Category: প্রযুক্তি

  • ডব্লিউএসআইএস এর উইনার পুরস্কার গ্রহণ করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

    ডব্লিউএসআইএস এর উইনার পুরস্কার গ্রহণ করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৯ মে, ২০২৪: জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৪ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর মধ্যে অন্যতম।এবার উইনার পুরস্কার গ্রহণ করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । এবছর ১৮টি প্রজেক্টকে উইনার পুরস্কার দিয়েছে ডব্লিউএসআইএস ।

    চলতি বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম (বৈঠক) তৈরির জন্য বিল্ডিং কনফিডেন্স এন্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটি’স ক্যাটেগরিতে উইনার হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

    মঙ্গলবার (২৮ মে) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার পুরস্কার দেওয়া হয় বলে আইসিটি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    ‘বৈঠক’ তৈরির জন্য এবং এটি তৈরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে সকল তরুণ, ইনোভেটিভ প্রোগ্রামার কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “কোভিড ১৯ অতিমারী কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার জন্য বিসিসি উদ্ভাবিত ‘বৈঠক’ আমাদের নিত্য প্রয়োজনীয় প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে।”

    তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক দিক-নির্দেশনায় খুব অল্প সময়ে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন করতে পেরেছি এবং এরই ফলশ্রুতিতে আমাদের তরুণ উদ্ভাবকরা তথ্য প্রযুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পারছে।”

    আইসিটি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেওয়া ১ হাজার ৪৯টি প্রকল্প বা উদ্যোগ থেকে বাছাই করে ৩৬০টি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুরস্কার নির্ধারণে প্রত্যেক ক্যাটাগরিতে একাধিক উদ্যোগ বা প্রজেক্টকে ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচন করা হয়। তার মধ্যে থেকে একটিকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। এবছর ১৮টি প্রজেক্টকে উইনার ও ৭২টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়।

  • মহাবিপৎসংকেত নামিয়ে উপকূলে দেওয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত

    মহাবিপৎসংকেত নামিয়ে উপকূলে দেওয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৭ মে, ২০২৪: প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ কয়রা থেকে উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে এখন গভীর স্থল নিম্নচাপ হিসাবে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

    আজ সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস। একইসঙ্গে সংস্থাটি ঘূর্ণিঝড়ের আর কোনো বুলেটিন দেবে না।

    আবহাওয়া অফিস জানিয়েছে কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

    এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৩ (তিন) পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোংলা-পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

    ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোংলা-পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৬ মে, ২০২৪: ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    আজ রবিবার(২৬ মে) সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১০) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ রবিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

    প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

    কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে এর পরিবর্তে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর ৯ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে ৪ নম্বর নৌ-মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানানো হয়েছে।

    প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

  • ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ রাতে আঘাত হানতে পারে

    ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ রাতে আঘাত হানতে পারে

    www.HelloBangla.News – প্রযু্ক্তি – ২৫ মে, ২০২৪: বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতোমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল এখন বাংলাদেশের দিকে এগিয়ে এসেছে। আজ রাতেই ঘূর্ণিঝড় ‘রেমাল’ খুলনার সাতক্ষীরা ও চট্টগ্রামের কক্সবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে।

    আজ শনিবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “এখানে বাংলাদেশের আবহাওয়া অফিস, ভারতের আবহাওয়া অফিস, চীনের আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”

    মহিববুর রহমান বলেন, “এখন পর্যন্ত ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সংকেত ৩-এ চলে যাবে। সন্ধ্যা নাগাদ বা রাতে ৪-এর ওপরে এবং রাতের বেলা বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি।”

    প্রতিমন্ত্রী বলেন, “রাত আটটায় আবার এই মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১টায় আমরা আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি। এক কথায় এ ঘূর্ণিঝড় আসন্ন, সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি।”

    কয়টি জেলা আক্রান্ত হতে পারে- সাংবাদিকদের এমন করতে জবাবে প্রতিবন্ধী বলেন, “এখানে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ইফেক্ট হওয়ার ঝুঁকি আছে। এখন ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। বিশেষ করে পায়রা ও মোংলা বন্দরের সরাসরি দক্ষিণে।”

    সিডরের মতো ভয়াবহ রূপ নিতে পারে-জানতে চাইলে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, “এটা ডেঞ্জার হতে পারে রাত ১২-১টা নাগাদ। এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা ঝুঁকি রয়েছে।”

    তিনি বলেন, “কাল রবিবার (২৬ মে) ভোর থেকে এটা প্রাথমিক আঘাত হানতে পারে। কালকে সন্ধ্যা নাগাত মূলটা আঘাত হানবে। পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত বারোটা-একটা থেকেই এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে।

     

    প্রতিমন্ত্রী বলেন, “উপকূলীয় জেলায় আমাদের প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে। এগুলো প্রস্তুত রেখেছি। খাদ্যের জন্য আমাদের প্রত্যেকটি জেলায় গুদামে পর্যাপ্ত শুকনো খাবারসহ যেসব জিনিস দরকার হবে এগুলো মজুত রেখেছি। প্রয়োজনে ঢাকা থেকে যাতে আরো সাপ্লাই দিতে পারি এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।”

    আমাদের ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ শুরু করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

    ঘূর্ণিঝড় রোমানের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

  • ইন্টারনেটের ধীরগতি কাটিয়ে উঠতে আরও দুই সপ্তহ সময় লাগবে

    ইন্টারনেটের ধীরগতি কাটিয়ে উঠতে আরও দুই সপ্তহ সময় লাগবে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৩ মে, ২০২৪: পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন থাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে সারাদেশে প্রায় এক মাস ধীরগতি পাচ্ছেন গ্রাহকরা। । পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহ করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিও (বিএসসিপিএলসি)। তবে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

    বিএসসিপিএলসি বলছে, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার ক্যাবল কাটা পড়ে। সেখানে মেরামতের কাজ শুরুর প্রক্রিয়াটা দীর্ঘ। অনুমোদন মিলেছে, এখন কনসোর্টিয়ামের জাহাজের অপেক্ষা।

    মেরামত শেষে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে পারে।

    জানা গেছে, গত ১৯ এপ্রিল দিনগত রাত ১২টার দিক থেকে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়। বিএসসিপিএলসি জানতে পারে সিঙ্গাপুরে জলসীমায় কোথাও ফাইবার ক্যাবল কাটা পড়েছে।

    পরে আরও অনুসন্ধানে জানা যায় সিঙ্গাপুর নয়, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ক্যাবল ‘ব্রেক’ করেছে। এতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    বিএসসিপিএলসি কতৃপক্ষি আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে জানিযেছেন, সিমিউই-৫ (দ্বিতীয় সাবমেরিন ক্যাবল) দিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয়। সেটা এখন পুরোপুরি বন্ধ। আমরা ওই ব্যান্ডউইথ এখন সিমিউই-৪ দিয়ে সরবরাহের চেষ্টা করছি। অন্তত ৬০ শতাংশ সরবরাহ সম্ভব হচ্ছে। এটা দিয়ে বিকল্প উপায়ে সারাদেশে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।জুনের প্রথম সপ্তাহ থেকে এটা (ইন্টারনেটের ধীরগতি) ঠিক হয়ে যাবে।’

    তবে ক্যাবল কাটা পড়ে সিমিউই-৫-এর সংযোগ বিচ্ছিন্নের কারণে যে সমস্যা হয়েছিল, তার পাশাপাশি অন্য একটি সমস্যার কথাও জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি বলেন, ‘গত কয়েকদিন ধরে বিটিআরসি রাজধানীর বিভিন্ন জায়গায় অবৈধ ইন্টারনেট সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এতে অবৈধ অনেক আইএসপি প্রতিষ্ঠান, অনেকে ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগ চালায়, তাদের যন্ত্রপাতি জব্দ করেছে। ক্যাবল অপারেটরদের ইন্টারনেট সার্ভিস দেওয়ার কথা না। তারা দিচ্ছে, এ জায়গাগুলো নিয়ে কাজ করছে বিটিআরসি। সবমিলিয়ে ইন্টারনেটের গতিতে এবং সংযোগে প্রভাব পড়েছে। সেজন্যই কিছু এলাকায় বেশি সমস্যা।’

    বিএসসিপিএলসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার পাঁচ হাজার জিবিপিএসের বেশি। এর অর্ধেকেরও বেশি প্রায় দুই হাজার ৭০০ জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়।

