সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন

Hello Bangla News | সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন
Hello Bangla News | সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন

www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন । আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ।
দীর্ঘ নয় বছর ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর আজ দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোনকল পেয়ে তাকে আটক করা হয়। সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন।

পূর্ববর্তী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমানোর আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
পরবর্তী পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না: সাখাওয়াত হোসেন