‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে: তথ্যমন্ত্রী

নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে তথ্যমন্ত্রী - বিনোদন - ২৬ সেপ্টেম্বর ২০২৩
নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে তথ্যমন্ত্রী - বিনোদন - ২৬ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News –  বিনোদন – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর কৈশোরভিত্তিক ‘দুঃসাহসী খোকা’র সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে এ প্রদর্শনীর প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে কিশোর বয়সের কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। কিভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, একইসাথে প্রতিবাদী ও মানবিক কিশোর হলেন, তিনি কেমন জনদরদী ছিলেন, এ বিষয়গুলো এখানে চিত্রায়িত হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সিনেমা হচ্ছে, কিন্তু আমার জানামতে তার শৈশব থেকে কৈশোর নিয়ে এটিই প্রথম সিনেমা।

সাংবাদিকরা এ সময় গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা হবে -এ বিষয়ে প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমি কাগজে এটি দেখলাম। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে, অবাধে কাজ করছে। শুধু তাই নয়, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ‘ভাইব্রেন্ট’, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নয়।

সুতরাং গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি, কারো অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়। অন্য কোনো দেশ থেকে আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করাও সমীচীন নয়।

সিনেমাটির পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড সভাপতি আবু মুসা দেবু, অভিনয় শিল্পী রিয়াজ, মনোজ সেনগুপ্ত, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লা ইরফান উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটির প্রিমিয়ার শো শেষে দর্শকরা কিশোর বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা সৌম্য জ্যোতি, অন্যান্য নাম ভূমিকায় লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা ও সহশিল্পীদের অভিনয় ও ছবি নির্মাণের প্রশংসা করেন। সিনেমাটি ২৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী প্রবাসীদের দেশের সাফল্য ও অর্জন তুলে ধরতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে সালমানের ‘টাইগার কা মেসেজ’