www.HelloBangla.News – রাজনীতি – ১২ আগস্ট, ২০২৪: যারা অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ, বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী, যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদের থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ। দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এ সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।”
আজ সোমবার (১২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধান উপদেষ্টা মতবিনিময় করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, সে মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা আবার বিদেশে বসে গণজাগরণের বিজয়কে নস্যাৎ করার পাঁয়তারা করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে ।”
মির্জা ফখরুল বলেন, “এ দলটি (আওয়ামী লীগ) দেশের এতগুলো ছাত্র-জনতা-শিশু হত্যা করার পরও বিভিন্ন রকম কথা বলছে, যা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। আমরা মনে করি, বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে। সরকার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে কিন্তু কোনো হত্যাকারী দলের সঙ্গে কথা বলবে না। ”
সোমবার বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।
বৈঠকে দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।










