Category: রাজনীতি

  • খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিবেন: বিএনপি মহাসচিব

    খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিবেন: বিএনপি মহাসচিব

    www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৪: খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শনিবার দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
    বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু বিচ্ছিন্ন হামলা হয়েছে। সেগুলো সুসংগঠিত (সিস্টেমেটিক) হামলা নয়। এসব হামলা চালিয়ে কিছু মানুষ চলমান পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।
    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শনিবার দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের বা অন্য কোনো দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোয় যখন কোনো পরিবর্তন আসে, কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত, বাংলাদেশের প্রতিটি বিপ্লবে ক্ষমতাসীন দলের নেতারা—তারা হিন্দু বা মুসলমান যে ধর্মের হন না কেন, শিকারে পরিণত হন।’
    দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘তিনি খুবই অসুস্থ। হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না।
    আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয়। কিন্তু সেটি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিককভাবে ফিট থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।’
    বিএনপি মহাসচিব জানিয়েছেন, ‘বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থানে নেই। এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। ’
    তাকে আরো প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। এটির সত্যতা কী? জবাবে ফখরুল বলেছেন, ‘রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। এটি কোনো জবরদস্তি ছিল না… বিপ্লব ছিল। যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল; তার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনী বলেছে তার সামনে দুটি অপশন রয়েছে: এখানে থাকুন মানুষের রোষে পড়ুন। আর নয় দেশ ছাড়ুন। তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।’
    সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ। এসব অভিযোগ পুরোপুরি সত্য নয়। যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয়… বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে… কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশে, দুর্ভাগ্যবশত দায়িত্বে থাকা দলের নেতারা ভিকটিমের শিকার হন। তারা মুসলিম হোক আর হিন্দু হোক।’

  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ আগস্ট, ২০২৪: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
    আজ শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
    শায়রুল বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি সজীব ওয়াজেদ জয়ের

    ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি সজীব ওয়াজেদ জয়ের

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ আগস্ট, ২০২৪: নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। ৯০ দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
    অন্যদিকে রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছেন, বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোন পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি।
    রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেছেন, ” তিনি (শেখ হাসিনা) একটি বিবৃতি দেয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করছিলেন। কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে। তখন আর কোন সময় ছিল না। আমার মা এমনকি ব্যাগ গোছানোর সময়ও পাননি। সংবিধান অনুযায়ী, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।”
    তিনি দাবি করেছেন, ‘সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে ‘ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেকে পারে’ ।
    আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। ওই নির্বাচন তিনমাসের মধ্যে হওয়া উচিত বলে তিনি দাবি করেছেন।
    তিনি বলেছেন, ”আমি নিশ্চিত, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। সেটা না হলেও বিরোধী দল অবশ্যই হবে। যেটাই হোক, ভালো।”
    প্রতিশোধ বা প্রতিহিংসা মূলক হামলা না চালাতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে আহ্বান জানিয়েছেন তাকে সাধুবাদ জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
    জয় বলেন, “আমি খুব খুশী হয়েছি যে, খালেদা জিয়া অতীত ভুলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। অতীতে কী হয়েছে, চলুন তা ভুলে যাই। আমাদের প্রতিহিংসার রাজনীতি গ্রহণ করা উচিত হবে না। যৌথ সরকার হোক আর নাই হোক, আমরা একত্রে কাজ করবো।”
    সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে আরও বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি বিএনপির সাথে একত্রে কাজ করতে আগ্রহী, যাতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
    আন্দোলনকারী শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচারের দাবি তুলেছেন। সেই প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছেন।
    জয় বলেন, ”গ্রেফতারের ভয় কখনোই আমার মাকে নিবৃত করতে পারেনি। আমার মা ভুল কিছু করেননি। সরকারের ভেতরের কিছু লোক বেআইনি কাজ করেছেন, তার মানে এই নয় যে, তিনি সেগুলো করার নির্দেশ দিয়েছেন। তার মানে আমার মা সেগুলোর জন্য দায়ী বলা যাবে না।”
    কিন্তু আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর জন্য কে দায়ী, তা তিনি পরিষ্কার করেনি।
    শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, ”সরকার বিশাল একটা যন্ত্রের মতো। যারা সেজন্য দায়ী, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু আমার মা কাউকে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা করতে বলেননি। পুলিশ সহিংসতা থামাকে চেষ্টা করেছে, তবে কিছু অফিসার অতিরিক্ত বলপ্রয়োগ করেছে ।”
    আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা, জানতে চাওয়া হলে সজীব ওয়াজেদ বলেছেন, ”এই মেয়াদের পরে এমনিতেও আমার মা অবসরে চলে যেতেন। আমার দল যদি চায়, আমি অবশ্যই সেটা বিবেচনা করবো।”
    সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যখন ঠিক মনে করবেন, তখন তিনি বাংলাদেশ ফিরে যাবেন।’
    সজীব ওয়াজেদ জয় আরও বলেন, ”রাজনৈতিক দলগুলো তাদের জায়গাতেই থাকবে। আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থন ছাড়া, বাংলাদেশে স্থিতিশীলতা আনা যাবে না।”
    সূত্র: বিবিসি বাংলা

  • রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগের আহ্বান জামায়াতে ইসলামীর

    রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগের আহ্বান জামায়াতে ইসলামীর

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ আগস্ট, ২০২৪: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    আজ শনিবার (১০ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।
    বিবৃতিতে পরওয়ার বলেন, “আওয়ামী সরকার গত ১৬ বছর যাবৎ দেশের বিচার বিভাগে সুবিধাভোগী, অযোগ্য, অদক্ষ দলীয় লোক বসিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে। বর্তমানে দেশের আদালতগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না।”
    তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন, ন্যায়বিচার, সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আত্মস্বীকৃত শপথবদ্ধ রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের দ্বারা আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। তাই নাগরিকদের ন্যায়বিচার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা এবং দেশের সর্বোচ্চ আদালত যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দলীয় পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।”

  • মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে: খালেদা জিয়া

    মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে: খালেদা জিয়া

    www.HelloBangla.News – রাজনীতি – ৭ আগস্ট, ২০২৪: মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, “ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার ও সাম্যের ভিত্তিতে নির্মাণ করতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ।”

    আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে বেগম জিয়ার বক্তব্য সম্প্রচার করা হয়। নিজ বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খালেদা জিয়া বলেন, “এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বীর সন্তানদের মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত-শত শহীদের জানাই শ্রদ্ধা।”

    তিনি আরও বলেন, “দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায়, আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সে জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

    বিএনপির চেয়ারপরসন বলেন, “সব ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।”

    বিএনপির এ সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা বক্তব্য দেন।

  • আজ বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

    আজ বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (০৭ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে তিনি এই কক্তব্য দিবেন ।

    বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

    সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

  • বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

    বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: বঙ্গবন্ধুর বাড়ি পুড়তে দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো, বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, “বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনোমতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি যেভাবে জ্বলতে-পুড়তে দেখলাম, এটি দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।”

    আজ বুধবার (৭ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন বলেন, “নিশ্চয়ই আওয়ামী লীগ অনেক অন্যায় কাজ করেছে। কিন্তু শেখ মুজিব তো কিছু করেন নাই, সে বাঙালি জাতিকে অনেক সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংসযজ্ঞ ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।”

    ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশকে ধ্বংস থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ দল করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন। আমি চাই এখন থেকে দেশে শান্তি আসুক।”

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে বঙ্গবীর বলেন, “তার (ড. ইউনূস) এক মুহূর্তে প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি-শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এমন হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে বলছি। সবাইকে নিয়ন্ত্রণের মধ্য থাকতে বলছি। ছাত্রবন্ধুদের অভিনন্দন জানিয়ে বলব, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না এটাই আমি আশা করি।”

    বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, “বঙ্গবন্ধু জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই।”

    আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু হবে না জানিয়ে তিনি বলেন, “বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল এটা তার চাইতে বড় বিপর্যয় নয়। কিছুটা সময় তাদের কষ্টে যাবে। কিন্তু এটা একেবারে কেয়ামত হয়ে যাবে না।”

  • মুক্তি দেওয়া হয়েছে খালেদা জিয়াকে

    মুক্তি দেওয়া হয়েছে খালেদা জিয়াকে

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: মুক্তি দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ।

    আজ মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর ৩টার দিকে বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    এছাড়া গত ০১ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

    এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

  • কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বিএনপি: সেতুমন্ত্রী

    কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বিএনপি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৪ জুলাই, ২০২৪: কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বিএনপি, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই। ইতোপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এ কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।“

    আজ রবিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।“

    তিনি বলেন, “কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। অথচ বিএনপি ও তার দোসররা এ আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কোটাবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তব্য-বিবৃতির মাধ্যমে উসকানি দিচ্ছে। সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।“

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারও উসকানিতে পড়ে সরকারবিরোধী বক্তব্য না দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য ও যুক্তি-তর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন। আমরা আশা করি, অচিরেই এ বিষয়ে সমাধান হবে। “

    তিনি আরও বলেন, “দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। কোনো যৌক্তিক দাবিই কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি। আওয়ামী লীগ সব সময় জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাবো, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য।“

  • শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে বিএনপি নতুন আন্দোলন পাঁয়তারা করছে: সেতুমন্ত্রী

    শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে বিএনপি নতুন আন্দোলন পাঁয়তারা করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১১ জুলাই, ২০২৪: শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে বিএনপি নতুন আন্দোলন পাঁয়তারা করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপিসহ কিছু দল আন্দোলনকে সমথর্ন জানিয়েছে। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে নতুন আন্দোলন পাঁয়তারা করছে।”

    আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চায়। তাদের সে খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ। কোটাবিরোধী অরাজনৈতিক এই আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কোনো কোনো অশুভ মহল দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানাই।

    তিনি বলেন, “গত পাঁচ বছরে কোটা না থাকায় নারীরা পিছিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। বৈচিত্র্যময়, সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে কোটার গুরুত্ব রয়েছে। কোটা কোনো বৈষম্য নয়, বরং বৈষম্য নিরসনে কোটা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “কোটা নিয়ে দেশের উচ্চ আদালত চার সপ্তাহের স্থিতাদেশ দিয়েছেন। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, উচ্চ আদালতের বিচারাপ্রক্রিয়া চলমান ও আদালতের নির্দেশনার প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে তথাকথিত বাংলা ব্লকেড কর্মসূচির নামে মানুষের স্বাভাবিক জীবন যাপন আহত করার চেষ্টা চলছে। অন্যদিকে কোনো কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক চরিতার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে।”

    তিনি বলেন, “বিএনপিসহ কয়েকটি দল প্রকাশ্যেই কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েছে। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রকাশ্যে বলেছেন, মুক্তিযোদ্ধা কোটার দরকার নেই। এ থেকে বোঝা যায় বিএনপির মুক্তিযুদ্ধের প্রতি কোনো সম্মানবোধ নেই। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এটা মনে করার আর কোনো কারণ নেই। দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের রক্ষক, আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। আন্দোলনের নামে জনগণের চলাফেরা, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বে-আইনি।”

    এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।