Author: Hello Bangla News

  • জাতিসংঘ পুলিশের কাজে অর্থবহ অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

    জাতিসংঘ পুলিশের কাজে অর্থবহ অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জুন, ২০২৪: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ পুলিশ প্রধানদের চতুর্থ সম্মেলনে জাতিসংঘ পুলিশের কার্যক্রমে ফলপ্রসূ অবদান রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার ও প্রস্তুতি পুনর্ব্যক্ত করে‌ছেন

    নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্প‌তিবার (২৭ জুন) জা‌তিসং‌ঘে ‘শান্তিরক্ষা কার্যক্রমে অভিনব কৌশল ও সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র’ শীর্ষক সম্মেলনের প্রধান সেশনে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে‌ন মন্ত্রী।

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ পুলিশ প্রধানদের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কামরুল আহসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিবর্তিত পরিস্থিতি ও প্রেক্ষাপটে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রাসঙ্গিক ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিশেষায়িত পুলিশিং-এর বিষয়ে গুরুত্বারোপ করেন। শান্তিরক্ষা কার্যক্রম চলমান দেশগুলোর আইন ও নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলোর দক্ষতাবৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মহিলা পুলিশ সদস্য প্রেরণ বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার রোধে জাতিসংঘ কর্তৃক গৃহীত ব্যবস্থায় বাংলাদেশের অবদান তুলে ধরেন। পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের গুরুত্ব বর্ণনা করে, এ ধরনের প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে জোর দেন।

    সম্মেলন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী, গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদৌলে সানিয়াং, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ফর পিস অপারেশন্স জ্যঁ পিয়েরে লাখোয়া এবং আন্ডার-সেক্রেটারি-জেনারেল ফর অপারেশনাল সাপোর্ট অতুল খারের সাথে তিনটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।

    জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেলদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, শান্তিরক্ষা কার্যক্রমে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতার বিষয়টি তুলে ধরেন।

    এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো ও জাতিসংঘের সাথে অংশীদারিত্ব বৃদ্ধির নানা ক্ষেত্র আলোচনায় উঠে আসে।

    এ সময় উভয় আন্ডার-সেক্রেটারি-জেনারেলই শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী পাঠানোর অনুরোধ জানান।

    গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা কার্যক্রমে গাম্বিয়ার অংশগ্রহণে বাংলাদেশ সহযোগিতা প্রদান করায় ধন্যবাদ জানান।

    এ ছাড়া এই বৈঠকে রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও গাম্বিয়ার পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

    দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ জুন, ২০২৪: বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথমবারের মতো তিন জয় পেয়েছে । অপর দিকে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে। কিন্তু সুপার এইটে তিনটি খেলায় কোন জয় পায়নি বাংলাদেশ। বিশেষ ভাবে শেষ খেলায় আফগানিস্তানের কাছে হেরে গিয়ে দারুন সমালোচনায় পড়ে দলটি। সুপার এইটে তিন পরাজয় মাথায় নিয়ে হতাশাকে সঙ্গী করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল।

    আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা।

    দেশে ফেরার পর আপাতত দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর যারা টেস্ট খেলবেন, এমন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। আসন্ন লাল বলের ক্রিকেটের জন্য কোচ সোহেল ইসলামের অধীনে সেখানে প্রস্তুতি নেবেন তারা।

    এর মধ্যে সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।

    বিমানবন্দরে দলের সহ-অধিনায়ক পেসার তাসকিন আহমেদ সাংবাদিকদের বলেন, এই ব্যর্থতার বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। ঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি তারা। তাওহীদ হৃদয় ছাড়া ব্যাটিংয়ে বলার মতো তেমন কিছুই করতে পারেননি কেউ।

    তিনি আরও বলেন, “ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলছি আমরা। কিন্তু তাও আসলে, এত লম্বা…কখনোই আমি ক্রিকেট খেলার পর, বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছি, কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখিনি। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে।”

  • ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ চলচ্চিত্র মালয়েশিয়ায় পুরস্কার পেয়েছে

    ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ চলচ্চিত্র মালয়েশিয়ায় পুরস্কার পেয়েছে

    www.HelloBangla.News – বিনোদন – ২৮ জুন, ২০২৪: মালয়েশিয়ার সেলাঙ্গরের সাইবারজায়ায় বিখ্যাত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সপো’তে (এমএমইউ) ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ চলচ্চিত্র প্রদর্শনের জন্য ‘বেস্ট অ্যাকটিভিটিস অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশ।

    বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে ২০-২৩ জুন, ২০২৪ পর্যন্ত এ আন্তর্জাতিক এক্সপো অনুষ্ঠিত হয়।

    জানা গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটি’র স্টুডেন্ট অ্যাডভাইজার খালিদ ফাইয়াজ মোহাম্মদ এবং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এক্সপো’র (আইএক্সপো) অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের প্রধান টেংকু অ্যালিসা সাবরিনা বিনতি টেংকু এরউইন মার্টিনো বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার মো শামীম আহসানের হাতে পুরস্কার তুলে দেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন।

    পাবলিক কূটনীতির উদ্যোগের অংশ হিসেবে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ২১ জুন (শুক্রবার) মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ প্রদর্শনের আয়োজন করে।

    মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, তার স্ত্রী প্যান্ডোরা চৌধুরী, মালয়েশিয়ায় ভারতীয় হাইকমিশনার বিএন রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও সিইও, প্রফেসর দাতো’ ড. মাজলিহাম মোহাম্মদ সুউদ, ফ্যাকাল্টি মেম্বার, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্যরা চলচ্চিত্রটি উপভোগ করেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তারা তাদের পরিবারের সদস্যদের সাথে সিনেমাটি উপভোগ করেন।

    দর্শকরা বঙ্গবন্ধুর নিরলস মহাকাব্যিক সংগ্রাম, দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসা ও সমবেদনা এবং পরিবারের বেশিরভাগ সদস্যসহ তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডকে চিত্রিত করে নির্মিত এ চলচ্চিত্রটি দেখে এর কাহিনি দ্বারা গভীরভাবে আলোড়িত ও আবেগাক্রান্ত হন এবং চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন।

    উল্লেখ্য, ২৩ জুন, ২০২৪ আন্তর্জাতিক এক্সপো’র শেষ দিনে গালা নাইট-এ মর্যাদাপূর্ণ এ পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং সিইও তিনজন বাংলাদেশী ছাত্রনেতার হাতে পুরস্কার তুলে দেন।

    পুরস্কারের ছয়টি বিভাগ ছিল এবং বাংলাদেশ ‘সেরা কার্যক্রম’-এর আওতায় পুরস্কার জিতেছে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও সিইও এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূত,  বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে একজন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী নৃত্য পরিবেশন করে।

    প্রবাসী নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘উই’ অন্যান্য দেশের সাথে এক্সপোতে একটি স্টল স্থাপন করে। এতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও খাবার প্রদর্শন করা হয়।

    সূত্র: বাসস

  • ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে

    ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ জুন, ২০২৪: গতকাল রাতের খেলায় ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০মিনিটে ভারত ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এর আগের সেমিফাইনালে আফগানিস্তানকে খুব সহজেই হারিয়ে ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা। দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও অপরাজিত আছে। প্রথমবারের মতো ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। তবে অভিজ্ঞতার আলোকে ভারত এগিয়ে আছে। ফাইনাল খেলা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে।

    গতকাল বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে তারা। পরে ওই রান তাড়া করতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংলিশরা।

    বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেড় ঘণ্টা দেরিতে। টস হেরে ব্যাট করতে নেমে আরও একবার বিরাট কোহলিকে নিয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা। পুরো টুর্নামেন্টের মতো এদিনও ব্যর্থ হন কোহলি। ৯ বলে ৯ রান করে রিচ টপলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এর আগে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে প্রতিবারই হাফ সেঞ্চুরি ছুয়েছিলেন তিনি, পারেননি এবার।

    একদিকে রোহিত শর্মা দারুণ খেললেও আরেকদিকে উইকেট হারায় ভারত। ঋষভ পান্ত ফেরেন পাওয়ার প্লে শেষ হওয়ার চার বল আগে। ৬ বলে ৪ রান করে স্যাম কারানের বলে মিডউইকেটে দাঁড়ানো জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৪৬ রান করে ভারত।

    পান্ত ফেরার পর সূর্যকুমারের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন রোহিত। কিন্তু এর মধ্যেই নেমে আসে বৃষ্টি। এক ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়। এরপরও জুটি অবিচ্ছিন্ন থাকে সূর্য ও রোহিতের। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতীয় অধিনায়ক। স্যাম কারানের বলে মারা ছক্কায় এ ম্যাচে নিজের ফিফটির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পঞ্চাশতম ছক্কাটিও হাঁকান তিনি।

