আমরা কোনো যুদ্ধ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ চাই না স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
যুদ্ধ চাই না স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: আমরা কোনো যুদ্ধ চাই না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। এটা প্রধানমন্ত্রী সবসময় আমাদের নির্দেশনা দিয়ে রেখেছেন। তার মানে এই নয় যে আমাদের গায়ে এসে পড়বে আর আমরা ছেড়ে দেব। সেটার জন্য আমরা সবসময় তৈরি আছি।”

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারে যে যুদ্ধ চলছে তা কতদিন চলবে আমরা জানি না। আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেব না। আমাদের বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি।”

আমরা সীমান্তে শক্তি বৃদ্ধি করেছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে বলে দিয়েছি এবং কোস্ট গার্ডকেও নির্দেশনা দিয়েছি যাতে কোনোভাবেই আমাদের সীমানায় কেউ অনুপ্রবেশ করতে না পারে। সে ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি।”

নতুন করে রোহিঙ্গাদের আর প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত একটিই, সীমান্তে এখন যুদ্ধ চলছে, এখানে এখন কারো আসা উচিত হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে, তাদের ওখানে যুদ্ধ হচ্ছে, তারা অন্য কোথাও যাবে। এই মুহূর্তে আর কাউকে আমরা ঢুকতে দেব না।”

মন্ত্রী আরও বলেন, “মানবাধিকারের প্রশ্ন এখন আসবে না, কারণ যুদ্ধ চলছে। গোলাগুলি চলছে। এখানে কারো আসা উচিত হবে না। যে-ই আসবে, তাকে সাথে সাথে আবার মিয়ানমারে পাঠিয়ে দেব।”

এখানে উল্লেখ থাকে যে, আজ বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। গোলাগুলির ভয়াবহতা দেখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৪ জন সদস্য।

পূর্ববর্তী উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে কাজ করছে: সেতুমন্ত্রী