Category: বাংলাদেশ

  • বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে, বলে জানিয়েছেন প্রধামনমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বেশ কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে ক্লিনিক্যাল কেয়ার, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। সার্বজনীন স্বাস্থ্য কর্মসূচি প্রদানে সরকারের সাংবিধানিক ও বৈশ্বিক অঙ্গীকারের অংশ হিসেবে গ্রামীণ পর্যায়ে প্রায় ১৮ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।”

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগ ‘বায়োব্যাংকিং উইথ বাংলাদেশ: এ জয়েন্ট অ্যাপ্রোচ টু ডিজিজ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে ন্যাশনাল বায়োব্যাংক প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রী বলেন, “নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ডাটা অবকাঠামোসহ বায়োম্যাটেরিয়ালের সংকটের কারণে বৃহত্তর চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে থাকছে। বায়োব্যাংক চিকিৎসা এবং জীবন বিজ্ঞান শাখার অন্যান্য শাখায় উদ্ভাবন এবং আবিষ্কারের প্রচার করবে। এটি রোগ নির্ণয়, প্রতিরোধ এবং ব্যক্তিগত দক্ষতা সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে।”

    তিনি বলেন, “চিকিৎসা খাতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা চালু করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বাংলাদেশে প্রতিস্থাপন গবেষণা সক্ষমতা উন্নয়নের জন্য একটি বিশ্বমানের বায়োব্যাংক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    প্রধানমন্ত্রী বলেন, “২ হাজার ৬৫০ শয্যার হাসপাতাল, আটটি অনুষদ, ৬৮টি বিভাগ এবং প্রায় ৫০০ অনুষদ সদস্য নিয়ে বাংলাদেশের শীর্ষ স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সুবিধা রাখার সক্ষমতা রয়েছে। তিনি ব্যক্তি ও সংস্থাকে বাংলাদেশের সঙ্গে একটি সমন্বিত কৌশলগত সহযোগিতা গঠন এবং বাংলাদেশ ও এর বাইরে লাখ লাখ নাগরিকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দেওয়ার জন্য স্বাগত জানান।”

    তিনি আরও বলেন, “এই বায়োব্যাংকে অবদান রাখা কেবল আর্থিক পছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মানবিক কাজ, এমন একটি বিশ্বের আশার প্রতীক যেখানে প্রত্যেকের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ রয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “এটি জীবন সংরক্ষণ, পরিবারের সুরক্ষা এবং একটি জাতির ক্ষমতায়নের প্রতীক, যা আঞ্চলিকভাবে সামগ্রিক গবেষণা সক্ষমতায় অবদান রাখবে।

    তিনি বলেন, “আসুন আমরা এই বায়োব্যাংককে বাস্তবে রূপ দিতে একসঙ্গে কাজ করি। এটি আমাদের আশার প্রতীক, যা আরও ভাল স্বাস্থ্যকর বিশ্বের দিকে পরিচালিত করবে।”

  • এবারের বইমেলার আঙ্গিকগত পরিবর্তন এসেছে মেট্রোরেলের কারণে

    এবারের বইমেলার আঙ্গিকগত পরিবর্তন এসেছে মেট্রোরেলের কারণে

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: এবার অমর একুশে বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুন্ন রাখা গেলেও কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে । আর এটা হয়েছে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে। বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট এলাকাজুড়ে। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট, অর্থাৎ মোট ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। আর এবার বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৪ এর সার্বিক প্রস্তুতি বিষয়ে বাংলা একাডেমির পক্ষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

    একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা এই সংবাদ সম্মেলনে অংশ নেন।

    এবারের মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, “এবার বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।”

    মুজাহিদুল ইসলাম বলেন, “বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত ‘Collected Works of Sheikh Mujibur Rahman : Volume-2’ সহ কয়েকটি নতুন বইয়ের গ্রন্থ-উন্মোচন করবেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করবেন।”

    গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব বলেন, “বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকেন৭৬৪টি ইউনিট অর্থাৎ মোট ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন থাকবে।”

    এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ন রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির হওয়ার পথ এবার একটু সরিয়ে মন্দির গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট ৮টি প্রবেশ ও বাহিরপথ থাকবে।”

    তিনি বলেন, “খাবারের স্টলগুলোকে এবার এমনভাবে সুবিন্যস্ত করা হয়েছে যেন এলোমেলোভাবে খাবারের স্টল বইমেলায় আগত পাঠকের মনোযোগ বিঘ্নিত না করে। তাছাড়া নামাজের স্থান, ওয়াশরুমসহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে।”

