Author: Hello Bangla News

  • দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

    দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুন, ২০২৪: দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “কাউকে আক্রমণ করবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকাতে হবে।”

    আজ বুধবার (২৬ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক ক্যু হয়েছে।”

    শেখ হাসিনা বলেন, “একটি বিষয় আমি নিশ্চই বলবো, আমরা রাজনীতি করি। আমার আর কোন শক্তি নেই। শক্তি একমাত্র জনগণ। সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি।”

    তিনি বলেন, “কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যাই, আমি জানি এটা কঠিন দায়িত্ব। তারপরেও এই দিকেও নজর রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যইতো রাজনীতি করি। মানুষদের নিয়েই তো পথ চলা। আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনমতে বিচ্ছিন্ন হয়ে না যাই।”

    সরকার প্রধান বলেন, “মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই আমার প্রাণ শক্তি। এটুকু মনে রাখতে হবে।”

    শেখ হাসিনা বলেন, “এটা সবসময়ই এসএসএফ’র সদস্যদের তিনি বলেন এবং মাঝে মধ্যে রাগও করেন। কাজেই এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সঙ্গে দেখা দরকার। কারণ, তিনি যখন সরকারে ছিলেন না এই দেশের মানুষ এবং দলীয় লোক, তারাই তাঁর পাশে ছিল বলেও তিনি উল্লেখ করেন।”

    তিনি এই সময় এক দরিদ্র রিক্সাওয়ালার উপার্জনের সামান্য জমানো অর্থে তাদের দু’বোনের ঢাকায় যেহেতু কোন বাড়ি নেই এবং ধানমন্ডীর বাড়িটিও তারা দান করেছেন সেজন্য তাঁর নামে একটি জমি কেনার এবং তার কাছে হস্তান্তর করতে চাওয়ার একটি ঘটনার উল্লেখ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, “অনেকবার তাকে নিষেধ করা সত্বেও সে শোনে নাই। সেই রিক্সাওয়ালার মৃত্যুর পর তার স্ত্রী সেই দলিলটা তাঁর কাছে হস্তান্তর করতে চাইলে তিনি নিজে সেখানে গিয়ে তাদের বাড়ি তৈরি করে তার স্ত্রীর হাতে দলিল দিয়ে বলেন, এটা মনে করবেন আমারই বাড়ি, এখন আপনারা থাকবেন। অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য দুইটি বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছু রেখে যান।”

    জাতির পিতার কন্যা বলেন, “এই সাধারণ মানুষগুলোর জন্যই আমার রাজনীতি, এদের ভাগ্যের পরিবতন ও জীবনমান উন্নত করাই আমার লক্ষ্য। তাই এইসব মানুষগুলোর কাছ থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না। কারণ, এরাই আমার চলার সব শক্তি জোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি অনুরোধ করছি।”

    সরকারপ্রধান বলেন, “২০০৯ থেকে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দৃশ্যমান ও টিকসই উন্নয়ন সম্ভব হয়েছে। সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযুগী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার।

    এসএসএফ সদস্যদের তিনি বলেন, “দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারণ নিজের ভেতরে এসব না থাকলে সফলতা অর্জন করা যাবে না। এসএসএফে সব বাহিনীর প্রতিনিধি রয়েছে। যা সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।”

    প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

    এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

  • ভালোমতো পড়াশোনা না করে বিএনপির নেতারা বক্তব্য দেন: পররাষ্ট্রমন্ত্রী

    ভালোমতো পড়াশোনা না করে বিএনপির নেতারা বক্তব্য দেন: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৬ জুন, ২০২৪: ভালোমতো পড়াশোনা না করে বিএনপির নেতারা বক্তব্য দেন, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বোঝেন না। ভারত সফরে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। মির্জা ফখরুলকে বলব, ভালোমতো পড়াশোনা করে গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে। যে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে, সবগুলো বাংলাদেশের স্বার্থে।”

    আজ বুধবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে। বিএনপি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে পারেনি। ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে ভারতের ভূমির ওপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।”

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন যায়, তাতে কী তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়? বাংলাদেশ-ভারতের রেলযোগাযোগ রয়েছে, সেটি আরও বিস্তৃত করার প্রচেষ্টা চলছে।”

    তিস্তা চুক্তি নিয়ে ভারতের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী  বলেন, “এটা তাদের রাজ্য এবং কেন্দ্রের বিষয়, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে সমঝোতা স্মারক করে বা চুক্তি করে। ঐকমত্য হয়, দ্বিমত হয়; সেটা তাদের একান্তই অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি মনে করি, এ প্রশ্নটা ভারত সরকারকে করলে ভালো হয়। তারাই এটার সঠিক উত্তর দিতে পারবে। কারণ, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।”

    ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতে নতুন সরকার গঠনের পর প্রথম সরকারপ্রধান হিসেবে দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে প্রমাণিত হয় ভারত বাংলাদেশকে কত গুরুত্ব দেয়।”

    হাছান মাহমুদ বলেন, গঙ্গার “পানিবণ্টন চুক্তি নবায়ন না হলেও পানি পাবে বাংলাদেশ। তবে এই চুক্তি নবায়নের জন্য আমরা কথা বলেছি।”

    এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হন।

  • মিয়ানমার থেকেও আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য আনতে পারবো: বাণিজ্য প্রতিমন্ত্রী

    মিয়ানমার থেকেও আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য আনতে পারবো: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৬ জুন, ২০২৪: মিয়ানমার থেকেও আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য আনতে পারবো, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, “মিয়ানমার থেকেও আমরা পেঁয়াজ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো আনতে পারবো। লক্ষ্য একটাই, সেটা হলো আমাদের কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও যেন সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পারি। কিছুটা হলেও যেন বাজার সচল রাখতে পারি। সেজন্যই আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।”

    আজ বুধবার (২৬ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “নিত্যপণ্য জিনিসগুলো আনতে, সেটার সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে সেজন্য ভারতের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, মিয়ানমার, যাদের সঙ্গে রোহিঙ্গা নিয়ে আমাদের এতই… মিয়ানমারের সঙ্গে নৌ-পরিবহন যোগাযোগ এবং নিত্যপণ্য আনতে… সীমান্তবর্তী একটি দেশ ভারত, আরেকটি মিয়ানমার। মিয়ানমার থেকেও যেন আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের উদ্বৃত্ত আছে। অনেক বড় দেশ তাদের, অনেক উদ্বৃত্ত পণ্য আছে। এ বিষয়ে একটি চুক্তি আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আগামী জুলাই মাসে সেই চুক্তিটা সই করতে চেষ্টা করবো আমরা।”

    আহসানুল ইসলাম টিটু বলেন, “আগে ট্রানজেকশনগুলো শুধু পোর্টে হত, এখন অনেকগুলো ল্যান্ডপোর্ট ওপেন হয়েছে। ল্যান্ডপোর্টের সঙ্গে আমরা বর্ডার হাটগুলোকে গুরুত্ব দিয়েছি। অনেক দুর্গম এলাকায় আমাদের বর্ডার আছে। সেখানে জনবিচ্ছিন্ন মানুষ আছে, তাদের সুবিধা বাড়ানোর জন্য আমরা কয়েকটা বর্ডার হাট করেছি। কোভিডের জন্য কিছুটা স্থগিত ছিল, আবার আমরা বর্ডার হাটের দিকে নজর দেব। দুই সরকারেরই বর্ডার হাটের ব্যাপারে আগ্রহ আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দ্রুত দুর্গম বর্ডার এলাকায় বর্ডার হাট প্রতিষ্ঠা করব। এতে আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্য অনেক সহজ হবে।”

    বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, “অনেকে হয়তো জানেন না, আগে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, ২৩টি দেশে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর আছেন। যারা সরাসরি আমাদের অধীনস্থ, যাদের আমরা সরাসরি মনিটরিং করি। তাদের আমরা একটা জবাবদিহিতায় এনেছি। তারা প্রতি মাসে অতিরিক্ত সচিবকে রিপোর্ট করেন। সেখানেও আমাদের কর্মকাণ্ড জোরদার করছি। যেন নতুন নতুন মার্কেট এক্সেস, নতুন নতুন পণ্য আমরা বাজারজাতকরণ করতে পারি।”

    বাজারে আলুর দাম ৭০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি – এই দাম  স্বাভাবিক মনে করেন কিনা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বাজারে আলু ও পেঁয়াজ পর্যাপ্ত আছে, এটাকে স্বাভাবিক বলে মনে করি।”

    তিনি বলেন, “যেকোনো দ্রব্যের মূল্য নির্ভর করে বাজারের চাহিদা ও সরবরাহের ওপর। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে দাম কমে যাবে। যতক্ষণ পর্যন্ত বাজারে আলু ও পেঁয়াজ কম দামে সরবরাহ না থাকবে ততক্ষণ পর্যন্ত যে মূল্য আছে সেটা আমাকে দেখতে হবে। আমি চাইলেই কাউকে এমন কোনো আইন করে বলতে পারবো না যে, পেঁয়াজের দাম এতো। অত্যন্ত আমি পারবো না। সেটা কৃষি বিপণন অধিদপ্তর বলতে পারবে।”

    প্রতিমন্ত্রী বলেন, “কৃষি উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়ার মেকানিজম আমার জানা নাই। আমার যেটা জানা আছে, যদি দাম বেড়ে যায়, তাহলে আমদানি করে কম দামে বাজারে সরবরাহ করলে দাম কমে যাবে।”

    বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়

    মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ জুন, ২০২৪: ২০২২ বিশ্বকাপে পর মার্টিনেজ নিজেকে ঠিকই ফিরিয়ে এনেছেন চেনা ছন্দে। চলতি বছর ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরিআ জয় করেছেন। যেখানে মার্টিনেজ হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকার। তবু কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা মেলেনি তার।

    প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে এলো জয়সূচক গোল।

    ১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট। ম্যাচের শুরু থেকে গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ধীরে ধীরে আসে আক্রমণেও। যদিও চিলিও প্রায়ই প্রতি আক্রমণে ভয় ধরায়, কিন্তু আলবিসেলেস্তেদের ডিফেন্স ভাঙতে পারেনি তারা।

    ২২ মিনিটের মাথায় সবচেয়ে ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু নিকোলাস গঞ্জালেসের নেওয়া শট আটকে দেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। এর মিনিট পাঁচেক পর রদ্রিগো দি পলের শট থামিয়ে দেন চিলির ডিফেন্ডার।

    ৩০ মিনিটের সময় শূন্যে ভাসা বল ফাঁকায় পেয়ে যান নিকোলাস গঞ্জালেস। কিন্তু তার ধীরগতির হেড সহজেই ধরে ফেলেন ব্রাভো। এই ম্যাচে মেসি চোট পান, তার অস্বস্তিও ছিল স্পষ্ট। কিন্তু এর মধ্যেও চিলিকে ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি।

    ৩৬ মিনিটে তার বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শট পোস্টে লেগে বাইরে চলে যায়। অল্পের জন্য গোল পাওয়া হয়নি তার। ৩ মিনিট পর মেসির কাছ থেকে পাওয়া বল ছয় গজ বক্সের সামনে দাঁড়িয়ে হেড করেন ম্যাক অ্যালিস্টার। কিন্তু তার বলও আটকে যায়।

    বিরতির ঠিক আগে অ্যালিস্টারের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। পরের মিনিটে আলভারেসের শট যায় পোস্টের উপর দিয়ে। প্রথমার্ধে আর্জেন্টিনার গোলমুখে একটি শটও নিতে পারেনি চিলি। আলবিসেলেস্তেরা নেয় ১৩টি শট।

    বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। মুর্হুমূহু আক্রমণে পর্যুদস্ত করে চিলিকে। কিন্তু গোলের দেখা মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় দুর্দান্ত এক সুযোগ পায় আলবিসেলেস্তেরা। বক্সের বাইরে থেকে নাহুয়েল মালিনার উদ্দেশ্যে বল বাড়ান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ব্রাভো।

    এক মিনিট পর সুযোগ হারান মার্তিনেসও। ৫৭ মিনিটে আরও একবার ম্যাক অ্যালিস্টারের শট ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। একের পর এক আক্রমণেও গোলের দেখা আর্জেন্টিনা পাচ্ছিল না কিছুতেই।

    হুট করে খেলার ধারও কিছুটা কমে যায়। ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেসকে তুলে লাউতারো মার্তিনেসকে নামান লিওনেল স্কালোনি। তার হাত ধরেই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। তাও একদম শেষ মুহূর্তে।

    বক্সে জটলার মধ্যে সেভ দেন ব্রাভো। তার ঠিক পাশেই এক ডিফেন্ডারের সঙ্গে লড়াইয়ে থাকা ম্যাক অ্যালিস্টার গোললাইন সামনে থাকা মার্তিনেসের কাছে বল দেন। বাঁ কর্নার দিয়ে জোরালো এক শটে বল জালে জড়ান মার্তিনেস। ভিআরএ চেক করেও গোল বহাল রাখেন রেফারি।

    অতিরিক্ত সময়ে আরও একটি সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু দি মারিয়ার কাছ থেকে পাওয়া পাসে বল জালে জড়াতে পারেননি মার্তিনেস। শেষ অবধি এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭৬৫৮ ফিলিস্তিনি

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭৬৫৮ ফিলিস্তিনি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ জুন, ২০২৪: গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি হামলা। এই হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ-সংঘাতে সেখানে খাবার এবং পানির তীব্র সংকট তৈরি হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৬৫৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ২৩৭ জন।

    আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির একটি জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র এবং খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

    ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। হামলার পর একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

    দীর্ঘদিন ইসরায়েলি আগ্রাসনে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। সেখানে ৪ লাখ ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি বাহিনী ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ফলে একদিকে খাবার নিয়ে ত্রাণবাহী গাড়ি অপেক্ষা করছে অন্যদিকে তীব্র ক্ষুধায় ছটফট করছে গাজার ছোট ছোট শিশু, নারী, পুরুষ এবং বয়স্ক লোকজন।

    সেখানে সংঘাত শুরুর পর কয়েকবার মাত্র ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। বাইরে থেকে কোনো সহায়তা না পাওয়ায় এবং ক্রমাগত হামলা চলতে থাকায় গাজায় ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। ছোট ছোট শিশুরা খাবারের অভাবে এবং তীব্র পুষ্টিহীনতায় মারা যাচ্ছে। একদিকে দফায় দফায় বোমা হামলা অন্যদিকে খাদ্য সংকট, বাসস্থানের সংকট, একটু মাথা গোজার নিরাপদ আশ্রয়ের অভাব সবকিছু মিলিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই। কবে এই পরিস্থিতি ঠিক হবে সেটাও কারও জানা নেই।

    ত্রাণসামগ্রী নিতে যাওয়া লোকজনের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। এমনকি ত্রাণবাহী গাড়ি, বিভিন্ন ত্রাণ সংস্থাও হামলার শিকার হচ্ছে।

    ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে অপেক্ষায় থাকার পরেও শিশুরা অপুষ্টি এবং পানিশূন্যতায় মারা যাচ্ছে। ইসরায়েলের ক্রমাগত হামলায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তায়ও পৌঁছানো সম্ভব হচ্ছে না।

  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ড

    নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ড

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুন, ২০২৪: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার (২৬ জুন) দুপুরে মেঘনা ডিপোর পেছনে বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ড ঘটে।

    এ সময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। অগ্নিকাণ্ডে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।

    এদিকে এ ঘটনায়, ওই ট্রলারের চার শ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন ।

    জানা গেছে, ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়ত আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে আসে।

  • রাসেলস ভাইপার আতঙ্কে সব ধরনের সাপ নিধনে পরিবেশে খারাপ প্রভাব পড়বে

    রাসেলস ভাইপার আতঙ্কে সব ধরনের সাপ নিধনে পরিবেশে খারাপ প্রভাব পড়বে

    www.HelloBangla.News – মতামত – ২৬ জুন, ২০২৪: সারা দেশে হঠাৎ করে রাসেলস ভাইপার সাপের প্রদুর্ভাব দেখা দিয়েছে। বলা হচ্ছে এই সাপ খুব বিষাক্ত এবং একবার কাউকে দংশন করলে তার মৃত্যু অবধারিত। ফলে গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হচ্ছে। যা পরিবেশে খারাপ প্রভাব পড়েছে। টোটাল ফুড চেইনে বিরুপ প্রভাব পড়বে। কেননা ফসলী খেতে ইঁদুর ফসল ধ্বংস করে। আবার সাপ ইঁদুর খায় যা ফসল ধ্বংসের হাত থেকে রক্ষা করে।

    বন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে ৮৫ ভাগের বেশি সাপেরই বিষ নেই। এমনকি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ বিষধর সাপের তালিকায় নয় নম্বরে রয়েছে। আর এখন আতঙ্কিত হয়ে মানুষ যেসব সাপগুলো মারছে তার বেশিরভাগই নির্বিষ ও পরিবেশের জন্য উপকারী।

    প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সাপ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যই অন্যান্য প্রাণীর মতই সাপও গুরুত্বপূর্ণ।

    গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার মধ্যে অন্যতম রাসেলস ভাইপার সাপ।

    একসময় এই রাসেলস ভাইপার সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছিল বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ১০ -১২ বছর আগে আবারো এই সাপের কামড়ে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে। অর্থাৎ ২০১৩ সাল থেকে এই সাপটি বেশি দেখা যায় বলে জানান সাপ গবেষকরা। ২০২১ সালে আবার দেশের উত্তর- পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনা সে সময় বেশ আলোড়ন তুলেছিল।

    এ বছর আবার মানিকগঞ্জে এই সাপের কামড়ে গত তিন মাসে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। যারা মারা গেছেন তাদের বেশিরভাগই কৃষক বলে জানিয়েছেন তারা। কারণ এখন ধান কাটার মৌসুম চলছে। ফলে ফসলের ক্ষেতে স্বাভাবিকভাবেই সাপের উপদ্রব হয়।

    রাজশাহীতে এই সপ্তাহেই সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধান কাটার এই মৌসুমে পদ্মা তীরবর্তী এলাকায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে কৃষকরা।

    রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পদ্মার পাড়ে অবস্থিত পুলিশ একাডেমি চত্বর গত সপ্তাহে আটটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সদস্যরা পিটিয়ে সাপের বাচ্চাগুলো মেরে ফেলেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

    এমনকি ফরিদপুরের স্থানীয় একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। যদিও পরে তিনি সেই ঘোষণা প্রত্যাহার করে নেন।

    বন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রাসেলস ভাইপার সাপের আতঙ্কে যেগুলো মারা হচ্ছে সেগুলোর মধ্যে শঙ্খিনী, অজগর, ঘরগিন্নি, দারাজ, ঢোঁড়াসাপ, গুইসাপসহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য আনে। অথচ এই উপকারী সাপগুলো মেরে ফেলা হচ্ছে।

    অনেকের ধারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার সাপ নিয়ে নেতিবাচক প্রচারণা চালানোয় মানুষ আতঙ্কিত হয়ে না জেনেই মেরে ফেলছে প্রকৃতির বন্ধু নির্বিষ বিভিন্ন ধরনের সাপ ও সরীসৃপ জাতীয় প্রাণী। যে কোন সাপ দেখলেই মারা হচ্ছে।

    বন অধিদপ্তরের কর্মকর্তারা জানিযেছেন ‘রাসেলস ভাইপার আগ্রাসী সাপ নয়। তাকে আঘাত করলেই কেবল সে তেড়ে আসে। সাপ মারার কোন দরকার নেই। সতর্ক হতে হবে। আমরা সচেতনতা তৈরির জন্য কাজ করছি”।

    বন বিভাগের কর্মকর্তারা জানান, মেডিকেল সার্ভিসের তথ্য অনুযায়ী বছরে সাপের কামড়ে প্রায় সাড়ে সাত হাজার মানুষ মারা যায়। এর মধ্যে একশ বিশ জন রাসেলস ভাইপারের কামড়ে মারা যায়।

    ফসলি ক্ষেতে প্রচুর পরিমাণ সাপ থাকে। তাই সাপ না মারার জন্য এবং কৃষকদের যাতে সচেতন করে তোলা হয় সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছে। কারণ সচেতনতা বাড়লে ও সোশাল মিডিয়ায় নেতিবাচক প্রচার কমলে অল্প কিছুদিনের মধ্যেই সাপ মারার ঘটনা কমে আসবে।

    সাপ প্রকৃতির বন্ধু বলছেন বিশেষজ্ঞরা

    বিশেষজ্ঞরা বলছেন, জীব-বৈচিত্র্য রক্ষায় সাপের ভূমিকা অপরিসীম। বস্তুত সাপ প্রকৃতির বন্ধু এবং প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য ও অত্যাবশ্যকীয় অংশ। বাস্তুতন্ত্রের শীর্ষস্থানীয় মাংসাশী প্রাণীদের মধ্যে সাপ অন্যতম।

    সাপ খুব অলস ও নিরীহ প্রাণী। সাপ মানুষকে ভয় পায়, ফলে মানুষকে দেখলে সাপ পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে চায়। কিন্তু সাপের উপর আক্রমণ হলে আত্মরক্ষার জন্য সাপ মানুষকে কামড় দেয়। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাপ অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। এই ধরণের তথ্য আছে ‘বাংলাদেশের সাপ ও সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা’ নামক বইতে। এই বইটি যৌথভাবে লিখেছেন মো. আবু সাইদ এবং মো. ফরিদ আহসান। বইটির লেখক মো. ফরিদ আহসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক।

    সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। কারণ শিকারি হিসেবে সাপ যেসব প্রাণী খায়, সেটার ভারসাম্য বজায় রাখে।

    প্রাণীবিদরা বলছেন, একশ বছর আগেও এই রাসেলস ভাইপার সাপের উপস্থিতি ছিল এ এলাকায়। এখন এই সাপ বেড়ে যাওয়ার কারণ হলো বাস্তুতন্ত্রে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এদের যেসব প্রাণী খেতো সেসব প্রাণীর সংখ্যা এখন কমে গেছে। যেমন: গুইসাপ, বেজি, চিল, ঈগল, গন্ধগোকুল এ ধরনের বিভিন্ন প্রাণীর সংখ্যা কমে গেছে। ফলে বেড়ে গেছে সাপের সংখ্যা।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির অংশ হিসাবে সাপ মেরে ফেললে এর প্রভাব পড়বে পুরো বাস্তুচক্রে। ফসলি ক্ষেতে সাপ মারলে ইঁদুরের প্রভাব বাড়বে। সাধারণত প্রতি বছরই ১০ থেকে ২০ শতাংশ ফসল ইঁদুর নষ্ট করে। ফলে নির্বিচারে সাপ মারলে ইঁদুরের সংখ্যা বাড়বে। উৎপাদন কমে যাবে ফসলের।

    সাপ ব্যাঙ, ইঁদুর খায়। বেজি, বাগডাশ, গন্ধগোকুল, বনবিড়াল সাপ খায়। আবার শঙ্খচূড়, গোখরা, কেউটে এই সাপগুলোও রাসেলস ভাইপারসহ অন্য সাপ খায়।

    বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফসলী খেতে সাপ ইঁদুর খায়। তারা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে। এভাবে যদি প্রচুর পরিমাণ সাপ মারা হয় তবে এক শ্রেণির শিকারি প্রাণী কমে যাবে, ফলে ইঁদুর বেড়ে যাবে। সেগুলো ফসল খেয়ে নষ্ট করে ফেলবে। উৎপাদন কমে যাবে ফসলের। যেটা ফুড সাইকেলে প্রভাব ফেলবে। এভাবে সাপ মারলে ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি হবে।

    বাংলাদেশে সাপ নিয়ে নেতিবাচক ধারণার কারণে এ ধরনের প্রাণী নির্বিচারে মারা হয়। কিন্তু, বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না বলে জানান বিশেষজ্ঞরা।

    বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ইকোসিস্টেমে সাপের যে রোল রয়েছে তার তো কোন রিপ্লেসমেন্ট করা যায় না। এই সিস্টেমের প্রতিটি প্রাণীর প্রভাব অপরটিকে প্রভাবিত করে। ফলে সাপের অভাবে টোটাল ফুড চেইনে প্রভাব পড়বে।

    ২০১২ সালের বন্যপ্রাণী আইন অনুযায়ী, রাসেলস ভাইপার সাপকে সংরক্ষিত প্রাণী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই আইন অনুযায়ী রাসেলস ভাইপার সাপ মারা, ধরা এবং বহন করা দণ্ডনীয় অপরাধ।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেভাবে রাসেলস ভাইপার সাপকে উপস্থাপন করা হচ্ছে তা সঠিক নয়। এই সাপ কামড়ালে টিকিৎসা আছে। তাই সাপ না মরার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

    সূত্র: বিবিসি বাংলা

  • বিদেশ ফেরত যাত্রীদের জন্য শাটল বাস সার্ভিস উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

    বিদেশ ফেরত যাত্রীদের জন্য শাটল বাস সার্ভিস উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুন, ২০২৪: প্রবাসীসহ বিমানবন্দরে ফেরত যাত্রীদের যাতায়াতের সময় অনেক ধরনের প্রতারণা ও বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তাই বিদেশ ফেরত যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করল বিআরটিসি। আপাতত দুইটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরবর্তীতে বাড়ানো হবে ।

    আজ বুধবার (২৬ জুন) সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই সাভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

    বিআরটিসির কতৃপক্ষ জানিয়েছে, প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এই পরিসেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা নামার বিশেষ ব্যবস্থাও রয়েছে।

    গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে ০২টি বিশেষ শাটল বাস দিয়ে রুটটি চালু করা হল।

    প্রাথমিকভাবে বাস দুটি বিমানবন্দর টার্মিনাল-২ থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর থেকে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে আবারো বিমানবন্দর টার্মিনাল-২ পর্যন্ত আসবে।

  • তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন: ডা. আব্দুল্লাহ

    তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন: ডা. আব্দুল্লাহ

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ২৫ জুন, ২০২৪: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। তিনি বলেন, “তামাক কোম্পানিগুলো সরকারকে প্রতিবছর যে পরিমাণ ট্যাক্স দেয়, তার থেকে কয়েকগুণ বেশি তামাকজনিত চিকিৎসায় ব্যয় হয়। তরুণদের তামাকের প্রতি আসক্ত করতে সিগারেট কোম্পানি চালাকি করে সিঙ্গেল স্টিক সিগারেট বিক্রি করছে। যাতে সহজেই তরুণরা সিগারেট কিনতে পারে। তরুণদের আসক্ত করতে পারলে তারা অনেকদিন ব্যবসা করতে পারবে। তাই বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন।”

    আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে হাসপাতালটির সভাকক্ষে ‘বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে চিকিৎসকদের অংশগ্রহণ: সফলতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, “তামাকের মধ্যে ভালো কিছুই নাই। এর সবটাই খারাপ। মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীরের ব্রেন, কিডনি, হার্ট, চোখ, লিভার তামাকের কারণে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২০ রকমের ক্যানসার তামাক ব্যবহারের ফলেই হয়। তামাকের মধ্যে প্রায় সাত হাজার কেমিক্যাল রয়েছে। এর মধ্যে ৬০ থেকে ৭০টি উপাদন সরাসরি ক্যানসারের জন্য দায়ী। সুতরাং তামাকের মধ্যে ভালো কিছুই নাই।”

    সেমিনারে তিনি বলেন, “বিদ্যমান তামাক আইন সংশোধনের ব্যাপারে আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আইন সংশোধনের ব্যাপারে আগ্রহী। আমি ভবিষ্যতে প্রধানমন্ত্রীকে তামাক আইন সংশোধনের ব্যাপারে আবারও বলব।”

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।

    ডা. রেজা চৌধুরী বলেন, “দেশে তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন তিন কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ। একই সঙ্গে তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। এর কারণ বাংলাদেশ ধূমপানমুক্ত পরিবেশ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রণোদনা নিষিদ্ধ করার ক্ষেত্রে এখনও সর্বোত্তম মান অর্জন করতে পারেনি বাংলাদেশ।”

    বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় চিকিৎসকরা তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন। দেশের মানুষদের তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সঙ্গে কাজ করছে বিএমএ।”

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, “তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে দেশে অসংক্রামক রোগ যেমন, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যানসার ও শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ বাড়ছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে। আর এ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার। তাই এ অকাল মৃত্যু ঠেকাতে অবিলম্বে বিদ্যমান আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

    সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিটিএফকে’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. মাহিন মালিক, যুক্তরাষ্ট্রের গ্লোবাল টোব্যাকো ব্রাঞ্চের প্রধান ড. ইন্দু আহলুওয়ালিয়া, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ, বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. তারেক মেহেদী পারভেজ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, সন্ধানী, প্ল্যাটফর্ম অব ডেন্টাল অ্যান্ড মেডিকেল সোসাইটির প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।

  • সারা দেশে ১৪৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে: স্বাস্থ্যমন্ত্রী

    সারা দেশে ১৪৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ২৫ জুন, ২০২৪: সারা দেশে ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আও বলেন, বর্তমানে ১৪ হাজার ৩২০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে বলেও তিনি জানান।

    আজ মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

    স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সারা দেশে মোট ১৪,৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে। এর মধ্যে বর্তমানে সারা দেশে মোট ১৪,৩২০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এছাড়া ৬৩টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ চলমান রয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে মূলত স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ শনাক্তকরণ, সীমিত নিরাময়মূলক সেবাসহ জরুরি ও জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার সংক্রান্ত সেবাদান করা হচ্ছে।”

    তিনি বলেন, “অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরূপণ এবং উচ্চতর পর্যায়ে রেফার যেমন: উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস, অটিজম ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদারকরণ এবং একটি কার্যকর রেফারেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ।