www.HelloBangla.News – লাইফস্টাইল – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: ভর্তা নামটা শুনলেই জিভে পানি চলে আসে। আর আমাদের বাঙালী খাবার বলতেই বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু আগেই বুঝি। আর ভাত বা খিচুড়ি অথবা বৌভাতের সাথে এমন ভর্তাই কিন্তু বেশি চলে। চলুন আজ একটা মজার ভর্তা রেসিপি দেখি যা এই শীতে গরম ভাতের সাথে দারুন ভাবে জমবে। আজকের ভর্তা হলো ইলিশ মাছে তিলের ভর্তা।

উপকরণ :
ইলিশমাছ-তিনপিস, তিল-আধাকাপ, শুকনো মরিচ-৫টি, রসুন-৬ কোয়া, লবণ-স্বাদমতো, সরিষার তেল-পরিমাণ মতো, পেঁয়াজকুচি-একটি, ধনিয়াপাতা-পরিমাণ মতো।
প্রণালী:
ইলিশ মাছ ধুয়ে সামান্য লবণ হলুদ মেখে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। ওই তেলেই শুকনো মরিচ, রসুন ভেজে নিতে হবে। ভাজা মাছের কাঁটা বেছে নিতে হবে।
তিল ভালো করে ধুয়ে শুকনো তাওয়ায় মচমচে করে ভেজে নিতে হবে।
এবার বাটনায় / পাটায় তিল বেটে একপাশে রেখে লবণ মরিচ রসুন একসাথে বেটে নিয়ে কাঁটা বেছে রাখা মাছ দিয়ে আবারও সবকিছু একসাথে বেটে নিয়ে এতে পেঁয়াজ কুচি, সরিষার তেল, ধনিয়াপাতা দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে খুব মজাদার ইলিশমাছ তিলের ভর্তা।গরম ভাতে খেতে মজা এই ভর্তা।
রেসিপি দিয়েছেন; রাজিয়া সুলতানা










