Category: লিড নিউজ

  • পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত

    পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রাতের খেলায় পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত। এই পরাজয়ের ফলে ভারতের সুপার এইট পর্বে খেলা অনেকটাই নিশ্চিত হলেও পাকিস্তানের জন্য তা হয়ে পড়েছে কঠিন। কেননা পাকিস্তান প্রথম খেলায় সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত ১১৯ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। ফলে জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারত জয় পেয়েছে ৬ রানের ব্যবধানে।

    ১২০ বলে ১২০ রানের জয়ের লক্ষে পাকিস্তান খেলছিল বেশ বুঝেশুনেই। কোনো তাড়াহুড়ো ছিল না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। তৃতীয় ওভারে রিজওয়ানকে সাজঘরে ফেরানোর ফন্দি এঁটেছিলেন বুমরাহ। কিন্তু শিভাম দুবে ক্যাচ মিস করায় হতাশই হতে হয় তাকে। যদিও পঞ্চম ওভারে বাবরকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ডানহাতি এই পেসারই। লেংথ ডেলিভারিটি খেলা নিয়ে প্রথমে দ্বিধায় ছিলেন বাবর। শেষ পর্যন্ত খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। স্লিপ ঝাঁপিয়ে পড়ে তার ক্যাচ নেন সূর্যকুমার যাদব। ১০ বলে ২ চারে ১৩ রান করে সাজঘরে ফিরে যান পাক অধিনায়ক।

    রিজওয়ানের সঙ্গে থিতু হওয়া উসমান খানকে ফেরাতে ১১তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতকে। নিজের প্রথম বলেই উসমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অক্ষর প্যাটেল। আম্পায়ার আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় ভারত। ১৩ রান করা উসমানের জায়গায় এসে ফখর জামানও আউট হন ১৩ রানে। দেখে মনে হয়েছিল দ্রুত ম্যাচ শেষ করার জন্য নেমেছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফিরতে হলো ৮ বলে ১ চার ও ১ ছক্কা মেরে।

    রিজওয়ান যতক্ষণ ছিলেন, ততক্ষণ পর্যন্ত ম্যাচ ছিল পাকিস্তানের হাতেই। কিন্তু রানের চেয়ে বেশি ডট খেলে দলের ওপর চাপ বাড়িয়েই যাচ্ছিলেন এই ওপেনার। শেষ পর্যন্ত তার ইতি ঘটে অদ্ভুত এক শটে। ১৫তম ওভারে বুমরাহর হালকা ওপরের লেংথের ডেলিভারি বুঝে ওঠার আগেই ক্রস ব্যাট চালান তিনি। কিন্তু বল ব্যাটে লাগাতে না পেরে উল্টো হারিয়ে ফেলেন নিজের স্টাম্প। ৪৪ বলে ১ চার ও ১ ছক্কায় তার ৩৩ রানের ইনিংসটি জন্ম দেবে অনেক প্রশ্নের।

    সেই ওভারে মাত্র ৩ রান দেন বুমরাহ। এরপর দ্রুতই শাদাব খানকে সাজঘরে ফেরান পান্ডিয়া। ১৯তম ওভারে বুমরাহ আসেন নিজের শেষ ওভারটি করতে। সেখানেও ৩ রান খরচ করেন তিনি। শিকার করেন ইফতিখারকেও। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য ১৮ রান দরকার ছিল পাকিস্তানের,হাতে ৪ উইকেট। কিন্তু অর্শদীপ সিং প্রথম বলেই তুলে নেন ইমাদ ওয়াসিমের উইকেট (১৫)। এরপর নাসিম শাহর কাছে দুটি চার হজম করলেও পুরো ওভারে ১১ রানের বেশি দেননি বাঁহাতি এই পেসার।

    এমন হারের পর কান্নায় ভেঙে পড়েন নাসিম। বুমরাহর মতো আজ নায়ক হয়ে উঠতে পারতেন তিনিও। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত বিফলে যায় তার দারুণ বোলিং ফিগারটি।

    বিশ্বকাপের গত আসরে এই পাকিস্তানের বিপক্ষেই ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলেছিলেন কোহলি। কিন্তু এবার তাকে খোলস ছেড়ে বের হতে দেননি নাসিম। তার প্রথম বলে কোহলি চার মারলেও তৃতীয় বলে সাজঘরে ফেরেন উসমান খানকে ক্যাচ দিয়ে। অফ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন ৪ রান করা এই ব্যাটার। পরের ওভারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (১৩) নিজের শিকারে পরিণত করেন শাহিন শাহ আফ্রিদি।

    দুই ওপেনারকে হারানোর পরও পাওয়ার প্লের ৬ ওভারে ৫০ রান তুলে ফেলে ভারত। ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেলের ব্যাটে চাপে কাটিয়ে ওঠার আভাস দিয়েছিলেন তারা। কিন্তু  অষ্টম ওভারে নাসিমকে তেড়ে মারতে গিয়ে উল্টো নিজের স্টাম্প হারিয়ে ফেলেন অক্ষর। ১৮ বলে ২০ রান আসে তার ব্যাট থেকে। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। সর্বোচ্চ রান করা ঋষভকে শেষ পর্যন্ত নত স্বীকার করতে হয় আমিরের কাছে। ৩১ বল খেলে ৬ চারে ৪২ রান করেন ভারতীয় উইকেটরক্ষক।

    ইনিংসের এক ওভার বাকি থাকতেই নিজেদের সবকটি উইকেট হারিয়ে ফেলে ভারত। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নাসিম ও রউফ। এছাড়া আমির দুটি ও শাহিনের শিকার একটি উইকেট। পেসারদের এমন জ্বলে ওঠার দিনেও পাকিস্তানকে হতাশায় ডোবালেন ব্যাটাররা। এই হারে সুপার এইটে যাওয়ার সমীকরণ আরও জটিল হয়ে গেল তাদের জন্য। কেননা দুই ম্যাচ খেলে এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। সমান ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে আছে ভারত। একই পয়েন্ট যুক্তরাষ্ট্রেরও। বাকি দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই সুপার এইটে খেলবে স্বাগতিকরা।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ১১৯/১০ (ঋষভ ৪২, অক্ষর ২০; নাসিম ৩/২১, রউফ ৩/২৩, আমির ২/২৩)

    পাকিস্তান: ১১৩/৭ (রিজওয়ান ৩১, ইমাদ ১৫, বাবর ১৩; বুমরাহ ৩/১৪, পান্ডিয়া ২/২৪)

    ফল: ভারত ৬ রানে জয়ী। ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ।

    দিনের অপর খেলায় স্কটল্যান্ড হারিয়েছে ওমানকে

    ওমানের বোলারদের উপর দিয়ে ভয়াবহ তাণ্ডবলীলা চালালেন স্কটল্যান্ডের ব্যাটাররা। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড জয় তুলে নিয়েছে মাত্র ১৩.১ ওভারে। ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতে অস্ট্রেলিয়াকে টপকে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা।

     আজ বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

    বিশ্বকাপে বাংলাদেশ প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে অল্প রান তাড়া করতে গিয়েও হারিয়েছে ৮ উেইকেট। বাংলাদেশ জয় পায় ২ উইকেটে। এদিকে দক্ষিণ আফ্রিকার দুই খেলায় জয় পেলেও সুনামের সঙ্গে খেলতে পারেনি।তাই আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ফেবারিট হলেও বাংলাদেশের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায়না। আজ সোমবার (১০ জুন) নিউেইয়র্কে রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই দুই দেশের গুরুত্বপূর্ণ খেলাটি।

  • কাস্টার্ড: ফ্রুট কাস্টার্ড

    কাস্টার্ড: ফ্রুট কাস্টার্ড

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ জুন, ২০২৪: ফল ও বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এখন তৈরি হচ্ছে মাজাদার সব খাবার। এই খাবার গুলোর মধ্যে অন্যতম ফ্রুট কাস্টার্ড। আজ দেওয়া হলো এই খাবারের রেসিপি। আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন ফ্রুট কাস্টার্ড।

    Culinary artist-Mohsina Afrin
    Culinary artist-Mohsina Afrin

    উপকরণ:

    দুধ-দেড় লিটার, চিনি-চার টেবিল চামচ, কাস্টার্ড পাউডার-তিন টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স-দুই/তিন ফোটা, ডিমের কুসুম দুইটি, আপেল একটি, নাশপাতি একটি, লাল আঙ্গুর ছয় সাত পিস, সাদা আঙ্গুর-৬/৭ পিস, আম-একটি, ডালিম একটি।