    বইমেলার শিশু চত্বরের বিষয়ে তিনি বলেন “গতবছরের মতো এবারো শিশুচত্বর মন্দির গেটে প্রবেশের ঠিক ডানদিকে বড় পরিসরে রাখা হয়েছে। সেখানে শিশুরা অবাধে বিচরণ করতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারবে। এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।”

    মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, “প্রতিদিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির ৩টি প্যাভিলিয়ন এবং শিশুকিশোর উপযোগী প্রকাশনার বিপণনের জন্য ১টি স্টল থাকবে।”

    মেলার সদস্য সচিব জানান, “প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে। এছাড়া অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।”

    সংবাদ সম্মেলনে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, “এবারের বইমেলা অধিবর্ষের বইমেলা। ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।”

     

    নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে বইমেলা ও চারপাশ:

    বাংলা একাডেমি থেকে বলা হয়েছে, বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলায় এলাকাজুড়ে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। বইমেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে।

    মেলাপ্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় (সময় মেলাপ্রাঙ্গণ ও দোয়েল চত্বর থেকে টিএসসি হয়ে শাহবাগ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে শাহবাগ পর্যন্ত এবং দোয়েল চত্বর থেকে শহীদ মিনার হয়ে টিএসসি, দোয়েল চত্বর থেকে চাঁনখারপুল, টিএসসি থেকে নীলক্ষেত পর্যন্ত) নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। একইসঙ্গে মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত ধুলা নিবারণের জন্য পানি ছিটানো এবং প্রতিদিন মশক নিধনের সার্বিক ব্যবস্থা থাকবে।

     

    সেরা বইয়ের জন্য প্রকাশককে দেওয়া হবে পুরস্কার:

    অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। একইসঙ্গে ২০২৩ সালের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা বই প্রকাশের জন্য ৩টি প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।

    এছাড়া ২০২৩ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য ১টি প্রতিষ্ঠানকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।

     

    নান্দনিক স্টলের জন্যও দেওয়া হবে পুরস্কার:

    আয়োজকরা বলছেন, এবছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। একইসঙ্গে এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমির পক্ষ থেকে নতুন ও পুনর্মুদ্রিত ১০০টি বই থাকবে বলেও জানানো হয়েছে।

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিরা কাজ করবে: সেতুমন্ত্রী

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিরা কাজ করবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিরা কাজ করবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আজকের বিশ্ব পরিস্থিতি পৃথিবীময় অর্থনীতির ওপর চরম আঘাত এনেছে। আজকে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবে।”

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

    বিএনপি’র কালো পতাকা কর্মসূচিকে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ কর্মসূচী প্রত্যাহার করা না হলে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পাহারায় যাবে আওয়ামী লীগ। সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।”

    সেতুমন্ত্রী বলেন, “ত্রুটিমুক্ত গণতন্ত্র কোথাও নেই। আমাদের গণতন্ত্র রাতারাতি ত্রুটিমুক্ত হবে না। বিএনপি দেশে যে অগ্নিসন্ত্রাস করেছে তা গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে। যারা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন তারা কেউ ত্রুটিপূর্ণ নির্বাচন বলেনি। খোদ যুক্তরাষ্ট্রও বলেনি।”

    তিনি বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে একটা প্রতিক্রিয়া ছিল ওয়াশিংটনের। কিন্তু  ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কথা বলেছেন। ইউরোপের বিভিন্ন দেশও একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। জাতিসংঘ মহাসচিবও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। ”

    টিআইবি বলছে এশিয়ার মধ্যে দুর্নীতিতে বাংলাদেশ চার নম্বরে আছে, এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “এসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট আছে। বিশ্বজুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব সেখানে অবস্থানগতভাবে কোনো কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান। ওখানে কারো স্বার্থ সংরক্ষণের জন্য এসব কমেন্ট করা হয়। এসব অপবাদ দেওয়া হয়। এটা অতীতেও দেওয়া হয়েছে। আমরা এগুলোর পরোয়া করি না।”

    মন্ত্রীসভার কলেবর বড় হচ্ছে কি না’ এমন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এটা বাড়তে পারে একটু। কারণ এখানে রিজার্ভ সিটগুলো, মহিলাদের জন্য সংরক্ষিত যে আসন সে আসনে নির্বাচন শেষ হলে সেখান থেকেও যুক্ত হতে পারে। এর সঙ্গে প্রধানমন্ত্রী যদি আরও ইচ্ছা করেন তিনি যুক্ত করতে পারেন।”

    ব্রিফিংয়ের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন ও আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ ।

  • ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: ড. ইউনূসের মামলার বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  “ড. মুহাম্মদ ইউনূস প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। বাংলাদেশের বিচার প্রক্রিয়া স্বচ্ছ বলে ক্ষমতাসীন দলের অনেকেই বিচারের সম্মুখীন হয় ও জেলে যায়। ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়। যেসব শ্রমিক কর্মচারী বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে।”

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ ড. মুহাম্মদ ইউনূসের বিচারের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এটি ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমাদের দেশের পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয়, সেভাবে নয়। এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে, লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত, তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে এসেছে। গতকাল (সোমবার) তারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করতে। তাদের কেউ কেউ আরও ১০ বছর আগে আমাদের এখানে এসেছিলেন। তারা সেই উন্নয়নের প্রশংসা করেছেন। ১০ বছরে অনেক পরিবর্তন হয়েছে এখানে। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে। বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছে।”

    গাম্বিয়া আইসিজেতে (আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত) রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি মামলা করেছিল। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না– জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। আমি সবার সাহায্য কামনা করেছি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ যেন মিয়ানমারের ওপর বৃদ্ধি করা হয়। এজন্য তাদের সবার সাহায্য কামনা করা হয়েছে।”

    আলোচনায় অংশ নিয়েছিলেন বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত কয়কুং, চেক প্রজাতন্ত্রের অনাবসিক রাষ্ট্রদূত ডঃ ইলিছকা জিগোভা, গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্টভান স্যাভো, জামাইকার অনাবাসিক রাষ্ট্রদূত জেসন কে. হল, লুক্সেমবার্গের অনাবাসিক রাষ্ট্রদূত পেগী ফ্রান্টজেন, মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড ডামবাজাব, উত্তর মেসিডোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত স্লোবোডান জুনব, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জাবিয়ার ম্যানিউল পাওলিনিচ ভেলারডি, স্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মাতেজা ভদেব ঘোষ, উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবেরতো এ.গুয়ানি, ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত কাপায়া রদ্রিগেজ গনজালেজ ।

    এর আগে গতকাল সোমবার বিকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বাঙালি মুক্তির এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত ।

  • বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ১১টি নির্দেশনা

    বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ১১টি নির্দেশনা

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: টঙ্গীতে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দুই পর্ব। আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম পর্ব  এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় পর্ব। অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ১১টি নির্দেশনা দিয়ে সেগুলো মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান। এসময় তিনি ১১টি নির্দেশনা তুলে ধরেন।

     

    নির্দেশনাগুলো হলো:

    ১. ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং প্রয়োজনে সহযোগিতা নেবেন।

    ২. নির্ধারিত খিত্তায় অবস্থান করবেন এবং অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তি এবং কোনো পোটলা, ব্যাগ বা সন্দেহজনক বস্তুর উপস্থিতি দেখামাত্র তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করবেন।

    ৩. টাকা, মূল্যবান সামগ্রীসহ একাকী বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করবেন না এবং সবসময় টাকা ও মূল্যবান সামগ্রী নিজ হেফাজতে রাখবেন। টাকা ও মূল্যবান সামগ্রী চুরি বা হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করবেন।

    ৪. হকার ও ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের কাছ থেকে খাদ্য বা পানীয় গ্রহণে অজ্ঞান পার্টি ও মলম পার্টির কবলে পড়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে।

    ৫. মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে ইজতেমা চলাকালে প্রধান সড়কসমূহ ও পার্শ্ববর্তী এলাকায় তাঁবু খাটাবেন না কিংবা অন্য কোনোভাবে সড়ক ও পার্শ্ববর্তী এলাকা ব্যবহার করবেন না।

    ৬. অসুস্থ হলে ইজতেমার জন্য নির্ধারিত অস্থায়ী হাসপাতাল ও নিকটবর্তী হাসপাতাল, স্বাস্থ্যসেবা কর্মী বা প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা নেবেন।

    ৭. গুজব শুনলে বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে ধৈর্য ধরে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করবেন।

    ৮. ট্রেনে নাশকতা সম্পর্কে তথ্য জানতে পারলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী থানা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাবেন।

    ৯. রান্না করার সময় আগুন থেকে দুর্ঘটনা নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক থাকবেন। খিত্তা এলাকায় বা নিজেদের অবস্থানস্থলে ধূমপান করবেন না। খিত্তায় সবসময় পানি মজুত রাখবেন।

    ১০. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগরীর প্রগতি সরণি থেকে টঙ্গী ফ্লাইওভার পর্যন্ত, গাজীপুর মহানগরীর টঙ্গী ফ্লাইওভার থেকে চৌরাস্তা ও পার্শ্ববর্তী এলাকার প্রধান সড়কের ৫০ গজের মধ্যে মাইক লাগাবেন না।

    ১১. জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনে কিংবা অন্য কোনো যানবাহনে চলাচল করবেন না।

    জরুরি প্রয়োজনে ইজতেমাস্থলের নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতেও বলা হয়েছে। এক্ষেত্রে যেসব নম্বরে যোগাযোগ করা যাবে-

     

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ:

    উপ-পুলিশ কমিশনার, উত্তরা- ০১৩২০-০৪১৭৪০, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এয়ারপোর্ট)- ০১৩২০-০৪১৭৪১, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণখান)- ০১৩২০-০৪১৭৪২, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তরা)- ০১৩২০-০৪১৭৪৩, সহকারী পুলিশ কমিশনার (উত্তরা)- ০১৩২০-০৪১৭৫৪, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট)- ০১৩২০-০৪১৭৫৭, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন)- ০১৩২০-০৪৩৯৫৫, অফিসার ইনচার্জ, উত্তরা পূর্ব থানা- ০১৩২০-০৪১৭৮৯, অফিসার ইনচার্জ, উত্তরা, পশ্চিম থানা- ০১৩২০-০৪১৮১৭, অফিসার ইনচার্জ, তুরাগ থানা- ০১৩২০-০৪১৮৪৫, ট্রাফিক কন্ট্রোল রুম- ০১৭১১-০০০৯৯০।

     

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ:

    উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)- ০১৩২০-০৭০৩৩০, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)- ০১৩২০-০৭০৬৪১, সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন)- ০১৩২০-০৭০৬৫৮, অফিসার ইনচার্জ, টঙ্গী পশ্চিম থানা- ০১৩২০-০৭০৭৫১, ডিউটি অফিসার, টঙ্গী পশ্চিম থানা- ০১৩২০-০৭০৭৫৯, অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা- ০১৩২০-০৭০৭২২, ডিউটি অফিসার্র, টঙ্গী পূর্ব থানা- ০১৩২০-০৭০৭৩০, ডিউটি অফিসার্র, টঙ্গী পূর্ব থানা- ০১৩২০-০৭০৭৩০, ইজতেমা কন্ট্রোল রুম (হটলাইন)- ০১৩২০-০৭২৯৯৯, কন্ট্রোল রুম, জিএমপি- ০১৩২০-০৭২৯৯৮, ট্রাফিক কন্ট্রোল রুম-০১৩২০-০৭১২৯৮।

     

    র‍্যাব :

    র‍্যাব-১ কন্ট্রোল রুম- ০১৭৭৭৭১০১৯৯, র‍্যাব হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম- ০১৭৭৭-৭২০০২৯ এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

  • রমজানে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    রমজানে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

    বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

    এদিকে জানা গেছে, রমজান ঘিরে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় দাম কমেছে ছোলা, মসুর ডাল ও মোটরসহ মসলা জাতীয় পণ্যের। তবে দাম বেড়েছে মুগডালের।

    চট্টগ্রাম সমুদ্রবন্দরে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, গত ৬ মাসে ছোলা আমদানি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২২৭ মেট্রিক টন। খেজুর আমদানি হয়েছে ৪৪ হাজার ৬৩৪ মেট্রিক টন।

  • কাল থেকে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু

    কাল থেকে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: আগামী কাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হবে । বিকাল ৩ টায়  বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।এরইমধ্যে প্রথম  অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

    চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী জানিয়েছে, অধিবেশনর সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বিন্যাসের কাজও চূড়ান্ত। নবনির্বাচিত সংসদ সদস্যরা ওরিয়েন্টশন কর্মসুচিতে অংশ নিয়েছেন।

    নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছেন।সরকারী দল আওয়ামী লীগ সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারও  ভোটে তারা বিজয়ী হবেন। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাবেন।

    শপথ নেওয়ার পর  নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশনের বৈঠক। বৈঠক শুরুর পর নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করার পর মোনাজাত শেষে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করবেন। আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে।

    উল্লেখ্য, দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

    এখানে উল্লেখ থাকে যে, একাদশ জাতীয় সংসদের মেয়াদ আজ ২৯ জানুয়ারী শেষ হচ্ছে। এই সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ২০২৩ সালের ২ নভেম্বর  ২৫ তম অধিবেশন শেষ হয়। সর্বশেষ ২৫ টি অধিবেশনে মোট ২৭২ কার্যদিবস পর্যন্ত চলে ।

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৌশল অবলম্বন করতে হবে: সেতুমন্ত্রী

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৌশল অবলম্বন করতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৌশল অবলম্বন করতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “ব্যবসায়ীরা কথা রাখবে, মিষ্টি কথায় তো চিড়ে ভিজে না। কথা যেভাবে বলতে হয় সেভাবেই বলতে হবে আমাদের। যে অ্যাকশনের দরকার সে অ্যাকশন নিতে হবে। শুধু হুমকি ধমকি দিয়ে সমস্যার সমাধান হবে না। এখানে অ্যাকশন নিতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কারণ আমাদের দেশের যে বাস্তবতা, সবকিছু ডাণ্ডা মেরে ঠান্ডা করা যায় না। কিছু কিছু কৌশলেও যেতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে। এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে দ্রব্যমূল্য। বাজার নিয়ন্ত্রণ এ বিষয়টা চ্যালেঞ্জ।”

    আজ সোমবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “কথায় কথায় কাউকে ধমক দিলে সমস্যার সমাধান হবে না । যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে পজিটিভ অ্যাকশনে যেতে হবে।”

    বিএনপির নেতা মঈন খানকে উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “মঈন খান সাহেবদের দল ৭৫ এর বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে তারপর ৩ নভেম্বর, একুশে আগস্টে আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আল বদরের দল। গর্হিত বক্তব্য দেয়ার জন্য মঈন খানকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে।”

    তিনি বলেন, “একেক বার একেকটা নিয়ে বিএনপি আজকে অপপ্রচার করছে। আজকে দেশের কারাগার গুলোতে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাদের সর্বমোট মিলিয়ে ১০ হাজারের মতো বন্দি আছে। অথচ তারা আজকে জাতিসংঘ ও মার্কিন কংগ্রেসম্যানদের কাছে অপপ্রচার করেছে। মিথ্যা তথ্য পরিবেশন করে তাদেরকে দিয়ে বলাচ্ছে, যে বাংলাদেশে ২৫ হাজার বিএনপি নেতাকর্মী জেলে আছে তাদেরকে মুক্তি দিতে হবে।”

    স্থানীয় নির্বাচন থেকে দলীয় প্রতীক সরিয়ে দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “আমি যদি বলি কোন্দল নিরসনের জন্য আমাদের কৌশল নিতে হয়েছে। ইলেকশনে (জাতীয় নির্বাচনে) আমরা কৌশল নিয়েছি স্বতন্ত্রদের ইলেকশন করতে দিয়েছি। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিল তারা নির্বাচন করেছে। সে কৌশলের তো বিজয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নতুন চমকের বিজয় তো হয়েছে।”

  • আজ থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে

    আজ থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ (এমআরটি) এর কাজ আজ সোমবার (২৯ জানুয়ারি) থেকে শুরু হবে। তাই বিমানবন্দর সড়কে তীব্র যানজট হতে পারে। এ অবস্থায় ওই সড়কে চলাচলকারী যানবাহনকে সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মেট্রোরেলের পর আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল সেবা চালু হলে রাজধানীতে যানজট লাঘব হবে।

    ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।

    বিশেষ ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-৬ নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় আগামী ২৯ জানুয়ারি রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

    এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

    এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন। ৩১ দশমিক ২৪ কিলোমিটার রেললাইনের দুটি অংশ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ যাবে মাটির নিচ দিয়ে এবং নতুন বাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) পর্যন্ত প্রায় ১১ দশমিক ৩৬ কিলোমিটার যাবে মাটির উপর দিয়ে।

  • আগামীকাল থেকে শুরু হতে পারে মাঘের বৃষ্টি

    আগামীকাল থেকে শুরু হতে পারে মাঘের বৃষ্টি

     

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: সারা দেশেই এবার শৈত্যপ্রবাহ চরম আকার ধারণ করেছে এবং তা বেশ কিছু দিন স্থায়ী হয়েছে। শুধু তাই নয় ঢাকাতেও এবার বেশ কিছুদিন শীন অনুভূত হয়েছে। গত সপ্তাহেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

    এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি। যা পরবর্তী ৪/৫ দিন বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে ।

    গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। রোববার ৪৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিলো। আজ সোমবার (২৯ জানুয়ারি) ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

    আগামী কয়েকদিনও বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে। তীব্র শীতে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে।

    সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে যা তেঁতুলিয়ায় ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও বেশ শীত অনুভূত হচ্ছে।

    আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

    মঙ্গলবার ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    তবে বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ওইদিনও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।