Author: Hello Bangla News

  • জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫

    জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ জানুয়ারি, ২০২৪: জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫৫ জন নিহত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে এই ভূমিকম্পে অনুভূত হয়।

    আজ বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বেঁচে যাওয়াদের সন্ধানে বুধবারও মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছেন।

    গত সোমবার জাপানের ইশিকাওয়া অঞ্চলটি ছিল ৭.৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল, যার ফলে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি হোনশু দ্বীপের নোটো প্রদেশে আঘাত করলে সেখানকার কর্মকর্তারা উপকূলীয় এলাকার লোকজনকে উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানান।

    এই ভূমিকম্পে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা, তবে বেশ কয়েকটি শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মানুষ আটকাও পড়েছেন।

    এএফপি বলছে, ইশিকাওয়া অঞ্চলের নোটো প্রদেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সেখানে শত শত বিল্ডিং আগুনে পুড়ে গেছে এবং ঘরবাড়ি মাটিতে মিশে গেছে। আঞ্চলিক সরকার মঙ্গলবার রাতে জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন।

    তবে আফটারশক এবং খারাপ আবহাওয়ার মধ্যে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। ৩১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বলেও জানিয়েছে তারা।

    জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) নোটো এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে সেখানে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে।

    অন্যদিকে উপকূলীয় শহর সুজুর মেয়র মাসুহিরো ইজুমিয়া বলেছেন, ‘সেখানকার প্রায় কোনও বাড়িই আর দাঁড়িয়ে নেই’। তিনি বলেন, ‘শহরের প্রায় ৯০ শতাংশ বাড়ি সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে… পরিস্থিতি সত্যিই বিপর্যয়কর।’

    শিকা শহরের আশ্রয়কেন্দ্রে আফটারশকের কারণে কেউ ঘুমাতে পারছে না। সাবেই ভয় পাচ্ছে কারণ পরবর্তী ভূমিকম্প কখন আঘাত হানবে।

    এদিকে ইশিকাওয়া প্রিফেকচারে প্রায় ৩৪ হাজার পরিবার এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

    প্রায় ২৪ ঘণ্টা ধরে কয়েক হাজার লোক আটকে থাকার পরে শিনকানসেন বুলেট ট্রেন এবং মহাসড়কগুলো পুনরায় চালু করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোনশু দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫।

    তবে জাপানি কর্তৃপক্ষ এই কম্পনকে ৭.৬ মাত্রার বলে অভিহিত করেছে। দেশটি বলেছে, গত সোমবার থেকে জাপানে ২১০টিরও বেশি ভূমিকম্প হয়েছে।

  • ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিলেন শেখ হাসিনা

    ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিলেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ২ জানুয়ারি, ২০২৪: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চাইতে ফরিদপুর আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা ২০ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় উপস্থিত হন তিনি।

    জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঝিল্লুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

    জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, মাথা নত করব না। খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।”

    শেখ হাসিনা বলেন, “প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সরকার বিনামূল্যে বই পৌঁছে দিয়েছে।”

    তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে আধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে কাজ করছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ সালের নির্বাচনে আমরা জয়ী হই। আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে। আর এই বিএনপি বড় বড় কথা বলে, লম্পঝম্প করে, তারা পেয়েছিল মাত্র ৩০টি সিট। যে কারণে তারা ২০১৪ তে নির্বাচন করেনি। ২০১৮ তে নির্বাচনে প্রার্থী বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য করে নিজেদের মধ্যে গোলমাল করে সরে যায়।”

    তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ১৫ বছর ক্ষমতায় আছে। আমরা ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। ২০০৮ সালের নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ৮ হাজারের ওপরে ডিজিটাল সেন্টার আজকে আমাদের দেশের মানুষকে সেবা দিচ্ছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি।”

    অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “আমি মাঠের মানুষ ভাষণ দিতে পারি না। তাই শুধু বলতে চাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকাকে বিজয়ী করার বিকল্প কিছু নেই। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।”

    ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, মাসুদুল হক, সাইফুজ্জামান সেলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর প্রমুখ।

    এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন।

  • সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে

    সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে

    www.HelloBangla.News – জাতীয় – ২ জানুয়ারি, ২০২৪: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নির্বাচন শান্তিপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার এবং আইন শৃংঙ্খলা বাহিনী। এদিকে নির্বাচনের দিন নির্বাচনের দিন গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে মোটরসাইকেল, দূরপাল্লার বাস।

    আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব তথ্য জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজার রহমান।

    তিনি বলেন, “নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এবারো মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।”

    এক্সিকিউটিভ (নির্বাহী) মেজিস্ট্রেটদের উদ্দেশ্য করে তিনি বলেন, “মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো ছবি তুলবেন না। এগুলো বাহাদুরি করার কোনো বিষয় নয়। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মাঠ পর্যায়ে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।”

    এছাড়া অস্ত্র আইনের বিধান অনুযায়ী লাইসেন্সধারী কোনো ব্যক্তি যেকোন ধরনের অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

    এর আগে ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল— ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

    নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

  • নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে এটাই অংশগ্রহণমূলক নির্বাচন: সেতুমন্ত্রী

    নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে এটাই অংশগ্রহণমূলক নির্বাচন: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জানুয়ারি, ২০২৪: নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে এটাই অংশগ্রহণমূলক নির্বাচন, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে। এটাই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যথেষ্ট বলে মনে করি। আশা করি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যদিও অশান্তির উপাদান আছে। ইতোমধ্যে অগ্নিসন্ত্রাস, বাস-ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, যাতে জনগণ আতঙ্কগ্রস্ত হয়, তারা যেন ভোট দিতে না যায়, এজন্য সন্ত্রাসী কার্যক্রম বিএনপি চালিয়ে যাচ্ছে।”

    আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, “বিএনপি এখন লিফলেট বিতরণের নামে কিছুটা নীরবতা দেখাচ্ছে। তবে হঠাৎ করেই তারা সশস্ত্র হয়ে মাঠে নেমে পড়বে। তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। হঠাৎ করে তারা গুপ্ত হামলা, ভয়ংকরভাবে ঝুঁকে পড়তে পারে। শুনেছি এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে।”

    সেতুমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে ৭ জানুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে প্রচারণা চলছে। জনসভাগুলোতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এখানে নির্বাচনকে সামনে রেখে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এতেই স্পষ্ট ৭ জানুয়ারি নির্বাচন হবে।”

    তিনি আরও বলেন, “নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। ৫ বছর পর ৭ জানুয়ারি যে নির্বাচন হবে। যতো বাধাই আসুক, লিফলেট বিতরণ করে জনগণের মধ্যে ভয় দেখানো হোক, কোনোভাবেই নির্বাচন বানচাল করা যাবে না।”

    ড. ইউনূসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আদালতের রায়েই তিনি দন্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?”

  • ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসী আয় এলো প্রায় ১৯৯ কোটি ডলার

    ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসী আয় এলো প্রায় ১৯৯ কোটি ডলার

    www.HelloBangla.News – অর্থনীতি – ২ জানুয়ারি, ২০২৪: ২০২৩ সালের বিজয়ের মাস ডিসেম্বরে প্রবাসী আয়ে এলো ১৯৮ কোটি ৯৮ লাখ  ৭০ হাজার মার্কিন ডলার।

    আর সারা বছর ধরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৯১ কোটি ৫৭ লাখ ৬০ হাজার বা ২১ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার।

    আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের এ হালনাগাদ তথ্য প্রকাশ করে।

    বিদায়ী বছর ২০২৩-এ প্রবাসী আয়ে ওঠা-নামার মধ্য দিয়ে গেছে। প্রবাসী আয়ে নিম্নমুখী প্রবণতা বাড়ায় ডলার সংকট। এ সময় খোলা মার্কেটে ডলারের উচ্চ মূল্যের কারণে প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের বাইরে অবৈধ হুন্ডির বাজার ছিল রমরমা। এই সময় খোলা বাজারে ডলার দাম ১২৫ টাকা ছাড়িয়ে যায়। ফলে ব্যাংকিং চ্যানেলে কমতে থাকে প্রবাসী আয়। গত সেপ্টেম্বরে স্মরণকালের সর্বনিম্নে নেমে যায় প্রবাসী আয়।

    এ সময় প্রবাসী আয় বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু উদ্যোগ নিলে খাতটি ঘুরে দাঁড়াতে শুরু করে। এই খাতে পরের মাস অক্টোবরে বড় ধরনের উন্নতি হয়।

