www.HelloBangla.News – রাজনীতি – ১০ জুন, ২০২৪: দলের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে কোন প্রকার আলোকসজ্জা হবে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমাদের আজকের মিটিং দলের প্লাটিনাম জয়ন্তী নিয়ে। এ উপলক্ষেই আমরা এ সভা ডেকেছি। সবাই এসে আলাপ-আলোচনা করেছেন। তবে আমরা সাজসজ্জা, আলোকসজ্জা করবো না। আমাদের নেত্রীর নির্দেশ যে, এ কঠিন সময় আলোকসজ্জা বিষয়টা বাদ দেওয়ার জন্য।”
আজ সোমবার (১০ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা সারা দেশে ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত ৭৫ বছরের উৎসব উদযাপন করবো। এটিকে সর্বাঙ্গীণ সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব ও মেয়র সাহেবদের ডেকেছি। তারাও কথা বলেছেন। একটি সর্বাঙ্গীণ সুন্দর অনুষ্ঠানমালা দেশের জনগণকে দিতে আমরা প্রস্তুত হচ্ছি।”
সেতুমন্ত্রী বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ২১ তারিখ বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত র্যালি করবো। আর ২৩ তারিখ সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জয়ন্তীর শুভ উদ্বোধন করবেন আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এরপর বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে। সেই আলোচনার শুরুতে ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া বিচ্ছিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান হবে। ধানমন্ডির এমপি বলেছেন রবীন্দ্র সরোবরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। উত্তরের মেয়র সাহেব বলেছেন, তিনিও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন হাতিরঝিলে। তারপরে পুরান ঢাকায় নৌকাবাইচ হবে। আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেনে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করবো। এছাড়া ঢাকার সড়কে একটি সাইকেল র্যালি হবে। ওই সময় কোরবানির ঈদ থাকলেও আমাদের আয়োজনে কোনো ত্রুটি থাকবে না। আমাদের নেতাকর্মীরা সজাগ। অনেকে হয়তো বাড়ি যাবেন না। আয়োজনে অংশগ্রহণ করবেন।”
দেশের বাইরে প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো অনুষ্ঠান করা হবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এখন সময় আমাদের হাতে খুব কম। তবে আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানাবো। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমরা আমন্ত্রণ জানাবো। এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ-পক্ষ সেটা আমরা দেখবো না। রাজনৈতিক হিসেবে নিবন্ধিত সব দলকে আমরা আমন্ত্রণ জানাবো।”
সেতুমন্ত্রী বলেন, “রবিবার আমাদের মূল আলোচনা ছিল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্লাটিনাম জয়ন্তী। এটি নিয়ে একটি শব্দও নাই পত্রিকায়। আপনারা (সাংবাদিক) চলে গেলেন আজিজ আর বেনজিরের বিষয়ে। এটা হওয়া উচিত নয়। আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা (সাংবাদিক) ওখানে আজিজ আর বেনজীরকে বার বার ঢুকিয়ে দেন। এটা তো প্রথম না। আমি কিছু বললেই ওই দুইজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতায় পরদিন পাই না। খুব দুর্ভাগ্যজনক।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “আমাদের সাংবাদিকতায় অনেক প্রতিভাবান ছেলে-মেয়েরা কাজ করেন। পত্রিকা-মিডিয়ার কর্তৃত্ব তাদের হাতে। তারপরও যা দেখবে, যা শুনবে সেটাই তো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম, কর্তব্য। এখন আমার মূল বিষয় থেকে আপনি (সাংবাদিক) এক হাজার মাইল দূরে চলে যান। এটা তো ঠিক নয়।”
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দলের কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।










