Category: লিড নিউজ

  • ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে কাজ করছে: সেতুমন্ত্রী

    ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে কাজ করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে কাজ করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনে বলেন, “ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে আলাদাভাবে কাজ করছে। এটা আমাদের ইস্যু না।”

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। এটা সীমান্তে চলে এসেছে। তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে। ”

    তিনি আরও বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরাও তাদের সঙ্গে কাজ করব। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এখন গায়ে পড়ে সংকট বাধানোর কারো লাভ নেই। সম্পর্ক থাকুক, সামনে সম্পর্কের আরো উন্নয়ন হউক। এটা যার যার স্বার্থে আমাদের প্রয়োজন। আমেরিকারও ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট আছে, আমাদেরও আছে।”

    রোহিঙ্গা ইস্যুতে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “এ ক্ষেত্রে চীন ভূমিকা নিতে পারে। মিয়ানমার যেন তাড়াতাড়ি রোহিঙ্গাদের ফেরত নেয় এ জন্য সহযোগিতাও চাওয়া হয়েছে।”

    সেতুমন্ত্রী বলেন, “মার্কিন মুখপাত্র মিলার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়েছেন। তারা নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এটা বলেনি।”

  • আমরা কোনো যুদ্ধ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

    আমরা কোনো যুদ্ধ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: আমরা কোনো যুদ্ধ চাই না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। এটা প্রধানমন্ত্রী সবসময় আমাদের নির্দেশনা দিয়ে রেখেছেন। তার মানে এই নয় যে আমাদের গায়ে এসে পড়বে আর আমরা ছেড়ে দেব। সেটার জন্য আমরা সবসময় তৈরি আছি।”

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারে যে যুদ্ধ চলছে তা কতদিন চলবে আমরা জানি না। আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেব না। আমাদের বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি।”

    আমরা সীমান্তে শক্তি বৃদ্ধি করেছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে বলে দিয়েছি এবং কোস্ট গার্ডকেও নির্দেশনা দিয়েছি যাতে কোনোভাবেই আমাদের সীমানায় কেউ অনুপ্রবেশ করতে না পারে। সে ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি।”

    নতুন করে রোহিঙ্গাদের আর প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত একটিই, সীমান্তে এখন যুদ্ধ চলছে, এখানে এখন কারো আসা উচিত হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে, তাদের ওখানে যুদ্ধ হচ্ছে, তারা অন্য কোথাও যাবে। এই মুহূর্তে আর কাউকে আমরা ঢুকতে দেব না।”

    মন্ত্রী আরও বলেন, “মানবাধিকারের প্রশ্ন এখন আসবে না, কারণ যুদ্ধ চলছে। গোলাগুলি চলছে। এখানে কারো আসা উচিত হবে না। যে-ই আসবে, তাকে সাথে সাথে আবার মিয়ানমারে পাঠিয়ে দেব।”

    এখানে উল্লেখ থাকে যে, আজ বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। গোলাগুলির ভয়াবহতা দেখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৪ জন সদস্য।

  • উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: উন্নয়নের সকল সূচকে আজ বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, “উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে এবং বিএনপি-জামায়াতের পলিটিক্স অব ডিনায়াল এবং পলিটিক্স অব কনফ্রন্টেশন অর্থাৎ সবকিছুতে না বলার অপসংস্কৃতি ও সাংঘর্ষিক রাজনীতি যদি না থাকতো, তাদের জ্বালাও-পোড়াও যদি না থাকতো, দেশ আরও বহুদূর এগিয়ে যেত।”

    পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।”

    বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব কালচার মিলনায়তনে বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম ও বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

    ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ও সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল কাসেম, ড. ফারুক মির্জা, মোতাহার চৌধুরী, মনির হোসেন পলিন প্রমুখ।

    এ সময় রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন, স্মরণ করিয়ে দেন তিনি।

    প্রবাসী বক্তারা তাদের বক্তৃতায় বেলজিয়ামে দীর্ঘ সময় অধ্যয়নকারী হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বাংলাদেশ কমিউনিটি বেলজিয়ামের পক্ষ থেকে মন্ত্রী হাছান মাহমুদকে ফুল ও সংবর্ধনা স্মারক দেন।

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে নেমেছে র ্যাব

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে নেমেছে র ্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: প্রতি বছর রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কারসাজি করে বাড়িয়ে দেয় কিছু ব্যবসায়ী। অনেক সময় দেখা যায় মজুতদারি ও যানবাহনে চাঁদাবাজির কারণেও পণ্যের দাম বেড়ে যায়। এই অবস্থায়  আসন্ন রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান মজুতদারি ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

    পুলিশের এলিট ফোর্স র‌্যাব বলছে, সবজিসহ নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধিতে যারা কারসাজি করছে, যারা পণ্য মজুত করে দাম বৃদ্ধির চেষ্টা করবে, তাদের পরিচয় যাই হোক শনাক্ত করে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

    এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান পরিচালনার জন্য প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশ দিয়েছে র‌্যাব।

    খন্দকার আল মঈন বলেন, “এলিট ফোর্স র‌্যাব সবসময় এ ধরনের জনসম্পৃক্ত ঘটনায় অভিযান পরিচালনা করে থাকে। আজ থেকে সবজিসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ও মজুতদারি বন্ধে অভিযান পরিচালনা করা হবে।”

    কমান্ডার মঈন বলেন, “সম্প্রতি একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে নামে-বেনামে চাঁদাবাজদের মাধ্যমে সিন্ডিকেট করে চাঁদাবাজি করছে, চাঁদাবাজির কারণে অনিয়ন্ত্রিত ও অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। গোয়েন্দা নজরদারি পরিচালনায় আমাদের প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নামে-বেনামে সিন্ডিকেট করে চাঁদাবাজি করছে, জনদুর্ভোগ সৃষ্টি করছে, নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    কমান্ডার মঈন আরও বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এই ধরনের মজুতদার ও সিন্ডিকেটের মাধ্যমে সবজিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে যারা কারসাজি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সামনে রমজান। রমজানে যেন নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকে সেজন্য র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজ মজুতদার ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে যারা কারসাজি করছে তাদেরও শনাক্ত করা হবে।”

    তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা ইচ্ছেকৃত কারসাজি করে রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করবে, এখন করছে তাদের শনাক্ত করে কঠোর ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। সে যেই হোক, তারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও হয়, সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না, কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

  • আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

    আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: আজ সকালে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। আর এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ৯টা ২৩ মিনিটে শেষ হয়। ২২ মিনিট পর্যন্ত চলেছে এবারের আখেরি মোনাজাত।

    মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। এই সময় ময়দানসহ আশপাশের সড়কগুলো একেবারে নিস্তব্ধ ছিলো।

    বিশ্ব ইজতেমা-২০২৪ এর প্রথম পর্বের আখেরি মোনাজাত চলাকালীন ময়দান ও আশপাশের সড়ক ও এলাকার পরিবেশ ছিল একেবারে শান্ত। সড়কগুলোতে যে যার মত বসে অংশ নেয় মোনাজাতে।

    আজ ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময়, নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

    বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি এসেছেন ইজতেমা ময়দানে। গত ২ ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান করে ইবাদত-বন্দেগি করেছেন।

    এদিকে ইজতেমা ময়দানের মুসল্লিদের যাতায়াত সহজ করতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে গাজীপুরের তিনটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। আজ রবিবার দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হয়।

    সড়ক তিনটি হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নুগেট সড়ক।

    সিদ্ধান্ত অনুযায়ী, এসব সড়কে ইজতেমার মুসল্লি বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না। তবে জরুরি প্রয়োজনীয় গাড়ি যেমন- অ্যাম্বুলেন্স, গণমাধ্যমকর্মী বা বিভিন্ন সেবা প্রদানকারী গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

  • ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে

    ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    আজ (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন এই দাম ঘোষণা করা হয়। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

    এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজির ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

  • পথনাট্যোৎসবে  আজ প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের ‘পিঁপড়া’

    পথনাট্যোৎসবে আজ প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের ‘পিঁপড়া’

    www.HelloBangla.News – বিনোদন – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাষ্ট্রভাষা বাংলার জন্য শহিদদের স্মরণে ১৯৮০ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহব্যাপী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করে আসছে ‘জাতীয় পথনাট্যোৎসব’। একই ধারাবাহিকতায় এ বছরও ‘রাজনীতির মাপকাঠি শিল্প সাহিত্য সংস্কৃতি’ স্লোগানে রাজধানীসহ দেশের ২১টি জেলায় একযোগে শুরু হয় ‘জাতীয় পথনাট্যোৎসব ২০২৪’।

    বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কেন্দ্রীয় শহিদ মিনারে পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাট্যোৎসরের উদ্বোধন করা হয়। উৎসবে দেশের তিন শ নাট্যদল অংশ নেবে।

    উৎসবে আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে নাট্যদল সময় প্রযোজিত নাটক ‘পিঁপড়া’। জনপ্রিয় কথাসহিত্যিক হূমায়ুন আহমেদের ছোটগল্প ‘পিঁপড়া’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। ধর্ষণ বিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা দেয়া এই নাটকে অভিনয় করছেন – ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম / সাঈফ, সাইফুল বাবু, রাকিব আল হাসান / মুক্তা। পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী।

    রবিবার সময় প্রযোজিত নাটক ‘পিঁপড়া’ ছাড়াও ঢাকা মঞ্চ পরিবেশন করবে নাটক ‘ইঁদুর’। এ কে এম আহসান কবীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মিজানুল হক নিক্তি। নাট্যযোদ্ধা মঞ্চস্থ করবে নাটক ‘টক্কর’। রচনা ও নির্দেশনায় ফয়সাল আহমেদ। নাটক ‘স্মৃতি মিনার’ পরিবেশন করবেন স্বরবীথি থি। রচনা বজলুর রশিদ, নির্দেশনা শওকত হাসান।

    ৫ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে নাটক ‘আমাদের জন্ম হলো’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। প্রযোজনা শব্দ নাট্যচর্চা কেন্দ্র। নাটক ‘ফায়ারিং স্কোয়াড’। নবনাটের পরিবেশনায় নাটকটি রচনা ও নির্দেশনায় এস.কে.রতন। মুক্তালয় নাট্যাঙ্গন মঞ্চস্থ করবে নাটক ‘চতুর ভোলা’। রচনা ও নির্দেশনা আমিনুল হক আমীন। গ্রন্থিক নাট্যগোষ্ঠীর নাটক ‘এখানেই শেষ নয়’। রচনা ও নির্দেশনা মতিউর রহমান রানা।

    ৬ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে নাটক ‘তাহাদের কথা’। রচনা ও নির্দেশনা মমিনুল হক দীপু। এটি পরিবেশন করবে পদাতিক নাট্য সংসদ টিএসসি। নাটক ‘বিরঙ্গনা কাব্য’। রচনা ও নির্দেশনা সাইফুল ইসলাম সোহাগ। প্রযোজনা ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। নাটক ‘পাখির ভবিষ্যৎ’। রচনা ও নির্দেশনা নাহিদ স্মৃতি। প্রযোজনা অপেরা নাটকের দল। নাটক ‘দিবস রজনী’। রচনা ও নির্দেশনা তাপস সরকার। প্রযোজনা লোকনাট্য গোষ্ঠী। উদীচী শিল্পীগোষ্ঠী মঞ্চস্থ করবে নাটক ‘শরীফার গল্প’। রচনা ও নির্দেশনায়- নাজমুল হক বাবু।

    ৭ ফেব্রুয়ারি ঢাকার উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে নাটক ‘ভাস্কর্য’। রচনা ও নির্দেশনা আফরিন হুদা। প্রযোজনা ঢাকা থিয়েটার মঞ্চ। নাটক ‘প্রতিরোধ’। রচনা মনসুর রহমান চঞ্চল, নির্দেশনা শাহজাহান শোভন। পরিবেশনা নাট্যভূমি। নাটক ‘বোবা মিনার’। রচনা আলী আনোয়ার, নির্দেশনা নাজমুল হাসান শুভ। পরিবেশনায় মতিঝিল থিয়েটার সম্প্রদায়। থিয়েটার অঙ্গনের প্রযোজনায় নাটক ‘রুধির প্লাবন’। রচনা ও নির্দেশনা প্রবীর দত্ত। রঙ্গনা নট্যগোষ্ঠীর নাটক ‘দাম দিয়ে কিনেছি বাঙলা’। রচনা ফয়সাল আহমদ, নির্দেশনা জিয়াউল হাসান জিয়া।

  • ভয়াবহ দাবানলে চিলিতে ৫১ জন নিহত

    ভয়াবহ দাবানলে চিলিতে ৫১ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: ভয়াবহ দাবানলে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এই দাবানলের জেরে দেশটির একটি শহরের দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

    জরুরি পরিষেবাগুলো শহুরে এলাকায় দমকলকর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে।

    বার্তাসংস্থা রয়টার্স আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

    চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার এর আশেপাশের অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলি সেসব ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার এবং শনিবারের মধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩০ হাজার থেকে বেড়ে ৪৩ হাজার হেক্টর হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, মধ্য চিলির ভালপারাইসোর পরিস্থিতি সবচেয়ে নাজুক। সেখানে দাবানল ছড়িয়ে পড়া এলাকার রাস্তায় পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য বলছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা অনেক বাড়বে।

    ক্যারোলিনা বলেন, “সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো কিছু কিছু এলাকার  দাবানল শহরাঞ্চলের খুব কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেসব এলাকার মানুষ, বাড়িঘর এবং অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে।”

    এ দাবানলের হতাহতের ঘটনায় দেশটি ২০১০ সালের ভূমিকম্পের পর সবচেয়ে খারাপ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বলে জানান ক্যারোলিনা তোহা। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ জন নিহত হয়।

    চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জাতির উদ্দেশে বলেন, পরিস্থিতি সত্যিই খুব কঠিন। আগুনে ৪০ জন মারা গেছে এবং দগ্ধ আরও ছয়জন হাসপাতালে মারা গেছেন। গ্রীষ্মের মাসগুলিতে চিলিতে দাবানল অস্বাভাবিক নয়। গত বছর, রেকর্ড তাপপ্রবাহের কারণে সৃষ্ট দাবানলে প্রায় ২৭ জন মারা গিয়েছিল এবং ৪ লাখ হেক্টরের বেশি বন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

  • রান্না: ইলিশ মাছ তিলের ভর্তা

    রান্না: ইলিশ মাছ তিলের ভর্তা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: ভর্তা নামটা শুনলেই জিভে পানি চলে আসে। আর আমাদের বাঙালী খাবার বলতেই বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু  আগেই বুঝি। আর ভাত বা খিচুড়ি অথবা বৌভাতের সাথে এমন ভর্তাই কিন্তু  বেশি চলে। চলুন আজ একটা মজার ভর্তা রেসিপি দেখি যা এই শীতে গরম ভাতের সাথে দারুন ভাবে জমবে। আজকের ভর্তা হলো ইলিশ মাছে তিলের ভর্তা।

    রেসিপি দিয়েছেন রাজিয়া সুলতানা (২)
    রেসিপি দিয়েছেন রাজিয়া সুলতানা (২)

    উপকরণ :

    ইলিশমাছ-তিনপিস, তিল-আধাকাপ, শুকনো মরিচ-৫টি, রসুন-৬ কোয়া, লবণ-স্বাদমতো, সরিষার তেল-পরিমাণ মতো, পেঁয়াজকুচি-একটি, ধনিয়াপাতা-পরিমাণ মতো।

     

    প্রণালী:

    ইলিশ মাছ ধুয়ে সামান্য লবণ হলুদ মেখে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। ওই তেলেই শুকনো মরিচ, রসুন ভেজে নিতে হবে। ভাজা মাছের কাঁটা বেছে নিতে হবে।

    তিল ভালো করে ধুয়ে শুকনো তাওয়ায় মচমচে করে ভেজে নিতে হবে।

    এবার বাটনায় / পাটায় তিল বেটে একপাশে রেখে লবণ মরিচ রসুন একসাথে বেটে নিয়ে কাঁটা বেছে রাখা মাছ দিয়ে আবারও সবকিছু একসাথে  বেটে নিয়ে এতে পেঁয়াজ কুচি, সরিষার তেল, ধনিয়াপাতা দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে খুব মজাদার ইলিশমাছ তিলের ভর্তা।গরম ভাতে খেতে মজা এই ভর্তা।

    রেসিপি দিয়েছেন; রাজিয়া সুলতানা

  • ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহী

    ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ।

    আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।

    সাক্ষাৎকালে ইউরোপীয় কমিশনাররা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউয়ের সহযোগিতা বৃদ্ধি ও জোরদার করার মাধ্যমে একত্রে কাজের আগ্রহের কথা জানান।

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গেও এদিন ফলপ্রসূ মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এদিন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্কে ব্রুইনস স্লট অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেস ক্রাভিনহো, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিসের সঙ্গে বৈঠক করেন।

    বৈঠকগুলোত মন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির অনুরোধ জানান।

    পাশাপাশি লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জেভিয়ার বেটেল এবং স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজনের সঙ্গেও মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।