Category: লিড নিউজ

  • আর্জেন্টিনায় চলছে চরম তাপপ্রবাহ

    আর্জেন্টিনায় চলছে চরম তাপপ্রবাহ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ ফেব্রুয়ারি ২০২৪: এই সময় বিশ্বের অধিকাংশ দেশে যখন চরম শীত অনুভূত হচ্ছে তখন আর্জেন্টিনায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশটিতে সূর্যের প্রখর রোদে সৃষ্ট গরমে জনগণের নাভিশ্বাস উঠেছে।

    গতকাল বৃহস্পতিবারও দেশটির অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলিসিয়াস অতিক্রম করেছে।

    সাম্প্রতিক বছরগুলোতে এর আগে তাপমাত্রার পারদ এত উঁচুতে দেখেনি আর্জেন্টিনা। প্রায় সব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়ায় ইতোমধ্যে দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার।

    রাজধানী বুয়েন্স এইরেসে এ তাপমাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে জানিয়ে সেখানের বাসিন্দারা দুর্ভোগে নিজেদের অবস্থার কথা জানাতে গিয়ে বলেন, সবকিছু গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে।

    এ মুহূর্তে বেশিরভাগ মানুষই নদী-হ্রদে নেমে পড়েছেন জানিয়ে ৪৭ বছর বয়সী সার্জিও পাভন বলেন, এতো গরম যে এমনকি এয়ার কন্ডিশনারও যথেষ্ট নয়। তাপ ছাদ থেকে বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে, ঘরে টেকা যায় না।

    আর্জেন্টিনার আয়তনে ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটার। সেই তুলনায় জনসংখ্যা কম। সেখানে বসবাস করেন মাত্র ৪ কোটি ৫০ লাখের কিছু বেশি মানুষ।

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশটির অবস্থান হওয়ায় এখন গ্রীষ্ম ঋতু চলছে আর্জেন্টিনায়। জানুয়ারি মাসে যখন এশিয়া-ইউরোপের দেশগুলোতে ব্যাপক শীত থাকে, সে সময় আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার দেশগুলো ভরা গ্রীষ্মকাল পার করে।

  • বিপিএলে প্রথম জয় পেলো সিলেট

    বিপিএলে প্রথম জয় পেলো সিলেট

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ ফেব্রুয়ারি ২০২৪: বিপিএলে আজ দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে প্রথম জয়ে দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচ হারলে, অর্ধেক পথ বাকি থাকতেই সিলেট টুর্নামেন্টের চলতি আসরে নিজেদের বিদায় প্রায় নিশ্চিত করে ফেলত। তবে ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরেকটি তিক্ত হার দেখতে হয়নি তাদের। দু’দিনের বিরতির পর বিপিএলের সিলেট পর্বে ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলো স্বাগতিকরা।

    আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া সিলেটকে খাদ থেকে টেনে তুলেছেন অধিনায়ক মিঠুন। তার ৫৯ এবং সামিত প্যাটেলের ৩২ রানে ভর করে তারা কোনোরকমে ১৪২ রানের লড়াইয়ের পুঁজি পায়। ঢাকার তারকা পেসার শরিফুল ইসলাম সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের দলও একই বিপর্যয়ের সম্মুখীন হয়। যদিও শেষদিকে তাদের নিশ্চিত পরাজয়ের ব্যবধান কমিয়েছেন টেল-এন্ডারে নামা তাসকিন আহমেদ। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১২৭ রানে।

    রান তাড়ায় শুরু থেকেই সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে ঢাকা। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ভিন্ন কিছুর আভাস দিয়েও তিনি ফেরেন মাত্র ১৩ (৯ বল) রানে। এরপর দলীয় ১৯ রানেই ঢাকার দ্বিতীয় উইকেটের পতন ঘটে। সাইম ও নাঈম শেখ দুজনকেই ফিরিয়েছেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাবা। পুরো ম্যাচেই বাঁ-হাতি এই বোলার দাপট দেখিয়েছেন। তৃতীয় উইকেটে ঢাকা কিছুটা কামব্যাকের সুযোগ তৈরি করলেও, সেটি ভেস্তে যায় সাইফ হাসান রানআউট হয়ে গেলে। ব্যক্তিগত ১৭ রানে ফেরেন সাইফ।

    এরপর নিয়মিত বিরতিতে ঢাকা উইকেট হারাতে থাকে। সমান ১৮ বল করে খেলে অ্যালেক্স রস ২০ ও গুলবাদিন নাইব করেন মাত্র ১২ রান। বরাবরের ন্যায় বড় রান পাননি ইরফান শুক্কুরও (৯ বলে ৪)। মাত্র ১১ রান করেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। ৯২ রানে ৯ উইকেট হারানো ঢাকার হার প্রায় নিশ্চিতই ছিল। তবে শেষদিকে ঝলক দেখিয়েছেন তাসকিন। ১১ বলের ইনিংসে ৬টি চারের বাউন্ডারিতে তিনি ২৭ করেন। যা ঢাকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ। যদিও সেটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। জয় থেকে ১৫ রান দূরত্বে ঢাকার ইনিংস থেমে যায়।

    সিলেটের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এনগারাবা। এছাড়া রেজাউর রহমান রাজা ২টি এবং নাইম হাসান ও বেনি হাওয়েল একটি করে শিকার করেন।

  • বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বর্তমান ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি

    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বর্তমান ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি

    www.HelloBangla.News – খেলাধুলা – ১ ফেব্রুয়ারি, ২০২৪: বর্তমানে ক্রিকেট খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের তালিকায় ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ৫০ ওভারের খেলায় ২৪১ ইনিংসে ৩১৭ টি উইকেট শিকার করেছেন তিনি।

    দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ১২১ ইনিংস খেলে ২৩৬ উইকেট নিজের করে নিয়েছেন এই অজি ক্রিকেটার। তবে বাংলাদেশের সাকিব আল হাসান থেকে অনেক পিছিয়ে রয়েছেন স্টার্ক।

    তিন নম্বরে রয়েছেন নিউল্যান্ডের পেসার টিম সাউদি। ২২১ উইকেট শিকার করতে খেলেছেন ১৫৯ ইনিংস। এই তিন বোলারের মধ্যে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারই সবচেয়ে লম্বা। সাকিবের ওয়ানডে অভিষেক ২০০৬ সালের আগস্টে। সাউদির ২০০৮ সালের জুনে। আর স্টার্কের ২০১০ সালের অক্টোবরে।

    টেস্টেও সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় প্রথম মুরালিধরন। তার উইকেট ৮০০টি। দ্বিতীয় সর্বোচ্চ শেন ওয়ার্নের ৭০৮ উইকেট। জেমস অ্যান্ডারসন টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৪১ বছর বয়সেও তিনি খেলে যাচ্ছেন। তার উইকেট ৬৯০টি। মুরালিকে ধরতে এই পেসারের প্রয়োজন ১১০ উইকেট।

    টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি সাউদি। এই পেসারের উইকেট ১৫৭টি। কিছুদিন আগেই প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুয়েছেন সাউদি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৪০ উইকেট নিয়েছেন তিনি। তিন নম্বরে আছেন ইশ সোধি। ১০৫ ইনিংসে এই লেগ স্পিনারের উইকেট ১৩২টি।

    এখানে উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির পরিসংখ্যান দেখলে প্রথম তালিকায় অবশ্যই নাম থাকবে লঙ্কান তারকা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। ৫০ ওভারের খেলায় তিনি ৫৩৪ উইকেট শিকার করেছেন। তবে তিনি ১৩ বছর আগেই খেলা থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পাকিস্তান পেসার ওয়াসিম আকরাম। ২০০৩ সালের মার্চে তিনি ওয়ানডে খেলা শেষ করেছেন। এই তারকার ঝুলিতে আছে ৫০২টি উইকেট।

    এখন দেখার বিষয় সাকিব আর কতদিন খেলা চালিয়ে যেতে পারেন এবং কত উইকেট শিকার করতে পারেন।

  • রান্না:  “রংধনু সালাদ”

    রান্না: “রংধনু সালাদ”

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১ ফেব্রুয়ারি, ২০২৪: দুপুর বা রাতের খাবারের সঙ্গে সালাদ এটি স্বস্থ্যকর ও গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। তাই বিভিন্ন পার্টিতে খাবারের সঙ্গে সালাদ অপরিহার্য হয়ে পড়েছে। আজ দেওয়া হলো রংধনু সালাদের রেসিপি।

    রেসিপি কানিজ ফাতেমা রুমা  (২)
    রেসিপি কানিজ ফাতেমা রুমা (২)

    উপকরণ:

    শশা কিউব করে কাটা-১কাপ, টমেটো কিউব করে কাটা-১কাপ, আপেল কিউব করে কাটা-১কাপ, আনার দানা-১ কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা-১/৪ কাপ, গাজর কিউব করে কাটা-১/৪ কাপ, লেটুস পাতা কুচি-১/৪ কাপ, বিট লবন-১/৪ চা চামচ, টমেটো সস-১চা চামচ, চিলি সস-২ চা চামচ, মধু-২চা চামচ, চাট মশলা-২ চা চামচ, গোল মরিচ গুড়া-১/২ চা চামচ

     

    প্রণালী:

    ফল বাদে সব মশলা সস ও অন্য উপকরণ গুলো ভালো মত মিশিয়ে নিতে হবে এবারে সব কেটে রাখা ফল ও সবজী ঐ সস এর সাথে মাখিয়ে পরিবেশন করতে হবে হেলদী ও মজাদার রংধনু সালাদ।

     

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • শুরু হলো ১১ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব

    শুরু হলো ১১ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব

    www.HelloBangla.News – বিনোদন – ১ ফেব্রুয়ারি, ২০২৪: সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব ১৪৩০। গতকাল বুধবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব জনাব মোঃ মাহবুব হোসেন।

    এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চসারথি জনাব আতাউর রহমান, একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    শুরু হলো জাতীয় পিঠা উৎসব - বিনোদন - ১ ফেব্রুয়ারি ২০২৪ (২)
    শুরু হলো জাতীয় পিঠা উৎসব – বিনোদন – ১ ফেব্রুয়ারি ২০২৪ (২)

    প্রথম পর্বে একাডেমির বাউলকুঞ্জের সামনে বেলুন উড়িয়ে জাতীয় পিঠা উৎসব ১৪৩০ এর শুভ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। এরপর পরিবেশিত হয় গ্রামবাংলার জনপ্রিয় লাঠি খেলা। এরপর ঢাকের তালে মঞ্চে পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীদলের ঢাকী নৃত্য। উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হয় জাতীয় পিঠা উৎসব ১৪৩০ এর ভিডিওচিত্র।

    আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব এবং জাতীয় পিঠা উৎসব ১৪৩০ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব সালাহউদ্দিন আহাম্মদ। প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক বাশার খান। পিঠার পূর্বের সময়কার ঐতিহ্য লুপ্ত প্রায় ৪ শতাধিক ধরন নিয়ে আলোচনা উপস্থাপন করেন তিনি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ২১শে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণি নাট্যজন মঞ্চসারথি জনাব আতাউর রহমান।

    আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব জনাব মোঃ মাহবুব হোসেন বলেন, “আমাদের এই স্বাধীন দেশকে উন্নত, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হবে। জঙ্গী মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের যুব সম্প্রদায়কে নানা ধরনের গ্রামীণ খেলাধূলা এবং সংস্কৃতির সাথে যুক্ত করতে হবে। বাঙালি হিসেবে পিঠার প্রতি আমাদের যে জায়গা সেটাও আমাদের বুঝতে হবে। পিঠা আমাদের সংস্কৃতির অংশ হিসেবে অনেক আগে থেকেই যুক্ত। কিন্তু ধীরে ধীরে তার অনেকটা হারাতে বসেছে। এই সময়ে এ ধরনের উদ্যোগের প্রসংশা করে তিনি বলেন সারাদেশব্যাপী একযোগে এই আয়োজন একটা বড় বিষয়।”

    সারাদেশে মেলা আয়োজনের ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন- “পিঠা উৎসব আমাদের জন্য গৌরবের। আমাদের দেশের হাজার হাজার মনিষী আমাদের মাথা উচু্ করে দাঁড়াতে শিখিয়েছেন। আমরা মাথা উচুঁ করেই আমাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে হাজির করবো। মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন ১০ টা বক্তৃতায় যা না হয়, একটা নাটকে তার থেকে বেশি কাজ হয়। সংস্কৃতি এমনই শক্তিশালী মাধ্যম।”

    আলোচনা পর্বের পর শুরু হয় লোক- সাংষ্কৃতিক পরিবেশনা। শুরুতেই অনুষ্ঠিত হয় বিশেষ লোকসঙ্গীতানুষ্ঠান-বাংলাদেশেরে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য আবহমান বাংলার লোকনন্দন পরিবেশনা। এরপর আহসান উল্লাহ তমাল পরিবেশন করেন একক আবৃত্তি। একক সংগীত পরিবেশন করেন অনিমা মুক্তি গোমেজ এবং আবুবকর সিদ্দীক। এরপর কবিরুল ইসলাম রতন এর পরিচালনায় ও  নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় হয় সমবেত নৃত্য। একক আবৃত্তি পরিবেশন করেন রেজিনা ওয়ালী লীনা । এরপর রবিউল ইসলাম শান্ত (শিশু ) পরিবেশন করেন শাহ আব্দুল করিম এর গাওয়া গান। রংপুরের আঞ্চলিক সংগীত পরিবেশন করেন এ কে এম মোস্তাফিজুর রহমান। সৈয়দ শায়লা আহমেদ লীমার পরিচালনা ও ভঙ্গিমা ডান্স থিয়েটারের পরিবেশনায় সমবেত নৃত্য অনুষ্ঠিত হয়। এরপর ডালিয়া আহমেদ পরিবেশন করেন একক আবৃত্তি। জাহিদুল কবির লিটন পরিবেশন করেন শাহের গান ও সৃজনী সরকার জিতু (শিশু) পরিবেশন করেন আব্দুল লতিফ এর গান। আবারো পরিবেশিত হয় কবিরুল ইসলাম রতন এর পরিচালনায় ও  নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় সমবেত নৃত্য। এরপর আবার বাবু সরকার পরিবেশন করেন জালাল খা এর গান; সুমী মীর্জা পরিবেশন করেন আরকুম শাহ এর গান এবং মাটি রহমান পরিবেশন করেন সাধক চাঁন মিয়া। সবশেষ সৈয়দ শায়লা আহমেদ লীমার পরিচালনা ও ভঙ্গিমা ডান্স থিয়েটারের পরিবেশনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডালিয়া আহমেদ ও আব্দুল্লাহ বিপ্লব।

    এবারে পিঠা মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ২৫ টি পিঠাশিল্পীকে পুরস্কার এবং জেলায় জেলায় ৫ জন পিঠাশিল্পীকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন মহাপরিচালক।

    জাতীয় পিঠা উৎসব চলবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

  • এই বাংলা একাডেমি অনেক আন্দোলন ও সংগ্রামের সাক্ষী: প্রধানমন্ত্রী

    এই বাংলা একাডেমি অনেক আন্দোলন ও সংগ্রামের সাক্ষী: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ ফেব্রুয়ারি, ২০২৪: এই বাংলা একাডেমি অনেক আন্দোলন ও সংগ্রামের সাক্ষী, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বইমেলা আমাদের প্রাণের মেলা। শুধু প্রধানমন্ত্রী হিসেবে যে এসেছি, তা নয়। স্কুলজীবন থেকেই আমরা মেলায় আসি। এই বাংলা একাডেমি অনেক আন্দোলন সংগ্রামের সাক্ষী। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি ও আমার বন্ধু বেবী মওদুদ বাংলা একাডেমির লাইব্রেরিতে পড়াশোনা করতাম।”

    আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “বইমেলার জায়গাটা অনেক ছোট। প্রচুর মানুষ মেলায় আসতে চায়। আরো বড়ো পরিসরে আয়োজন করার বিষয়টি আমি ভেবে দেখার অনুরোধ জানাবো।”

    তিনি বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যখন আমরা পেলাম, তখন আমি সিদ্ধান্ত নেই— এখানে একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলব। ভিত্তিপ্রস্তরও স্থাপন করি। আমার সঙ্গে জাতিসংঘের মহাসচিব কফি আনান ছিলেন। কাজ শুরু করি, ২০০১ এ ক্ষমতায় আসতে পারিনি, তখন খালেদা জিয়া সেই কাজটি বন্ধ করে দিয়েছিল।”

    প্রধানমন্ত্রী বলেন, “রক্ত দিয়ে আমরা যে ভাষার অধিকার আদায় করেছি সেটা এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।”

    তিনি আরও বলেন, “আমি ধন্যবাদ জানাই তাকে (খালেদা), বন্ধ করে দিয়েছিলেন, ভালো হয়েছিল। কারণ, দ্বিতীয়বার যখন আমি সরকারে আসি সেটা প্রতিষ্ঠা করি। এখন সারা বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা হচ্ছে। সেটা যেন আরো সমৃদ্ধ হয়, সেটা আমি চাই।”

    শেখ হাসিনা বলেন, “ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। এ আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির সত্তা জাগ্রত হয়। এই পথ বেয়েই আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি। এই অধিকারটাও আমাদের রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে। বাংলা একাডেমী আমাদের অনেক আন্দোলন সংগ্রামের সূতিকাগার। বইমেলা আমাদের প্রাণের মেলা।”

    বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন।

    বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছরের পুরস্কারপ্রাপ্তরা হলেন-: শামীম আজাদ (কবিতা), ঔপন্যাসিক নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (যৌথভাবে কথাসাহিত্যে), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), নাট্যকার মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (যৌথভাবে নাটক), তপঙ্কর চক্রবর্তী (শিশু সাহিত্য), আফরোজা পারভিন এবং আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধের উপর গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধুর উপর গবেষণা), পক্ষীবিদ ইনাম আল হক (পরিবেশ/বিজ্ঞান ক্ষেত্র), ইসহাক খান (জীবনী) এবং তপন বাগচী ও সুমন কুমার দাস (যৌথভাবে লোক কাহিনী)।

    বইমেলার উদ্বোধনের আগে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলা একাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খণ্ড’ এবং আরো কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা।

    বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলার। এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

    বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রয়েছে ৩৭টি প্যাভিলিয়ন।

    মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

    এবারও মেলার মূল মঞ্চ বাংলা একাডেমি প্রাঙ্গণে। বইয়ের মোড়ক উন্মোচন ও ‘লেখক বলছি’ মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে থাকছে।

    রমনা কালী মন্দিরের পাশে সাধুসঙ্গ এলাকায় ‘শিশু চত্বর’ স্থাপন করা হয়েছে।

    [প্রতি কর্মদিবসে বইমেলা বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে।

  • যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক: অর্থমন্ত্রী

    যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১ ফেব্রুয়ারি, ২০২৪: যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, “যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে।”

    আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    অর্থমন্ত্রী বলেন, “যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। কোন কোন খাতে সেটি এখন বলা যাবে না। সেগুলো নিয়ে আলোচনা চলছে।”

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “অর্থনৈতিক ভাবে সাহায্য চাই। বলেছে দেখছি কী করা যায় “

    ব্রিটিশ হাইকমিশনার বলেন, “আমরা খুব ভালো একটি আলোচনা করেছি। যুক্তরাজ্য ও বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। আমরা সমর্থন করেছি সাসটেইনেবল বাংলাদেশ গড়তে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা তাদের পাশে আছি। কারণ আমরা উন্নয়নশীল দেশ গঠনে সবসময়ই তাদের সঙ্গে রয়েছি।”

  • ট্রাফিকদের বিশ্রামের ব্যবস্থা করতে দুই সিটি করপোরেশনকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

    ট্রাফিকদের বিশ্রামের ব্যবস্থা করতে দুই সিটি করপোরেশনকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

    www.HelloBangla.News – জাতীয় – ১ ফেব্রুয়ারি, ২০২৪: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রাস্তায় ট্রাফিক সার্জেন্টরদের একটু বিশ্রামের ব্যবস্থা করতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন ।

    আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

    সুধী সমাবেশ ও আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০ টি থানা, ৩৪ হাজার জনবল নিয়ে ঢাকায় বসবাস করা নগরবাসীর নিরাপত্তার  জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারের বেশি।প্রতিটি পুলিশ ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছে। ডিএমপির  যতগুলি ইউনিট আছে সবগুলি খুব সুন্দর কাজ করছে।”

    তিনি বলেন, “জঙ্গিবাদের উত্থান হয়েছিলো সেজন্য আমরা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করেছিলাম।আমরা সাইবার ইউনিট তৈরি করেছিলাম,ভিক্টিম সাপোর্ট সেন্টার গড়ে তুলেছিলাম,আমরা ট্রাফিক নিয়ন্ত্রের জন্য ট্রাফিক ইউনিট করেছি যা ডিএমপির কমিশনারের অধীনে কাজ করে যাচ্ছে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই জায়গায় এসে মনে পড়ে যায় সেই দিনের (২৫ মার্চ) কথা। বঙ্গবন্ধুর  ৭ই মার্চে যে ডাক দিয়েছিলেন। সেই ডাকে পুলিশ বাহিনী নিজের জীবন বাজী রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলো। অনেক পুলিশ সদস্য সেদিন শহীদ হয়েছিলেন। তারা জানতেন তারা এই যুদ্ধে জয়ী হবেন না কিন্তু তারা নৈতিকতা ও স্বাধীনতার জন্য প্রথম যে কাজটা করেছিলেন সেটা আমাদের রাষ্ট্র… আমাদের উদাহারণ হয়ে আছে।”

    তিনি বলেন, “আজকে কিন্তু পুলিশের ওপর আস্থা, বিশ্বাস রাখছে, কোন প্রয়োজন হলে মানুষ পুলিশের কাছে যাচ্ছে। কোভিডের সময় আপনারা দেখেছেন মায়ের মরদেহ সন্তান ফেলে রেখে গেছে। পুলিশই তাদের শেষ কার্যটি করেছে। কাজেই পুলিশ এমনই একটি আস্থার জায়গায় এসেছে,আমরা মনে করি বিপদে, আপদে সব সময় আমাদের পাশে আছে। ডিএমপিও সেই কাজটিই করছে ঢাকা নগরীর জন্য।”

    ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের কাছে দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“তাদের কাছে জোর দাবি জানাবো, আমাদের ট্রাফিক আমাদের সার্জেন্টরা ভয়ানক অসুবিধায় থাকে। তাদের জন্য যদি মাঝে মাঝে বিশ্রামের জন্য যদি একটু করে দেন। এই আহবানটি রাখছি। ডিএমপি আরোও এগিয়ে যাবে, তাদের সেবার পরিধি বাড়াবে। আরোও দক্ষতার সব কিছু মোকাবিলা করবে এই আস্থা ও বিশ্বাস রাখি।”

  • ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে সব আদেশ হবে বাংলায়

    ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে সব আদেশ হবে বাংলায়

    www.HelloBangla.News – জাতীয় – ১ ফেব্রুয়ারি, ২০২৪: ভাষার মাসের প্রথম দিনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ বাংলায় আদেশ দিচ্ছেন। ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতেই এই সিন্ধান্ত বলে জানিয়েছেন উক্ত বেঞ্চ।

    আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুনানির শুরুতেই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। আজ আমরা বাংলায় দেবো সব আদেশ “

    গত বছরের এদিনেও সুপ্রিম কোর্টে অন্তত ১৪৮টি রায় ও আদেশ বাংলায় দিয়েছেন।

    ওই বছর আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। আর হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার একটি রায়, বিচারপতি মো. নজরুল ইসলাম ইসলাম তালুকদার একটি রায় এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ একটি আদেশ বাংলায় দিয়েছেন।

    উচ্চ আদালতে নব্বইয়ের দশক থেকে বাংলায় রায় ও আদেশ দেওয়া শুরু হয়। বিচারপতি এ আর এম আমীরুল ইসলাম চৌধুরী বাংলায় আদেশ দেওয়া শুরু করেন। এরপর সাবেক বিচারপতিদের মধ্যে বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি হামিদুল হক, বিচারপতি আবদুল কুদ্দুছ, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বাংলায় বেশ কয়েকটি রায় দেন।

    বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম হাইকোর্টে থাকাকালীন বেশ কয়েকটি মামলার রায় বাংলায় দিয়েছেন।

  • শুক্রবার ‘৪.৪৮ মন্ত্রাস’ এর দুইটি বিশেষ প্রদর্শনী

    শুক্রবার ‘৪.৪৮ মন্ত্রাস’ এর দুইটি বিশেষ প্রদর্শনী

    www.HelloBangla.News – বিনোদন – ১ ফেব্রুয়ারি, ২০২৪: এই ফেব্রুয়ারীতে মর্যাদাপূর্ণ ‘কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল( ITFOK) ২০২৪’-এ অংশ নিবে`স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’ এর দ্বিতীয় প্রযোজনা ‘৪.৪৮ মন্ত্রাস’ । প্রতি বছর কেরালা রাজ্যের রাজধানী ত্রিশূর-এ অনুষ্ঠিত হয় এই বিশেষ থিয়েটার উৎসব।

    এবার এই উৎসবের ১৪তম আসর অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৪। উক্ত আসরে ফেব্রুয়ারী ১১ ও ১২ তারিখ অনুষ্ঠিত উপস্থাপিত হবে ‘৪.৪৮ মন্ত্রাস’-এর ২ টি প্রদর্শনী। উৎসবের আন্তর্জাতিক অংশে বাংলাদেশ সহ আরও অংশগ্রহন করবে ইতালি, ব্রাজিল, ফিনল্যান্ড, তিউনিশিয়া, চিলি, প্যালেস্টাইন এর মোট ৮ টি দল।

    এই অংশগ্রহণ কে সামনে রেখে স্পর্ধা নাট্যদল ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটক নিয়ে প্রস্তুতি শুরু করে ২০২৩ সালের ডিসেম্বর মাসে।  ২০২০ এবং ২০২২ সালে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করে নাটকটি।

    দেশে দর্শকদের সেই আগ্রহকে স্মরণে রেখে কেরালা যাবার পূর্বে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকার দর্শকদের জন্য দুইটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা। এই বিশেষ প্রদর্শনীর সময়ঃ বিকেল০৪:০০ ও সন্ধ্যা ০৭:৩০।

    `স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’ এর দ্বিতীয় প্রযোজনা ‘৪.৪৮ মন্ত্রাস’ এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ‘৪.৪৮ মন্ত্রাস’ ব্রিটিশ নাট্যকার সারাহ্ কেইনের ‘ ‘4.48 Psychosis’ থেকে বাংলায় অনুবাদ করেছেন শাহমান মৈশান এবং শরীফ সিরাজ।

    ‘৪.৪৮ মন্ত্রাস’ একটি অনন্য কাব্যশৈলী যা র্নির্মিত হয়েছে রৈখিক আখ্যানকে প্রত্যাখ্যান করে এবং আলিঙ্গন করেছে উত্তর-নাটকীয় কাঠামো। নাট্যকাঠামোতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপকথন, এবং দর্শকদের সরাসরি সম্বোধন করা বিবরণ। নাটকের

    বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হ’ল এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম, কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী যেমন: যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং বিশৃঙ্খল ও অনিশ্চয়তা।

    ফেস্টিভ্যালের নিজস্ব ওয়েবসাইটের লিংক: https://theatrefestivalkerala.com/

    আসন সংরক্ষন ও বিস্তারিত তথ্যের জন্যঃ +880 17 1320 9091 ও +880 16 8984 8573