Category: লিড নিউজ

  • ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে: মেয়র তাপস

    ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে: মেয়র তাপস

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে, বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।”

    আজ বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।

    মেয়র তাপস বলেন, “৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।”

    মেয়র বলেন, “জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, বিচারপতিরাসহ ভিআইপিরা ঈদের নামাজ আদায় করবেন। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টিতে যেন নামাজের বিঘ্ন না ঘটে সে ব্যবস্থাও রাখা হয়েছে। মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। জাতীয় ঈদগাহ মাঠ ঈদের জামাতের জন্য ১৬ জুন সম্পূর্ণ প্রস্তুত হবে।”

    কোরবানির পশুর হাটের বিষয়ে মেয়র তাপস বলেন, “ঈদ উপলক্ষ্যে যে কোরবানি করা হয়, সারাদেশ থেকে কোরবানির পশু রাজধানীতে বিক্রির জন্য আনা হয়। এ কারণে পশুর হাট দিনে দিনে বৃদ্ধি করতে হচ্ছে। প্রতিটি হাটে আমাদের অভিযোগ কেন্দ্র রয়েছে। মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছে। কোরবানির ঈদের আগের দিন থেকে তিনদিন সিটি কর্পোরেশনের সব কর্মকর্তাকে কেন্দ্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। তারা তদারকি করবেন।”

    তিনি বলেন, “আমরা আশাবাদী স্বাচ্ছন্দ্যে পশুর হাটগুলো পরিচালিত হবে এবং রাজধানীবাসী নিরাপদে পশু কিনতে পারবেন। কেউ বিড়ম্বনায় পড়বেন না। তারপরও কেউ কোনো অসুবিধার সম্মুখীন হলে হাটগুলোতে থাকা আমাদের নিয়ন্ত্রণ কক্ষগুলো ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

  • বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

    বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, এটা সুনির্দিষ্ট গবেষণার ফল, বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে।”

    আজ বুধবার (১২ জুন) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

    দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা। বাংলাদেশে যেকোনো সময় ঘূর্ণিঝড় হতে পারে। সারা বছরের ২৪ ঘণ্টাই দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ থাকে। দুর্যোগ বলতে শুধুই বন্যা নয়, আগুন লাগতে পারে, পাহাড় ধ্বংস হতে পারে। তাই অবকাঠামো গুলো দুর্যোগ সহনীয় করে গড়ে তুলতে হবে।”

    তিনি বলেন, “ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা যদি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে সমস্ত জাতিকে দুর্যোগের বিষয়ে সচেতন করে তুলতে হবে। বিশেষ করে আমাদের ভয়ের কারণ ভূমিকম্প। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকার অন্তর্ভুক্ত। যে কোন সময় বাংলাদেশে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। এতে ২০ শতাংশ বিল্ডিং কোলাপস হয়ে যেতে পারে। ঢাকা শহরে লক্ষ লক্ষ লোট আটকা পরতে পারে। অনেক লোকের মৃত্যুর সম্ভাবনাও রয়েছে। আমরা এসব বিষয়ে আমরা কাজ করছি।”

    বজ্রপাত বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বজ্রপাত বিষয়ে আমরা কাজ করছি। বজ্রপাত বিষয়ে ১৩০০ কোটি টাকার একটি প্রজেক্ট প্লানিং কমিশনে জমা দেয়া আছে। আশা করি এটা পাশ হলে বজ্রপাত নিয়ন্ত্রণে আনতে পারবো।”

    বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

  • অস্ট্রেলিয়া ৯ উেইকেটে হারিয়েছে নামিবিয়াকে

    অস্ট্রেলিয়া ৯ উেইকেটে হারিয়েছে নামিবিয়াকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ জুন, ২০২৪: বর্তমান ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট সেটা আরেকবার প্রমাণ করলো। ৭২ রানে অলআউট হয়ে যাওয়া নামিবিয়াকে হারিয়েছে ৯ উইকেটে। জয়ের জন্য অস্ট্রেলিয়া খেলেছে মাত্র ৩৪ বল।

    আজ বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়াকে মাত্র ৭২ রানে অলআউট করে দিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে বোলিং নিলে অসি বোলারদের দাপটে ক্রিজে টিকতে পারেনি নামিবিয়ানরা।

    ছোট পুঁজির সামনে আগ্রাসী মেজাজেই খেলেছে অস্ট্রেলিয়া। নেমেছেন তিন ব্যাটার। প্রত্যেকেই ব্যাট করেছেন ২০০ বা তার বেশি স্ট্রাইকরেটে। ডেভিড ওয়ার্নার করেছেন ৮ বলে ২০। তার স্ট্রাইকরেট ২৫০। ডেভিড উইসার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন তিনি। এরপর বাকি কাজ সেরেছেন ট্রাভিস হেড এবং অধিনায়ক মিচেল মার্শ। হেড করেছেন ১৭ বলে ৩৪, আর মার্শের ৯ বলে এসেছে ১৮ রান। দুজনেরই স্ট্রাইকরেট ২০০।

    নামিবিয়ার বোলারদের ওপর কেমন ঝড় গিয়েছে, তা টের পাওয়া যায় বোলারদের ইকোনমিতে চোখ রাখলে। অধিনায়ক গেরহার্ড এরাসমাস এক ওভারে দিয়েছেন ৬ রান। সেটাই সর্বনিম্ন। ডেভিড উইসা এক ওভারে দিয়েছেন ১৫ রান। বেন সিকোঙ্গো দিয়েছেন ১৯ রান। রুবেন ট্রাম্পেলম্যানের ২ ওভারে এসেছে ১৯ রান। সবমিলিয়ে, নামিবিয়ার জন্য রাতটা বিভীষিকারই ছিল।

    এর আগে ব্যাট হাতেও সুবিধা করতে পারেনি নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড এরাসমাস একা চালিয়েছেন লড়াই। সঙ্গী হিসেবে কাউকেই পাননি পুরোটা সময় জুড়ে। পুরো দল যখন অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের সামনে খাবি খেয়েছে, তখন নামিবিয়া অধিনায়ক খেলেলেন একা হাতেই। ৪৩ বলে ৪ চার এবং ১ ছক্কা হাঁকিয়ে করেছেন ৩৬ রান। নবম উইকেটের যখন পতন হয়, তখন দলীয় সংগ্রহের অর্ধেকটাই ছিল এরাসমাসের।

    শেষ উইকেটে নামিবিয়া আর কোনো রানই যোগ করতে পারেনি। ৭২ রানেই থামে তাদের ইনিংস। অ্যাডাম জাম্পার ৪ আর জশ হ্যাজেলউড-মার্কাস স্টয়নিসের জোড়া উইকেট শিকারের দিনে অস্ট্রেলিয়ার কাছে রীতিমত নাস্তানাবুদ আফ্রিকান দেশটি। পুরো দলের হয়ে এদিন এরাসমাসের বাইরে ডাবল ডিজিটে গিয়েছেন কেবল ওপেনার মিচেল ভ্যান লিনগেন। ১০ বলে করেছেন ১০ রান।

    শুরুর ধ্বংসযজ্ঞ চালিয়েছেন প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড। হ্যাজেলউডের শিকার লিনগেন এবং নিকোলাস ডেভিস। আর জেই ফ্রাইলিংকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ১৫ রানেই নেই তিন উইকেট। নামিবিয়ার বিপর্যয়ের আভাস মিলেছিল তখনই। এরপরই তাতে যোগ দেন অ্যাডাম জাম্পা। নাথান এলিস এক উইকেট নিয়েছেন বটে, তবে জাম্পা একাই নাস্তানাবুদ করেছেন নামিবিয়ার মিডল অর্ডার।

    নবম উইকেটে এরাসমাস আর ব্রাসেল মিলে যোগ করেছেন ২৯ রান। এটাই নামিবিয়ার স্কোর টেনে নিয়ে গেল ৭২ পর্যন্ত। যদিও তাতে ব্রাসেলের অবদান মোটে ২ রান। চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ও্যাডাম জাম্পা।

    অ্যাডাম জাম্পা ১২ রান খরচায় একাই নেন ৪ উইকেট। এর ফলে প্রথম পুরুষ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই লেগস্পিনার।

    বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও নেপালের খেলা পরিত্যক্ত

    শ্রীলঙ্কার জন্য ছিল বাঁচামরার ম্যাচ। অপরদিকে নেপালও মুখিয়ে বিশ্বকাপের প্রথম জয়ের জন্য। কারা স্বপ্নই পূরণ হতে দিলো না বৃষ্টি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বজ্রসহ বৃষ্টিপাতের কারণে একটি বলও মাঠে গড়াতে পারলো না। অবশেষে বাধ্য হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।

    পয়েন্ট ভাগাভাগির কারণে সুপার এইটে ওঠার দৌড় থেকে বলতে ছিটকে গেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে এই ম্যাচটি লঙ্কানদের অবশ্যই জিততে হতো।

    পাকিস্তান হারিয়েছে কানাডাকে

    বিশ্বকাপের সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্বল কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। টানা দুই ম্যাচ হারের পর এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ছিল না বাবর-রিজওয়ানদের সামনে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় দুর্দান্ত পারফরম্যান্স করে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

    মঙ্গলবার (১১ জুন) রাতের খেলায় আগে ব্যাট করে পাকিস্তানকে ১০৭ রানের সহজ লক্ষ্য দেয় কানাডা। জবাব দিতে ৭ উইকেট এবং বল ১৫ হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান। এতে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল বাবর-আমিররা।

    ভারত ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে রাতের খেলা

    আজকের রাতের খেলায় মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। খেলাটি নিউইয়র্কে শরু হবে রাত ৮ টা ৩০ মিনিটে।

  • সুদ হার বাজারের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় ছিল না: সিপিডি

    সুদ হার বাজারের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় ছিল না: সিপিডি

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ জুন, ২০২৪: সুদ হার বাজারের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায়ও ছিল না, বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, “সুদহার বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে; যদিও সুদ হার বাজারের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায়ও ছিল না। আবার সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার ফলে সুদের হার আরও বাড়বে। এতে সরকারের ঋণের বোঝা আরও বাড়বে।”

    আজ বুধবার (১২ জুন) গুলশানে হোটেল লেকশোরে ‘বাজেট সংলাপ ২০২৪’-এ মূল প্রবন্ধে ড. ফাহমিদা খাতুন এ সব কথা বলেন।

    ফাহমিদা খাতুন বলেন, “প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। যা মোট ঘাটতির ৫৩ দশমিক ৭১ শতাংশ।”

    তিনি বলেন, “প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এরপর বেসরকারি বিনিয়োগ লক্ষ্যও ঠিক করা হয়েছে। কিন্তু সরকার ব্যাংক থেকে টাকা নেওয়ার ফলে বেসরকারি খাতের জন্য ঋণের জায়গা ছোট হয়ে যাবে। বেসরকারি খাত ঋণ পাবে না। এতে বেসরকারি খাতে বিনিয়োগ ব্যহত হবে। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না।”

    অনুষ্ঠানে বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, “বেসরকারি খাতের উদ্যোক্তারা সচরাচর বাজেট নিয়ে কথা বলেন। এবার তারা একটু নার্ভাস। ব্যাংক থেকে সরকার ঋণ নিয়ে গেলে তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। তারা চিন্তিত ব্যাংক থেকে সরকার টাকা তুলে নিয়ে গেলে তারা কিভাবে ব্যবসা চালিয়ে যাবে।”

  • বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা দেখার জন্য সার্ভিলেন্স টিম আছে: ডিএমপি

    বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা দেখার জন্য সার্ভিলেন্স টিম আছে: ডিএমপি

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা দেখর জন্য সার্ভিলেন্স টিম আছে, বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান। তিনি বলেন, “প্রতিটি বাস টার্মিনালে সার্ভিলেন্স টিম আছে। সার্ভিলেন্স টিম কিন্তু বিভিন্ন সংস্থার সমন্বয়ে হয়। সেখানে পুলিশের প্রতিনিধি, বিআরটিএ-এর প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন। ভাড়ার তালিকা অনুযায়ী তা আদায় হচ্ছে কিনা, ভাড়া দুই থেকে তিনগুণ বেশি আদায় করা হচ্ছে কিনা অথবা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা, এগুলো দেখভালের জন্য কিন্তু সার্ভিলেন্স টিম আছে।”

    আজ বুধবার (১২ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন জানিয়েছেন তিনি।

    মুনিবুর রহমান বলেন, “ঈদের ছুটি শুরুর আগে বিশেষ করে এক থেকে দুই দিন আগে সড়কে চাপ বাড়ে। তখন অধিকাংশ শ্রমিকরা ঢাকা ছাড়ে। তাদের মধ্যে সব থেকে বেশি থাকেন পোশাক শ্রমিকরা। তারও ঈদের এক থেকে দুই দিন আগে বাড়িতে যেতে চান। আর ঈদযাত্রার ট্রিপ নিয়ে যেসব গাড়ি ঢাকা ছেড়ে যায় তারা আবার সঠিক সময়ে ফিরে আসতে পারে না। আর এই সুযোগটা নেয় লোকাল বাসগুলো। শ্রমিকরা অনেকটা জোর-জবরদস্তি করে এসব লোকাল বাসে করে গ্রামে যায়।”

    তিনি বলেন, “বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি তদারকির জন্য সার্ভিলেন্স টিমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকে। অযাচিতভাবে ভাড়া আদায় করা হয় এমন কোনো অভিযোগ এলে সেখানে কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। বাড়তি ভাড়া নিয়ে যদি নিয়মের ব্যত্যয় ঘটানো হয় তবে সার্ভিলেন্স টিম আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোনো পরিবহন ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    লোকাল বাসগুলো যাত্রী নিয়ে ঈদের সময় ঢাকার বাইরে যায় এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে বলেন, “অনেক সময় তাদের আটকানো যায় না। কিন্তু আটকানো না গেলেও আমরা তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারব। পরে যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। আমরা যদি তাদের রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করতে পারি আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাও নিতে পারব।”

  • বার্ডস আই এর ঈদের শার্ট

    বার্ডস আই এর ঈদের শার্ট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১২ জুন, ২০২৪: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের শোরুমে এনেছে বিভিন্ন মোটিফের পোশাক। তবে তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নিত্য নতুন ডিজাইনের ফ্যাশনেবল শার্ট। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে, তরুণদের পোশাকই এখানে বেশি রাখা হয়।

    এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি শার্ট ।

    আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা  শোরুম  শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।

    https://www.facebook.com/Birdseyefashionbd?mibextid=2JQ9oc

  • ব্রিকস জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে: দীপু মনি

    ব্রিকস জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে: দীপু মনি

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: ব্রিকসে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে, বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “ব্রিকস দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে এবং ব্রিকসের জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে।

    রাশিয়ার নিজনি নভগোরোডে ১০-১১ জুন ব্রিকসের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের দ্বিতীয় দিনে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ সভাপতিত্ব করেন। এতে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যোগ দেয়। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক ওয়াহিদা আহমেদও প্রতিনিধিদলে অংশ ছিলেন।

    আজ বুধবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ গত দেড় দশকে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। প্রধানত কৃষিভিত্তিক দেশ থেকে বাংলাদেশ কীভাবে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন, কীভাবে জলবায়ু পরিবর্তন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ দেশের প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে।

    বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি আমন্ত্রিত দেশ এবং ১০টি ব্রিকস সদস্য দেশ দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেয়। ব্রিকস একটি নতুন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থার সূচনা করবে এবং সংস্থার সম্প্রসারণে আরও গতি পাবে এই আশা নিয়ে বৈঠকটি শেষ হয়।

    ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ১ জুন বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর হজে যাওয়ার তারিখ আগে চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে মস্কোতে সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পাঠানো হয়।

    অনেক দিন ধরে ব্রিকসে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ব্রিকসের দক্ষিণ আফ্রিকা সম্মেলনে বাংলাদেশ জোটটিতে যুক্ত হচ্ছে এমন খবর চাউর হয়। তবে শেষ অবধি ব্রিকসে যুক্ত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ।

    জানা গেছে, আপাতত নতুন সদস্য নিতে রাজি নয় ব্রিকস। তবে অংশীদার রাষ্ট্র যুক্ত করতে চায় ব্রিকস। যার ফলে ব্রিকসে বাংলাদেশের যুক্ত হতে আরও অপেক্ষা বেড়েছে।

    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—প্রাথমিকভাবে এই পাঁচ দেশ ব্রিকস গঠন করেছিল।

  • ভারতের জম্মু ও কাশ্মিরের সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা

    ভারতের জম্মু ও কাশ্মিরের সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ জুন, ২০২৪: বিচ্ছিন্নতাবাদীরা ভারতের জম্মু ও কাশ্মিরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে । সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার (১২ জুন) ভোরে ওই ঘাঁটিতে হামলা হয়। আজ দুপুরেও সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছে পুলিশ।

    এ ব্যাপারে এক বিবৃতিতে পুলিশ বলেছে, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে।”

    জানা গেছে এর আগে গত রাতে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

    গোলাগুলির প্রাথমিক অবস্থায় দুই সেনা আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

    এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।

    জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

    তিনি সাংবাদিকদের বলেছেন, “ওই এলাকায় এখনো (সকাল ১১টায়)গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।”

  • রান্না: কাটা মসলায় গরুর মাংস

    রান্না: কাটা মসলায় গরুর মাংস

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১২ জুন, ২০২৪: সামনে ঈদ। আর এই ইদ মানেই মাংস দিয়ে তৈরি হবে বিভিন্ন মজাদার রান্না। তেমনি একটি রান্না হচ্ছে ‘কাটা মসলায় গরুর মাংস’। আজ দেওয়া হলো এই রান্নার রেসিপি।

    Culinary Artist - Kaniz Fatema Ruma
    Culinary Artist – Kaniz Fatema Ruma

    উপকরণ:

    গরুর মাংস-১ কেজি, তেল-হাফ কাপ, পেয়াজ কুচি-১কাপ, আদা কুচি-২টেবল চামচ, রসুন কুচি-১টেবল চামচ, শুকনা মরিচ দুই তিন টুকরা করা-৫/৬টি, গোল মরিচ-১টেবল চামচ, এলাচ-৩টা, দাড়চিনি-২/৩ টুকরা, তেজপাতা ১ টা, ধনে গুড়া-২চা চামচ, লবন- স্বাদ মত, টক দৈ-১/৪ কাপ।

    প্রণালী:

    সব উপকরণ মাংসের সাথে ভালো মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে আধা ঘন্টার মত। এরপর মাংস চুলায় দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বলক আসলে কম আঁচে গোশ রান্না করে নিতে হবে। গোশ সিদ্ধ হয়ে তেল উপরে উঠে এলে গোশ নামিয়ে পরিবেশন করতে হবে রুটি পরোটা বা পোলাও এর সাথে।

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • করোনাকালে বাচ্চাদের হাতে স্মার্টফোন দিয়ে আমরা সর্বনাশ করেছি: জাফর ইকবাল

    করোনাকালে বাচ্চাদের হাতে স্মার্টফোন দিয়ে আমরা সর্বনাশ করেছি: জাফর ইকবাল

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জুন, ২০২৪: করোনাকালে বাচ্চাদের হাতে স্মার্টফোন দিয়ে আমরা সর্বনাশ করেছি, বলে জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, “করোনাকালে কী সর্বনাশ যে হয়েছে, সেটা খুব ভালো করে জানি। এখন সবাই বলছেন সর্বনাশ! বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না। অথচ করোনাকালে সবার হাতে একটা স্মার্টফোন তুলে দিয়েছি আমরা। সে স্মার্টফোন আর হাত থেকে নামেনি। এখনো আছে তাদের হাতে। সেটা দিয়ে কাজের কাজ কী হচ্ছে, সেটা আমি জানি না। এটা দিয়ে আমরা সর্বনাশ করেছি।”

    আজ মঙ্গলবার (১১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান।

    ফেল করা শিক্ষার্থীদের কোনো দোষ-ত্রুটি নয় উল্লেখ করে ড. জাফর ইকবাল বলেন, “যারা আজ এখানে এসেছে, তাদের কোনো দোষ নেই। অথচ তাদের পেছনে একটা সিল দিয়ে দেওয়া হয়েছে যে, এরা পাস করতে পারেনি। এটা কিছু হলো? আমি শিক্ষক, লেখাপড়ার বিষয়ে সব জানি। তোমাদের পাঠ্যবইয়েও আমার নাম আছে দেখবে। অনেক বই লেখার সঙ্গে আমি জড়িত। এখনো কোনো বই লেখা নিয়ে কাজ করি। আমাদের দেশের লেখাপড়ার সমস্যাটা কী, তা খুবই ভালো করে জানি।”

    শ্রেণিকক্ষের চেয়ে বাইরে শিক্ষার উপাদান বেশি জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতাম। শিক্ষার্থীদের বলতাম- ক্লাসে আমরা যেটুকু তোমাদের শেখাই, সেটা হলো পাঁচ শতাংশ। বাকি ৯৫ শতাংশ তোমাদের আশপাশ দেখে জীবনের জন্য শিখতে হবে। তাহলে তুমি সত্যিকারের শিক্ষার্থী হবে। তোমরা ফেল করেছো মানে ওই ৫ শতাংশে আটকা পড়েছো। বাকি ৯৫ শতাংশে তোমরা আটকা পড়োনি।”

    শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমরা মন খারাপ করো না। আমাদের দেশের পড়াশোনার সিস্টেমটা ভালো না। এটা খুবই ভালো করে আমি জানি। কেউ যখন সাকসেসফুল বা সাফল্যের কথা বলে, সেটা আসলে সে পরীক্ষাটা ভালো দিয়েছে। আর কিচ্ছু না। কেউ পরীক্ষাটা ভালো দেয়, কেউ খারাপ দেয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। সেটার অনেক কারণ তো আমরা খুঁজেও দেখি না।”

    অবসরপ্রাপ্ত এ অধ্যাপক বলেন, “এবার আমাদের দেশে তিন লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। অথচ পৃথিবীতে এমন দেশও আছে, যেখানে তিন লাখ মানুষও নেই। তিন লাখ শিশুকে বলা হয়েছে যে, তোমরা পরীক্ষায় পাস করোনি। আমরা চাই, এ তিন লাখ শিশু যেন আবার পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয়।”

    মুহম্মদ জাফর ইকবাল বলেন, “আমি লিখে দিতে পারি, তোমরা যদি আবার পরীক্ষা দাও, নিশ্চয় উত্তীর্ণ হবে। কারণ পাস না করার কোনো কারণ নেই। আমাদের দেশে ফেল করতে হলে কষ্ট করতে হয়। পরীক্ষায় ফেল করাটা এত সহজ নয়। তোমরা যারা ফেল করেছো, নিশ্চয় কোনো না কোনো কারণ ঘটে গেছে। কারণ না ঘটলে তোমরা ফেল করবে না।”

    ফেসবুক-ইনস্টাগ্রামের ব্যবহার ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, “আমি ফেসবুকের খুব বিরোধী। কারণ একটাই মাত্র জীবন। এটাকে তো নষ্ট করা যাবে না। আমি যদি বসে বসে একটা স্ক্রিনে তাকিয়ে দুনিয়া দেখি, সেটা কিছু হলো কি না? দুনিয়া কত সুন্দর, সেটা নিজের চোখ দিয়ে দেখবো নাকি শুধু স্ক্রিনে যতটুকু দেখাবে সেটা দেখবো?’

    শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে জাফর ইকবাল বলেন, “পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে ডাকা হয়, আমি সবখানেই যাই। আমার কাজই হলো যারা পুরস্কার পান না, তাদের সান্ত্বনা দেওয়া। তাদের বোঝাই যে, দেখো আমিও জীবনে পুরস্কার পাইনি। পুরস্কার না পেলেও কিচ্ছু আসে যায় না। পুরস্কার পাওয়ার চেয়ে পুরস্কার দেওয়ার মধ্যে আনন্দ বেশি। আমি অনেক বেশি পুরস্কার দিয়েছি।”

    অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সকালের অধিবেশনে অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, কথাসাহিত্যিক আনিসুল হক, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সংগীতশিল্পী রাহুল আনন্দ, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত প্রমুখ।