সরিয়ে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা

Illegal installations removed - National - 27 June 2024
Illegal installations removed - National - 27 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুন, ২০২৪: ছাগল–কাণ্ডের জন্য আলোচিত মোহাম্মদপুর এলাকার ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’–এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে।

গত ঈদে জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. মতিউর রহমানের ছেলে দুটি ছাগল কিনে ফেসবুকে পোস্ট করলে ব্যপক আলোচনা শুরু হয় । বেরিয়ে আসে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি। তারপর থেকে সাদিক অ্যাগ্রোর ফার্মের অবৈধ স্থাপনার বিষয়টি আমলে নেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করছেন ডিএনসিসির মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

পরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ সাংবাদিকদের বলেন, “আজকের অভিযানে দেখেছেন রামচন্দ্রপুর খালের তীর দখল করে স্থাপনা করা হয়েছে। সেই স্থাপনা থেকে দখল উচ্ছেদ করা হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, আমাদের অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে।”

তিনি বলেন, “সাদেক অ্যাগ্রোর মালিককে ঈদের আগেও আমরা নোটিশ দিয়েছি। অবৈধ স্থাপনা থাকলে সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা ঈদের আগে উচ্ছেদ অভিযান করিনি। কারণ এর ফলে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো। আমরা এমনটা চাইনি বলে উচ্ছেদে যাইনি। সেই নোটিশের কোনো ব্যবস্থা নিইনি।”

জমির মালিকের অভিযোগ তিনি কোনো নোটিশ পাননি। তাহলে সাদিক অ্যাগ্রো ভাড়াটিয়া হিসেবে নোটিশ কীভাবে পায়– জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “খালের একটা নীতিমালা আছে। খালের প্রবাহীকার ৩০ ফিটের ভেতরে কোনো স্থাপনা থাকতে পারবে না, এই নীতিমালা রয়েছে। জমির মালিক কাগজ দেখিয়েছেন ৪ শতাংশের কিন্তু দখল করেছেন এক বিঘা। আর আমরা উচ্ছেদ করেছি অবৈধ স্থাপনা, জমির মালিককে নয়। খালের ভেতরের যে অংশ আছে, সেটা আমরা উচ্ছেদ করেছি।”

এর আগে, অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছিল ডিএনসিসি। বুধবার (২৬ জুন) ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেওয়া হয়।

পূর্ববর্তী বিজিবি’র প্রধান দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: বিজিবি মহাপরিচালক
পরবর্তী পাকিস্তানে অতিরিক্ত গরমে ৫ শতাধিক মানুষের মৃত্যু