www.HelloBangla.News – খেলাধুলা – ১২ নভেম্বর, ২০২৩: ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ৯ ম্যাচের মধ্যে ২টিতে জিতে এবং ৭টিতে হেরে চরম হতাশা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। প্রথম খেলায় আফগানিস্তানকে হারিয়ে ভালো সূচনা করে টাইগাররা। পরে অবশ্য শ্রীলঙ্কাকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে কোনমতে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে গোটা বিশ্বকাপে দলীয় পরফরম্যান্স ছিলো হতাশাজনক।
বিশ্বকাপের শুরুতে তামিমকে নিয়ে বিতর্ক। খেলার সময় শুরুতেই দলের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়দের ব্যর্থতা। শ্রীলঙ্কার কাছে জয় পেলেও ম্যাথুসের টাইম আউট নিয়ে বিতর্ক। সবচেয়ে হতাশার বিষয় ছিল নেদারল্যান্ডসের কাছে হারের বিষয়টি। এরই মধ্যে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপের হতাশার মিশন।
নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের মাধ্যমেই শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শেষ না হতেই আজ রবিবার (১২ নভেম্বর) সকাল দশটায় ভারত থেকে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখে টাইগার ক্রিকেটাররা।
বেশিরভাগ বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররা। সঙ্গে কোচিং স্টাফের একমাত্র সদস্য হিসেবে এসেছেন হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।
শুরুতে জানা গিয়েছিল ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হয়েছিল, আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে পরবর্তীতে জানানো হয়েছে রাতে নয়, সকালেই দেশে ফিরছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন।










