Category: বাংলাদেশ

  • মিয়ানমার ইস্যুতে কোন উদারতা নয়: সেতুমন্ত্রী

    মিয়ানমার ইস্যুতে কোন উদারতা নয়: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ফেব্রুয়ারি ২০২৪: মিয়অনমার ইস্যুতে কোন উাদরতা নয়, বলে জিানয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানো সম্ভব নয় এবং সেখান থেকে নতুন কেউ বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে না।”

    আজ সোমবার (৫ ফেব্রুযারি) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই আমাদের সরকার ও দলের বক্তব্য। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি গ্রাম নিয়ে আমরা উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এ ব্যাপারে কথা বলবে। যতই উস্কানি আসুক, আমরা প্রতিক্রিয়া দেবো না।”

    ওবায়দুল কাদের বলেন, “ওই দেশের অভ্যন্তরীণ থেকে ছোড়া মর্টারের শেল পড়ছে আমাদের সীমান্তে। এরইমধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আবার আকাশসীমাও লঙ্ঘন করছে; তাদের নিজেদের সমস্যার কারণে আমরা সমস্যার সম্মুখিন হব কেন? এতে জাতিসংঘ এবং চীনের উদ্যোগ নেয়া উচিত।”

    তিনি বলেন, “এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাদের নিজস্ব, তবে তা পাশের দেশের জন্য যাতে আতংকের না হয় এটা তাদেরকেই দেখতে হবে। এ ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন। চীনের রাষ্ট্রদূতকে বলেছি, যেহেতু মিয়ানমার চীনের কথা শোনে, তাই তাদেরও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সহযোগিতার আহবান জানিয়েছে চীনকে।”

    বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এক সাথে কাজ করার অঙ্গীকার জানানোর পর বিএনপি এখন কি করবে? তাদের এখন কি বলার আছে? ক্ষমতায় বসানোর জন্য কে আসবে? ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতায় আসার সহায়তা কে করবে?”

    তিনি বলেন, “দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছে, নির্বাচন থেকে সরে গিয়ে নির্বাচন প্রতিহতের চেষ্টায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের চেষ্টায় কোনো সুফল আসেনি। বিশেষ করে ভিসা নীতি বা নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকেনি।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিরেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন ।

  • ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে কাজ করছে: সেতুমন্ত্রী

    ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে কাজ করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে কাজ করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনে বলেন, “ভূরাজনৈতিক কৌশলে চীন ও ভারত, মিয়ানমার ইস্যুতে আলাদাভাবে কাজ করছে। এটা আমাদের ইস্যু না।”

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। এটা সীমান্তে চলে এসেছে। তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে। ”

    তিনি আরও বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরাও তাদের সঙ্গে কাজ করব। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এখন গায়ে পড়ে সংকট বাধানোর কারো লাভ নেই। সম্পর্ক থাকুক, সামনে সম্পর্কের আরো উন্নয়ন হউক। এটা যার যার স্বার্থে আমাদের প্রয়োজন। আমেরিকারও ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট আছে, আমাদেরও আছে।”

    রোহিঙ্গা ইস্যুতে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “এ ক্ষেত্রে চীন ভূমিকা নিতে পারে। মিয়ানমার যেন তাড়াতাড়ি রোহিঙ্গাদের ফেরত নেয় এ জন্য সহযোগিতাও চাওয়া হয়েছে।”

    সেতুমন্ত্রী বলেন, “মার্কিন মুখপাত্র মিলার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়েছেন। তারা নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এটা বলেনি।”

  • আমরা কোনো যুদ্ধ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

    আমরা কোনো যুদ্ধ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: আমরা কোনো যুদ্ধ চাই না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। এটা প্রধানমন্ত্রী সবসময় আমাদের নির্দেশনা দিয়ে রেখেছেন। তার মানে এই নয় যে আমাদের গায়ে এসে পড়বে আর আমরা ছেড়ে দেব। সেটার জন্য আমরা সবসময় তৈরি আছি।”

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারে যে যুদ্ধ চলছে তা কতদিন চলবে আমরা জানি না। আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেব না। আমাদের বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি।”

    আমরা সীমান্তে শক্তি বৃদ্ধি করেছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে বলে দিয়েছি এবং কোস্ট গার্ডকেও নির্দেশনা দিয়েছি যাতে কোনোভাবেই আমাদের সীমানায় কেউ অনুপ্রবেশ করতে না পারে। সে ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি।”

    নতুন করে রোহিঙ্গাদের আর প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত একটিই, সীমান্তে এখন যুদ্ধ চলছে, এখানে এখন কারো আসা উচিত হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে, তাদের ওখানে যুদ্ধ হচ্ছে, তারা অন্য কোথাও যাবে। এই মুহূর্তে আর কাউকে আমরা ঢুকতে দেব না।”

    মন্ত্রী আরও বলেন, “মানবাধিকারের প্রশ্ন এখন আসবে না, কারণ যুদ্ধ চলছে। গোলাগুলি চলছে। এখানে কারো আসা উচিত হবে না। যে-ই আসবে, তাকে সাথে সাথে আবার মিয়ানমারে পাঠিয়ে দেব।”

    এখানে উল্লেখ থাকে যে, আজ বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। গোলাগুলির ভয়াবহতা দেখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৪ জন সদস্য।

  • উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: উন্নয়নের সকল সূচকে আজ বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, “উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে এবং বিএনপি-জামায়াতের পলিটিক্স অব ডিনায়াল এবং পলিটিক্স অব কনফ্রন্টেশন অর্থাৎ সবকিছুতে না বলার অপসংস্কৃতি ও সাংঘর্ষিক রাজনীতি যদি না থাকতো, তাদের জ্বালাও-পোড়াও যদি না থাকতো, দেশ আরও বহুদূর এগিয়ে যেত।”

    পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।”

    বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব কালচার মিলনায়তনে বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম ও বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

    ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ও সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল কাসেম, ড. ফারুক মির্জা, মোতাহার চৌধুরী, মনির হোসেন পলিন প্রমুখ।

    এ সময় রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন, স্মরণ করিয়ে দেন তিনি।

    প্রবাসী বক্তারা তাদের বক্তৃতায় বেলজিয়ামে দীর্ঘ সময় অধ্যয়নকারী হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বাংলাদেশ কমিউনিটি বেলজিয়ামের পক্ষ থেকে মন্ত্রী হাছান মাহমুদকে ফুল ও সংবর্ধনা স্মারক দেন।

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে নেমেছে র ্যাব

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাঠে নেমেছে র ্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: প্রতি বছর রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কারসাজি করে বাড়িয়ে দেয় কিছু ব্যবসায়ী। অনেক সময় দেখা যায় মজুতদারি ও যানবাহনে চাঁদাবাজির কারণেও পণ্যের দাম বেড়ে যায়। এই অবস্থায়  আসন্ন রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান মজুতদারি ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

    পুলিশের এলিট ফোর্স র‌্যাব বলছে, সবজিসহ নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধিতে যারা কারসাজি করছে, যারা পণ্য মজুত করে দাম বৃদ্ধির চেষ্টা করবে, তাদের পরিচয় যাই হোক শনাক্ত করে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

    এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান পরিচালনার জন্য প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশ দিয়েছে র‌্যাব।

    খন্দকার আল মঈন বলেন, “এলিট ফোর্স র‌্যাব সবসময় এ ধরনের জনসম্পৃক্ত ঘটনায় অভিযান পরিচালনা করে থাকে। আজ থেকে সবজিসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ও মজুতদারি বন্ধে অভিযান পরিচালনা করা হবে।”

    কমান্ডার মঈন বলেন, “সম্প্রতি একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে নামে-বেনামে চাঁদাবাজদের মাধ্যমে সিন্ডিকেট করে চাঁদাবাজি করছে, চাঁদাবাজির কারণে অনিয়ন্ত্রিত ও অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। গোয়েন্দা নজরদারি পরিচালনায় আমাদের প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নামে-বেনামে সিন্ডিকেট করে চাঁদাবাজি করছে, জনদুর্ভোগ সৃষ্টি করছে, নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    কমান্ডার মঈন আরও বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এই ধরনের মজুতদার ও সিন্ডিকেটের মাধ্যমে সবজিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে যারা কারসাজি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সামনে রমজান। রমজানে যেন নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকে সেজন্য র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজ মজুতদার ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে যারা কারসাজি করছে তাদেরও শনাক্ত করা হবে।”

    তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা ইচ্ছেকৃত কারসাজি করে রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করবে, এখন করছে তাদের শনাক্ত করে কঠোর ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। সে যেই হোক, তারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও হয়, সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না, কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

  • আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

    আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: আজ সকালে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। আর এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

    আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ৯টা ২৩ মিনিটে শেষ হয়। ২২ মিনিট পর্যন্ত চলেছে এবারের আখেরি মোনাজাত।

    মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। এই সময় ময়দানসহ আশপাশের সড়কগুলো একেবারে নিস্তব্ধ ছিলো।

    বিশ্ব ইজতেমা-২০২৪ এর প্রথম পর্বের আখেরি মোনাজাত চলাকালীন ময়দান ও আশপাশের সড়ক ও এলাকার পরিবেশ ছিল একেবারে শান্ত। সড়কগুলোতে যে যার মত বসে অংশ নেয় মোনাজাতে।

    আজ ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময়, নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

    বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি এসেছেন ইজতেমা ময়দানে। গত ২ ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান করে ইবাদত-বন্দেগি করেছেন।

    এদিকে ইজতেমা ময়দানের মুসল্লিদের যাতায়াত সহজ করতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে গাজীপুরের তিনটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। আজ রবিবার দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হয়।

    সড়ক তিনটি হলো, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নুগেট সড়ক।

    সিদ্ধান্ত অনুযায়ী, এসব সড়কে ইজতেমার মুসল্লি বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না। তবে জরুরি প্রয়োজনীয় গাড়ি যেমন- অ্যাম্বুলেন্স, গণমাধ্যমকর্মী বা বিভিন্ন সেবা প্রদানকারী গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

  • ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহী

    ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ।

    আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।

    সাক্ষাৎকালে ইউরোপীয় কমিশনাররা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউয়ের সহযোগিতা বৃদ্ধি ও জোরদার করার মাধ্যমে একত্রে কাজের আগ্রহের কথা জানান।

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গেও এদিন ফলপ্রসূ মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এদিন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্কে ব্রুইনস স্লট অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেস ক্রাভিনহো, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিসের সঙ্গে বৈঠক করেন।

    বৈঠকগুলোত মন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির অনুরোধ জানান।

    পাশাপাশি লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জেভিয়ার বেটেল এবং স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজনের সঙ্গেও মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

  • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক ও বর্জ্য মুক্ত হতে হবে: পরিবেশমন্ত্রী

    শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক ও বর্জ্য মুক্ত হতে হবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক ও বর্জ্য মুক্ত হতে হবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “শুধু প্লাস্টিক নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের বর্জ্য মুক্ত হতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষরোপণ করতে হবে। প্লাস্টিকের ভয়াবহ দূষণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ জন্য স্কুল, কলেজের সিলেবাসে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।”

    আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করতে চাই। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক বর্জ্য মুক্ত হলে তাদের সঙ্গে জড়িত হাজার হাজার পরিবারও প্লাস্টিকের ক্ষতিকর দূষণ সম্পর্কে জানতে পারবে।”

    তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাই। মন্ত্রী এ সময় প্রতিষ্ঠানটির বিজ্ঞানাগারসহ সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।”

    অনুষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহেলী পারভীন-সহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

    মশাল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ এবং দেশাত্মবোধক ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান রয়েছে: আরেফিন সিদ্দিক

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান রয়েছে: আরেফিন সিদ্দিক

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান রয়েছে, বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনেও শেরে বাংলা এ কে ফজলুল হকের অনেকে অবদান রয়েছে। বাংলা একাডেমিতে তার অবদান রয়েছে। এ রকম বহু অবদান রয়েছে। তিনি অনেকগুলো পদে থেকে দায়িত্ব পালন করেছেন। তিনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গভর্নর, অ্যাডভোকেট, মন্ত্রী এ রকম অসংখ্য পদের দায়িত্ব তিনি পালন করেছে।”

    আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গ্রন্থকানন’ আয়োজিত শেরে বাংলার কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং পদক প্রদান অনুষ্ঠান ২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আরেফিন সিদ্দিক বলেন, “শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতিশক্তি অনেক প্রখর ছিল। তিনি ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। বাংলাদেশের জন্য তার যে অবদান সেটি বলে শেষ করা যাবে না। বর্তমান বাংলাদেশের পেছনেও তার অনেক অবদান রয়েছে।”

    তিনি আরও বলেন, “শেরে বাংলা এ কে ফজলুল হক বিরল বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এ ধরনের মানুষ সবসময় জন্মগ্রহণ করে না। তাকে স্মরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তার মধ্যে কোনো ধরনের ব্যক্তি স্বার্থ ছিল না। তিনি দেশের জন্য কাজ করে গেছেন। তিনি সততার সঙ্গে জীবনযাপন এবং দায়িত্ব পালন করেছেন। ফজলুল হক, বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী তারা সম্মিলিতভাবে আমাদের এই স্বাধীন দেশ এনে দিয়েছেন।”

    কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালামের সভাপতিত্বে আলোচনা সভা ও অনুষ্ঠানে কবি, রম্য লেখক ও প্রকাশক শাহজাহান আবদালীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

    বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

    www.HelloBangla.News – জাতীয় – ২ ফেব্রুয়ারি ২০২৪: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শুক্রবার (২ ফেব্রুযারি) অভিনন্দন জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস, গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন।

    শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস লিখেছেন, ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

    তিনি বলেন, ফিলিপাইন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্বের জন্য নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ অন্যান্য দেশগুলোর সাথে যোগ দেয়। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আমাদের উভয় জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইচ্ছাকে পুনর্ব্যক্ত করছি।

    ফিলিপাইনের প্রেসিডেন্ট আরো বলেন, আমি আপনার সাফল্য কামনা করি। কারণ আপনি আপনার দেশকে আরও অব্যাহত উন্নয়ন এবং অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের রায় পেয়েছেন।

    শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো অ্যাডামা লিখেছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া সরকারের প্রতিশ্রুতি নবায়ন করার এই সুযোগটি নিতে চাই।

    গাম্বিয়ার সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ায় আপনাকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

    প্রেসিডেন্ট অ্যাডামা বলেন, আমি আপনাকে পুনরায় নিশ্চিত করতে চাই, গাম্বিয়া সরকার গাম্বিয়া প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে মূল্য দেয়।

    ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে বলেন, আমি এই গুরুত্বপূর্ণ এই পদে আপনার সাফল্যের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলোতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি, ঐক্য, প্রবৃদ্ধি এবং প্রতিটি সাফল্য কামনা করছি।

    ডোরেন বোগদান-মার্টিন উল্লেখ করেছেন, আইটিইউ বছরের পর বছর ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের মাধ্যমে সার্বজনীন সংযোগ এবং একটি টেকসই ডিজিটাল দেশে রূপান্তর করার জন্য বাংলাদেশের সাথে সহযোগিতা করেছে।

    তিনি আরো বলেন, আমি আইসিটি’র মাধ্যমে টেকসই উন্নয়নের অগ্রগতিতে আপনার দেশের অব্যাহত প্রতিশ্রুতি এবং পদক্ষেপকে সাধুবাদ জানাই। আমি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের অব্যাহত সহযোগিতার প্রত্যাশা করছি।

    মহাসচিব আরও বলেন, জেনেভাতে আমার অফিস এবং ব্যাংককে অবস্থিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইটিইউ আঞ্চলিক অফিসের মাধ্যমে, আমি আপনাকে বাংলাদেশ ও আইটিইউ-এর মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রাখতে আমার পূর্ণ সমর্থনের নিশ্চয়তা দিতে পারি।

    তিনি বলেন, আমরা আপনার দেশকে টেলিকমিউনিকেশন এবং আইটি ক্ষেত্রে যেকোনো উপায়ে সহায়তা করার জন্য বরাবরের মতো প্রস্তুত এবং ভবিষ্যতেও অব্যাহত সফল সহযোগিতার জন্য অপেক্ষায় আছি।