Category: লিড নিউজ

  • ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে: তথ্যমন্ত্রী

    ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News –  বিনোদন – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর কৈশোরভিত্তিক ‘দুঃসাহসী খোকা’র সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে।

    গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে এ প্রদর্শনীর প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে কিশোর বয়সের কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। কিভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, একইসাথে প্রতিবাদী ও মানবিক কিশোর হলেন, তিনি কেমন জনদরদী ছিলেন, এ বিষয়গুলো এখানে চিত্রায়িত হয়েছে।

    তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সিনেমা হচ্ছে, কিন্তু আমার জানামতে তার শৈশব থেকে কৈশোর নিয়ে এটিই প্রথম সিনেমা।

    সাংবাদিকরা এ সময় গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা হবে -এ বিষয়ে প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমি কাগজে এটি দেখলাম। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে, অবাধে কাজ করছে। শুধু তাই নয়, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ‘ভাইব্রেন্ট’, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নয়।

    সুতরাং গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি, কারো অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়। অন্য কোনো দেশ থেকে আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করাও সমীচীন নয়।

    সিনেমাটির পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড সভাপতি আবু মুসা দেবু, অভিনয় শিল্পী রিয়াজ, মনোজ সেনগুপ্ত, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লা ইরফান উপস্থিত ছিলেন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটির প্রিমিয়ার শো শেষে দর্শকরা কিশোর বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা সৌম্য জ্যোতি, অন্যান্য নাম ভূমিকায় লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা ও সহশিল্পীদের অভিনয় ও ছবি নির্মাণের প্রশংসা করেন। সিনেমাটি ২৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • প্রবাসীদের দেশের সাফল্য ও অর্জন তুলে ধরতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    প্রবাসীদের দেশের সাফল্য ও অর্জন তুলে ধরতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News –  জাতীয় – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য ও পরিসংখ্যান দিয়ে দেশের সাফল্য ও অর্জন তুলে ধরতে হবে ।

    নিউইয়র্ক স্থানীয় সময় রবিবার (২৪ সে‌প্টেম্বর) সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    ড. মোমেন বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করতে এখানকার প্রবাসীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি নিপীড়ন, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল এবং ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি সারাবিশ্বের কাছে সাহস, আত্মমর্যাদা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে।

    আজকের বাংলাদেশে রূপান্তরের তুলনামূলক চিত্র তুলে ধরে তি‌নি বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের নেতারা তখন তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু বর্তমান বাংলাদেশ, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। দারিদ্র্য হ্রাসসহ আর্থসামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ থেকে ১৯৯০ সালে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৩.২%, আর বর্তমানে আমাদের জিডিপির গড় প্রবৃদ্ধির হার ৬.৮%।

    ড. মোমেন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, ২০০১ থেকে ২০০৬ সময়কালে বিএনপি-জামায়াত শাসনামলে বাংলাদেশকে উগ্রবাদ, জিহাদি এবং সন্ত্রাসের দেশে পরিণত করা হয়েছিল। সুখবর হলো সেই দিন এখন শেষ হয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার পর, সামরিক শাসন, কুখ্যাত ইনডেমনিটি আইন প্রণয়ন করে খুনিদের বিচারের পথ রুদ্ধ করে দেওয়া হয়। তখন খুনিদের বিচার না করে বিদেশে বাংলাদেশ মিশনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করে পুরস্কৃত করা হয়।

    মোমেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এক কোটি ২০ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স প্রেরণসহ বিভিন্নভাবে বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী, ইউ এস এম্বাসাডর অব পিস, ইউ এন অ্যান্ড এক্সপার্ট ডব্লিউএইচও ড. সিমা কারেতনয়া, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমু

  • ডলার বুকিং-এর নতুন নিয়মে দাম হবে ১২৩ টাকা ৩৫ পয়সা

    ডলার বুকিং-এর নতুন নিয়মে দাম হবে ১২৩ টাকা ৩৫ পয়সা

    www.HelloBangla.News –  অর্থনীতি – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : ভবিষ্যতের জন্য ডলার বুকিং দেওয়ার নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) সর্বোচ্চ কত হবে তাও বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়মে এক বছর পর ডলারের দাম বর্তমানের চেয়ে ‘এসএমএআরটি’ বা স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে ব্যাংক।

    আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক ।

    প্রজ্ঞাপনে বলা হয়, যে পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে।

    কেউ এখন ভবিষ্যতের জন্য ডলারের বুকিং দিয়ে রাখলে তাকে এক বছর পর প্রতি ডলারে ১২৩ টাকা ৩৫ পয়সা পরিশোধ করতে হবে। আর মাসভিত্তিক দাম হলে তা মাস হিসাবেই কমে আসবে। বর্তমানে আমদানিতে ডলারের দাম ১১০ টাকা।

    আমদানিকারকদের কাছে বেশি দামে ডলার বিক্রির জন্য বেসরকারি খাতের ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক গত রবিবার নতুন নিয়মটি চালু করেছে।

    ডলার ক্রয় ও বিক্রয় উভয়ক্ষেত্রে ভবিষ্যৎ দাম নির্ধারণ করা যায়। কোনো আমদানিকারক এখনই ডলার কিনে এক বছরের মধ্যে পণ্য আমদানি করতে পারেন। এ জন্য তাকে বর্তমান ডলারের সঙ্গে ব্যাংককে বাড়তি কমিশন দিতে হয়। ওই সময়ে দাম কমে গেলেও আমদানিকারককে বর্তমান দাম দিতে হবে। আবার দাম বেড়ে গেলে তিনি সুবিধা পাবেন। অর্থাৎ বাড়তি দাম দিতে হবে না। এদিকে রপ্তানিকারকও নির্দিষ্ট সময় ডলার বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে দাম কমে গেলে রপ্তানিকারক লোকসানেও পড়তে পারেন।

    বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের জোগান ও চাহিদার ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে ডলারের দাম নির্ধারণ করে আসছে। ডলারের আনুষ্ঠানিক দাম প্রতি মাসেই বাড়ছে।

    রেমিট্যান্স ও রপ্তা‌নি আয়ে ডলারের মূল্য এখন থেকে এক রেটে ধরা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে রপ্তানিকারকরা প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা পাচ্ছেন। আগে যা ছিল ১০৮ টাকা ৫০ পয়সা। রেমিট্যান্স বা প্রবাসী আ‌য়ে ডলারের মূল্য ৫০ পয়সা বা‌ড়ি‌য়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হ‌য়ে‌ছে। এছাড়া আমদানিতে ডলারের দর হবে ১১০ টাকা। আগে যা ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক ব্যবস্থায় ডলার লেনদেন হচ্ছে ১১০ টাকায়।

    তবে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহক‌দের গুনতে হচ্ছে ১১৭ টাকা থেকে ১১৮ টাকা। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে সর্বোচ্চ ১১৮ টাকা পর্যন্ত।

  • বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News –  জাতীয় – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : বাংলাদেশ সঙ্গে দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

    গতকাল রবিবার সন্ধ্যায় সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিষ্ঠা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের স্বপ্ন বাস্তবায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশেষকরে বাণিজ্য ও বিনিয়োগে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদরের অপেক্ষায় রয়েছে।

    বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক নগরীর একটি হোটেলে সংবর্ধনার আয়োজন করেন।

    শাহরিয়ার তার বক্তৃতায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

    প্রতিমন্ত্রী ৫০ বছরের গৌরবময় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আরও গভীর, সর্বব্যাপী সহযোগিতা তৈরি করে এই বন্ধুত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট ইউন সুক ইওলের মধ্যে সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন।

    প্রতিমন্ত্রী ২০৪১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে প্রধানমন্ত্রীর ভিশন পুনর্ব্যক্ত করেন।

    এখানে উল্লেখ থাকে যে, ১২ মে, ১৯৭২ সালে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কোরিয়ার স্বীকৃতি দেয়ার জন্য কৃতজ্ঞতা জানান।

