এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্বের ভূমিকা রেখেছে: বিএনপি মহাসচিব

www.HelloBangla.News – রাজনীতি – ১২ আগস্ট, ২০২৪: এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্বের ভূমিকা রেখেছে, বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেননি, নেতৃত্বের ভূমিকা রেখেছেন। রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে ত্যাগ স্বীকার করেছে। অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত।”

আজ সোমবার (১২ আগস্ট) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে কবরে জিয়ারত করে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “সব বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন।”

মির্জা ফখরুল বলেন, “প্রতিবিপ্লবের যে আশঙ্কা তার জন্য অত্যন্ত সজাগ থেকে, রাস্তায় থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন, জনগণের কাছে সেই প্রত্যাশা আমার।”

বিএনপি মহাসচিবের বলেন, “আমরা সবাই জানি, আরাফাত রহমান কোকোকে অত্যাচার, নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্যাতনের কারণে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “তিনি (আরাফাত রহমান কোকো) ছিলেন ক্রীড়াবিদ। অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন।”

তিনি বলেন, “আমরা আশা করি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে।”

পূর্ববর্তী বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ
পরবর্তী সাত দিনের মধ্যে অস্ত্র জমা না দিলে অভিযান: সাখাওয়াত হোসেন