    রোহিতের সঙ্গে সূর্যের ৫০ বলে ৭৩ রানের জুটিটি ভাঙেন লেগ স্পিনার আদিল রশিদ। ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করে বোল্ড হয়ে যান রোহিত। এই উইকেটের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান রশিদ। তার উইকেট ৩১টি, স্টুয়ার্ট ব্রডের ৩০টি।

    রোহিতের ফেরার এক ওভার পর ফিরে যান সূর্যকুমারও। ৩৬ বলে ৪৭ রান করে জফরা আর্চারের বলে লং অনে দাঁড়ানো ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন তিনি। এরপর উইকেটে এসে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক।

    ১৮তম ওভারে ক্রিস জর্ডানকে টানা দুটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু টানা দুই বলে দুই উইকেট নিয়ে আবার ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনিই। প্রথমে ১৩ বলে ২৩ রান করা পান্ডিয়া ক্যাচ দেন জর্ডানের হাতে। পরের বলেই উইকেটের পেছনে শিভাম দুবের ক্যাচ নেন জশ বাটলার।

    শেষদিকে নেমে ৬ বলে ১০ রান করেন অক্ষর প্যাটেল। ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। রান তাড়ায় নেমে শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে বাটলার আউট হলে। ১৫ বলে ২৩ রান করে অক্ষর প্যাটেলের বলে ক্যাচ তুলে দেন তিনি। এরপরই শুরু হয় ইংল্যান্ডের দুর্গতির।

    একের পর এক ব্যাটার সাজঘরে ফেরেন। এর মধ্যে ১৯ বলে সর্বোচ্চ ২৫ রান করেন হ্যারি ব্রুক, কুলদ্বীপের বলে বোল্ড হন তিনি। এছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন দুজন। ১৫ বলে ২১ রান করেন আর্চার, ১৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান আর্চার। ভারতের হয়ে তিন উইকেট করে পান কুলদ্বীপ ও অক্ষর।

    ম্যাস সেরা হয়েছেন অক্ষর প্যাটেল।

  • ডিএনসিসি’র উদ্যোগে ১৫০০ সাইক্লিস্ট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

    ডিএনসিসি’র উদ্যোগে ১৫০০ সাইক্লিস্ট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জুন, ২০২৪: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় ১৫শ’সাইক্লিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

    আজ শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুস্থতার জন্য সাইক্লিং উপলক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

    এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করবেন। উদ্বোধনকালে ওবায়দুল কাদের এই দেশের সব অপশক্তিকে রুখে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

    ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এই জন্য সাইক্লিং এর কোনো বিকল্প নাই।

    এসময় তিনি ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেল লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

    শোভাযাত্রায় এছাড়া আরও উপস্থিত ছিলেন— বস্ত্র ও পাট মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ।

  • টেলিভিশন বিতর্কে অংশ নিলেন বাইডেন ও ট্রাম্প

    টেলিভিশন বিতর্কে অংশ নিলেন বাইডেন ও ট্রাম্প

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ জুন, ২০২৪: দেশটির রীতি অনুসারে নির্বাচনের আগে দুই প্রধান দলেন বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্ক একে অন্যকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বিতর্ক মঞ্চে উঠার পর ২০২০ সালের মত প্রথা ভেঙে এবারও করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প। এরপর সঞ্চালক দুজনকে বিতর্কের নিয়ম জানিয়ে দেন।

    এই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন জো বাইডেন। এসময় ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্প রাতে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে কটাক্ষ করেন বাইডেন। যদিও ট্রাম্প বরাবরই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।

    ‘পুতিন বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়া থেকে সরে আসা এবং মস্কোর দাবি করা চারটি অঞ্চল কিয়েভ ছেড়ে দিতে রাজি হলে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ থামাবে’ উল্লেখ করে সঞ্চালক ডানা ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘পুতিনের শর্তগুলো আপনার কাছে গ্রহণযোগ্য কি না?’

