Author: Hello Bangla News

  • স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে ভালো ফল আসবে: স্বাস্থ্য মন্ত্রী

    স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে ভালো ফল আসবে: স্বাস্থ্য মন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ২৯ জুন, ২০২৪: স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে ভালো ফল আসবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “সব সরকারি হাসপাতালের উদ্দেশ্য হচ্ছে সেবা দেওয়া। আর সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যেই হবে। আমার মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার। আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না।”

    আজ শনিবার (২৯ জুন) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্য মন্ত্রী  বলেন, “আপনারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন। এক্ষেত্রে আপনারা যদি জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কার কি লাগবে এটার ভিত্তিতে কাজ করেন। সেটা অধিকতর ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।”

    সভাপতির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, “এসএসকের মূল লক্ষ্য হওয়া উচিত সরকারি হাসপাতাল যেসব সুযোগ-সুবিধা নাই সেগুলো পূরণ করা। এক্ষেত্রে আগামী অর্থবছর থেকে আলাপ আলোচনা করে আয়ুষ্মান ভারতের আদলে এ কর্মসূচিকে তিনি এগিয়ে নেওয়ার কথা বলেন।”

    কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি উদ্বোধনসহ সর্বমোট আটটি থানা উপজেলায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসএসকে সেবা ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবার বিনামূল্যে ১১০টি রোগের চিকিৎসাসহ সামাজিক বিমার আওতায় আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে।

    স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

    এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনডোর বিভাগ, আউটডোর বিভাগ, এনসিডিসি কর্নারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ডাক্তার, রোগীদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।

    এরপর স্বাস্থ্যমন্ত্রী যাচাই করে দেখেন স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম ঠিকমতো  সংরক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী এরপর রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। তিনি কমিউনিটি ক্লিনিকের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী পরিচর্যা এবং নবজাতকের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

  • বাংলাদেশে বে-টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংকের ৬৫ কোটি ডলার সহায়তা

    বাংলাদেশে বে-টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংকের ৬৫ কোটি ডলার সহায়তা

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৯ জুন, ২০২৪: বাংলাদেশের পতেঙ্গায় বে-টার্মিনাল প্রকল্পে গভীর সমুদ্রবন্দরের অবকাঠামো উন্নয়নে ৬৫ কোটি ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৬৩৮ কোটি ১৫ লাখ টাকা (প্রতি ডলার ১১৭.৫১ টাকা ধরে)।

    আজ শনিবার (২৯ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড এই অর্থ অনুমোদন করে।

    সংস্থাটি জানায়, বাংলাদেশকে বে-টার্মিনাল গভীর সমুদ্রবন্দর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগে সহায়তা করতে ৬৫ কোটি ডলার ঋণ দেওয়া হচ্ছে; যা বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে এবং বন্দর বৃদ্ধির মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমিয়ে আনবে।

    বিশ্বব্যাংক জানায়, বে টার্মিনাল সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৬ কিলোমিটার জলবায়ু-স্থিতিস্থাপক ব্রেকওয়াটার নির্মাণ করা হবে। নতুন এই আধুনিক বে টার্মিনাল আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরদের দ্বারা পরিচালিত হবে। এই টার্মিনালে প্যানাম্যাক্স জাহাজের মতো বড় আকারের জাহাজগুলোর জন্য সুযোগ বাড়াবে এবং জাহাজের টার্নঅ্যারাউন্ড সময়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে ৯০ শতাংশ এবং এর ৯৮ শতাংশ কনটেইনার প্রবেশ করে। তবে এই বন্দর দিয়ে ছোট ফিডার জাহাজগুলো প্রবেশ করতে পারে।

    বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরের ওপর অনেক বেশি নির্ভর করে। যা উল্লেখযোগ্য সক্ষমতার সীমাবদ্ধতার সম্মুখীন হয়। বে টার্মিনাল একটি গেম চেঞ্জার হবে। এটি বর্ধিত বন্দর সক্ষমতা এবং পরিবহন খরচ ও সময় হ্রাসের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার উন্নতি ঘটাবে। এর মাধ্যমে মূল বৈশ্বিক বাজারে নতুন সুযোগ উন্মোচন করবে।

    তিনি বলেন, প্রকল্পটি কন্টেইনার টার্মিনালগুলোর উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগকে একত্রিত করবে। সরকারি অর্থায়নের সাথে বিশ্বব্যাংকের বিনিয়োগ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে এবং সামগ্রিক বে টার্মিনাল উন্নয়নের সাথে যুক্ত ঝুঁকি কমাতে অবদান রাখবে।

    বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট এবং প্রকল্পের দলনেতা হুয়া টান বলেছেন, বে টার্মিনাল দেশের সমুদ্রবন্দর অবকাঠামোর আধুনিকীকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সংযোগ উন্নত করতে অবদান রাখবে। বে টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের পশ্চিমে আনন্দনগর/সন্দ্বীপ চ্যানেলে অবস্থিত এবং ঢাকার সাথে বিদ্যমান সড়ক ও রেল যোগাযোগের কাছাকাছি, বাংলাদেশের কন্টেইনারের পরিমাণের ৩৬ শতাংশ পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে। শিপিং কোম্পানি, ব্যবসায়ী সম্প্রদায়, আমদানিকারক, রপ্তানিকারক এবং মালবাহী ফরওয়ার্ডারসহ টেকসই পরিবহন পরিষেবাগুলোতে উন্নত অ্যাক্সেসের মাধ্যমে এক মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

  • পদ্মা বহুমুখী সেতুর নদী শাসনে ব্যয় বাড়ানো হয়েছে

    পদ্মা বহুমুখী সেতুর নদী শাসনে ব্যয় বাড়ানো হয়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৯ জুন, ২০২৪: পদ্মা বহুমুখী সেতুর নদী শাসনে ব্যয় ২৪৯ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৩৪৯ টাকা বাড়ানো হয়েছে। এতে পদ্মা সেতুর নদী শাসনের ব্যয় নতুন করে বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৩৪৯ টাকা।

    আজ শনিবার (২৯ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নতুন করে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

    সচিব বলেন, “পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মেয়াদ ৩০ জুন ২০২৪ শেষ হচ্ছে। তার মানে আগামীকাল প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। নদী শাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো কর্পোরেশন। তাদের কাজ সমাপ্তির তারিখ ছিল ৩০ জুন ২০২৩। ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড আছে একবছর। তার মানে তাদের কাজ শেষ হবে আগামীকাল।”

    তিনি বলেন, “এ সময়ে ঠিকাদারকে অতিরিক্ত কিছু কাজ করতে হয়েছে। দুটি কারণে অতিরিক্ত কাজ করতে হয়েছে। একটা হলো প্রকল্পের জাজিরা প্রান্তে নদী শাসন কাজের সীমানায় অবস্থিত কাঁঠালাবাড়ি ফেরি ঘাট, লঞ্চ ঘাট এবং আশপাশের প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের নৌযোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য বিআইডব্লিউটিএ থেকে জায়গা পেতে বিলম্ব হয়েছে। এতে তিন বছরের বেশি সময় বিলম্ব হয়েছে।”

    দ্বিতীয় কারণ হলো কাজ করতে যাওয়ার সময় ডিজাইন চূড়ান্ত হওয়ার পর মাওয়া প্রান্তে মূল সেতুর ওজনে নদী শাসন কাজের সীমানা বরাবর ২০১২ সালে নদীর প্রচণ্ড স্রোতে নদীভাঙন হয়ে ঠিকাদারের কাজের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে ডিজাইন পরিবর্তনের প্রয়োজন হয়। এই পরিপ্রেক্ষিতে ডিজাইন তৈরিতে বিলম্ব হয়। এ কারণে ঠিকাদার প্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধির প্রস্তাব দাখিল করেছে, জানান সচিব মাহমুদুল হোসাইন খান।

    স্বপ্নের পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই সমীক্ষা হয় বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৯৯৮-১৯৯৯ সময়ে। ২০০৩-০৫ সময়ে নিজস্ব অর্থায়নে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে জাপানের জাইকা। ২০০৬ সালে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে পরিকল্পনা করা হয় বাংলাদেশ সরকারের অর্থায়নে। ২০০৯-১১ সময়ে বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়। নিউজিল্যান্ডভিত্তিক মনসেল এইকম সেতুর পূর্ণাঙ্গ নকশা তৈরি করে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এর জন্য অর্থায়ন করে এডিবি ও বাংলাদেশ সরকার।

    ২০১২ সালের জুনে বিশ্বব্যাংক তাদের ঋণ বাতিল করে। একই বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। ২০১৪ সালের ১৭ জুন মূল সেতু নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ওই বছরের ২৬ নভেম্বর সেতুর মূল নির্মাণ কাজ শুরু হয়। ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়ায় বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর কাজ উদ্বোধন করেন।

    এরপর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর শেষ স্প্যান বসানো হয়। আর ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানচলাচল শুরু হয়।

    পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক ১২ দশমিক ১১৭ কিলোমিটার। ভায়াডাক্ট ৩ দশমিক ১৪৮ কিলোমিটার (সড়ক) এবং ৫৩২ মিটার (রেল)।

    পদ্মা সেতু দিয়ে যানবাহান চলাচল শুরু হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে পদ্মা বহুমুখী সেতুর নদী শাসনের ব্যয় ৮৭৭ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫৩ টাকা বাড়ানো হয়। এতে ভ্যাট ও ট্যাক্সসহ পদ্মা সেতুর নদী শাসনের ব্যয় বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৫৮৫ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা। এখন দ্বিতীয় দফায় পদ্মা সেতুর নদী শাসনের ব্যয় ২৪৯ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৩৪৯ টাকা বাড়ানো হলো। এতে মোট ব্যয় বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৩৪৯ টাকা।

  • শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে: পরিবেশ মন্ত্রী

    শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে: পরিবেশ মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জুন, ২০২৪: শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে, বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য খাত এবং পরিবেশের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে স্মার্ট নাগরিক গড়তে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।”

    আজ শনিবার (২৯ জুন) রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

    পরিবেশ মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলি বিকশিত করে সব ক্ষেত্রে জয়ী হতে নিজেকে প্রস্তুত করবে।সকল প্রকার অনিয়ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান সাবের হোসেন চৌধুরী। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে নতুন বিভাগ খোলা, নতুন ভবন নির্মাণ, দরিদ্র শিক্ষার্থীদের সুবিধা প্রদানসহ শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সকল প্রকার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

    প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মো. ইমাম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মো. আবদুর রউফ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতারা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    পরিবেশমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানটিতে গাছের চারা রোপণ করেন এবং প্রধান অতিথি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন।

  • কপোত অ্যাপসটি দিয়ে নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে: ইসি সচিব

    কপোত অ্যাপসটি দিয়ে নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে: ইসি সচিব

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জুন, ২০২৪: কপোত অ্যাপসটি দিয়ে নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম। তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন নিয়ে যেন কখনও আস্থার ঘাটতি না হয় সেজন্য ‘কপোত’ অ্যাপসটি তৈরি করা হয়েছে।”

    আজ শনিবার (২৯ জুন) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

    রাজশাহীতে আজ নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যবহৃত রেজাল্ট ম্যানেজমেন্ট (আরএমএস) সফটওয়্যার এবং ‘কপোত’ অ্যাপসের ব্যবহার সহজীকরণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম।

    নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বলেন, “কপোত স্মার্ট অ্যাপসটির ব্যবহার কিভাবে আরও সহজ করা যায় সে লক্ষ্যেই নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে রাজশাহীতে প্রথমবারের মতো এ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীতে সব বিভাগে এমন কর্মশালার আয়োজন করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে ভবিষ্যতে আরও স্মার্টভাবে সেবা প্রদান সম্ভব হবে ।”

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামিল, রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

    এ কর্মশালার উদ্বোধনীতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার।

    এছাড়া কর্মশালায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালনকারীসহ নির্বাচন সংশ্লিষ্ট ৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা পর পর কাস্টিং ভোটের সংখ্যা জানাতে প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়। এজন্য সব প্রিসাইডিং অফিসারের জন্য ‘কপোত’ নামের একটি অ্যাপস চালু করা হয়। এ অ্যাপে কেন্দ্রের নাম ও ভোটার সংখ্যা উল্লেখ থাকবে। প্রতি দুই ঘণ্টা পর পর গৃহীত ভোটের সংখ্যা এতে আপলোড করার ব্যবস্থা রাখা হয়েছে।

    এছাড়া রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (আরএমএস) নামে আরেকটি সফটওয়্যার চালু করা হয়েছে তারও আগে। এ অ্যাসপটি দিয়ে দ্রুততম সময়ে ফলাফল পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু অনেক প্রিসাইডিং অফিসার তাদের ভোটের তথ্য সময়মতো আপলোড করতে পারেননি। পরে তারা এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোটের সংখ্যা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছেন। তবে একসঙ্গে অনেক হিট হওয়ার কারণে অ্যাপসটি ধীরগতিতে চলেছে। আর ধীরগতি হওয়ায় এমনটি হয়েছে বলেই ধারণা করা হয়।