    আগে প্রবাসী আয়ের ডলারের যে দামে কেনা হতো, অক্টোবর মাসে তা বাড়িয়ে ১১০ টাকা ৫০ পয়সা করা হয়। প্রণোদনা দেওয়া হতো ২ দশমিক ৫০ পয়সা হারে। আরও ২ দশমিক ৫০ শতাংশ বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি দিতে পারে-এমন অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর বাইরেও বেশি টাকা দিতে পারে, এমন অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    এর আগে প্রবাসী আয় বৈধপথে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে সহজ করার পাশাপাশি বেশি প্রবাসী আয় পাঠানো প্রবাসীদের সম্মাননা ঘোষণা ও বেশ কিছু বাধা-নিষেধ তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে।

    পরিসংখ্যান বলছে, বছরের শেষ ছয়মাস জুলাই-ডিসেম্বরে প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৯ কোটি ৮২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে জুলাই মাসেই আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; সেপ্টেম্বরে আসে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার;  অক্টোররে আসে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; নভেম্বর মাসে ১৯৩ কোটি ৪০ হাজার এবং বছরের শেষ মাস ডিসেম্বরে আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার।

  • ১৪ জানুয়ারি থেকে জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

    ১৪ জানুয়ারি থেকে জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২ জানুয়ারি, ২০২৪: আগামী ১৪ জানুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

    আজ মঙ্গলবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

    এরআগে, গত সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    জানা গেছে, ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও শিফট পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে কি না সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।

    ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি- আইআইটি), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) জন্য আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    ‘সি১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। এছাড়া ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফি ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • পূর্বাচলে অভিনেতা আরিফিন শুভকে  ১০ কাঠার প্লট বরাদ্দ

    পূর্বাচলে অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠার প্লট বরাদ্দ

    www.HelloBangla.News – বিনোদন – ২ জানুয়ারি, ২০২৪: গত বছরের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ । এই সিনেমায় মুজিব চরিত্রে অনবদ্য অভিনয় করেন অভিনেতা ‘আরিফিন শুভ’। সুন্দর অভিনয়ের জন্য সবাই প্রশংসা করে এই নায়কের। কিন্তু অভিনয় জন্য তিনি কোন পারিশ্রমিক। বরং বলেছেন মুজিব চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেছেন। অভিনয়ের জন্য পারিশ্রমিক না পেলেও  সদ্য তিনি একটি প্লট বরাদ্দ পেয়েছেন। একজন অভিনয় শিল্পীকে মূল্যায়ন করা হলো এই প্লট বরাদ্দের মাধ্যমে।

    জাান গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। পূর্বাচলে শুভকে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজককে একটি ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ।

    আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাজউক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

    রাজউকের ১৮তম বোর্ড সভায় অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেয়। পাশাপাশি প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের জন্য আবেদন করেছিলেন আগেই, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরে রাজউকের একই বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লটটি লিটন হায়দারের নামে বরাদ্দ দেয়।

    প্রসঙ্গত, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আরিফিন শুভ। এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।

  • নতুন বছরের প্রথম দিনে জয় পেয়েছে লিভারপুল

    নতুন বছরের প্রথম দিনে জয় পেয়েছে লিভারপুল

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ জানুয়ারি, ২০২৪: বছরের প্রথম দিনে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে নিউক্যাসেলকে। শুরুতে পেনাল্টি মিস করলেও কিছুক্ষণ পর লিভারপুল । ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস গড়া ম্যাচে ৩ পয়েন্টের জন্য ৮৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইউর্গেন ক্লপ শিষ্যদের। নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে লিভারপুলের এক্সপেক্টেড গোলের হার ছিল ৭.৫৩। যা ১৯৯২ সাল থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি।

    পেলন্টি মিস করার কিছুক্ষন পরেই দলকে ঠিকই এগিয়ে নেন মোহামেদ সালাহ। পরবর্তীতে আক্রমণে ঝড় তুলে নিউক্যাসল ইউনাইটেড।তবে শেষ পর্যন্ত অল রেডসদের সঙ্গে পেরে উঠল না তারা। জয় দিয়েই বছর শুরু করলো লিভারপুল।

    লিভারপুলের হয়ে গোল দেওয়ার বিষয়টি নিয়মিত করে ফেলেছেন সালাহ। ম্যাচে দুটি গোল করেন তিনি। একটি করে গোল করেন কার্টিস জোনস ও কোডি হাকপো। নিউক্যাসলের হয়ে গোল দুটি করেন আলেক্সান্দার ইসাক ও সভেন বোটমান।

    এই জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। তিনে ও চারে থাকা ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৪০।

    ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। ২০তম মিনিটে লুইস দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। যদিও সফল স্পট কিক নিতে পারেননি সালাহ। তবে বিরতির পর ঠিকই দলকে এগিয়ে নেন তিনি। ৪৯তম মিনিটে নুনেসের দেওয়া বল বক্স থেকে জালে পাঠান মিশরের এই ফরোয়ার্ড।

    চার মিনিট পর সমতায় ফেরে নিউক্যাসল। অ্যান্থনি গর্ডনের থ্রু পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন ইসাক। ৭৪তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। দিয়োগো জোটার পাস থেকে বল জালে পাঠান জোন্স। চার মিনিট পর ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। সালাহর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন হাকপো।

    ৮১তম মিনিটে গোল পায় নিউক্যাসল। কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান সভেন বোটমান। যদিও এই গোল কেবল ব্যবধানই কমিয়েছে।

  • জাপানে একদিনে ১৫৫ ভূমিকম্পে ২৪ জন নিহত

    জাপানে একদিনে ১৫৫ ভূমিকম্পে ২৪ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ জানুয়ারি, ২০২৪: জাপানকে ভূমিকম্প প্রবণ দেশ বলা হয়। কারণ জাপানের ভৌগলিক অবস্থান গত কারণে দেশটি পৃথিবীর যেই কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত করে থাকে। কিন্ত মাত্র ২৪ ঘন্টায় ১৫৫ টি ভূমিকম্প হওয়াটা আতঙ্কের বিষয়। যা গতকাল (১ জানুয়ারি) দেশটিতে অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে কমপক্ষে ২৪ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেএমএ (জাপান মিটিওরোলিজক্যাল এজেন্সি) জানিয়েছে এদিন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। জেএমএ বলছে ভূমিকম্প গুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬।

    জেএমএ আরও জানিয়েছে স্থানীয় সময় আজ মঙ্গলবার ( ২ জানুয়ারি) সকালের দিকেও বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে ।

    জাপানের স্থানীয় সংবাদমাধ্যম গুলো বলছে, ১৫৫ টি ভূমিকম্পের প্রায় সবগুলোই রিখটার স্কেলে ৩ মাত্রার ওপরে। তীব্র ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্প উপদ্রুত ইশিকাওয়া প্রিফেকচারে প্রায় ৩৩ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুনেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস।

    এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জাপানের নতো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। প্রাথমিকভাবে অবশ্য ভূমিকম্পের মাত্রা বলা হয়েছে ৭ দশমিক ৪।

    ভূমিকম্পের তীব্রতার কারণে দেশটির রাজধানী টোকিও থেকেও এর কম্পন অনুভূত হয়েছে বলে জানাগেছে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যেই ১২ ফুট উচ্চতার একটি ঢেউ এসে আছড়ে পড়ে দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা বন্দরে।

    এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, নতুন বছরের প্রথম দিনে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে অসংখ্য হতাহত এবং দেশটিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

  • বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর সিজিএস ও পিএসও এর সাক্ষাৎ

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর সিজিএস ও পিএসও এর সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১ জানুয়ারি, ২০২৪: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের  সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর নবনিযুক্ত চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট  জেনারেল ওয়াকার -উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

    আজ সোমবার বছরের প্রথম দিনে ( ১ জানুয়ারি) বঙ্গভবনে  এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে তারা সেনাবাহিনীর বিভিন্ন কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    এসময় নতুন  সিজিএস এবং পিএসও দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির  দিকনির্দেশনা  কামনা করেন।

    নতুন  সিজিএস এবং পিএসওকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি  বলেন, সেনাবাহিনীর উন্নয়নে তাদের মেধা, শ্রম ও দক্ষতা গুরুত্বপূর্ন অবদান রাখবে।

    দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে বেসামরিক প্রশাসনের কার্যক্রমে সেনাবাহিনীর সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রপ্রধান আশা করেন ।

    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস