Category: লিড নিউজ

  • হাথুরাসিংহের অব্যাহতি ও তামিমকে দলে ফেরাতে বিসিবিকে লিগ্যাল নোটিশ

    হাথুরাসিংহের অব্যাহতি ও তামিমকে দলে ফেরাতে বিসিবিকে লিগ্যাল নোটিশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ সেপ্টেম্বর, ২০২৩ : বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

    আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচক বরাবর এ নোটিশ পাঠানো হয়।

    আইনজীবী আ আল মামুন রাসেল জানান, রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছি। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবো।

    নোটিশে বলা হয়, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যাচসংখ্যায় দ্বিতীয় সেরা অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল। তার জায়গা হলো না বাংলাদেশের বিশ্বকাপ দলে। এটি একটি ষড়যন্ত্র। এশিয়া কাপে ভরাডুবি হয়েছে এবং সবচেয়ে বেশি ভুগিয়েছে ওপেনিং। নতুন প্লেয়ার তথা তানজিম তামিমকে এই বড় মঞ্চে ওঠানো ঠিক হবে না বরং অভিজ্ঞ তামিম ইকবালই ঠিক।

    এতে বলা হয়, একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে। তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ১৪টি সেঞ্চুরির মালিক। লর্ডসের মাঠে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে তামিম ইকবালের নাম আছে। ঘরের মাটিতে তার গড় ৩৭, ঘরের বাইরে ৩৫ এর মতো, দেশে-বিদেশে দুই জায়গাতেই সমান সাতটি করে সেঞ্চুরি আছে তামিমের। সুতরাং আনফিট এর অজুহাতে অভিজ্ঞ তামিমকে দলে না রাখা কোচ ও অধিনায়কের ব্যক্তিগত আক্রোশই দায়ী।

    এতে আরও বলা হয়, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও কিন্তু পরিপূর্ণ ফিট নন, তারপরও তাকে দলে রাখা হয়েছে। প্রথম দুই ম্যাচ খেলবেন না এবং পরবর্তী ম্যাচগুলো খেলবেন। অন্য দেশে অভিজ্ঞতার দাম দেওয়া হয় তাহলে আমাদের দেশে নয় কেন?

    নোটিশে বলা হয়, এসব ঘটনা ও বিষয়বস্তুর আলোকে নোটিশদাতাসহ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমতাবস্থায় কোচ হাথুরাসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তামিম ইকবালকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপে পাঠাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

    মঙ্গলবার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে চলছে বিতর্কের ঝড়।

    গেল জুলাইয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ায় আবার ফিরে আসেন তিনি। এরপর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন, পিঠের চোটের কারণে খেলেননি এশিয়া কাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন এই উদ্বোধনী ব্যাটার। দৃষ্টিনন্দন কিছু শর্ট প্রমান করে তামিম ফর্মে আছেন। তাই অভিজ্ঞ এই খেলোয়াড়কে বিশ্বকাপে জরুরি। তাই তাকে দ্রুত দলে ফিরিয়ে আনা উচিত বলে মনে করেণ বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস গ্রুপ।

  • সরকার এক লাখ ২০ হাজার টন সার কিনবে, ৫৩১ কোটি টাকায়

    সরকার এক লাখ ২০ হাজার টন সার কিনবে, ৫৩১ কোটি টাকায়

    www.HelloBangla.News –  অর্থনীতি – ২৭ সেপ্টেম্বর, ২০২৩ : রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে তিন দেশে থেকে ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এই দেশগুলো হচ্ছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত । এছাড়া দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো),  থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে৷ ৫৩০ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকায় মোট এক লাখ ২০ হাজার টন সারকেনা হবে।

    আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা।

    কাতারের মুনতাজাত থেকে তৃতীয় লটে ১৩৬ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

    ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখত ৩৯ হাজার টাকা।

    কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে, ১২৯ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

  • ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে ১১৩ জনের মৃত্যু

    ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে ১১৩ জনের মৃত্যু

    www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২৭ সেপ্টেম্বর, ২০২৩ : ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে অন্তত ১১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ অঞ্চলে এই ঘটনা ঘটে। ইরাকের জরুরি পরিষেবা সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।

    নিনেভেহর ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রদেশটির গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইএনএ’ নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্ণর হাসান আল-আলাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আজ বুধবার ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজার খানেক অতিথি ছিলেন।

  • পররাষ্ট্রমন্ত্রী ই-কোয়ালিটি সেন্টার উদ্বোধন করলেন

    পররাষ্ট্রমন্ত্রী ই-কোয়ালিটি সেন্টার উদ্বোধন করলেন

    www.HelloBangla.News –  জাতীয় – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : ‘ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন । গতকাল সোমবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এটি একটি সাইড ইভেন্ট । ‘ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন’ এর মাধ্যমে ‘ডিজিটাল বৈষম্যমুক্ত বিশ্বের রূপকল্প’ শীর্ষক সাইড ইভেন্টটি পররাষ্ট্র মন্ত্রণালয় ও এটুআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

    গাম্বিয়া, উগান্ডা, ঘানা, সোমালিয়া, সাও টোমে আ্যন্ড প্রিন্সিপের মন্ত্রী ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘ সচিবালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং এটুআই-এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, ই-কোয়ালিটি সেন্টারের প্রধান লক্ষ্য হচ্ছে সাউথ-সাউথ সহযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভাজন দূর করা। বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠিত এই সেন্টারটি সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের দেশগুলোর মাঝে প্রযুক্তিগত পার্থক্য দূরীকরণে কার্যক্রম পরিচালনা করবে। এর উদ্দেশ হচ্ছে বৈশ্বিক প্রযুক্তি হস্তান্তর, গবেষণা এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে সমতামূলক ডিজিটাল ভবিষ্যৎ বিনির্মাণ।

    ড. মোমেন তার বক্তব্যে বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন, অন্তভুর্ক্তিমূলক প্রবৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের যাত্রার বিষয়টি তুলে ধরেন। উন্নয়নশীল দেশে প্রযুক্তি হস্তান্তরের প্রয়োজনীয়তা, দেশসমূহের মধ্যে সহযোগিতা, সমাজের সকল স্তরের মানুষের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ডিজিটাল বৈষম্য দূরীকরণের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিটি এবং আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগের মাধ্যমে প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় উদ্ভাবনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যার মাধ্যমে বাংলাদেশ সরকারের ডিজিটাল ভিশন বাস্তবায়ন করা সম্ভব হবে। সুদৃঢ় অংশীদারত্ব, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সর্বাধুনিক প্রযুক্তি আত্মীকরণের মাধ্যমে ই-কোয়ালিটি সেন্টার ডিজিটাল বিভাজনমুক্ত মানবজাতি সৃজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে ই-কোয়ালিটি সেন্টারের কারিগরি ও ব্যবহারিক নানা দিক উপস্থাপন করা হয়। উপস্থিত বিভিন্ন দেশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ এই উদ্যোগের ব্যাপারে তাদের মতামত উপস্থাপন করেন। তাঁরা প্রযুক্তির অন্তর্ভুক্তিমূলক বন্টন, উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের মধ্যে পারষ্পরিক সহযোগিতা এবং নতুন ডিজিটাল বাস্তবতার চ্যালেঞ্জসমূহের উপর গুরুত্বারোপ করেন। এ লক্ষে ই-কোয়ালিটি সেন্টার কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল আইসিটি ইনোভেশন ফ্যাসিলিটির বিজয়ী প্রকল্পসমূহকে পররাষ্ট্রমন্ত্রী পুরষ্কার বিতরণ করেন।

    অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি । জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে আরো একটি অনলাইন সেশন আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি এবং আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন এবং অন্যান্য কর্মকর্তাগণ সেশনটিতে অংশগ্রহণ করেন। দেশ ও বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে সাইড ইভেন্ট এবং উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যের সাথে সমাপ্ত হয়।

    সূত্র: বাসস

  • শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

    শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

    www.HelloBangla.News –  জাতীয় – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারপতি কে শপথবাক্য পাঠ করান।

    আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্র প্রধান তাঁকে শপথবাক্য পাঠ করান।

    শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা, সাবেক প্রধান বিচারপতিগণ, আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি, জাতীয় সংসদের হুইপবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে গত ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

    এদিকে, ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ ২৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। শপথনামায় স্বাক্ষরের পরপরই বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

    আইনজীবী ওবায়দুল হাসান ২০০৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়।

