ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিলেন শেখ হাসিনা

ফরিদপুরে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা - জাতীয় - ২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ফরিদপুরে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা - জাতীয় - ২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২ জানুয়ারি, ২০২৪: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২ জানুয়ারি) নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চাইতে ফরিদপুর আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা ২০ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় উপস্থিত হন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঝিল্লুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, মাথা নত করব না। খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।”

শেখ হাসিনা বলেন, “প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সরকার বিনামূল্যে বই পৌঁছে দিয়েছে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে আধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে কাজ করছে।”

প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ সালের নির্বাচনে আমরা জয়ী হই। আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে। আর এই বিএনপি বড় বড় কথা বলে, লম্পঝম্প করে, তারা পেয়েছিল মাত্র ৩০টি সিট। যে কারণে তারা ২০১৪ তে নির্বাচন করেনি। ২০১৮ তে নির্বাচনে প্রার্থী বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য করে নিজেদের মধ্যে গোলমাল করে সরে যায়।”

তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ১৫ বছর ক্ষমতায় আছে। আমরা ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। ২০০৮ সালের নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ৮ হাজারের ওপরে ডিজিটাল সেন্টার আজকে আমাদের দেশের মানুষকে সেবা দিচ্ছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি।”

অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “আমি মাঠের মানুষ ভাষণ দিতে পারি না। তাই শুধু বলতে চাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকাকে বিজয়ী করার বিকল্প কিছু নেই। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।”

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, মাসুদুল হক, সাইফুজ্জামান সেলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর প্রমুখ।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন।

পূর্ববর্তী সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে
পরবর্তী জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