    প্রস্তুত প্রণালী

    প্রথমে একটি মাঝারি সাইজের পাতিলে দুধ গরম করতে হবে। দুধ হালকা ঘন হওয়া শুরু করলে চিনি দিয়ে দিতে হবে। পরবর্তীতে দুধ কুসুম গরম থাকা অবস্থায় একটি ছোট বাটিতে দুই চা চামচ দুধ নিয়ে কাস্টার্ড পাউডার মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এ সময় ডিমের কুসুমের অংশটিও মেশাতে হবে। দুধ মোটামুটি ঠান্ডা হলে এতে ভ্যানিলা এসেন্স দিতে হবে। কাস্টার্ড পাউডার মেশানো দুধের অংশটি অল্প করে মূল পাতিল ঢালতে হবে এবং সাথে সাথে নাড়তে হবে। কাস্টার্ড পাউডার মেশানো পেস্ট দেওয়া শেষ হলে দুধ আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে। এ সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, হালকা আঁচে রান্না করতে হবে এবং নিয়মিত নাড়তে হবে। প্রস্তুত প্রণালীর এই পর্যায়ে আপেল, আঙ্গুর, কলা, ডালিম, নাশপাতি, আম এবং মৌসুমী ফল ছোট ছোট করে টিউব আকারে কাটতে হবে। কাস্টার্ডের দুধের মধ্যে সবগুলো ফল একে একে ঢেলে করে দিতে হবে। পরিবেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য চেরি ফল, কিসমিস ব্যবহার করা যেতে পারে। কাস্টার্ড ঠান্ডা করে খেলেই সবচেয়ে বেশি ভালো লাগে তাই ২ ঘন্টা সময়ের মতো ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় আপনার পছন্দমত পাত্রে পরিবেশন করুন।

    রেসিপি দিয়েছেন: মোহসিনা আফ্রিন

  • প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন

    প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে আজ সোমবার (১০ জুন) সন্ধ্যায় নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন ।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

    এরআগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশন থেকে রওনা দেয়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (পূর্ব) জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা।

    রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি একান্তে বৈঠক করেন।

    বৈঠকে শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার ভারতীয় সমকক্ষকে অভিনন্দন জানান এবং তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে দুই নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী দিনগুলোতে আরো দৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

    এদিন টানা তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা।

    শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিশেলস-এর শীর্ষ নেতারাও মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ  দেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পরে একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন।

    এছাড়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আজ সকালে তাঁর আবাসস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পরে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং এর প্রাক্তন বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।

    এর আগে রোববার সকালে শেখ হাসিনা বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানির সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে দেখা করেন এবং কুশল বিনিময় করেন।

    পরে বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার বাংলাদেশের প্রতিপক্ষকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।

    মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রাটিক এলায়েন্স ২৯৩টি আসন নিয়ে সাধারণ নির্বাচনে জিতেছে এবং ভারতের বিরোধী দল ২৩৪টি আসন পেয়েছে।

    সূত্র: বাসস

  • প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার সাংবাদিকবান্ধব: তথ্য  প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার সাংবাদিকবান্ধব: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের বিস্তৃতি ও স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষায় বিশ্বাস করেন। গত ১৫ বছরে গণমাধ্যমের যেমন বিস্তৃতি ঘটেছে তেমনি সাংবাদিকদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্ট গঠন প্রমাণ করে তার নেতৃত্বাধীন সরকার সাংবাদিকবান্ধব”।

    আজ রবিবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৩০তম সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

    সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে নিয়মিতভাবে দুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিকদের এবং মৃত সাংবাদিকদের পরিবারের অনুকূলে কল্যাণ অনুদান দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের তৃতীয় ও শেষ পর্যায়ে ২ কোটি ৮ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি প্রদান কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। এ কার্যক্রম সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”

    ট্রাস্ট থেকে কল্যাণ অনুদান প্রদানে সাংবাদিকদের বাছাইয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও পেশাদারত্ব নিশ্চিত করার কথাও এ সময় পুনর্ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. হুমাযুন কবীর খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সুভাষ চন্দ্র (বাদল), প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ও ট্রাস্টি বোর্ড সদস্য জাফর ওয়াজেদ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার ও ট্রাস্টি বোর্ড সদস্য মো. শাহেনুর মিয়া, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ সাদেকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও ট্রাস্টি বোর্ড সদস্য দীপ আজাদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক ও ট্রাস্টি বোর্ড সদস্য কাশেম হুমায়ুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য সোহেল হায়দার চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও ট্রাস্টি বোর্ড সদস্য কলিম সরওয়ার সভায় উপস্থিত ছিলেন।