    তিনি ৩ সেপ্টেম্বর, ২০২০-এ সর্বোচ্চ আপিল বিভাগে বিচারক হিসাবে উন্নীত হন।

    আখলাকুল হোসেন আহমেদ ও বেগম হোসনে আরা হোসেনের ছেলে বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১ জানুয়ারি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ছায়াশী গ্রামে এক স্ম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

    তাঁর পিতা ড. আখলাকুল হোসেন আহমেদ ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদের সদস্য হয়ে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়নে অংশ নিয়েছিলেন।

    হাসানকে ২৫ মার্চ, ২০১২ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় এবং ১৫ সেপ্টেম্বর, ২০১৫ সাল পর্যন্ত তিনি ১১টি রায় ঘোষণা করেন।

    ওবায়দুল হাসান প্রাথমিকভাবে আইন বিভাগে অধ্যয়নের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা জেলা আদালতে একজন অনুশীলনকারী হিসাবে আত্মপ্রকাশ করেন এবং ১৯৮৮ সালে হাইকোর্টে নথিভুক্ত হন।

    তাঁর স্ত্রী নাফিসা বানু বর্তমানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য (অর্থ) হিসাবে দায়িত্ব পালন করছেন।

    এই দম্পতির পুত্র সন্তান ব্যারিস্টার আহমেদ শাফকাত হাসান। তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের উপর এলএলএম ডিগ্রি অর্জন করেছেন।

    তিনি বেশ কয়েকটি প্রবন্ধ ও গ্রন্থের রচিয়তা।

    সূত্র: বাসস

  • বায়ুদূষণে বাংলাদেশের একজন নাগরিকের গড় আয়ু কমেছে ৬ বছর ৮ মাস

    বায়ুদূষণে বাংলাদেশের একজন নাগরিকের গড় আয়ু কমেছে ৬ বছর ৮ মাস

    www.HelloBangla.News –  জাতীয় – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : বায়ুদূষণের কারণে বাংলাদেশের একজন নাগরিকের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস এমনটাই তথ্য দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে বিশ্বে বায়ু দূষণের কারনে একজন নাগরিকের গড় আয়ু কমছে ২ বছর ৪ মাস।

    আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

    যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট থেকে প্রকাশিত বায়ুদূষণ বিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদন ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩’ এ তথ্য উঠেছে।

    লিখিত বক্তব্যে আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, গাজীপুর জেলার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা যার ব্যাস সাধারণত ২.৫ মাইক্রোমিটার বা এর চেয়ে ছোটটির (পিএম ২.৫) পরিমাণ প্রতি ঘনমিটারে ৮৯.৮ মাইক্রোগ্রাম পাওয়া যায়। এই মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মান মাত্রার (অর্থাৎ ৫ মাইক্রোগ্রাম) চেয়ে ১৮ গুণ বেশি এবং নির্ধারিত (বার্ষিক) মান মাত্রার চেয়ে ৬ গুণ বেশি। ২০২২ সাল পর্যন্ত অতিক্ষুদ্র বস্তুকণা ২.৫ -এর জন্য নির্ধারিত (বার্ষিক) প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম। এ ক্ষেত্রে সবচেয়ে কম দূষিত জেলা হিসেবে পাওয়া গেছে সিলেট শহর। যার প্রতি ঘনমিটাবে ৪৮.৫ মাইক্রোগ্রাম এবং এটি ডব্লিউএইচও’র নির্ধারিত মান মাত্রার চেয়ে ৯.৭ গুণ বেশি এবং বাংলাদেশের নির্ধারিত জাতীয় গাদর্শ (বার্ষিক) মান মাত্রার চেয়ে ৩.২৩ গুণ বেশি।

    তিনি বলেন, গাজীপুর ছাড়াও নোয়াখালীতে প্রতি ঘনমিটারে ৮৮.৭ মাইক্রোগ্রাম, কুমিল্লাতে প্রতি ঘনমিটারে ৮৮.২ মাইক্রোগ্রাম, চাঁদপুরে প্রতি ঘনমিটারে ৮৭.৮ মাইক্রোগ্রাম, ঢাকাতে প্রতি ঘনমিটারে ৮৭.২ মাইক্রোগ্রাম, নারায়ণগঞ্জ এ প্রতি ঘনমিটারে ৮৬.৯ মাইক্রোগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি ঘনমিটারে ৮৩.১ মাইক্রোগ্রাম, কিশোরগঞ্জে প্রতি ঘনমিটারে ৮২ মাইক্রোগ্রাম এবং টাঙ্গাইলে প্রতি ঘনমিটারে ৮১, মাইক্রোগ্রাম অতিক্ষুদ্র বস্তুকণা ২.৫ এর উপস্থিতি পাওয়া যায়।

    বায়ু দূষণের কারণগুলোর মধ্যে প্রাকৃতিক ও আবহাওয়াজনিত কারণ, নগর পরিকল্পনায় ঘাটতি, আইনের দুর্বলতা, আইন প্রয়োগের সীমাবদ্ধতা, ভৌগোলিক কারণ এবং জনসংখ্যার ঘনত্ব অন্যতম। ক্যাপসের গবেষণা থেকে পাওয়া যায়, যে রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণ কাজ থেকে ৩০ শতাংশ, ইটভাটা ও শিল্প কারখানা থেকে ২৯ শতাংশ, যানবাহন থেকে ১৫ শতাংশ, আন্তঃদেশীয় বায়ুদূষণ থেকে ৬.৫ শতাংশ, গৃহস্থালি বা রান্নার চুলার কাজের থেকে ৮.৫ শতাংশ এবং বর্জ্য পোড়ানো থেকে ৮ শতাংশ বায়ুদূষণ ঘটে বলে  জানিয়েছেন আহমদ কামরুজ্জামান মজুমদার।

    বাপার যুগ্ম সম্পাদক আরও বলেন, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩ প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের কারণে বিশ্বের সব মানুষের গড় আয়ু ২ বছর ৪ মাস কমছে। অপরপক্ষে বাংলাদেশের একজন নাগরিকের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস।

    অন্যদিকে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের হিসেবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে হাসপাতালে ভর্তি, আউটডোর ও জরুরি বিভাগ মিলে রোগীর সংখ্যা ছিল ১২ হাজারের কিছু বেশি। এবারের (২০২৩) জুলাইয়ে সে সংখ্যা ১৪ হাজার পার হয়েছে। আয়ুষ্কালের পরিপ্রেক্ষিতে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা, দূষণ বাংলাদেশে মানব স্বাস্থ্যের জন্য দ্বিতীয় বৃহত্তম হুমকি বলে জানিয়েছে কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩।

    বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, সিসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হন ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ। আবার এ দূষণের কারণে শিশুদের আইকিউ কমে যাচ্ছে। ফলে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁকি বাড়ছে।

    বায়ুমান উন্নয়নে স্বল্পমেয়াদি পদক্ষেপ, মধ্যমেয়াদী পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া যেতে পারে। পদক্ষেপগুলো নিচে দেওয়া হলো—

     

    স্বল্পমেয়াদি পদক্ষেপ :

    নির্মাণ কাজের সময় নির্মাণ স্থান ঘেরাও দিয়ে রাখতে হবে ও নির্মাণসামগ্রী পরিবহনের সময় ঢেকে নিতে হবে।

    শুষ্ক মৌসুমে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির (ওয়াসা) এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে দূষিত শহরগুলোতে প্রতি ২-৩ ঘণ্টা পরপর পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে।

    রাস্তায় আবর্জনা সংগ্রহের জন্য সাকশন ট্রাকের ব্যবহার করা যেতে পারে।

    অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বিকল্প ইটের প্রচলন বাড়াতে হবে।

    ব্যক্তিগত গাড়ি এবং ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে নম্বর প্লেট অনুযায়ী জোড়-বিজোড় পদ্ধতিতে গাড়ি চলাচলের প্রচলন করা যেতে পারে।

    মধ্যমেয়াদি পদক্ষেপ:

    সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং ছাদবাগান করার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে, দূষিত শহরগুলোর আশেপাশে জলাধার সংরক্ষণ করতে হবে।

    আলাদা সাইকেল লেনের ব্যবস্থা করতে হবে।

    আগুনে পোড়ানো ইটের বিকল্প হিসেবে সেন্ড বক্লের ব্যবহার ক্রমান্বয়ে বাড়াতে হবে।

    সিটি গভর্নেন্সের প্রচলনের মাধ্যমে উন্নয়নমূলক কার্যকলাপের সমন্বয় সাধন করতে হবে। সেবা সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড স্বল্প সময়ে সম্পন্ন করতে হবে।

     

    দীর্ঘমেয়াদি পদক্ষেপ :

    নির্মল বায়ু আইন-২০১৯ যতদ্রুত সম্ভব প্রণয়ন করতে হবে।

    পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা তৈরির জন্য পরিবেশ মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট বরাদ্দ বাড়াতে হবে। নিয়মিত বায়ু পর্যবেক্ষণ স্টেশনের (ক্যামস) ব্যাপ্তি বাড়িয়ে ঢাকা শহরের সব এলাকাকে এর আওতাধীন করতে হবে। এছাড়াও বায়ু দূষণের পূর্বাভাস দেওয়ার প্রচলন করতে হবে।

    পরিবেশ ক্যাডার সার্ভিস এবং পরিবেশ আদালত চালু ও কার্যকর করতে হবে।

    সর্বোপরি সচেতনতা তৈরির জন্য বিভিন্ন গণমাধ্যমে বায়ুদূষণ সম্পর্কে আরও বেশি তথ্য নির্ভর অনুজন প্রচারের ব্যবস্থা করার মাধ্যমে ঢাকাসহ সারাদেশের বায়ু দূষণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব, বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর প্রমুখ।

    এখানে উল্লেখ থাকে যে বায়ু দূষণ জনিত কারণে যেসব রোগ দেখা দেয়, তার চিকিৎসা করতে গিয়ে একজন ব্যক্তির প্রচুর টাকা ব্যায় হচ্ছে। যা একটি পরিবারের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া একজন মানুষ বায়ু দূষণের কারণে কর্মক্ষমতা হারাচ্ছে। শিশুরা হারাচ্ছে মেধা ও শারিরীক দক্ষতা। তাই বায়ু দূষণ কমাতে সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

  • শান্তর দায়িত্বশীল ব্যাটিং-এর পরেও বাংলাদেশ থেমেছে ১৭১ রানে

    শান্তর দায়িত্বশীল ব্যাটিং-এর পরেও বাংলাদেশ থেমেছে ১৭১ রানে

    www.HelloBangla.News –  খেলাধুলা – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : শান্তর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন সেই। অধিনায়ক অভিষেক হয়েছে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন শাস্ত। ইচ্ছা ছিলো বড় একটা টার্গেট ছুড়ে দেওয়া। কিন্তু বাংলাদেশ থেমেছে ১৭১ রানে। মিরপুরে শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাটিং এ নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। অভিষেকে জাকির হাসান মাত্র এক রানে আউট  হয়েছেণ। তানজিদ ৫ রানে। তারপর একপ্রান্তে ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়া, অন্যপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করছিলেন নাজমুল শান্ত। অধিনায়ক হিসেবে তার অভিষেকটা হয়েছে রেকর্ড গড়া। বাংলাদেশের হয়ে অধিনায়কত্বের অভিষেক ম্যাচে সর্বোচ্চ ৭৬ রান করেছেন শান্ত। পার্টটাইমার কোল ম্যাকনকির বলে তিনি রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। মিস করে গেছেন, বল আঘাত করে তার প্যাডে।

    আম্পায়ার নিতিন মেননের আউটের সিদ্ধান্ত রিভিউ করেছিলেন শান্ত। কিন্তু ইমপ্যাক্ট ও উইকেট—দুটিই বিপক্ষে গেছে তার। ৮৪ বলে ১০টি চারের বাউন্ডারিতে তিনি ৭৬ রানের ইনিংসটি সাজিয়েছিলেন।

    এরপর ক্রিজে আসা হাসান টিকলেন মাত্র দুই বল। রাচিন রবীন্দ্রর মিডলে পড়া বলটিতে নাগাল পায়নি হাসানের ব্যাট। বল ট্র্যাকিং-ও স্টাম্পেই মনে হয়েছে, তাই রিভিউ নেননি তিনি। ১৬৯ রানে টাইগারদের অষ্টম উইকেটের পতন হয়েছে। হৃদয় করেন ও মুশফিক ১৮ এবং মাহমুদউল্লাহ ২১ রানে আউট হলে বাংলাদেশে সবকটি উইটে হারিয়ে ৩৪.৩ ওভার খেলে করেছে ১৭১ রান।

    এখন ব্যাটিং করবে নিউজিল্যান্ড।

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সিরিজ ড্র করতে হলে আজ জিততেই হবে টাইগারদের। এই ম্যাচে অধিনায়কত্ব করছেন বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া এই ম্যাচ দিয়ে ওপেনার জাকির হাসানেরও ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটেছে।

  • টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

    টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

    www.HelloBangla.News –  খেলাধুলা – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হরে যায়। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের। একইসঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম।

    দ্বিতীয় ওয়ানডের পরই তামিম ইকবাল ও সিরিজের অধিনায়ক লিটন দাস শেষ ম্যাচ থেকে বিশ্রাম চান। সে কারণে আজ তানজিদ তামিম ও জাকিরকেই দেখা যেতে পারে টাইগারদের ওপেনিংয়ে।

    সবমিলিয়ে বাংলাদেশ আজ চারটি পরিবর্তন নিয়ে নেমেছে। এশিয়া কাপের পর বিশ্রামে ছিলেন শান্ত, মুশফিক ও শরীফুল। এই ম্যাচ দিয়ে তারা টাইগার একাদশে ফিরেছেন। তাদের সঙ্গে নতুন ক্রিকেটার অভিষিক্ত জাকির। এর আগে এই উইকেটরক্ষক ব্যাটার ৩টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

    এদিকে, কিউইদের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের দুই ম্যাচের একাদশে থাকা কাইল জেমিসন ও চ্যাড বোয়েসের জায়গায় নেওয়া হয়েছে অ্যাডাম মিলনে ও ডিন ফক্সক্রফটকে।

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

  • কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখ বিক্ষোভকারীদের সমাবেশ

    কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখ বিক্ষোভকারীদের সমাবেশ

    www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : কানাডায় শত শত শিখ বিক্ষোভকারী গতকাল সোমবার কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে সমাবেশ করেছে। একজন বিশিষ্ট শিখ কর্মী হত্যায় নয়াদিল্লি জড়িত রয়েছে এই অভিযোগে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পদদলিত করেছে ।

    ভ্যাঙ্কুভারের কাছে জুন মাসে কানাডিয়ান নাগরিক হারদীপ সিং নিজ্জার হত্যার কথা উল্লেখ করে টরন্টোর শিখ সম্প্রদায়ের সদস্য জো হোথা বলেছেন, ‘আমরা পাঞ্জাবের বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ নই, কানাডায় ও আমরা নিরাপদ নই।’

    গত সোমবার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বলেছিলেন, নয়া দিল্লি সম্ভবত শিখ নেতার হত্যার সাথে জড়িত ছিল, যা দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সঙ্কট সৃষ্টি করেছে।

    টরন্টোর আরেক শিখ বিক্ষোভকারী হারপার গোসাল বলেন, ‘এখন আমাদের প্রধানমন্ত্রী সংসদে সবকিছু বলেন, তাই কোনো অজুহাত নেই।’

    কানাডিয়ান এক শিখ নেতা বলেছেন, ‘ভারতীয়রা সন্ত্রাসী, তারা ভ্যাঙ্কুভারে আমাদের ভাইকে হত্যা করেছে। তাই আমরা ভারতীয় কনস্যুলেটের বাইরে প্রতিবাদ করছি।’

    অন্যান্য প্রতিবাদকারীদের মতো তিনি খালিস্তানের হলুদ পতাকা বহন করেছিলেন। পাঞ্জাবের শিখরা ভারতের খালিস্তানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্টার দাবি জানিয়ে আসছে।

    মোদির সরকারকে নিন্দা জানাতে টরন্টো ছাড়াও অটোয়া এবং ভ্যাঙ্কুভারেও কয়েকশ’ লোক জড়ো হয়েছিল।

    কানাডা হল ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম শিখ সম্প্রদায়ের আবাসস্থল। কানাড়ার জনসংখ্যার দুই শতাংশ ৭৭০,০০০ কানাডিয়ান ২০২১ সালে শিখ ধর্ম প্রচার করে।

    ভারত সরকার কানাডার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে এবং কঠোরভাবে সেগুলি অস্বীকার করেছে।

    ভারত তার নাগরিকদের ‘ভারত-বিরোধী কার্যকলাপ বৃদ্ধির কারণে’ নির্দিষ্ট কানাডিয়ান অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং অস্থায়ীভাবে কানাডায় ভিসা আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে।

    তারপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে।

    সূত্র: বাসস

  • আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে সালমানের ‘টাইগার কা মেসেজ’

    আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে সালমানের ‘টাইগার কা মেসেজ’

    www.HelloBangla.News –  বিনোদন – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : শাহরুখ ও সালমান খান জুটি সিনেমা ‘টাইগার-৩’ বক্স অফিসে ব্যবসা সফল হবে এমনটাই আশা করছেন সিনেমা অনুরাগীদের। বলিউডের এই দুই তারকার সমর্থক আছে সারা বিশ্বজুড়ে। তাই অতি আগ্রহর সঙ্গে অপেক্ষায় আছে ‘টাইগার কা মেসেজ’ সিনেমা প্রেমীরা। জানা গেছে আগামী ২৭ সেপ্টেম্বর নাকি মুক্তি পেতে চলেছে টাইগার সিরিজের এই ছবিটি। যেখানে সালমানের সঙ্গে পাওয়া যাবে শাহরুখ খানকে। আর এটা হতে পারে দর্শকদের প্রধান আগ্রহের কারণ।

    বছরের শুরুতে ‘পাঠান’-এর মাধ্যমে বক্স অফিস ব্যবসায় সাফল্যের মুখ দেখেছে যশরাজ ফিল্মস। শাহরুখ খানের ছবির সাফল্যে ‘স্পাই ইউনিভার্স’ তথা ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’কে আরও প্রসারিত করার উৎসাহ পেয়েছে ওয়াইআরএফ। ‘পাঠান’-এর পর যশরাজের ঝুলিতে রয়েছে ‘টাইগার’ ফ্রাঞ্চাইজ়ির পরের ছবি। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা সালমান খানের ‘টাইগার ৩’-এর। ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নেওয়া ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। এর আগের দুই ছবি ভালই ব্যবসা করেছে বক্স অফিসে। তার উপরে ‘পাঠান’-এর পরে ‘টাইগার ৩’ ছবিতেও নাকি ফের ঝলক দেখা যাবে শাহরুখ-সালমান জুটির। স্বাভাবিক ভাবেই, ছবি নিয়ে উৎসাহ কম নয় অনুরাগীদের। সেই অত্যুৎসাহের জেরেই সমাজমাধ্যমের পাতায় ‘ফাঁস’ হয়ে গেল ‘টাইগার ৩’ ছবির দৃশ্য। তাই কিছুটা অস্বস্তিতে পড়লেন ছবির নির্মাতারা।

    সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, জেল ভেঙে দৌড় দিয়েছেন সালমান। আগেই জানা গিয়েছিল, ‘টাইগার ৩’ ছবিতে নাকি থাকছে জেলব্রেকের একটি দৃশ্য। সেই দৃশ্যেই একসঙ্গে দেখা যাওয়ার কথা শাহরুখ-সালমান তথা পাঠান-টাইগার জুটিকে। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ভিডিয়ো কি তবে‘টাইগার ৩’ ছবিরই দৃশ্য? নেটাগরিকদের একাংশের পর্যবেক্ষণ, ভিডিয়োয় ওয়াইআরএফের যে লোগো রয়েছে, তা সংস্থার পুরনো লোগো। ৫০ বছরের পূর্তিতে যে নতুন লোগো প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা, ‘টাইগার ৩’ ছবিতে সেই লোগোই থাকার কথা। এই যুক্তিতেই অনেকে দাবি করেছেন, সালমানের দৌড়ের ওই দৃশ্য নাকি আদপে ‘টাইগার ৩’ ছবির নয়।

    এ দিকে সেপ্টেম্বর গো়ড়ার দিকে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’ ছবির প্রথম পোস্টার। পোস্টারে সালমান ও ক্যাটরিনা কইফের লুক দেখে ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এর প্রিভিউয়ের আদলে আগামী ২৭ সেপ্টেম্বর নাকি মুক্তি পেতে চলেছে ‘টাইগার কা মেসেজ’। ওই ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দেবেন খোদ ভাইজান। ছবির প্রথম ঝলক মুক্তির আগে ওই ভিডিয়োর মাধ্যমেই নাকি ছবির প্রচার শুরু করতে চলেছে ওয়াইআরএফ। আশা করা যাচ্ছে, দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা।