Category: প্রযুক্তি

  • প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোনের যাত্রা শুরু

    প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোনের যাত্রা শুরু

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৫ মে, ২০২৪: প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা হয়েছে স্মার্টফোন-নর্ড এন৩০ এসই ফাইভজি। বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের প্রযুক্তিতে দেশে তৈরি হয়েছে এই স্মার্টফোন।।

    ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন—নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন করা হয়।

    আনুষ্ঠানিক এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের সকল ব্যবহারকারীর জন্য ব্যতিক্রমধর্মী বিক্রয়-পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লাস। পাশাপাশি, ওয়ারেন্টি স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিকাল লাইনের সমস্যার ক্ষেত্রে বিনামূল্যে রিপেয়ার সেবা দেবে প্রতিষ্ঠানটি।

    প্রথম পর্যায়ে সারা দেশের ৩৫টি স্থানে (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে। একইসাথে, গ্লোবাল ভার্সনের পণ্যের ক্ষেত্রে ৭ দিনের স্মার্টফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ১২ মাসের স্মার্টফোন সার্ভিস দেবে ওয়ানপ্লাস বাংলাদেশ।

    এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী বলেন, আমরা নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই, দেশের সকল ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দেব।

    স্থানীয় উৎপাদনের শুরুতেই প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন ‘বিগার, লাউডার, ফাস্টার’ ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি প্ল্যাটফর্ম ও ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিংয়ে সক্ষম এমন শক্তিশালী ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত প্রথম মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র মধ্য দিয়ে ক্রমান্বয়ে বাংলাদেশে তৈরি ফাইভজি স্মার্টফোনের বিস্তৃত সমাহার নিয়ে আসবে ওয়ানপ্লাস।

    আজ বুধবার (১৫ মে) থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাচ্ছে। মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি শোরুমে পাওয়া যাবে আগামী ২২ মে থেকে। পাশাপাশি, র‍্যাফেল ড্র’র মাধ্যমে (স্বাগত অফার) ওয়ানপ্লাস গ্রাহকদের মাত্র ৩০ টাকায় ডিভাইসটি কেনা বা ওয়ানপ্লাস নর্ড বাডস ২ বা একটি টি-শার্ট জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ব্র্যান্ডটি। এমন আকর্ষণীয় অফারের মধ্য দিয়েই স্থানীয়ভাবে উৎপাদিত মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র যাত্রা শুরু হলো।

    এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, সারা বিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য; আর বাংলাদেশে যাত্রা শুরু করার মধ্য দিয়ে আমাদের এই লক্ষ্য পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি করবো, যা ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।

    দেশের সকল প্রযুক্তিপ্রেমী মানুষের জন্য স্মার্টফোন প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের সকল পণ্য বাংলাদেশ নিয়ে আসছে। এছাড়া, ব্যবহারকারীর ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ওয়ানপ্লাস ওয়াচ ২, ওয়ানপ্লাস প্যাড ২ সহ আরও নানান আইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

  • বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

    বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৩ মে, ২০২৪: বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, “সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করাসহ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।”

    আজ সোমবার (১৩ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, “বজ্র নিরোধক প্রযুক্তি সুলভ ও ব্যাপকভিত্তিক করতে গবেষণা এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও হস্তান্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

    ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বজ্রপাত প্রতিরোধে প্রযুক্তি জ্ঞান বিনিময় ছাড়াও যন্ত্র স্থাপন, বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ প্রদানে তার দেশ সহায়তা দেবে।

  • হজযাত্রীদের সেবায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করা হবে

    হজযাত্রীদের সেবায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করা হবে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১২ মে, ২০২৪: হজযাত্রীদের সেবায় এবার সৌদি আরবে এবার এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যবহার করা হবে উড়ন্ত ট্যাক্সি। এ অনন্য সেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেশটির পরিবহনমন্ত্রী সালেহ আল জাসের।

    মদিনা মনোয়ারার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালেহ আল জাসের এ কথা বলেন।

    সৌদি আরব এমন আধুনিক পরিবহনসেবা ব্যবহারের ক্ষেত্রে সম্মুখসারির দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। এ আধুনিক পরিবহনব্যবস্থাকে সবচেয়ে বেশি কাজে লাগানো হবে হজ মৌসুমে। সৌদি পরিবহনমন্ত্রী বলেন, হজযাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক পরিবহনব্যবস্থার আওতায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করবেন তারা।

    সামনের বছরগুলোতে হজযাত্রী পরিবহনে এ উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আল জাসের। পরিবহন খাতে এসব প্রযুক্তি সম্পর্কে বোঝাপড়া ও হজ মৌসুমে এগুলোর ব্যবহারে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনার কথা গত বছর ঘোষণা করেছিলেন মন্ত্রী আল জাসের। জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ইতিপূর্বে উড়ন্ত ট্যাক্সি পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বা সৌদিয়া। এই সেবা দিতে বিমান পরিবহন সংস্থাটির লক্ষ্য আনুমানিক ১০০টি এমন আকাশযান সংগ্রহ করা।

    জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ইতিপূর্বে উড়ন্ত ট্যাক্সি পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বা সৌদিয়া।

    জেদ্দা বিমানবন্দর এবং মক্কায় পবিত্র মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি আবাসিক হোটেলের মধ্যে হজযাত্রী পরিবহনে ১০০ লিলিয়াম জেট, জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) কেনার চুক্তি করেছে সংস্থাটি।

  • টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানি অনুষ্ঠিত

    টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানি অনুষ্ঠিত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৮ মে, ২০২৪: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে গ্রাহকের হাতে থাকা সব মোবাইল ফোন সেটই নেটওয়ার্কে কাজ করবে ।

    আজ বুধবার (৮ মে) বেলা ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে এ কথা জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার রিয়াজ আহমেদ।

    টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত বিটিআরসির গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ছাড়াও মহাপরিচালক ও কমিশনাররা উপস্থিত রয়েছেন।

    একজন গ্রাহক অনলাইনে প্রশ্ন করেন, আন-অফিশিয়াল ফোন বন্ধ করে দিলে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা?

    এ বিষয়ে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার রিয়াজ আহমেদ বলেন, অবৈধ সেট থেকে থাকলে পর্যাপ্ত সময় দিয়ে ডিসকানেক্ট করা হবে। আপনারা যথাযথ প্রক্রিয়ায় বৈধ সেট কিনবেন। রেজিস্টার্ড না হলে সরাসরি বিটিআরসিতে এসে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবো। সব মোবাইলই নেটওয়ার্কে কাজ করবে কোনোটাই বিচ্ছিন্ন হবে না।

    সংশ্লিষ্ট সরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন।

    যারা সশরীরে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

  • আজও সারা দেশে কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে

    আজও সারা দেশে কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৬ মে, ২০২৪: গতকাল সারা দেশের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও সারা দেশে কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের খুলনা, রাজশাহী বিভাগ ছাড়াও সারাদেশে কাল বৈশাখী ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে।

    আজ সোমবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ও রাজশাহী বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    গতকাল গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    গতকাল রবিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

    আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

  • সাত বিভাগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

    সাত বিভাগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৫ মে, ২০২৪: আবহাওয়া অধিদপ্তর সূত্রে পাওয়া তথ্যে জাান গেছে খুলনা বাদে দেশের বাকি সাত বিভাগেই আজ রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে । এর মধ্যে বৃষ্টি বেশি থাকা ছয় বিভাগে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে, ওই অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ।

    বৃষ্টি শুরু হওয়ায় এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে তাপ প্রবাহের তীব্রতা এবং আওতা কিছুটা কমেছে। আগামী কয়েক দিনে বৃষ্টি ও কালবৈশাখী বেড়ে সারাদেশ থেকে তাপপ্রবাহ সম্পূর্ণ কমে যেতে পারে। তখন এত অস্বস্তি আর হবে না।

    গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। কোথাও কোথাও তাপপ্রবাহ ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল।

    শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

    জানা গেছে আজ রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    এ সময়ে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।

    আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শনিবার সন্ধ্যায় তাপপ্রবাহের সতর্কবার্তায় (হিট অ্যালার্ট) বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অব্যাহত থাকতে পারে অস্বস্তিকর পরিস্থিতি।

  • ঢাকা বিভাগে চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে

    ঢাকা বিভাগে চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৪ মে, ২০২৪: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল রবিবার থেকে বৃষ্টি বেড়ে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চল (খুলনা ও রাজশাহী বিভাগ) ও মধ্যাঞ্চলের (ঢাকা বিভাগ) চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে ।

    গত দু’দিনে ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমেছে। তবে এখনো স্বস্তি ফেরেনি জনজীবনে।

    খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও রয়েছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল । এছাড়া শুক্রবার চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২, পাবনার ঈশ্বরদী ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

    চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে দু’এক জায়গায় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। বৃষ্টির প্রবণতা চট্টগ্রাম অঞ্চলে বেশি। চট্টগ্রামের বাইরে শ্রীমঙ্গলে ১২, ভোলায় ৩২, সিলেটে ৪, মোংলায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    আবহাওয়াবিদের তথ্য মতে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    তবে রবি ও সোমবার আট বিভাগে কমবেশি বৃষ্টি হতে পারে জানিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার দেশের পশিচমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস

    পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২ মে, ২০২৪: সারা দেশে চলছে তীব্র গরম। মানুষের জীবন যেন স্থবির হয়ে পড়েছে। সবাই আছে বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকাসহ দেশে পাঁচ বিভাগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এতে দেশের তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে।

    আজ বৃহস্পতিবার (০২ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    আগামীকাল শুক্রবার (০৩ মে) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিল্টে বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

    এছাড়া দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    শুক্রবার সকাল থেকে শনিবার (০৪মে) সকাল পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিল্প বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    বিরাজমান তাপ প্রবাহ দেশের কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

    শনিবার সকাল থেকে রোববার (০৫ মে) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পরে।

  • আগামীকাল ঢাকাসহ চার বিভাগে বৃষ্টি হতে পারে

    আগামীকাল ঢাকাসহ চার বিভাগে বৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১ মে, ২০২৪: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার (২ মে) ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে । এমনকি আগামী দিনগুলোতে এই বৃষ্টি সারাদেশে ছড়িয়ে পড়বে। একইসঙ্গে ধীরে ধীরে তাপপ্রবাহের তীব্রতা কমবে।

    আজ বুধবার (১ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানায় সংস্থাটি।

    জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এতে বিরাজমান তাপপ্রবাহ দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

    এদিকে আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। ১৯৮৯ এর পর গত ৩৫ বছরে এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

  • আগামীকাল বুধবার থেকে চলমান তাপমাত্রা কমতে পারে

    আগামীকাল বুধবার থেকে চলমান তাপমাত্রা কমতে পারে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩০ এপ্রিল, ২০২৪: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আাগামীকাল বুধবার (১ মে) থেকে চলমান তীব্র তাপমাত্রা কমতে পারে । তবে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    সোমবার ছিল চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে গরমতম দিন। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়, এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাতেও ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত জনজীবন।

    আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

    বুধবার ও বৃহস্পতিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে।