Category: প্রযুক্তি

  • বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৪ জুলাই, ২০২৪: বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।”

    আজ বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না।”

    তিনি বলেন, “আগামী সপ্তাহে রবিবার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে সোশ্যাল মিডিয়া চালাতে হবে। তারা (ফেসবুক) নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।”

    তিনি আরও বলেন, “সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব।”

  • প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৭ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরাও আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। গতকাল বিকেলের পর থেকে ঢাকা ও ঢাকার বাইরে যত সহিংসতা হয়েছে, যতগুলো প্রাণহানি হয়েছে; তা খুবই উদ্বেগের। সবাইকে বলবো—সচেতন হন, সহিংস হবেন না। আইনশৃঙ্খলা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করবে।”

    আজ বুধবার (১৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনার শেষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো অবশ্যই বিবেচনায় নেবেন। তাদের সহায়তা করার জন্য বিষয়টি আপিল বিভাগে গেছে, আপিল করাও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেন। তিনি গত কয়েকদিনের ঘটনায় ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারীদের চিহ্নিত করবেন, ব্যবস্থা নেবেন।”

    তিনি বলেন, “সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি যেটা শান্তিপূর্ণ ছিল, অরাজনৈতিক ছিল। সেখান থেকে কিছু স্বার্থান্বেষী মহল, তারা মিথ্যা-গুজব ছড়ালো দুজন মৃত্যুবরণ করেছে। যখন গুজবটা ছড়ালো, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম এ গুজবের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং কিছু রাষ্ট্রের মুখপাত্রও বিবৃতি ও বক্তব্য দিলো। তারা এর মাধ্যমে গুজবকে স্বীকৃতি দিলো।”

    তিনি আরও বলেন, “এ গুজবের প্রেক্ষিতে, উসকানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেলো। বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬-৭ জন মানুষের জীবন চলে গেলো। তাদের জীবন চলে যাওয়ার পেছনে কী মিথ্যা ও গুজব ছড়ানোর যেসব প্ল্যাটফর্ম তারা কি দায়ী নয়?”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আমরা মুক্ত বাকস্বাধীনতায় বিশ্বাস করি। ছাত্র-ছাত্রীরা তাদের মতামত প্রকাশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন রক্তাক্ত হয়েছে, সেটা যেভাবেই হোক; তা নিয়ে যখন কেউ মন্তব্য দিচ্ছে, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু অনেক গুজবও ছড়াচ্ছে। আমার অনুরোধ— সোশ্যাল মিডিয়াতে ছড়ানো তথ্য দেখেই যেন তারা আবেগী সিদ্ধান্ত না নেন। কোনো উসকানিতে যেন সহিংস অবস্থানে নেমে পড়বেন না।”

    এর আগে জুনাইদ আহমেদ পলক ‘সাইবার-সিকিউরিটি সিম্পোজিয়াম: বাংলাদেশ পাথ ফরওয়ার্ড’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে বক্তব্যে তিনি বলেন, “গুজব, অপতথ্য ও বুলিং ছড়িয়েপড়া রোধে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ ডিজিটাল মিডিয়াগুলোকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আন্তর্জাতিক সংস্থাগুলোকে ডিপফেক, সাইবার বুলিং নিয়ে ফেসবুককে জবাবদিহি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বানা জানাচ্ছি।”

    সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি চার্লস হোয়াইটলি।

  • গ্রামীণফোন চালু করল তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট

    গ্রামীণফোন চালু করল তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৬ জুলাই, ২০২৪: গ্রামীণফোন(জিপি) দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিফাই’ চালু করেছে ।

    গতকাল সোমবার (১৫ জুলাই) রাজধানীর এক হোটেলে এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    উদ্বোধনী আয়োজনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, “জিপিফাই আনলিমিটেড বাংলাদেশের ডিজিটাল জগতে একটি পরিবর্তন আনবে। দূরে বসে কাজ করতে, আর্থিক অন্তর্ভুক্তি, অনলাইন শিক্ষা ও টেলিস্বাস্থ্যের ক্ষেত্রে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে।”

    জিপিফাই আনলিমিটেড সেবা নিতে হলে গ্রাহককে প্রথমে লিংকে গিয়ে সেবার জন্য আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে আসা হবে। সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে জিপিফাই সেবা দেওয়া হবে।

    ৩টি ভিন্ন প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিফাই’ দিবে গ্রামীণফোন। ২৫ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজের মূল্য পড়বে ১ হাজার টাকা। এছাড়া ৩০ এমবিপিএস ১ হাজার ৩০০ টাকা ও ৪০ এমবিপিএস ১ হাজার ৯০০ টাকা মূল্য পড়বে এই ইন্টারনেট সেবায়।

     গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকরা চাইলে যেকোনো সময় গ্রাহকদের পছন্দমতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে। এছাড়া প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে জিপিফাই সংযোগ নিতে পারবেন গ্রাহকরা।

    জিপিফাই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি, স্মার্ট ফোন সিসিটিভিসহ ১০ থেকে ৩২টি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে। তবে সংযোগ নেয়ার জন্য দুই ধরনের রাউটার ব্যবহার করতে হবে। এধরনের রাউটারের একটির দাম চার হাজার টাকা, আরেকটির দাম ৭ হাজার টাকা। এই পরিষেবায় গ্রাহকদের শুধু একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানায় জিপি।

    গ্রামীণফোন প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “ইন্টারনেট নারীদের জন্য আশীর্বাদ। ইন্টারনেটের শক্তি কাজে লাগিয়ে ঘরে বসেই আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন গ্রামের মানুষ। দেশের ৯৯ শতাংশ অঞ্চলেই রয়েছে আমাদের নেটওয়ার্ক। গ্রামীণফোনের রয়েছে ৮ কোটি ৫০ লাখ ব্যবহারকারী। আমরা এখন এআই নেটওয়ার্ক ব্যবহার করছি। এটা খরচ বাঁচাতে নয় সেবার মান উন্নয়নে করছি।”

    তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে আধুনিক প্রযুক্তির সহযোগে একটি নিরাপদ ও উপভোগ্য জীবনযাপন শুরু করার এখনই সময়। গ্রামীণফোন ডিজিটালভাবে অন্তর্ভুক্ত একটি সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত ইন্টারনেট সেবা প্রদান করতে জিপিফাই আনার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ দেন।

  • আজ সারাদেশে ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

    আজ সারাদেশে ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৩ জুলাই, ২০২৪: সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ চলছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এর প্রভাব পড়বে দেশের ইন্টারনেট সেবায়। তাই আজ (১৩ জুলাই) সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় থাকতে পারে ধীরগতি। গতকাল শুক্রবার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি।

    তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

    বিএসসিপিএলসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার ৫ হাজার জিবিপিএসের বেশি।

    এর অর্ধেকেরও বেশি প্রায় ২ হাজার ৭০০ জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়।

    বাকি ২ হাজার ৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ সরবরাহ করে বিএসসিপিএলসি। দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ-৪ (সিমিউই-৪) কনসোর্টিয়ামের সদস্য।

    ২০০৬ সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছিল। এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। এটি প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।

    অন্যদিকে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ প্রবেশ করেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১ হাজার ৬০০ জিবিপিএস সরবরাহ করা হয়।

  • ৩৫০ জন এমপি মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করতে পারেন: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    ৩৫০ জন এমপি মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করতে পারেন: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৪ জুলাই, ২০২৪: ৩৫০ জন এমপি মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করতে পারেন, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করার সুযোগ আছে একজন সংসদ সদস্যের। তাই ৩৫০ জন এমপির জন্য যদি একটা প্রশিক্ষণ সেশন আয়োজন করা যায়, তাহলে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যে কাজ করছি, তা আরও সহজ ও দ্রুত হবে। দেখা যাবে, এমপিরা যেখানে যাবেন, মেন্টাল হেলথ নিয়ে কিছু কথা বলবেন। তার নিজেরও সচেতনতা তৈরি হবে, জনগণের মধ্যেও তা ছড়িয়ে যাবে।”

    আজ বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত ‘আইসিটি অ্যান্ড মেন্টাল হেলথ’গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ইউএনডিপি বাংলাদেশ এবং ‘মনের বন্ধু’ এ আলোচনার আয়োজন করে।

    প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আজ দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। আমার নিজের নির্বাচনী এলাকা সিংড়ার একজন আওয়ামী লীগ নেতার ছেলে জুয়ায় আসক্ত হয়ে পড়ে। টাকা হারতে হারতে এতটা ঋণগ্রস্ত হয়েছে যে, সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি তার বাড়িতে গেলাম তার বাবা-মা, স্ত্রী-সন্তানের কান্না, আহাজারি দেখে এলাম। এর জন্য দায়ী কে? অবশ্যই সোশ্যাল মিডিয়া।”

    জুনাইদ আহমেদ পলক বলেন, “ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম আজকের সমাজে প্রধান অপরাধী। তাদের নিজ দায়িত্ব আগে বোঝাতে হবে। তারপর তাদের টেবিলে আনতে হবে। তারা শুধু ব্যবসার জন্য আমাদের শিশু-কিশোর ও তরুণদের বিভ্রান্ত করছে। এটা কখনোই কোনো দায়িত্বশীল সরকার মেনে নিতে পারে না। মানবাধিকার সংস্থাও মেনে নেবে না। তাদের অ্যালগারিদম যেভাবে কাজ করছে, তা স্পষ্ট ক্রাইম। তাদের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে।”

    আলোচনা সভা সঞ্চালনা করেন ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. বুশরা বিনতে আলম, ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শিলা তাসনিম হক, পিটিআইবির প্রোজেক্ট ম্যানেজার রবার্ট স্টোয়েলমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দীন আহমদ প্রমুখ।

  • এআই খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    এআই খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩ জুলাই, ২০২৪: এআই খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই)এই টুলসটির খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। সৃজনশীলতার মাধ্যমে এটি দৈত্যকার হয়ে উঠছে। ভালোভাবে এর ব্যবহার শিখতে হবে। পরিবর্তনের সঙ্গে দ্রুত নিজেদের খাপ খাইয়ে নিতে হবে, সক্ষমতাও অর্জন করতে হবে। এজন্য সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে সরকার সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে।”

    আজ বুধবার (৩ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এ টুলসটির উদ্বোধন ঘোষণা করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ।

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক (এআই) সরকারি জিপিটি প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’ (গভর্নমেন্ট ব্রেইন) উদ্বোধন করা হয়েছে। চ্যাট জিপিটির আদলে তৈরি করা এ প্ল্যাটফর্মটি প্রথমে সংবিধান, বাজেট ও স্টার্টআপ ফিচার নিয়ে তৈরি হয়েছে। পরে ধীরে ধীরে আরও বিভিন্ন ফিচার এতে যুক্ত করা হবে।

    জি-ব্রেইনের পর শিগগির একটি এডিপিজিপিটি তৈরির কাজও শুরু করছে সরকার এবং আগামী সেপ্টেম্বরে এআই আইনের খসড়া তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “দেশের নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরাও যেন এআই শিখতে পারে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থীর জন্য ৪০টি জিপিটি তৈরি করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সাংবাদিকতা সব ক্ষেত্রেই এআই শিখতে হবে।”

    তিনি আরও বলেন, “এআই নিজে কাজ করতে পারে বলে এতে মারাত্মক ঝুঁকিও রয়েছে। ডিপফেক, সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের চাওয়া-পাওয়া, রাগ-ক্ষোভ সব জেনে যাচ্ছে। এই যেমন একজন কোটিপতি অসুস্থ হওয়ার পর তার কোম্পানির শেয়ারের দরপতন ঘটে।”

    দেশের সংবিধান, বাজেট ও স্টার্টআপ-এ তিনটি জিপিটি ফিচার নিয়ে জি-ব্রেইনবিডি.এআই প্ল্যাটফর্মটি যৌথভাবে তৈরি করেছে ওরিয়ন ইনফরমেটিকস ও বাংলাদেশ ইউনিভার্সিটি। ২৫ লাখ টাকার উদ্ভাবনী অনুদানের অর্থে জি-ব্রেইন তৈরি করা হয়েছে।

    জি-ব্রেইনের বৈশিষ্ট্য ও আর্কিটেকচার উপাস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি কাজী জামিল আজহার। তিনি জানান, “এআই অনেকটাই মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। মানুষের ব্রেইন যেভাবে চিন্তা করে, এটাও একইভাবে চিন্তা করতে সক্ষম।”

    কাজী জামিল আজহার আরও বলেন, “কি-ওয়ার্ড সার্চের ক্ষেত্রে ‘ভেক্টর বেইজড’বড় ইস্যু। তাই এআই মানুষের মতো ডিটারমেনিক নয়। তার ফলাফল সবসময় একই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ডাটা সেন্টার থেকে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এআই সেবা পেতে তাদের ডাটার বিপরীতে অর্থ পাঠিয়ে ফলাফল পেতে হয়। এজন্য জাতীয়ভাবে নিজস্ব এআই থাকা দরকার। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”

    ওরিয়ন ইনফরমেটিকস চেয়ারম্যান স্থপতি ইকবাল হাবিব বলেন, “সারা বিশ্ব যখন এআই-কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশও তখন থেমে থাকবে না এটা স্বাভাবিক। আমরাও এআই ব্যবহারে এগিয়ে থাকতে চাই। পরিবর্তনের সময় নিজেদের বদলাতে না পারলে ছিটকে পড়তে হবে। এক্ষেত্রে তিনটি জিপিটি তৈরির মাধ্যমে আমরা প্রমাণ করেছি চ্যাটজিপিটির দিকে চেয়ে আমরা বসে থাকবো না।”

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।

  • ১ জুলাই থেকে কলড্রপের বিরুদ্ধে অ্যাকশনে যাবো: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    ১ জুলাই থেকে কলড্রপের বিরুদ্ধে অ্যাকশনে যাবো: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩০ জুন, ২০২৪: ১ জুলাই থেকে কলড্রপের বিরুদ্ধে অ্যাকশনে যাবো, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “কলড্রপ নিয়ে মোবাইল ফোন গ্রাহকরা অসন্তুষ্ট। বিটিআরসি যেসব পরীক্ষা করেছে, সে প্রতিবেদন অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব একটা সন্তোষজনক নয়। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না। ১ জুলাই থেকে কলড্রপের বিরুদ্ধে অ্যাকশনে যাবো। শহর বা গ্রাম যেখানেই হোক, আমরা মিডিয়ার যে রিপোর্ট, সেগুলো আমলে নেবো এবং সেখানে আমরা ড্রাইভ দেবো।”

    আজ রবিবার(৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের কলড্রপ সংক্রান্ত আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “মোবাইল ফোন এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। অথচ আমরা দেখছি গ্রাহকরা অনেক ক্ষেত্রেই সেবা নিয়ে সন্তুষ্ট নন। আজকের বৈঠকের মূল উদ্দেশ্য মোবাইল ফোন অপারেটরদের সেবার মান নিশ্চিত করা। তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সেবা গ্রাহক পাচ্ছে কি না দেখতে হবে।”

    তিনি বলেন, “আগামী ছয় মাসের মধ্যে কলড্রপ নিয়ে অপারেটরগুলো থেকে যে তথ্য দিক না কেন, যতক্ষণ পর্যন্ত না গ্রাহক এবং সাংবাদিকদের কাছ থেকে একটা উল্লেখযোগ্য চিত্র না পাবো, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র কাগজে-কলমে বা ডিজিটাল উপস্থাপনায় আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হবো না। এটা আপনারা গ্রহণ করেন বা না করেন, আমি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি।”

    তিনি আরও বলেন, “ইন্টারনেটের যে গতি, আপনারা যতই ব্যাখ্যা দেন যে ওকলার এটা ঠিক না বা স্পিড টেস্টিং মেকানিজম অনেক সময় বায়াসড হয়। আমার কথা পরিষ্কার, যেভাবেই হোক আমরা গ্লোবাল বেঞ্চমার্কে উন্নীত হতে চাই। কারণ এটা দেশের ব্র্যান্ডিংয়ের একটা বড় প্রভাব ফেলে।”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “যেহেতু আমরা আরও কঠোর অবস্থানে যাবে, ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা যেন করা হয়। সর্বোচ্চ ক্ষতিপূরণটা আমরা দেওয়ার চেষ্টা করবো, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।”

    এসময় বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদসহ মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৪ জুন, ২০২৪: ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমরা আমাদের প্রায় ৫০ জন ছেলে মেয়েকে এখানে ব্যবহার করবো যারা ইসরো ভিজিট করবে।”

    আজ সোমবার (২৪ জুন) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

    প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “সম্প্রতি ভারত সফরে আমাদের মন্ত্রণালয়ের দুইটি বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে ভিষণ পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতের আছে ‘বিকশিত ভারত-২০৪৭’। তাদের উন্নত, উচ্চ আয়ের দেশ হওয়া। আর প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১, স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হওয়া। এর জন্য কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করবো, সেজন্য একটা ভিশন ডিজিটাল পার্টনারশিপ ডকুমেন্টস, একটা নতুন ধরনের অনেক বড় পরিসরের বড় পরিধির ভিশন সাইন করছি।”

    তিনি আরও বলেন, “আরেকটি বিষয় হচ্ছে, তাদের যে ইসরো আছে- স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা বেশ ভালো করছে এবং চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদেও অবতরণ করেছে। তাদের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমরা আমাদের প্রায় ৫০ জন ছেলে মেয়েকে এখানে ব্যবহার করবো যারা ইসরো ভিজিট করবে। তাদের বিজনেস উইংয়ের সঙ্গে কাজ করবে, গবেষণার কাজ করবে এবং ওদের কিছু স্যাটেলাইটের কনস্ট্রাকশন ডিজাইন আমরা যৌথভাবে করবো এবং সেটা আমরা একসঙ্গে আমরা লঞ্চ করবো। ওটা হবে আর্থ অবজারভেটরি জিও স্পেশাল স্যাটেলাইট। যেটি ৫-৬ বছরের মেয়াদ থাকবে।”

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ২১ ও ২২ জুন রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

  • দেশের ৬টি অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    দেশের ৬টি অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৯ জুন, ২০২৪: আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত।

    আজ রবিবার (০৯ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    সোমবার (১০ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    সোমবার সকাল থেকে মঙ্গলবার (১১ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পরে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পরে।

    মঙ্গলবার সকাল থেকে বুধবার (১২ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পরে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

    আজ রবিবার, সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২৫৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

  • ঢাকাসহ কয়েকটি জেলায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    ঢাকাসহ কয়েকটি জেলায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২ জুন, ২০২৪: বাংলাদেশের রাজধানী ঢাকসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।মিয়ানমারের মাওলাইক এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

    আজ রবিবার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।

    জানা যায়, মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা অনুভূত হয়েছে রাঙামাটি জেলায়। খাগড়াছড়ির দিঘীনালাতেও বেশ অনুভূত হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪২ কিলোমিটার দূরে ছিল বলেও জানা গেছে।

    এর আগে, গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।

    এছাড়া এ বছর আরও অন্তত ৩টি ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে।

    গত ২৮ এপ্রিল (রোববার) বাংলাদেশের রাজশাহী অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়। রাত ৮টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়। ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

    গত ২০ এপ্রিল চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩.৭ মাত্রার ভূমিকম্পটি বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৭ মিনিটে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান ওই সময় জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল পাবনা জেলার আটঘরিয়া।