এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ পদক জয়

নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ পদক জয় - খেলাধুলা - ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)
নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ পদক জয় - খেলাধুলা - ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News –  খেলাধুলা – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল। এশিয়ান গেমসে এই উল্লাসের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ কোনো পদক পায়নি। গত গেমসে অবশ্য ক্রিকেট ছিল না।

২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।

পাকিস্তান স্পিনার নাশা সান্ধুর তিন উইকেট বাংলাদেশকে খানিকটা চাপে রাখে। পাকিস্তান বাজে ফিল্ডিং ও ক্যাচ ড্রপ না করলে বাংলাদেশকে জয় পেতে আরো বেগ পেতে হতো। বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য চাপে ভেঙে পড়েনি।

এর আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না বাংলাদেশে দলপতি।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিলেও আজ অবশ্য বোলিং নিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত বেশ কার্যকর হয়েছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ২০ ওভারে ৬৪ রানের বেশি করতে পারেনি।

পাকিস্তানকে অত অল্প রানে আটকে দেওয়ার পরও ম্যাচটা অবশ্য কঠিন করেই জিতেছে বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি দুজনের ব্যাট থেকে এসেছে ১৩ রান। এরপর শোভানা মোস্তারি (৫) ও নিগার সুলতানাও (২) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় দল। তবে স্বর্ণা আক্তারের ৩৩ বলে অপরাজিত ১৪ রানের ধৈর্যশীল ইনিংসে বিপদ হয়নি। জয় পেতে অবশ্য ১৮.২ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ নারী দলকে।

পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে আলীয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ রান করেন।

পূর্ববর্তী প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন
পরবর্তী নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্যদের সরিয়ে নেবে ফ্রান্স