  • খেলাধুলায় ব্যস্ত রাখলে মাদক থেকে দূরে থাকা যায়: মেয়র আতিক

    খেলাধুলায় ব্যস্ত রাখলে মাদক থেকে দূরে থাকা যায়: মেয়র আতিক

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ জুন, ২০২৪: খেলাধুলায় ব্যস্ত রাখলে মাদক থেকে দূরে থাকা যায়, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “যে তরুণরা মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট, তারাই মর্ডান। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, যা সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রেখে, খেলাধুলায় নিজেকে বেশি ব্যস্ত রাখতে হবে।”

    আজ শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    মেয়র আতিক বলেন, “একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে অভিভাবকদের আরও বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।”

    তিনি বলেন, “এখন বাচ্চাদের হাতে হাতে মোবাইল ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে।”

    মেয়র বলেন, “খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত। সিটি কর্পোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সবসময় তাদের পাশে থাকবো।”

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খনরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

    উদ্বোধন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমির টিম অংশগ্রহণ করবে।

  • বিশ্বের সবথেকে বিপজ্জনক প্রাণী মশা আর সাপের স্থান তৃতীয়

    বিশ্বের সবথেকে বিপজ্জনক প্রাণী মশা আর সাপের স্থান তৃতীয়

    www.HelloBangla.News – মতামত – ২৯ জুন, ২০২৪: সম্প্রতি বাংলাদেশে সাপের আতঙ্ক নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের ফিরে আসাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। সবথেকে বিপদে আছে কৃষক শ্রেণির মানুষ। যারা জমিতে সাপের আতঙ্কে ঠিকমতো কাজ করতে পারছেনা। যদিও প্রাণী গবেষকরা বলছেন রাসেলস ভাইপার বিষাক্ত সাপগুলোর মধ্যে ৯ স্থানে অবস্থান করছে। এবং এই সাপ পরিবেশের জন্য উপকারী।

    অপর দিকে দেখা যাচ্ছে বিশ্বে সাপের কামড়ে নয় বরং মশার কামড়ে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়। আর সেই তালিকায় তৃতীয় স্থানে আছে সাপের নাম।তারপরে মানুষে মানুষে সংঘাত ও যুদ্ধ বিগ্রহের কারণে মানুষের মৃত্যু হয়। ফলে মানুষের হাতে মানুষের মত্যুও কম হচ্ছেনা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে মশার কারণেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে।

    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘বিবিসি সায়েন্স ফোকাস’দশটি বিপজ্জনক প্রাণীর তালিকা তৈরি করেছে। যুক্তরাজ্যভিত্তিক এই সাময়িকীটির তালিকায় একেবারে শীর্ষে এমন একটি প্রাণীর নাম দেখা যাচ্ছে, যেটির বসবাস বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। আরও কৌতুহল উদ্দীপক এবং নির্মম বাস্তবতা হচ্ছে, ‘বিপজ্জনক’ প্রাণী ওই তালিকায় মানুষের নিজের নামও উঠে এসেছে। এটাও দেখা যাচ্ছে যে, শীর্ষ প্রাণঘাতী প্রাণিগুলোর বেশিরভাগই আকার-আকৃতিতেও খুব একটা বড় নয়। এবার জেনে নেওয়া যাক ওই তালিকায় ঠিক কোন কোন প্রাণীর নাম রয়েছে এবং সেগুলোর আক্রমণে প্রতিবছর কত মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন?

    ১. মশা:

    দেখতে ক্ষুদ্র মনে হলেও প্রাণনাশের সংখ্যা বিবেচনায় মশা হিংস্র প্রাণীদেরকেও হার মানিয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতিবছর সাত লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধুমাত্র ২০২২ সালে বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষ মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন, যাদের বড় অংশই আফ্রিকা অঞ্চলের। এদের মধ্যে প্রাণ হারান ছয় লাখেরও বেশি মানুষ।

    অন্যদিকে, ২০২৩ সালে বিভিন্ন দেশে ৫০ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

    গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে।

    এর মধ্যে ২০২৩ সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। সরকারি হিসেবে, গত বছর সারা দেশে তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা দেড় হাজারেরও বেশি। 

    ২. মানুষ:

    বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন বলছে, পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য ‘বিপজ্জনক’ একটি প্রাণী। কেননা, মানুষের হাতেই প্রতিবছর তার নিজ প্রজাতির প্রায় চার লাখ সদস্য খুন হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, শুধুমাত্র ২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে খুনের হার সবচেয়ে বেশি দেখা গেছে মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। ওই এলাকার দেশগুলোতে যত হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর অর্ধেকেরও ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    প্রতিষ্ঠানটি এটাও বলছে যে, আত্মহত্যা এবং গাড়ি দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বিবেচনা করলে মানুষের হাতে মানুষের মৃত্যুর এই সংখ্যা বছরে ১২ লাখেরও বেশি। 

    ৩. সাপ:

    অনেকেই হয়তো এতদিন ভেবে এসেছেন যে, সাপের কামড়েই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে।

    কিন্তু বিবিসি সায়েন্স ফোকাসের তালিকা বলছে, ধারণাটি সঠিক নয়। ম্যাগাজিনটির হিসেবে, বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তিন নম্বরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, পৃথিবীতে প্রতিবছর প্রায় ৫৪ লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে, যার মধ্যে প্রায় ৮১ হাজার থেকে এক লাখ ৩৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেন।

    এছাড়া যারা প্রাণে বেঁচে যান, তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি, পঙ্গুত্ববরণসহ শারীরিক ও মানসিক নানা ক্ষতির মুখে পড়েন।

    ৪. কুকুর:

    কুকুরকে মানুষের বিশ্বস্ত সঙ্গী ভাবা হয়ে থাকে। অথচ এই প্রাণীটির কামড়ে প্রতিবছর সারা বিশ্বে গড়ে ৫৯ হাজার জনের মতো মানুষ মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে বেওয়ারিশ পাগলা কুকুরের পাশাপাশি বুনো কুকুর, এমনকি পোষা কুকুরও কামড় দিয়ে বসতে পারে। তেমনটি ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিৎ। আর এক্ষেত্রে ব্যত্যয় ঘটলেই ব্যক্তির জলাতঙ্ক রোগ হয় এবং এক পর্যায়ে তিনি মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কুকুরের মাধ্যমেই মানুষের শরীরে প্রধানত জলাতঙ্কের ভাইরাস সংক্রিত হয়ে থাকে। তবে কামড়ানো ছাড়াও আক্রান্ত কুকুরের শরীরের ক্ষতস্থান, লালা এবং নখের আঁচড়ের মাধ্যমেও মানুষের শরীরে জলাতঙ্কের জীবাণু প্রবেশ করতে পারে। 

    ৫. অ্যাসাসিন বাগ:

    এটি এক ধরনের পতঙ্গ, যেটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়।দেখতে অনেকটা মশা-মাছির মতো এই প্রাণীকে কেউ কেউ ‘কিসিং বাগ’ নামেও ডেকে থাকেন।আকারে ছোট হলেও রক্তচোষা এই প্রাণীটি চাগাস রোগের জীবাণু ছড়ায়। চাগাস এমন একটি সংক্রামক রোগ, যাতে আক্রান্ত হয়ে প্রতিবছর ১০ হাজারেরও বেশি মানুষ মারা যান। অ্যাসাসিন বাগ সাধারণত ঘুমন্ত মানুষকে কামড়ায়। তখন মানুষের শরীরে ‘প্রোটোজোয়ান ট্রাইপানোসোমা ক্রুজি’ নামক একপ্রকার জীবাণু ঢুকে পড়ে।

    তবে এই রোগাক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বুঝতে পারে না। ফলে ধীরে ধীরে জীবাণু শরীরে ছড়াতে থাকে এবং এক পর্যায়ে আক্রান্ত মানুষটি মারা যায়। কামড়ানোর বাইরে অ্যাসাসিন বাগের মাধ্যমে সংক্রমিত খাবার খেলেও চাগাস রোগ হতে পারে।

    ৬. বৃশ্চিক:

    পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিষাক্ত প্রাণীটির কারণে সারা বিশ্বে প্রতিবছর গড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারান। ক্ষুদ্রাকার এই প্রাণীটির দৈহিক গঠন এবং হাঁটা-চলায় কাঁকড়ার সঙ্গে কিছুটা মিল রয়েছে বলে বাংলাদেশে এরা ‘কাঁকড়াবিছা’ নামেও বেশ পরিচিত। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলেই এদেরকে বেশি দেখা যায়। বৃশ্চিকের সাধারণত লেজের অংশে বিষ ধাকে। আক্রমণকালে এরা লেজ দিয়ে হুল ফোটায় এবং শিকারের শরীরে বিষ ঢেলে দেয়।

    ৭. কুমির:

    হাতির মতো বিশাল দেহের অধিকারী না হয়েও মানুষ হত্যার দিক থেকে এগিয়ে রয়েছে জলভাগের অন্যতম হিংস্র মাংসাশী প্রাণী কুমির। এদের আক্রমণে বছরে গড়ে এক হাজার মানুষ মারা যায় বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া আরও কয়েকশ’ মানুষ কুমিরের আক্রমণে গুরুতর আহত, এমনকি পঙ্গুত্বও বরণ করে থাকেন। এর অর্থ এই নয় যে, এরা মানুষকে মারার জন্য ওঁৎ পেতে থাকে। তবে সুযোগ পেলে ছাড়েও না। মূলত সেকারণেই বিজ্ঞানীদের অনেকে কুমিরকে ‘সুযোগ সন্ধানী শিকারী’ বলে অভিহিত করে থাকেন।

    বাংলাদেশের সুন্দরবন-সহ নদী তীরবর্তী এবং উপকূলীয় এলাকায় প্রায়ই কুমিরের আক্রমণের খবর পাওয়া যায়।চলতি বছরের শুরুতে সুন্দরবনে কুমিরের আক্রমণে একজন মারাও গেছে।

    ৮. হাতি:

    স্থলভাগের সবচেয়ে বড় এবং ওজনদার স্তন্যপায়ী প্রাণী হচ্ছে হাতি। এর বিশাল দেহ এবং অসাধারণ শক্তি অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পূর্ণবয়স্ক একটি হাতির ওজন পাঁচ থেকে আট টন পর্যন্ত হয়ে থাকে, যা একজন মানুষকে পায়ের নিচে ফেলে পিষে মারার জন্য যথেষ্ট। এছাড়া রেগে গেলে এরা শুঁড় দিয়ে আছড়েও মানুষ মেরে থাকে। বিবিসি সায়েন্স ফোকাসের মতে, মানুষের জন্য বিপজ্জনক প্রাণিগুলোর মধ্যে হাতির অবস্থান অষ্টম।এর আক্রমণে বছরে গড়ে প্রায় ৬০০ জন মানুষ নিহত হয়।

    বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাঝে মধ্যে বন্য হাতির আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতে দেখা যায়।

    ৯. জলহস্তী:

    মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় সিংহের পরেই নাম রয়েছে জলহস্তীর। তৃণভোজী এই প্রাণীটির নাম তালিকায় দেখে অনেকেই হয়তো অবাক হবেন। কারণ এ ধরনের প্রাণীরা সাধারণত নিরীহ ও শান্ত স্বভাবের হয়ে থাকে।

    কিন্তু জলহস্তী এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। গবেষকরা বলছেন, এদের আক্রমণে আফ্রিকায় প্রতিবছর গড়ে প্রায় ৫০০ জন মানুষ অকালে প্রাণ হারান। জল ও স্থলপথে চলাচলের সময় সাধারণত এরা মানুষের উপর আক্রমণ করে থাকে। বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী বলছে, ধারালো দাঁত দিয়ে এরা সিংহের চেয়ে তিনগুণ বেশি গতিতে কামড় বসাতে পারে, যা একজন মানুষের শরীরকে দু’খণ্ড করার জন্য যথেষ্ট।

    মূলত সেই কারণেই জলহস্তীকে মানুষের জন্য অন্যতম বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।

    ১০. সিংহ

    বনে বসবাস না করেও ‘বনের রাজা’ নামে পরিচিত সিংহের গর্জন যারা নিজ কানে শুনেছেন, তারাই কেবল জানেন সেটি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আকৃতিতে বড় এবং শক্তিশালী এই প্রাণীর অবস্থান দেখা যাচ্ছে প্রাণঘাতী দশ প্রাণীর তালিকার একেবারে তলানিতে। কারণ এর কারণে খুব বেশি মানুষের প্রাণ দিতে হয় না। গবেষকদের বরাত দিয়ে বিবিসি সায়েন্স ফোকাস বলছে, সিংহের আক্রমণে বছরে গড়ে ২০০ জনের মতো মানুষ মারা যান, যাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের। কারণ সিংহের বসবাস সেখানেই সবচেয়ে বেশি।

    তবে তালিকায় একবারে নিচে রয়েছে বলে হিংস্র এই প্রাণীটিকে মোটেও খাটো করে দেখার সুযোগ নেই। এদের সামনে পড়লে মুহূর্তেই প্রাণ যেতে পারে যে কারও। মানুষ নিজেও সেটি জানে বলেই এদের কাছ থেকে দূরে থাকে।

    মূলত সেই কারণেই সিংহের আক্রমণে তুলনামূলক কম মানুষের মৃত্যু হয় বলে জানাচ্ছেন গবেষকরা।

    তাই হঠাৎ সাপ নিয়ে আতঙ্ক আমাদেরকে বিড়ম্বনায় ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্কের বিষয়টি ব্যাপকতা পেয়েছে। অথচ সারা বিশ্বে প্রায় সাপের কামড়ে ৮১ হাজার থেকে এক লাখ ৩৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। অপর দিকে মশাবাহিত রোগে প্রতি বছর বিশ্বে মারা যায় প্রায় ৬ লাখ মানুষ। এই গুজবে ভিত হয় লাভ নেই। ঘরের মশা ও বাইরের সাপ থেকে নিরাপদ থাকা খুব জরুরি।

    সূত্র: বিবিসি বাংলা

  • ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে

    ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ জুন, ২০২৪: এবারের আসরে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ড্র করেছিলো ব্রাজিল। দেশটির সমর্থকদের মনে প্রশ্ন দেখা দিয়েছিলো দ্বিতীয় ম্যাচে কি আবার ড্র হবে। কিন্তু না তা হয়নি । ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।স্বরূপে ফিরেছে দেশটি।

    লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে শনিবার রাতের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় দরিভাল জুনিয়রের শিষ্যরা। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর কোপায় টিকে থাকার লড়াইয়ে যা প্রয়োজন ছিল, সেটাই পূরণ করলেন ভিনি-লুকাস পাকেতারা। ভিনির জোড়া অবদান ছাড়াও প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করেছেন ২০ বছর বয়সী স্যাভিও মোরেইরা, পেনাল্টিতে আরেক গোল আসে লুকাস পাকেতার পা থেকে।

    বড় জয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে ব্রাজিল। দুই ম্যাচেই জয় পাওয়া কলম্বিয়া আছে শীর্ষে। এদিকে, আজকের হারে কোপা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়ের। যদিও ব্রাজিলের সঙ্গে প্রায় সমানতালে লড়েছিল র‌্যাঙ্কিংয়ের ৫৮ নম্বর দলটি। গোল লক্ষ্যে দু’দলই সমান ছয়টি করে শট নেয়। ফাউলের সংখ্যাও সমান ১৩টি করে, এর মধ্যে কড়া ট্যাকল করে প্যারাগুয়ে একটি লাল ও দুটি হলুদ কার্ড দেখেছে। ব্রাজিলও হলুদ কার্ড দেখেছে তিনটি।

    ম্যাচে ব্রাজিল মূল কাজের অনেকটা প্রথমার্ধেই সেরে ফেলে। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর তারা দ্বিতীয়ার্ধে আরেকবার বল জালে জড়ায়। তবে এর মধ্যে ব্যবধান কমানো দারুণ এক গোল করেন প্যারাগুয়ের ওমর অ্যালদারেত। বুক দিয়ে নিয়ন্ত্রণ করা বল নামিয়ে তিনি শট নেন ডি-বক্সের বেশ বাইরে থেকে। শেষদিকে উভয়পক্ষই গোল বাড়ানোর চেষ্টা করলেও, আর স্কোরশিটে কারও নাম ওঠেনি। উল্টো হার নিয়ে মাঠ ছাড়তে যাওয়া প্যারাগুয়ের তিক্ততা বাড়িয়ে ৮৩তম মিনিটে লাল কার্ড দেখেন আন্দ্রেস কুবাস। সেলেসাও মিডফিল্ডার ডগলাস লুইজকে পেছন থেকে মারাত্মক ট্যাকলের শাস্তি হিসেবে আসে এটি। তবে শেষ মুহূর্তে ১০ জনের দলের বিপক্ষে আর কোনো সুযোগ নিতে পারেনি দরিভালের শিষ্যরা।

    এর আগে ম্যাচের ১৪তম মিনিটেই প্যারাগুয়ে এগিয়ে যেতে পারত। তবে প্রতিপক্ষের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। এরপর দুই পক্ষের বক্সেই একের পর এক হানা সামলাতে হয় গোলরক্ষকদের। ব্রাজিলই প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় ৩২তম মিনিটে। তাদের নেওয়া শট লাফিয়ে ফেরাতে গিয়ে প্যারাগুয়ে ফুটবলারের হাতে লাগে। পেনাল্টিতে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পেয়েও বাইরে মেরে বসেন পাকেতা।

    তার সেই আক্ষেপ টিকলো তিন মিনিট। দারুণ দলীয় বোঝাপড়ায় ডেডলক ভেঙে ব্রাজিলকে প্রথম উৎসবের উপলক্ষ্য এনে দেন ভিনিসিয়ুস। রিয়াল স্ট্রাইকার জাতীয় দলে গোল করতে পারছেন না কেন, তা নিয়ে কম সমালোচনা সইতে হয়নি। তারই যেন জবাব আজ অল্প সময়ের ব্যবধানে দুই গোল দিয়ে দিয়ে দিলেন তিনি। ভিনি নিজেই বল নিয়ে বক্সের দিকে এগিয়েছেন, এরপর রদ্রিগো-পাকেতার দারুণ এক টাচ থেকে আবার তার পায়ে আসে। প্রথমে গোলরক্ষকে বোকা বানিয়ে বলে একপাশে নিয়ে যান, এরপর তার ঠিকানা বানান জালে।

    ৪৩তম মিনিটে আসে দ্বিতীয় গোলটি। রদ্রিগো গোয়েসের নেওয়া শট ঠেকান প্যারাগুয়ে গোলরক্ষক, তবে পুরো নিয়ন্ত্রণে নিতে পারেননি বল। ফলে। প্যারাগুয়ে ডিফেন্ডারের পা ছুঁয়ে ফাঁকায় থাকা স্যাভিও পেয়ে যান, আলতো টোকায় তিনি লিড দ্বিগুণ করেন। বিরতির আগেই দুপক্ষই হাতাহাতিতে জড়ায়। একটি করে হলুদ কার্ড দেখে দু’দলই। সেই উত্তেজনার পারদ উঁচুতে রেখেই যোগ করা সময়ে ফের ব্রাজিলের আক্রমণ। বল বানিয়ে গোলও দিয়ে ফেলেছিলেন রদ্রিগো। তবে গোলরক্ষকের বাধা পেয়ে আলতোভাবে বল পেছনে ঠেলে দিলে, দৌড়ে এসে ভিনি নিজের দ্বিতীয় ও ব্রাজিলের তৃতীয় গোল পূর্ণ করেন। যা পরে পাকেতার সফল পেনাল্টিতে চারে পরিণত হয়।

  • লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা

    লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ জুন, ২০২৪: সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের কয়েকটি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত কয়েক ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে দফায় দফায় হামলা চালানো হয়েছে।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা জিবকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম এবং হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডেইসাহ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার কথাও স্বীকার করেছে ইসিরায়েল।

    সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    যদিও দখলদারদের এ ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরই দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। এছাড়া ইসরায়েলকে বরাবরের মতো সতর্ক করেছে তুরস্কও।

    দেশ তিনটি ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধের ক্ষেত্র আরও বাড়লে ফলাফল কী হতে পারে, তা নিয়ে তারা উদ্বিগ্ন। নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

    লেবাননে অবস্থিতি মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ, সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।

    জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি।

  • তারা আবারও ভুল পথে হাঁটছে: সেতুমন্ত্রী

    তারা আবারও ভুল পথে হাঁটছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জুন, ২০২৪: তারা আবারও ভুল পথে হাঁটছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর চক্রান্ত চলেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আজ যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি- সবই কিন্তু স্বাধীনতার পিতার হাতে, মুক্তি কন্যার হাতে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি।”

    আজ শুক্রবার (২৮ জুন) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

    সেতুমন্ত্রী বলেন, “বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ে-চেতনায় স্বাধীনতা ধারণ করেন না। কাজেই একাত্তরের চেতনাও ধারণ করেন না।”

    ওবায়দুল কাদের বলেন, “আমরা বিএনপি বা বিরোধী দলের কর্মসূচির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বছরব্যাপী সারা দেশে চলবে।”

    তিনি আরও বলেন, “এ দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান আওয়ামী লীগ। এ দেশের উন্নয়ন-অর্জন আওয়ামী লীগের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে। আমাদের নির্বাচনী ইশতেহারে বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, তা সেটা আমরা পূরণ করব। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে নিয়ে যাবে।”

    ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অনেকে।

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাইকেল র‌্যালি শুরু হয়। র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে খেজুর বাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এতে সাইক্লিস্টদের পাশাপাশি নেতারাও অংশ নেন। পুরস্কারের ছয়টি বিভাগ ছিল এবং বাংলাদেশ ‘সেরা কার্যক্রম’-এর আওতায় পুরস্কার জিতেছে।

    মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও সিইও এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূত, বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।