Category: লিড নিউজ

  • শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ

    শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ও রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধী, তার ছেলে ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ।

    আজ সোমবার (১০ জুন) ভারতের নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    এর আগে আজ সোমবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    তার আগে রবিবার (৯ জুন) সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

    শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লির আইটিসি মৌর্য হোটেলে সোমবার সকালে এই সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। বৈঠক দুটির বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। সে দেশের চরম অর্থনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশের সহায়তার জন্য রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। কৃষি খাতে বাংলাদেশের প্রযুক্তি এবং পর্যটন খাতে শ্রীলঙ্কার দক্ষতা ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনার কথাও জানান হাছান।

    এর আগে রবিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এ সময় ৯৬ বছর বয়সী এল কে আদভানির সঙ্গে স্মৃতিচারণ ও ব্যক্তিগত আলাপ করেন।

    এদিন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি এ জন্য প্রয়োজনীয় ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে ইতোমধ্যে ভারতের সঙ্গে আলোচনার কথাও জানান।

    ভুটানের প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রস্তুত থাকার কথা জানিয়ে তার দেশে বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।

    ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে নয়াদিল্লি সফর করছেন প্রধানমন্ত্রী।

    শনিবার (৮ জুন) তিনি দিল্লি পৌঁছান। আজ সোমবার বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে।

  • ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ হবে: রেলপথ মন্ত্রী

    ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ হবে: রেলপথ মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ হবে, বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, “ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ, নারায়ণগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন, নারায়ণগঞ্জ থেকে লাকসাম বা কুমিল্লা পর্যন্ত কার্ডলাইন নির্মাণ করা হবে।”

    আজ সোমবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য আলী আজম।

    রেলপথ মন্ত্রী বলেন, “আগামী ২০৪৫ সাল পর্যন্ত রেলওয়ের মাস্টার প্ল্যানে ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকার ২৩০ প্রকল্প নেওয়া হয়েছে।”

    তিনি বলেন বলেন, “নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন (ওভারহেড ক্যাটেনারি ও সাব-স্টেশন নির্মাণসহ) প্রবর্তনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন শীর্ষক প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠান টুমাস তার্কিশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং কোম্পানির সঙ্গে গত ১৬ জুলাই চুক্তি করা হয়েছে। প্রকল্পটির মাঠ পর্যায়ের কাজ চলমান রয়েছে। জ্বালানি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য বাংলাদেশ রেলওয়েতে সহায়ক শক্তি ইউনিট (এপিইউ) সম্বলিত ৪০টি লোকোমোটিভ বাংলাদেশ রেলওয়েতে সংযুক্ত করা হবে বলে জানান মন্ত্রী।”

    একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে জিল্লুল হাকিম বলেন, “উন্নয়ন সহযোগী সংস্থা নির্ধারিত হলে ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।”

    স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুর ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জিল্লুল হাকিম জানান, “দেশে বাংলাদেশ রেলওয়ের ৬ হাজার ৮৪০ দশমিক ৬১ একর জমি বেদখলে আছে। যার মধ্যে পাকশিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৫ দশমিক ১২ একর, লালমনিরহাটে ১ হাজার ৪৬৮ দশমিক ১০, চট্টগ্রামে ২১৬ দশমিক ৮৯ এবং ঢাকায় ১২০ দশমিক ৫০ একর ভূমি। অবৈধ দখলদারদের নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেদখলকৃত রেলভূমি দখলমুক্ত করে টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হচ্ছে।”

    স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীনের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, ৩৫০টি মিটারগেজ ও ৩০০ ব্রড গেজ কোচ এবং একশ মিটারগেজ ও ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ সংগ্রহ প্রক্রিয়াধীন আছে।

    সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে জিল্লুল হাকিম জানান, বাংলাদেশ রেলওয়ের ৩০৬ ইঞ্জিনের মধ্যে ১৬১টি মেয়াদোত্তীর্ণ। বাকি ২৩৩টি ইঞ্জিন সচল রয়েছে।

  • শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন

    শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এখন দিল্লিতে অবস্থান করছেন।

    আজ সোমবার (১০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

    ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে রবিবার (৯ জুন) রাতে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদী ও এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

    রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সঙ্গে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

    হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে।

    মানুষে মানুষে সংযোগ বাড়াতে যোগাযোগ অবকাঠামো উন্নয়নসহ উভয় দেশের আরও উন্নতিকল্পে আমাদের একযোগে কাজ করে যেতে হবে বলেন পররাষ্ট্রমন্ত্রী।

    এর আগে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ১৮তম নির্বাচনে ৫৪৩ আসনের ২৯৩টিতে বিজয়ী এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদীর পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যতম শীর্ষ বিশ্বনেতা হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৮ জুন) বিকেলে দিল্লি পৌঁছান।

  • দলের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে কোন প্রকার আলোকসজ্জা হবে না: সেতুমন্ত্রী

    দলের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে কোন প্রকার আলোকসজ্জা হবে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ জুন, ২০২৪: দলের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে কোন প্রকার আলোকসজ্জা হবে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমাদের আজকের মিটিং দলের প্লাটিনাম জয়ন্তী নিয়ে। এ উপলক্ষেই আমরা এ সভা ডেকেছি। সবাই এসে আলাপ-আলোচনা করেছেন। তবে আমরা সাজসজ্জা, আলোকসজ্জা করবো না। আমাদের নেত্রীর নির্দেশ যে, এ কঠিন সময় আলোকসজ্জা বিষয়টা বাদ দেওয়ার জন্য।”

    আজ সোমবার (১০ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা সারা দেশে ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত ৭৫ বছরের উৎসব উদযাপন করবো। এটিকে সর্বাঙ্গীণ সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব ও মেয়র সাহেবদের ডেকেছি। তারাও কথা বলেছেন। একটি সর্বাঙ্গীণ সুন্দর অনুষ্ঠানমালা দেশের জনগণকে দিতে আমরা প্রস্তুত হচ্ছি।”

    সেতুমন্ত্রী বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ২১ তারিখ বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত র‌্যালি করবো। আর ২৩ তারিখ সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জয়ন্তীর শুভ উদ্বোধন করবেন আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এরপর বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে। সেই আলোচনার শুরুতে ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া বিচ্ছিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান হবে। ধানমন্ডির এমপি বলেছেন রবীন্দ্র সরোবরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। উত্তরের মেয়র সাহেব বলেছেন, তিনিও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন হাতিরঝিলে। তারপরে পুরান ঢাকায় নৌকাবাইচ হবে। আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেনে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করবো। এছাড়া ঢাকার সড়কে একটি সাইকেল র‌্যালি হবে। ওই সময় কোরবানির ঈদ থাকলেও আমাদের আয়োজনে কোনো ত্রুটি থাকবে না। আমাদের নেতাকর্মীরা সজাগ। অনেকে হয়তো বাড়ি যাবেন না। আয়োজনে অংশগ্রহণ করবেন।”

    দেশের বাইরে প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো অনুষ্ঠান করা হবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এখন সময় আমাদের হাতে খুব কম। তবে আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানাবো। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমরা আমন্ত্রণ জানাবো। এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ-পক্ষ সেটা আমরা দেখবো না। রাজনৈতিক হিসেবে নিবন্ধিত সব দলকে আমরা আমন্ত্রণ জানাবো।”

    সেতুমন্ত্রী বলেন, “রবিবার আমাদের মূল আলোচনা ছিল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্লাটিনাম জয়ন্তী। এটি নিয়ে একটি শব্দও নাই পত্রিকায়। আপনারা (সাংবাদিক) চলে গেলেন আজিজ আর বেনজিরের বিষয়ে। এটা হওয়া উচিত নয়। আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা (সাংবাদিক) ওখানে আজিজ আর বেনজীরকে বার বার ঢুকিয়ে দেন। এটা তো প্রথম না। আমি কিছু বললেই ওই দুইজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতায় পরদিন পাই না। খুব দুর্ভাগ্যজনক।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “আমাদের সাংবাদিকতায় অনেক প্রতিভাবান ছেলে-মেয়েরা কাজ করেন। পত্রিকা-মিডিয়ার কর্তৃত্ব তাদের হাতে। তারপরও যা দেখবে, যা শুনবে সেটাই তো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম, কর্তব্য। এখন আমার মূল বিষয় থেকে আপনি (সাংবাদিক) এক হাজার মাইল দূরে চলে যান। এটা তো ঠিক নয়।”

    এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দলের কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • এনআইডি কার্ড ব্যবস্থাপনায় সেবা গ্রহীতাকে যেন হয়রানি না করা হয়: সিইসি

    এনআইডি কার্ড ব্যবস্থাপনায় সেবা গ্রহীতাকে যেন হয়রানি না করা হয়: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: এনআইডি কার্ড ব্যবস্থাপনায় সেবা গ্রহীতাকে যেন হয়রানি না করা হয়, বলে জানিযেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “এনআইডি ব্যবস্থাপনা অনেক জটিল। আমি সেটা বুঝি না। তবে জনগণ এলে তাকে সেবা দিতে যেন দেরি না হয়। আমি সরকারি কর্মচারী। যেন হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে।”

    আজ সোমবার (১০ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এনআইডি সংশোধন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন৷

    নির্বাচন কমিশন (ইসি) সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে ইটিআই মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

    সিইসি বলেন, “জাতীয় পর্যায়ে এনআইডির গুরুত্ব এখন অপরিসীম। আমাদের ভোটার তালিকাও এই প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাইজ হয়ে গেছে। এনআইডি এখনো শতভাগ সেটেলড ডাউন হয়েছে এটা আমার কাছে মনে হয় না। অনেকে কমপ্লেইন করেন, যে পরিবর্তন, সংশোধন করতে হবে। আবার সংশোধনের কিছু কিছু ক্ষেত্রে যারা আবেদনকারী তাদের কারণে ভুল হয়ে থাকে৷ আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্যগুলো আমি যখন লিখছি, তখন সঠিকভাবে লিখছি না। কিছু সংকট আমাদের রয়েছে।”

    তিনি বলেন, “বিয়ের পরে অনেকের স্বামীর নাম পরিবর্তন করতে হয়। কোনো কোনো দেশে এটা অপরিহার্য হিসেবে প্রয়োজন হয়। তাই স্বামীর নামটা অরিজিনালি থাকা উচিত। তাহলে বিড়ম্বনা হবে না।”

    সিইসি বলেন, “আমি জানি স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না। তবে অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয়৷ আমার হয়তো অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না, কিন্তু বস্তিতে থাকেন, ঘন ঘন অস্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হয়, তাহলে কী এনআইডি সংশোধন করতে পারবো, সে দিকটাও দেখতে হবে।”

    বেওয়ারিস মরদেহ শনাক্তকরণ, ব্যাংক ও আর্থিক খাতে এনআইডির ব্যবহার হচ্ছে৷ এটা আধুনিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিয়ে এসেছে বলেও জানান তিনি।

    হাবিবুল আউয়াল বলেন, “প্রায়ই শুনি এ ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে এনআইডি নিয়েছে৷ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে৷ অনেকে বাবার নাম পরিবর্তন করে চাচার নাম নিয়ে সহায় সম্পত্তি দখল করে ফেলছে। গভীরভাবে চিন্তাভাবনা করে কোনো একটি উপায় বের করতে হবে যাতে এ ধরনের ঘটনা না ঘটে।

    তিনি বলেন, “কেউ যদি ১০ টা দেশের নাগরিক হন এবং বাংলাদেশের নাগরিক হন তাহলে তিনি এনআইডি পাবেন৷ দ্বৈত নাগরিকত্বের অযুহাতে কাউকে এনআইডি দেওয়া থেকে বাদ রাখা যাবে না। যদি সে কোনোভাবে বাংলাদেশের নাগরিক হন, সনদের প্রয়োজন নেই তাকে এনআইডি দিতে হবে।”

  • অঞ্জন’স এর এবারের ঈদের পোশাক

    অঞ্জন’স এর এবারের ঈদের পোশাক

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ জুন, ২০২৪: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। এই আনন্দের দিনটিকে উৎযাপনের জন্য সারাবছর ধরে সবাই প্রতীক্ষায় থাকে। সবচেয়ে বড় উৎসবের এই দিনটিকে আরও বেশি উৎসব মুখর ও আনন্দময় করতে অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন ২০২৪। সব বয়সীদের জন্য এই আয়োজন সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক রয়েছে।

    এবারের ঈদ কালেকশনে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ওড়না, টপস ও বিভিন্ন ধরনের জুয়েলারী, ছেলেদের জন্য পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টিশার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার কামিজ ও ফ্রক।

    শাড়িঃ রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ে শাড়ি গুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রীনপ্রিন্ট ও এম্ব্রয়ডারী করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়ি গুলোতে অলওভার এম্ব্রয়ডারী ও কারচুপি করা হয়েছে।

    সালোয়ার কামিজ ওড়নাঃ কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ডুপিয়ান সহ বিভিন্ন কাপড়ে মেয়েদের সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ ও শট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। কামিজ ও টপস গুলোতে সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রীন প্রিন্ট, এম্ব্রয়ডারী ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার কামিজ পাওয়া যাবে ঈদ আয়োজনে।

    পাঞ্জাবিঃ সাদা, লাল, মেরুন, কালো, ব্লু, গ্রীন সহ বিভিন্ন রঙের পাঞ্জাবি থাকছে এবারের ঈদ কালেকশনে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, ভয়েল সহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এম্ব্রয়ডারী, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রীন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ও ভারী কটন কাপড়ের কটি ও কটন কাপড়ে ফুল স্লিভ ও হাফস্লিভ শাট ও ফতুয়া রয়েছে ঈদ কালেকশনে।

    জুয়েলারীঃ সিলভার ও মেটাল দিয়ে তৈরী নিজস্ব ডিজাইনে নেকলেস, কানের দুল, নাকফুল, চুড়ি সহ বিভিন্ন ধরনের জুয়েলারী করা হয়েছে এবারের ঈদ কালেকশনে।

    প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য একই রঙের গ্রুপ পোশাক। অঞ্জন’স এর সকল আউটলেট ও অনলাইন স্টোরে (www.anjans.com) ঈদ কালেকশনগুলো পাওয়া যাচ্ছে।

  • ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ছাড়িয়েছে ৩৭ হাজার

    ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যু ছাড়িয়েছে ৩৭ হাজার

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ জুন, ২০২৪: গত ৮ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা।এই বর্বর হামালার ধারাবাহিকতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও ২৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও ৮৪ হাজারের বেশি ফিলিস্তিনি। আজ সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    জানা গেছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনের সংখ্যা কমপক্ষে ৩৭ হাজার ৮৪ জন । নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। রবিবার অবরুদ্ধ এই উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে আটটি গণহত্যা চালিয়েছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় ২৮৩ জন শহীদ এবং আরও ৮১৪ জন আহত হয়েছেন।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ইসরায়েল দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে। বর্বর ওই হামলায় আরও ৬৯৮ জন আহত হয়েছে, যার মধ্যে গুরুতর আহতরাও রয়েছেন।

    শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলা চালিয়ে চার বন্দিকে উদ্ধার করেছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘অনেক সংখ্যক ভুক্তভোগী মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ক্রুরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

    মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

  • বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে

    বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: দেশের রাষ্ট্রীয় গণপরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের বাস যাতায়াত সহজ করতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’চালু করেছে । ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত এই ঈদ স্পেশাল সার্ভিসের আওতায় যাত্রী পরিবহন করা হবে ।

    এই ৬ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে।

    রবিবার (৯ জুন) বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) শুকদেব ঢালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে স্পেশাল বাস সার্ভিস চালু করা হচ্ছে। ঈদ উপলক্ষে আগামী ১৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে। ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট আজ সোমবার (১০ জুন) সকাল থেকে বিক্রি শুরু হবে। আমাদের বাস চলবে ১৮ জুন পর্যন্ত।

    তিনি আরও বলেন, ঢাকা থেকে যাত্রার ক্ষেত্রে মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে টিকিট বিক্রি করা হবে।

    বিআরটিসির তথ্য মতে, মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, ঢাকা-ঠাকুরগাঁও, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-নওগাঁ, ঢাকা-কুষ্টিয়া, ঢাকা-বরিশাল, ঢাকা-গোপালগঞ্জ, ঢাকা-জয়পুরহাট, ঢাকা-জামালপুর, ঢাকা-কলমাকান্দা রুট; কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রাজশাহী, ঢাকা-নওগাঁ, ঢাকা-নেত্রকোনা, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-ঠাকুরগাঁও, ঢাকা-বরিশাল, ঢাকা-গোপালগঞ্জ, ঢাকা-গাইবান্ধা, ঢাকা-বগুড়া, ঢাকা-রংপুর, ঢাকা-লালমনিরহাট, ঢাকা-কুড়িগ্রাম, ঢাকা-কুষ্টিয়া, ঢাকা-নাগরপুর, ঢাকা-পাটুরিয়া, ঢাকা-নালিতাবাড়ী রুট; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, ঢাকা-ভাটিয়াপাড়া, ঢাকা-পাটুরিয়া রুট।

    জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, ঢাকা-দিনাজপুর, ঢাকা-নওগাঁ, ঢাকা-ময়মনসিংহ, সিবিএস-২ (গুলিস্তান)-বরিশাল, ঢাকা-বগুড়া রুট।

    মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-ঠাকুরগাঁও, ঢাকা-রংপুর, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-স্বরূপকাঠি, ঢাকা-গোপালগঞ্জ, ঢাকা-বগুড়া রুট।

    মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, ঢাকা-দিনাজপুর, ঢাকা-লালমনিরহাট, ঢাকা-বগুড়া, ঢাকা-নওগাঁ, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা, ঢাকা-গোপালগঞ্জ, ঢাকা-ময়মনসিংহ রুট।

    গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে গাজীপুর-খুলনা, গাজীপুর-বরিশাল, গাজীপুর-রংপুর, গাজীপুর-বগুড়া, ঢাকা-ময়মনসিংহ রুট।

    যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, ঢাকা-দিনাজপুর, ঢাকা-খুলনা, ঢাকা-কুড়িগ্রাম, ঢাকা-ভাঙ্গা (ফরিদপুর), ঢাকা-বরিশাল রুট।

    নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-ভাঙ্গা (ফরিদপুর), ঢাকা-বরিশাল, ঢাকা-হবিগঞ্জ, ঢাকা-রংপুর, ঢাকা-লালমনিরহাট, ঢাকা-নওগাঁ, ঢাকা-নেত্রকোণা, ঢাকা-বগুড়া রুট।”

  • সর্বজনীন পেনশন স্কিমে জমা হয়েছে ৮৬ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা

    সর্বজনীন পেনশন স্কিমে জমা হয়েছে ৮৬ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ১০ জুন, ২০২৪: গত বছরের আগস্টে শুরু হয় সর্বজনীন পেনশন স্কিম। ইতিমধ্যে জনকল্যাণকর এই কর্মসূচিতে ব্যাপক সাড়া  পরিলক্ষিত হয়। শুরুর ১০ মাসের মাথায় সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সাবস্ক্রিপশন বাবত মোট ৮৬ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জমা হয়েছে।

    ইতোমধ্যে নিবন্ধনকারীদের অর্থ হতে সরকারি ট্রেজারি বন্ডে ৬২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

    আজ সোমবার (১০ জুন) অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগর সিনিয়র সহকারী সচিব(জাতীয় পেনশন কর্তৃপক্ষে সংযুক্ত) মোঃ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বয়স্ক জনগোষ্ঠীর একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৭ আগস্ট ২০২৩ তারিখ প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর হতেই জনকল্যাণকর এ কর্মসূচিতে মানুষের উল্লেখযোগ্য আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ফলশ্রুতিতে, সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ১০ মাসে ৩ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

    বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিমে নিবন্ধনের সুবিধা চালু রয়েছে। এ চারটি স্কিমে যথাক্রমে সমতা স্কিমে ২ লাখ ২৪ হাজার ১৬৪, প্রগতি স্কিমে ২১ হাজার ২৯৪, সুরক্ষা স্কিমে ৫৬ হাজার ৯১৯ এবং প্রবাস স্কিমে ৭৯৯ জন নিবন্ধিত হয়ে সর্বমোট ৩ লাখ ০৩ হাজার ১৭৬ জন মাসিক সাবস্ক্রিপশন প্রদান করছেন। সাবস্ক্রিপশন বাবত মোট ৮৬ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জমা হয়েছে। ইতোমধ্যে নিবন্ধনকারীদের অর্থ হতে সরকারি ট্রেজারি বন্ডে ৬২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সর্বজনীন পেনশন কার্যক্রমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (UDC) উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সর্বজনীন পেনশন কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। প্রবাস স্কিমে নিবন্ধন প্রত্যাশিত পরিমাণে আনয়নের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস সমূহের কূটনৈতিক শাখা ও শ্রম উইং শাখার সাথে অনলাইনে সভা করে প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রবাস স্কিমে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টির জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক বিপুল সংখ্যক তথ্যবহুল ফ্লায়ার বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে প্রেরণ করা হয়েছে।

    বর্তমানে ২টি সরকারি ও ২টি বেসরকারি ব্যাংক এবং একটি মোবাইল ফাইনান্সিং সেবাদাতা প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনসহ মাসিক জমা আদায়ে সম্পৃক্ত আছে। এর আওতা আরো বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে, যার ফলে আরো ৪টি সরকারি ও ৪টি বেসরকারি ব্যাংক ও ১টি মোবাইল ফাইনান্সিং সেবাদাতা প্রতিষ্ঠান খুব শীঘ্রই এ কার্যক্রমের সাথে যুক্ত হবে। এতে করে নিবন্ধন ও মাসিক জমা পরিশোধ সেবা জনগণের জন্য অধিকতর সহজলভ্য হবে। এ প্রক্রিয়ায় সর্বজনীন পেনশন স্কিমে জনগণের অংশগ্রহণের হার আরো দ্রুততর হবে, যা প্রধানমন্ত্রীর এ বিশেষ জনকল্যাণকর কর্মসূচির সফল বাস্তবায়নে সহায়ক হবে।

    উল্লেখ্য, ইতোমধ্যে ৮৭টি এনজিও প্রগতি স্কিমে নিবন্ধিত হয়ে তাদের কর্মচারীদের অনুকূলে সাবস্ক্রিপশন প্রদান করছে। ৫ম স্কিম হিসেবে ‘প্রত্যয়’ নামে নতুন স্কিম চালু করা হচ্ছে যা সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারী যারা ১ জুলাই ২০২৪ থেকে উল্লিখিত প্রতিষ্ঠানে নতুন যোগদান করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

    জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণকে আগ্রহী করতে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, সুশিল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে মাঠ প্রশাসনকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ হতে উদ্যোগ নেয়া হয়েছে।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সভাপতি করে জাতীয় পর্যায়ে ‘সর্বজনীন পেনশন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। মাঠ পর্যায়ে সর্বজনীন পেনশন কার্যক্রমকে মনিটরিং ও সমন্বয়ের লক্ষ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও বাস্তবায়ন ও সমন্বয় কমিটি গঠন করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীন নির্দেশনা প্রধান করা হয়েছে। সে অনুযায়ী বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালার আয়োজন করে সকল শ্রেনী-পেশার জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে গত ১৯ এপ্রিল রাজশাহীতে এবং ৫ মে রংপুর বিভাগে বিভাগীয় পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং জেলা পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

  • কোরবানির পশুর হাটে যাতে ডেঙ্গুর লার্ভার উৎস না হয়: মেয়র তাপস

    কোরবানির পশুর হাটে যাতে ডেঙ্গুর লার্ভার উৎস না হয়: মেয়র তাপস

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: কোরবানির পশুর হাটে যাতে ডেঙ্গুর লার্ভার উৎস না হয়, বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।তিনি বলেন, “বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে যাতে না থাকে, সেটি খেয়াল রাখতে হবে। এবারের কোরবানির পশুর হাটে যাতে ডেঙ্গুর লার্ভার উৎস না হয়, সেজন্য নিয়ন্ত্রণ সেল চালু হচ্ছে। ম্যাজিস্ট্রেট রেগুলার মনিটরিং করবে। অব্যবস্থাপনার কারণে সেখানে লার্ভা সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রায় ২৫০ পরিচ্ছন্নতাকর্মী এবং মশক কর্মী এ অভিযানে অংশ নিচ্ছে।”

    আজ সোমবার (১০ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ‘বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরুনি অভিযান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

    মেয়র তাপস বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পহেলা জুলাই থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। যেখানে সিটি করপোরেশন এলাকার সব ওয়ার্ডের তথ্য পাওয়া যাবে। সবাইকে ডেঙ্গু রোগী এবং লার্ভার উৎসের তথ্য দেওয়ার অনুরোধ রইল। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও থানাসহ সব প্রতিষ্ঠানে এ চিরুনি অভিযান আগামী ৫ মাস চলবে। পরবর্তীতে মশা নিধনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। শুধু সিটি করপোরেশন নয়, ডেঙ্গু নিধনে সবার সহযোগিতা প্রয়োজন।”

    তিনি আরও জানান, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে সর্বোচ্চ রোগী আসে। এডিস মশার কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ অভিযানের মাধ্যমে করে এডিস মশার লার্ভার উৎসগুলো ধ্বংস করা হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই। প্রাথমিক পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব হাসপাতালগুলোতে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।”

    এসময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, যে কোনো রোগের ক্ষেত্রে আগে যদি প্রতিরোধ করা যায়, তাহলে খরচ কম হয় এবং কষ্ট কম হয়। ডেঙ্গুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তাই কেউ যাতে ডেঙ্গু রোগে আক্রান্ত না হয়, সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আজকের এই কার্যক্রম।

    এসময় আরও উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ রতন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাচ্চুসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।