    এর উত্তরে ট্রাম্প বলেন, না, এগুলো গ্রহণযোগ্য নয়। ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে জিতলে ইউক্রেনে যুদ্ধ থামাবেন।

    বাইডেনের কাছে প্রশ্ন রাখা হয়, যুক্তরাষ্ট্রের সীমান্ত-সংকটে ভোটাররা তার ওপর কেন আস্থা রাখবেন। এই সময় অভিবাসন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের আমলে অভিবাসনপ্রত্যাশী মায়েদের কাছ থেকে তাদের শিশুদের আলাদা করা হচ্ছিল, তিনি শিশুদের খাঁচায় রাখছিলেন। এই সময় মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় সীমান্ত বিল পাস করার কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

    বাইডেন প্রশ্ন করা হয়, হামাস ও ইসরায়েল যুদ্ধ শেষ করতে বাইডেন কী করবেন? উত্তরে বাইডেন বলেন, একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ চায় না। বাইডেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। বলেন, হামাসকে নির্মূল করতে হবে।

  • প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

    প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুন, ২০২৪: প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। একসময় চাঁদেও যাবে আমাদের ছেলেমেয়েরা-এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে। দেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়া হবে।”

    আজ বৃহস্পতিবার (২৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে৷ শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার।”

    তিনি আরও বলেন, “স্কুল ফিডিং কার্যক্রমটা কমিউনিটিভিত্তিক করতে হবে।পুষ্টিকর বিস্কুটের স্বাদে চকোলেট-ভ্যানিলা ফ্লেভার দিতে বলেছি। স্কুলে যে বিস্কুট দেয়, সেটাতে কোনো টেস্ট ছিলো না তেমন। বাচ্চারা সেটা খেতেও একঘেঁয়েমি বোধ করত। নিজে টেস্ট করে, আমি এ বিস্কুটের স্বাদ বদলানোর নির্দেশ দিয়েছি।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, “১৫ বছরে দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষক বেড়েছে তিন গুণ।”

    তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই।”

    শেখ হাসিনা বলেন, “স্বজন হারিয়ে বেঁচে থাকার কষ্টটা অনেক বেশি, তারপরও সেই শোক, ব্যথা বুকে নিয়েই নিজের ছোট ছোট ছেলে-মেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করে চলে এসেছিলাম।”

    প্রধানমন্ত্রী বলেন, “৬ বছর আসতে পারিনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারা আমাদের আসতে দেবে না। ছয় বছর পর যখন আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে এবং জনগণের সমর্থনে এক প্রকার জোর করেই ফিরে আসি। বিচার চাওয়ার আমাদের কোনো অধিকার ছিল না। বাবা-মা, ভাই হত্যার বিচার আমরা চাইতে পারিনি। আইন করে বন্ধ করা হয়েছিল। খুনিদের বহিষ্কৃত করা হয়েছিল, কিন্তু সাজা যাতে না হয় তার জন্য আইন করা হয়েছে। যাতে কেউ মামলা করতে না পারে।”

    তিনি বলেন, “একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে ছারখার করেছে, সেই যুদ্ধাপরাধী, যাদের বিচার হয়েছিল, আবার অনেকে কারাগারেই ছিল, যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল, তাদের ফিরিয়ে এনে এখানে ক্ষমতায় বসানো হয়। এমন একটা সময় ফিরে আসি একদিকে ঘাতকের দল এবং অন্যদিকে যুদ্ধাপরাধী… তারাই ক্ষমতায়। শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করে, স্বাধীনতার সুফলটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেই লক্ষ্য নিয়েই দেশে ফিরে এসেছি। তারপরও অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকের বাংলাদেশ।”

    শেখ হাসিনা বলেন, “স্বাধীনতার পর আমাদের দেশটার কী অবস্থা ছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে মানুষের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এবং পল্লী বিদ্যুতের ব্যবস্থাও সুনির্দিষ্ট উল্লেখ করা ছিল।”

    এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮ ক্যাটাগরিতে উন্নীত করা হয়।

    প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম-উন্নয়ন, আত্ম-নির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা।

    এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

  • পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ

    পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ জুন, ২০২৪: পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের অর্থনৈতিক ধারায় এসেছে ব্যপক পরিবর্তন। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করে। তাই আজ অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের জন্য গৃহীত সরকারি ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ আরও ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করা হয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু বিভাগ জানায়, আজ বৃহস্পতিবার (জুন ২৭) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধের চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ২০২৩ সালের ৫ এপ্রিল প্রথম দুই কিস্তি বাবদ ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়। ৮ কিস্তিতে এখন পর্যন্ত বাবদ মোট ১ হাজার ২৬২ কোটি ৬৬ লাখ ছয় হাজার ৫৪৮ টাকা সরকারকে পরিশোধ করেছে সেতু বিভাগ।

    পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দেয় অর্থ বিভাগ।

    গত ২০২২ সালের ২৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থবছরে চারটি কিস্তি করে সর্বমোট ১৪০টি কিস্তিতে সুদ-আসল পরিশোধ করা হবে।

    চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে এবং এ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

    ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমত্তা পদ্মা নদীর বুকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন করেন। পদ্মা সেতু সরাসরি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের ২১ জেলাকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

    সেতু বিভাগ জানায়, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ বছরের জুন পর্যন্ত ১৫ শতাংশ ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে ২২৪ কোটি ২৩ লাখ টাকা। এছাড়া, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গতকাল বুধবার (২৬ জুন) পর্যন্ত সংগৃহীত টোলের পরিমাণ ১ হাজার ৬৫৩ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা।

  • বছরে ২ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে দুবাই

    বছরে ২ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে দুবাই

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুন, ২০২৪: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন দুবাই বছরে ২ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে।

    আজ বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালকের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ তথ্য জানান ।

    প্রতিমন্ত্রী জানান, এ বছর ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত । এরমধ্যে এক হাজার মোটর সাইকেল চালক রয়েছে। এ পাঁচ মাসে প্রতি মাসে ২০০ করে যাবে। আর ৩০০ ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটর সাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যাটা আরও বাড়বে।

    আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এ দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় শ’খানেক লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে।

    রাষ্ট্রদূত বলেন, এ বছর প্রায় ১ হাজার ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নিয়োগ করা হবে। এ সংখ্যাটা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যাটি ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২ হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি- নিরাপত্তা কর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি।

    ট্যাক্সি ও মোটর সাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।

    বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধিদল উপস্থিত  ছিলেন।

  • গত বছরের হিসেবে আওয়ামী লীগের আয় বেড়েছে

    গত বছরের হিসেবে আওয়ামী লীগের আয় বেড়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ জুন, ২০২৪: গত পঞ্জিকা বছরে (২০২৩) বাংলাদেশ আওয়ামী লীগের আয় বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় ১৬ কোটি ৪৩ লাখ ৯ হাজার ২৩২ টাকা বেশি। একই বছর দলটি ব্যয়ও বেড়েছে, আগের চেয়ে যা দুই কোটি ৫১ হাজার ৪২১ টাকা বেশি।

    আজ বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশনে (ইসি) দলটি এমন হিসাব জমা দিয়েছে।

    ইসি সচিব শফিউল আজিমের কাছে আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার পর দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান সাংবাদিকের বলেন, “বিধি মোতাবেক প্রতিবছর হিসাব বিবরণী দাখিল করতে হয়। এ বিবরণী ৩১ জুলাইয়ের মধ্যে দিতে হয়। আমরা আগেই দিলাম।”

    তিনি বলেন, “২০২৩ সালে জানুয়ারি মাসে আওয়ামী লীগের ব্যাংকে ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা জমা ছিল। এ বছর আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। মাসিক চাঁদা, সদস্যরা চাঁদা দেন। যার পরিমাণ এক কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। অনুদান প্রাপ্তি (মেঘনা ব্যাংক পিএলসি) এক কোটি এক লাখ টাকা। নমিনেশন ফরম বিক্রয় (৩৩৬৫ জন) ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। ফরম বিক্রয় (অন্যান্য) দুই কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা। ভাড়া (২৩ বঙ্গবন্ধু এভিনিউ) ১৫ লাখ ৩৫ হাজার টাকা। ব্যাংক সুদ চার কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা। অন্যান্য (উত্তরণ, বিদ্যুৎ বিল) ৩৭ লাখ ৭২ হাজার টাকা। এতে মোট ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা আয় করেছে। আর নয় কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা দলটির ব্যয় হয়েছে।”

    আশিকুর রহমান বলেন, “অফিস স্টাফদের বেতন, রাজনৈতিক কর্মসূচি, পোস্টার ছাপানো, মানুষকে অনুদান, সাহায্য সহযোগিতা প্রভৃতি খাতে ব্যয় হয়ে থাকে।”

    তিনি আরও বলেন, “বছরের শুরুতে যে জমা টাকা ছিল, তার সঙ্গে ২০২৩ পঞ্জিকা বছরের উদ্বৃত্ত ১৭ কোটি ২৭ লাখ ৯ হাজার টাকা যোগ করলে মোট তহবিল দাঁড়ায় ৯০ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা। আবার গত ছয় মাসে আয় বেড়েছে। এখন আমরা ১০০ কোটি ক্রস করে গেছি।”

    গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি।