শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন

Hasina invites Modi to visit Bangladesh - National - 10 June 2024
Hasina invites Modi to visit Bangladesh - National - 10 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এখন দিল্লিতে অবস্থান করছেন।

আজ সোমবার (১০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে রবিবার (৯ জুন) রাতে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদী ও এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সঙ্গে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে।

মানুষে মানুষে সংযোগ বাড়াতে যোগাযোগ অবকাঠামো উন্নয়নসহ উভয় দেশের আরও উন্নতিকল্পে আমাদের একযোগে কাজ করে যেতে হবে বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ১৮তম নির্বাচনে ৫৪৩ আসনের ২৯৩টিতে বিজয়ী এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদীর পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যতম শীর্ষ বিশ্বনেতা হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৮ জুন) বিকেলে দিল্লি পৌঁছান।

পূর্ববর্তী দলের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে কোন প্রকার আলোকসজ্জা হবে না: সেতুমন্ত্রী
পরবর্তী ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ হবে: রেলপথ মন্ত্রী