  • সারা দেশে ১৭ হাজার ৭১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

    সারা দেশে ১৭ হাজার ৭১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: সারা দেশে ১৭ হাজার ৭১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে, বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।তিনি বলেন, “ইতোমধ্যে ১৭ হাজার ৭১০ জন ভিক্ষুককে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। এছাড়া ঢাকা শহরে ভিক্ষারত অবস্থায় আটক ভিক্ষুকদের সরকারি আশ্রয়কেন্দ্রে রেখে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় উপকরণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

    আজ রবিবার (৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগমের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সমাজকল্যাণমন্ত্রী এ কথা জানান।

    এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। রবিবার প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

    সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ঢাকা শহরে জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল এ রূপ ঠিকানাবিহীন কত লোক বসবাস করে তার সঠিক পরিসংখ্যান নেই। নদী ভাঙন, অতি দারিদ্র্য, রোগ, ব্যাধি, অশিক্ষা প্রভৃতি কারণে কিছু লোক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হচ্ছেন। যাদের প্রকৃতপক্ষে সাহায্যের দরকার আছে। তবে কিছু কিছু কর্মবিমুখ লোক সহজ আয়ের পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন। এর পাশাপাশি কিছু দুষ্টচক্র নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অসহায় মানুষদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছেন।”

    তিনি আরও বলেন, “ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তি সমাধানে সরকার ২০১০-১১ অর্থবছর থেকে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে সারা দেশে ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে।”

    সমাজকল্যাণমন্ত্রী বলেন, “সারা দেশে ভিক্ষুকদের ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা হবে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসন উপখাতে ৬৪ জেলায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ অনুদান দেওয়ার পরিকল্পনা আছে।”

  • আগামী ১৯ জুন থেকে ব্যাংক লেনদেনের সময়সূচি বাড়ছে

    আগামী ১৯ জুন থেকে ব্যাংক লেনদেনের সময়সূচি বাড়ছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৯ জুন, ২০২৪: সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।

    নতুন নিয়মে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

    এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

    আজ (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

  • প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন

    প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

    আজ রবিবার (৯ জুন) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া এ অনুষ্ঠানে ৮ হাজার জনের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা যাবে। এছাড়াও নেতারা রাষ্ট্রপতি শ্রীমতি আয়োজিত ভোজসভায় যোগ নেবেন।

    শপথ অনুষ্ঠানকে চিহ্নিত করে, অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি ভবনে এবং বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিল্লিকে একটি বহু-স্তর কড়া নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রায় দেড় ঘণ্টা আকাশে ওড়ার পর গতকাল সকাল ১১টা ৫১ মিনিটে (স্থানীয় সময়) পালাম এয়ার ফোর্স স্টেশন, ভিভিআইপি বিমানবন্দরে অবতরণ করে।

    পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান স্বাগত জানান।

    নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।

    পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

    শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দেন।

    সোমবার বিকেল ৫টায় (নয়া দিল্লির সময়) ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে এবং ওই দিন রাত ৮টায় (বিডি সময়) ঢাকা পৌঁছার কথা রয়েছে।

    এর আগে বুধবার টেলিফোনে আলাপের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান এবং শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।

    মোদি ৯ জুন শপথ নিতে চলেছেন। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত ১৮ তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসন জিতেছে এবং নির্বাচনে বিরোধী ইন্ডিয়া ব্লক ২৩৪টি আসন পেয়েছে।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানো প্রথম বিদেশী নেতাদের অন্যতম। যা দুই নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা  প্রতিফলিত করে।

    এর আগে শেখ হাসিনা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।

    এতে তিনি বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে আপনি ভারতের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতীক।’

    ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসারে শেখ হাসিনা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র বিজয়ের জন্য মোদিকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।

    নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনার উষ্ণ শুভেচ্ছার জন্য মোদি তাকে ধন্যবাদ জানান।

    মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে।’

    এক্স-এ শেয়ার করা এক বার্তায় মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণকেন্দ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করতে তিনি একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

    দুই নেতা বিকশিত ভারত ২০৪৭ এবং স্মার্ট বাংলাদেশ ২০৪১ অর্জনের লক্ষ্যে নবায়নকৃত ম্যান্ডেটের আওতায় ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ককে আরও গভীর করার জন্য একসাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

    সূত্র: বাসস

  • বিএনপির লুটপাটের রাজত্ব থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

    বিএনপির লুটপাটের রাজত্ব থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৯ জুন, ২০২৪: বিএনপির লুটপাটের রাজত্ব থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বাজেটটা করা হয়েছে রাঘব-বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।বিএনপি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুটপাট করে কেউ এখানে পার পাবে না। নিজের লোকদের শায়েস্তা করার সাহস বিএনপি নেই।”

    আজ রবিবার (৯ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় তিনি এসব কথা বলেন। ‘দুর্বৃত্তদের সুযোগ দিতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপির সময়ের অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছেন। তাহলে তারাও কি দুর্বৃত্ত?”

    বিএনপির সময়ে লুটপাটকারীদের বিচার হয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না, সে যেই হোক।”

    দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। প্রতিরোধ করতে হবে। রাজপথে প্রস্তুত থাকতে হবে।”

    তিনি বলেন, “বিরোধীরাও বসে নেই, তারাও কর্মসূচি দেবে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে তা সফল করতে সব পর্যায়ের নেতাদের অফিসমুখী হতে হবে।”

    যৌথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

  • একটি নোটিশকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে যেন কোনো বিবাদ না হয়: স্বাস্থ্যমন্ত্রী

    একটি নোটিশকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে যেন কোনো বিবাদ না হয়: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: একটি নোটিশকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে যেন কোনো বিবাদ না হয়, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “আমি তাকে (ঢামেক পরিচালক) যেটা বলেছি, দেখেন, সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন। এখানে যেন কোনো রকম বৈষম্য বা কোনো রকম বিবাদ না হয়। এটা আমি তাকে স্পষ্ট করে বলে দিয়েছি।”

    আজ রবিবার(৯ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

    অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না বলে নোটিশ জারি করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

    পরিচালকের এই নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি আজ সকালে পরিচালককে ফোন করেছিলাম যে, কেন এ রকম একটি ঘটনা হচ্ছে। আমার কাছে কিছু রং ইনফরমেশন আজ আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করবো। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে একটি চিঠি দেখালেন, আমি একটি নোটিশ করেছিলাম যে কথা বলতে হলে পূর্ব অনুমতি ছাড়া…।

    তিনি আরও বলেন, “তবে একটা কথা সত্যি আমি নিজেও ফেস করি। অনেক সময় দেখা যায় আমরা যখন রোগী দেখি…আমার ক্ষেত্রে আমি অনেক সাংবাদিকদের সঙ্গে… এত বড় বড় ম্যাসিভ (বড়) ঘটনা বাংলাদেশ ঘটেছে, নিমতলী থেকে শুরু করে যেগুলো আমি ট্যাকেল করেছি।”

    সামন্ত লাল সেন বলেন, “ওইটা একটু নিজেকে ইয়ে করে ট্যাকেল করতে হয়। সেটা আমিও তাকে (ঢামেক পরিচালক) বলেছি, এখানে যেন সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ না করা হয়। এটা আমি সকালে তাকে ডেকে বলে দিয়েছি।”

    বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

  • শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া: শিক্ষামন্ত্রী

    শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ জুন, ২০২৪: শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া, বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সারা দেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত করা হয়ে থাকে।”

    আজ রবিবার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

    এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন। রবিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

    শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমানে সারা দেশে ৪ হাজার ৬১৩টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।”

    তিনি আরও বলেন, “চলতি অর্থবছরের আর এক মাসেরও কম সময় অবশিষ্ট রয়েছে। এ স্বল্প সময়ে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।”

    আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অপর এক প্রশ্নের উত্তরে মহিবুল হাসান বলেন, “শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা প্রাপ্তিতে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে। এ খাতে পর্যাপ্ত অর্থসংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে অবসর উত্তরকালে শিক্ষকদের প্রাপ্য অর্থ যেন দ্রুততম সময়ে পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সমস্যার উত্তরণে কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।”