সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে

সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে - জাতীয় - ২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে - জাতীয় - ২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২ জানুয়ারি, ২০২৪: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নির্বাচন শান্তিপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার এবং আইন শৃংঙ্খলা বাহিনী। এদিকে নির্বাচনের দিন নির্বাচনের দিন গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে মোটরসাইকেল, দূরপাল্লার বাস।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব তথ্য জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, “নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এবারো মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।”

এক্সিকিউটিভ (নির্বাহী) মেজিস্ট্রেটদের উদ্দেশ্য করে তিনি বলেন, “মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো ছবি তুলবেন না। এগুলো বাহাদুরি করার কোনো বিষয় নয়। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মাঠ পর্যায়ে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।”

এছাড়া অস্ত্র আইনের বিধান অনুযায়ী লাইসেন্সধারী কোনো ব্যক্তি যেকোন ধরনের অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল— ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

পূর্ববর্তী নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে এটাই অংশগ্রহণমূলক নির্বাচন: সেতুমন্ত্রী
পরবর্তী ফরিদপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিলেন শেখ হাসিনা