  • দেশের ১১টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

    দেশের ১১টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২০ মে, ২০২৪: আবহাওয়া অফিস জানিয়েছে দেশের ১১টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোয় তোলা হয়েছে সতর্ক সংকেত।

    আজ সোমবার (২০ মে) আবহাওয়ার এমন পূর্বাভাসের কথা জানানো হয়েছে।

    আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘনীভূত হতে পারে।

    এতে আগামী কাল মঙ্গলবার (২১ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

    রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

    রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    মঙ্গলবার সকাল থেকে বুধবার (২২ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২৩ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

    নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৯ মে, ২০২৪: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।তিনি বলেন, “সরকার টেকসই এজেন্ডা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জ্বালানির পরিমিত ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে কাজ করা হচ্ছে।”

    আজ রবিবার (১৯ মে) সচিবালয়ে টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় মন্ত্রী এ কথা বলেন।

    পরিবেশ মন্ত্রী বলেন, “বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনার বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং বেস্ট প্রকল্পের অধীনে একটি ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা হবে।”

    তিনি বলেন, “সরকার বাংলাদেশকে জলবায়ু সহনশীল দেশ হিসেবে গড়ে তুলতে কাজ নিরলসভাবে করে যাচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান লক্ষ্য শিগগিরই সংশোধন করা হবে। বর্ধিত প্রযোজক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকাগুলোর খসড়া জুনের মধ্যে চূড়ান্ত করা হবে।”

    তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে টেলিনরকে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

    টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা বলেন, টেলিনর এশিয়া এ অঞ্চলে টেকসই পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি একটি টেকসই ভবিষ্যতের দিকে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবেদিত হয়ে কাজ করবে।

  • করোনার কোভ্যাক্সিনের টিকায়ও ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে

    করোনার কোভ্যাক্সিনের টিকায়ও ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৯ মে, ২০২৪: করোনার প্রতিষেধক হিসেবে বিভিন্ন ওষুধ কোম্পানির টিকা আবিস্কারের বিষয়টি বিশ্বে সবার মনে স্বস্তি দিয়েছিলো। কিন্তু সম্প্রতি বিভিন্ন টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়ে আসছে চিকিৎসা বিজ্ঞানীরা।কিছুদিন আগেই কোভিশিল্ডের টিকায় পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানা গিয়েছিল। তবে শুধু কোভিশিল্ড নয়। ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কোভ্যাক্সিনের টিকায়ও।

    আর বিস্ফোরক এই দাবি করেছেন ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই টিকা নেওয়া ব্যক্তিদের ওপর এক বছর ধরে পর্যবেক্ষণ চালিয়েছেন তারা। আর তারপরই সামনে এসেছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য।

    গত বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ।

    প্রতিবেদনে বলা হয়েছে, কোভ্যাক্সিন নিয়েছেন এমন ৩০ শতাংশ রোগীদের মধ্যে টিকার ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) গবেষকরা দাবি করেছেন। যদিও ওই দাবি নাকচ করে দিয়েছে কোভ্যাক্সিনের প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।

    বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) গবেষকদের দাবি, কোভ্যাক্সিন নিয়েছেন এমন ৯২৬ জনের ওপরে এক বছর ধরে পর্যবেক্ষণ চালিয়েছেন তারা। পর্যবেক্ষণে দেখা গেছে, এই টিকা নেওয়া ব্যক্তিদের প্রতি ৩ জনের মধ্যে একজনের দেহে শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ, স্ট্রোক, গিলান-বারি সিন্ড্রোম ও রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

    এর মধ্যে চর্মরোগ হয়েছে ১০.৫ শতাংশ টিকা গ্রহণকারীর। স্নায়ুর সমস্যায় ভুগছেন ৪.৭ শতাংশ রোগী। পেশির সমস্যায় ভুগছেন ৫.৮ শতাংশ রোগী। ১০.২ শতাংশের কিশোর-কিশোরীর দেহে নানাবিধ শারীরিক সমস্যা দেখা গেছে।

    এছাড়া প্রাপ্তবয়স্কদের মধ্যে সাধারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ৮.৯ শতাংশ। ৪.৬ শতাংশ নারীর দেহে ভ্যাকসিনের প্রভাবে ঋতুস্রাবজনিত নানা সমস্যা দেখা গেছে। ২.৭ শতাংশ নারীর মধ্যে চোখের সমস্যা দেখা গেছে।

    বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্ট বলছে, গবেষণার জন্য বেছে নেওয়া ৯২৬ জনের মধ্যে ৩০ শতাংশ অ্যাডভার্স ইভেন্টস অব স্পেশ্যাল ইন্টারেস্ট-এর (এইএসআই) তালিকায় রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বলছেন, শ্বাসযন্ত্রের ওপরের অংশে ভাইরাল সংক্রমণের সমস্যা ছিল। এছাড়াও রক্ত জমাট বাঁধা, অ্যালার্জির সমস্যাও ছিল বলেও দাবি করা হয়েছে।

    এই গবেষণা ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত করা হয়েছে। যাদের ওপর পরীক্ষা করা হয়েছে, তাদের ৬৩৫ জন কিশোর আর ২৯১ জন প্রাপ্তবয়স্ক। কিশোরদের মধ্যে এইএসআই-এর ত্বক সংক্রান্ত সমস্যা, সাধারণ শারীরিক সমস্যা, স্নায়ু সংক্রান্ত সমস্যা দেখা গেছে।

    এছাড়াও প্রাপ্তবয়স্কদের মধ্যেও স্নায়ু সংক্রান্ত সমস্যা, সাধারণ শারীরিক সমস্যা এইএসআই-এর আওতায় থাকতে দেখা গেছে।

    অন্যদিকে দ্য টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এই গবেষণা সংক্রান্ত খবরে বলা হয়েছে, কিশোরীদের মধ্যেও এইএসআই-এর সমস্যা রয়েছে। সেক্ষেত্রে টাইফয়েডের মতো সমস্যার কথা উঠে এসেছে।

    বলা হচ্ছে, যারা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়েছেন তাদের থেকে এইএসআই-এর প্রভাবে প্রভাবিত হওয়ার অনেক বেশি ঝুঁকি রয়েছে যারা তিনটি ডোজ বা বিবিভি১৫২ (BBV152) এর চারটি ডোজ নিয়েছেন। তাদের ঝুঁকির পরিমাণ ২ গুণ বেশি।

    অবশ্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই দাবি প্রত্যাখ্যান করেছে কোভ্যাক্সিনের প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।

  • আগামী তিন দিন সারাদেশে গরম কমে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

    আগামী তিন দিন সারাদেশে গরম কমে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৮ মে, ২০২৪: ঢাকায় এবং দেশের কোথাও কোথাও মৃদু বৃষ্টিপাত হয়েছে। ফলে গরম কিছুটা কমেছে। অবশ্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিনি দিন সারাদেশে গরম কমে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।

    রাজধানী ঢাকায় আজ শনিবার  সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বেলা বাড়লেও মেলেনি রোদের দেখা। আকাশে ছিল মেঘের আনাগোনা।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয়টি বিভাগে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। তবে তাপপ্রবাহের মধ্যেও সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। একই সঙ্গে আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আজ শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

    পূর্ভাবাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ময়মনসিংহের কিছু জায়গায় এবং বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও।

    অন্যদিকে ছয়টি বিভাগে তাপপ্রবাহ চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর ও ফেনী জেলায় তাপপ্রবাহ কমে যাবে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল রবিবার (১৯ মে) থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে। একই সঙ্গে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে চলমান তাপপ্রবাহে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করেছে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২২ ডিগ্রি সেলসিয়াস।

  • সারা দেশে আগামী ৭২ ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে

    সারা দেশে আগামী ৭২ ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৬ মে, ২০২৪: গত সোমবার থেকে দেশে শুরু হয়েছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ।  এটি অব্যাহত থাকতে পারে আরও দুদিন। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    এ অবস্থায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    গত সোমবার শুরু হওয়া তাপপ্রবাহ গতকাল বুধবার থেকে তীব্র হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।

    এদিন সর্বনিম্ন ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয় অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র হবে না। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে। এছাড়াও শনিবার থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    অন্যদিকে তাপপ্রবাহের এমন অবস্থায় গতকাল বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দুদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।