবার ফ্রিজেই কম বেশী গরুর মাংস থাকে। আপনিও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি।

    Culinary artist Kaniz Fatema Ruma
    Culinary artist Kaniz Fatema Ruma

    উপকরণ :

    গরুর গোশ-১কেজি, রান্নার তেল-৩/৪ কাপ, পেঁয়াজ বাটা-১কাপ, কাঁচা মরিচ বাটা-৫/৬ টি, কাজু বাদাম বাটা- ৬/৭ টু, কিশমিশ বাটা-১টেবল চামচ, পোস্তদানা বাটা-১টেবল চামচ, জয়ফল গুড়া-১/২ চা চামচ, জয়ত্রী গুড়া- ১/২ চা চামচ, রাধুনি ধনিয়া গুড়া- ২ চা চামচ, টক দৈ- ১/২ কাপ, তরল দুধ-১ কাপ, লবন-স্বাদ মত, চিনি -১ টেবল চামচ, আস্ত কাঁচা মরিচ-৮-১০ টি, এলাচ-৩টি, দারচিনি -৩ টুকরা, তেজপাতা-১টি, ঘি- ১ টেবল চামচ, পিয়াজ বেরেস্তা- ১/৪ কাপ।

    প্রস্তুত প্রণালী:

    কোরমার গরুর গোশ বেশী ছোট করে কাটা যাবেনা, একটু বড় সাইজ রাখলেই সুন্দর দেখায়। ঘি, বেরেস্তা,আস্ত কাঁচা মরিচ ও তরল দুধ বাদে সব উপকরণ গুলো দিয়ে মাংস মেখে রাখতে হবে আধা ঘন্টা। এবার চুলায় দিয়ে বলক এলে একদম কম আঁচে রান্না করে নিতে হবে । মাংস কষানো হলে সামান্য গরম পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য।  মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এলে তরল দুধ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাংস সিদ্ধ হয়ে এলে আস্ত কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে কিছুখন। মশলা ঘন হয়ে তেল উঠে এলে ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে বেরেস্তা ছিটিয়ে  পোলাও এর সাথে পরিবেশন করতে হবে মজাদার গরুর মাংসের শাহী কোরমা।

    রন্ধন শিল্পী: কানিজ ফাতেমা রুমা