    সূত্র: বাসস

  • বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম

    বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম

    www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : রাজনৈতিক, জাতিগত এবং সামাজিক বৈষম্যের কারণে সহিংসতা প্রতিনিয়ত  বেড়েই চলেছে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ‘দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট’র (এসিএলইডি) গবেষণায়  দেখা গেছে সারা বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ২২তম অবস্থানে।

    মার্কিন এই সংস্থাটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই মাসের মধ্যে ২৪০ টিরও বেশি দেশ এবং অঞ্চলের ডেটার ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করেছে।

    এসিএলইডি ওয়েবসাইট অনুসারে, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে তারা। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় শীর্ষে অর্থাৎ সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ দেশের তকমা পেয়েছে মিয়ানমার।

    এরপরই রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন ও নাইজেরিয়া। এছাড়া ব্রাজিল, ইয়েমেন, ইরাক, কঙ্গো এবং কলম্বিয়া রয়েছে শীর্ষ দশে থাকা দেশগুলোর মধ্যে। তালিকার শেষে রয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই এই তালিকায় স্থান পেয়েছে।

    তালিকায় ‘উচ্চ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ দেশের তালিকায় ভারত ১৬তম এবং পাকিস্তান ১৯তম স্থানে রয়েছে। সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৫০তম।

    এসিএলইডি হচ্ছে যুক্তরাষ্ট্রের উইসকন্সিন অঙ্গরাজ্যভিত্তিক একটি উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও তালিকা প্রণয়ন বিষয়ক অলাভজনক সংস্থা। বিশ্বের ২৪০টির বেশি দেশ এবং অঞ্চল থেকে উপাত্ত সংগ্রহ করেছে তারা। চলতি সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত গত ১২ মাসে সংস্থাটি বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতার ১ লাখ ৩৯ হাজারের বেশি ঘটনা নথিভুক্ত করেছে।

    বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতা এবং সশস্ত্র গোষ্ঠীর বিভাজন; বিশেষ করে, এই দুটি সূচকের অবনতির কারণে যুক্তরাষ্ট্র এ তালিকায় এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    এসিএলইডি’র যোগাযোগ বিভাগের প্রধান স্যাম জোনস বলেন, এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান প্রমাণ করে রাজনৈতিক সহিংসতা শুধু দরিদ্র বা অগণতান্ত্রিক দেশেগুলোতেই সীমাবদ্ধ নয়।

  • শেখ হাসিনার জন্মদিনে বর্ণাঢ্য আয়োজনে সেজে উঠেছে কোটালীপাড়া

    শেখ হাসিনার জন্মদিনে বর্ণাঢ্য আয়োজনে সেজে উঠেছে কোটালীপাড়া

    www.HelloBangla.News –  জাতীয় – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : বর্ণাঢ্য আযোজনে সেজে উঠেছে গোপালগঞ্জ জেলার কোটলীপাড়া। কেননা আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে সাজিয়ে তুলেছে জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।

    দিনটি আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে উদযাপন করা হবে। কোটালীপাড়া হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা  ।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কোটালীপাড়া উপজেলার প্রধান-প্রধান সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হবে। বেলা সাড়ে ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাটা হবে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক। বেলা ১১ টা ৪৫ মিনিটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে শেখ হাসিনার জন্য দোয়া মোনাজাত করা হবে। এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।

    প্রেস বিজ্ঞপ্তিতে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

    সূত্র: বাসস

  • নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্যদের সরিয়ে নেবে ফ্রান্স

    নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্যদের সরিয়ে নেবে ফ্রান্স

    www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত ও সৈন্যদের প্রত্যাহার করার ফলে দেশটির সার্বভৈমত্ব দিকে এগিয়ে যাবে। ফ্রান্স নাইজার থেকে তাদের রাষ্ট্রদূত এবং আগামী মাসগুলোতে সৈন্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর নাইজারের সামরিক নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।

    ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রো রবিবার এক ঘোষণায় এ কথা বলেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে দুই মাস আগে এক সামরিক অভ্যুত্থানে ফরাসীপন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।

    টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে মাঁক্রো বলেছেন, রাষ্ট্রদূতকে প্রত্যাহারের বিষয়ে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টায় রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনীতিক দেশে ফিরবেন।

    তিনি আরো বলেছেন, নাইজারে সামরিক সহায়তার আর দরকার নেই। ফরাসী সৈন্যরা আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে শুরু করবে এবং বছরের শেষ নাগাদ তাদের সরিয়ে আনার কাজ শেষ হবে।

    নাইজারের সামরিক শাসকরা তড়িঘড়ি এক বিবৃতিতে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।

    সাহেল অঞ্চলে জিহাদী বিরোধী অভিযানের অংশ হিসেবে নাইজারে দেড় হাজার সৈন্য মোতায়েন রেখেছিল ফ্রান্স ।

    সূত্র: বাসস

  • এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ পদক জয়

    এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ পদক জয়

    www.HelloBangla.News –  খেলাধুলা – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল। এশিয়ান গেমসে এই উল্লাসের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ কোনো পদক পায়নি। গত গেমসে অবশ্য ক্রিকেট ছিল না।

    ২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।

    পাকিস্তান স্পিনার নাশা সান্ধুর তিন উইকেট বাংলাদেশকে খানিকটা চাপে রাখে। পাকিস্তান বাজে ফিল্ডিং ও ক্যাচ ড্রপ না করলে বাংলাদেশকে জয় পেতে আরো বেগ পেতে হতো। বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য চাপে ভেঙে পড়েনি।

    এর আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না বাংলাদেশে দলপতি।

    সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিলেও আজ অবশ্য বোলিং নিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত বেশ কার্যকর হয়েছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ২০ ওভারে ৬৪ রানের বেশি করতে পারেনি।

    পাকিস্তানকে অত অল্প রানে আটকে দেওয়ার পরও ম্যাচটা অবশ্য কঠিন করেই জিতেছে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি দুজনের ব্যাট থেকে এসেছে ১৩ রান। এরপর শোভানা মোস্তারি (৫) ও নিগার সুলতানাও (২) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় দল। তবে স্বর্ণা আক্তারের ৩৩ বলে অপরাজিত ১৪ রানের ধৈর্যশীল ইনিংসে বিপদ হয়নি। জয় পেতে অবশ্য ১৮.২ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ নারী দলকে।

    পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে আলীয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ রান করেন।

  • প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

    প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

    www.HelloBangla.News –  জাতীয – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এসে পৌঁছেছেন।

    নিউইয়র্ক থেকে সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা ৬টায় এসে পৌঁছান তিনি।

    ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

    এর আগে প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কে তার আবাসস্থল দ্য লোটে থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।

    প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।

    সফর শেষ করে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। আগামী  ৪ অক্টোবর তাঁর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।

    সূত্র: বাসস

  • তৃণমূল পর্যায়ে জনগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ

    তৃণমূল পর্যায়ে জনগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ

    www.HelloBangla.News –  জাতীয় – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন ।

    আজ সকালে বঙ্গভবনে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল  রাষ্ট্রপতির কাছে কমিশনের  বার্ষিক প্রতিবেদন -২০২২ পেশ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

    পরে প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকাকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক  এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ২০২২ সালে চাহিত তথ্যের তুলনায় প্রদেয় তথ্যের পরিমাণ ৯৭ শতাংশ।

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ মানুষের কল্যাণ প্রসারিত এবং দুর্নীতিকে সংকুচিত করে উল্লেখ করে রাষ্ট্রপতি দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগের উপর জোর দেন।

    তথ্য অধিকার আইন এবং এর যথাযথ প্রয়োগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণ যাতে জানতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

    তথ্য অধিকার আইনের প্রয়োগ আরো বাড়াতে প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণকে সম্পৃক্ত করতে বলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং মাসুদা ভাট্টিও  উপস্থিত ছিলেন।