Category: বাংলাদেশ

  • নিজের লেখা ২টি বই এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    নিজের লেখা ২টি বই এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ওপর তাঁর রচিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

    শেখ হাসিনার রচিত বই ‘সকলের তরে সকলে আমরা’-তে তাঁর জাতিসংঘে দেওয়া ১৯টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে।

    এছাড়া প্রধানমন্ত্রীর রচিত অপর গ্রন্থ ‘আবাহন’ এ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর গুরুত্বপূর্ণ ভাষণগুলো স্থান পেয়েছে।

    প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম. নজরুল ইসলাম বই দু’টির গ্রন্থনা ও সম্পাদনা করেন

    সূত্র: বাসস

  • শপথ নিলেন আওয়ামী লীগের ৪৮ জন নারী সংসদ সদস্য

    শপথ নিলেন আওয়ামী লীগের ৪৮ জন নারী সংসদ সদস্য

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: সংরক্ষিত নারী আসনের সরকারি দল আওয়ামী লীগের ৪৮ জন শপথ নিয়েছেন। সংসদে মোট সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।

    আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন তারা।

    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

    এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

    জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধীদল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল দুটি আসনে।

  • মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: আইজিপি

    মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থাকবে না, বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, “আমাদের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে সাধারণ মানুষের চেয়েও বেশি ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা থাকলে শুধু মামলা দেওয়া হয়। আর পুলিশ সদস্যদের মাদক সেবনের প্রমাণ পেলেই চাকরি থাকবে না। চাকরিও যাবে মামলাও হবে। পুলিশ সদস্যদের হাতে মাদক থাকলেই চাকরি থাকবে না।”

    আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’স ব্যাজ) ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ইউনিটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা।

    আইজিপি বলেন, “নিয়োগের সময় আমরা প্রতিটি সদস্যকে ডোপ টেস্টের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকি। যারা মাদকাসক্ত তাদের সতর্ক করে দিচ্ছি, মাদকাসক্ত হলে কেউ চাকরি পাবে না।”

    পুলিশপ্রধান বলেন, “মাদক ও দুর্নীতি সমাজের নীরব ঘাতক। মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ জয়ী হবে। জঙ্গি-সন্ত্রাস যেভাবে নিয়ন্ত্রণে এসেছে, সেভাবে মাদক নিয়ন্ত্রণেও সফল হতে হবে। সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জঙ্গি-মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের শূন্য সহিষ্ণুতা নীতি রয়েছে। যে কোনো ঘটনা ঘটলে দ্রুততম সময়ে আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছি।”

    তিনি আরও বলেন, “পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যাতে সবাই নির্ভয়ে থানায় আসতে পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। বেশির ভাগ থানাতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা রেঞ্জ ডিআইজি অফিস থেকে মনিটরিং করা হচ্ছে। পুলিশের প্রত্যেকটি সদস্য সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন দিয়ে পুলিশ সদস্যরা সেটি প্রমাণ করেছেন।”

    আইজিপি বলেন, “পুলিশের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা সর্বক্ষেত্রে প্রশংশিত হচ্ছে। আমরা নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ কাজ স্মার্ট পদ্ধতিতে সম্পন্ন করছি। ঘরে বসে আবেদন করতে পারছে, কোথায় পরীক্ষা সেটা জানতে পারছে, ফলাফলও ঘরে বসে পেয়ে যাচ্ছে। এরমধ্যে কোনো দালাল বা ফড়িয়া নেই। ইতোমধ্যে দেশবাসী এর সুফল ভোগ করছে।”

    চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।”

    পুলিশের উদ্দেশে আইজিপি বলেন, “আপনাদের প্রযুক্তিনির্ভর, গণমুখী, সেবামুখী, জনবান্ধব তথা নারী ও শিশুবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।”

  • রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

    রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: এবার রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

    আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

    বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

    এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

  • পুলিশ দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে: প্রধানমন্ত্রী

    পুলিশ দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: পুলিশ দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু- এটি কাল থেকে কালান্তরের পথ-পরিক্রমায় প্রতিষ্ঠিত একটি সত্য। পুলিশ ও জনগণের বন্ধুত্বের মিথস্ক্রিয়ার মূল ভিত্তি হলো পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের ও মানবীয় মূল্যবোধ। এ সকল মানবীয় গুণ ধারণ করে ‘বাংলাদেশ পুলিশ বাহিনী’ দেশপ্রেম ও পেশাদারিত্বের পরীক্ষায় বার বার উত্তীর্ণ হয়েছে।”

    আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার সেই কালরাতে পুলিশের এএসআই সিদ্দিকুর রহমান ঘাতকদের বাধা দিতে গিয়ে বিনা দ্বিধায় নিজের জীবন উৎসর্গ করেন। দেশবিরোধী সাম্প্রদায়িক শক্তির আগুন-সন্ত্রাস মোকাবিলা ও জঙ্গিবাদ দমনসহ সবধরনের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন অনেক অকুতোভয় পুলিশ সদস্য।”

    তিনি বলেন, “বিগত ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী সারাদেশে হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষ হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। পুলিশ সদস্যগণ জীবন বাজি রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিয়েছিল।”

    তিনি বলেন, “১৯৯৬-২০০১ মেয়াদে আমরা পুলিশের বাজেট বৃদ্ধি, ঝুঁকিভাতা চালু, রেশন প্রাপ্তির হার দ্বিগুণ এবং প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করি। ১৯৯৮ সালে আমরাই প্রথম পুলিশ সুপার পদে একজন নারী কর্মকর্তাকে নিয়োগ দেই। পাঁচ কোটি টাকা সিড মানি দিয়ে পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করি। ২০০০ সালে পুলিশ স্টাফ কলেজ প্রতিষ্ঠা করি। আমরা ৮০৩ জন এসআই, ৫০৭ জন সার্জেন্ট এবং ১৪ হাজার ৬৮০ জন কনস্টেবল নিয়োগ দেই। কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগ নেই। ২৫টি থানা, ৮৬টি তদন্ত কেন্দ্র, ৫৮টি হাইওয়ে ফাঁড়ি, ১৫০টি পুলিশ ক্যাম্প এবং ১০টি ফাঁড়ি স্থাপন করি।”

    প্রধানমন্ত্রী বলেন, “২০০৯ সালে সরকার গঠনের পর আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নেই। আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি। পুলিশ, র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করি। গত ১৫ বছরে আমরা পুলিশের উন্নয়নে বহুমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করি।”

    তিনি আরও বলেন, “বিভাগীয় পর্যায়ে পুলিশ হাসপাতালের উন্নয়নে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকা বিভাগে একটি বিভাগীয় হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যান্য বিভাগীয় শহরেও পুলিশ হাসপাতাল নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।”

    শেখ হাসিনা বলেন, “আমরা পুলিশে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন সরবরাহ করেছি। পুলিশে একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বাহিনীর কার্যক্রমে শীঘ্রই দুটি হেলিকপ্টার যুক্ত হতে চলছে। বিভিন্ন অনলাইনভিত্তিক সেবা ও মোবাইল অ্যাপস্ প্রবর্তন, অনলাইন জিডি, ই-ট্রাফিক প্রসিকিউশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ই-সার্ভিস চালু করা হয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। বিগত ১৫ বছরে আমাদের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৭.২৫ শতাংশে। মাথাপিছু আয় বেড়েছে ৫ গুণ। বাজেটের আকার ১২ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা দারিদ্র্যের হার ৪১.৫১ শতাংশ থেকে ১৮.৭ শতাংশে হ্রাস করেছি। এ সময়ে অতি দারিদ্র্যের হার কমেছে ৫ গুণ। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের গড় আয়ু এখন ৭২.৮ বছর। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাতাল রেলের কার্যক্রম উদ্বোধন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ‘বঙ্গবন্ধু টানেল’, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ আমাদের সামর্থ্যরে প্রতীক। তিনি বলেন, আমরা ৩২টি জেলা, ৩৯৪টি উপজেলা ইতোমধ্যে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছি। এ সকল উন্নয়ন কর্মকাণ্ডের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীরও রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান “

    ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ; শান্তি প্রগতির বাংলাদেশ’– এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার শুরু হলো পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য ৪০০ জন বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন। আগামী ৩ মার্চ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহের আয়োজন। পুলিশ সপ্তাহে এক বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

  • বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চায় আওয়ামী লীগ সরকার: সেতুমন্ত্রী

    বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চায় আওয়ামী লীগ সরকার: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চায় আওয়ামী লীগ সরকার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, “বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চায় আওয়ামী লীগ সরকার। কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভুর ভূমিকায় আসতে চায় সেই প্রভুর দাসত্ব আমরা মানি না।”

    আজ মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যেহেতু সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সে কারনে আলাদাভাবে দলের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়ে নি। তাছাড়া বিএনপির সঙ্গে যে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল করেছে তাতে দলটি আরো হতাশায় ডুবেছে।”

    তিনি বলেন, “বিএনপি নেতাদের মিথ্যাচারের ভাঙা রেকর্ড শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেছে। এখন তাদের গলার জোর একটু কমে গেছে। মুখে বিষটা আরও উগ্রো হয়ে গেছে। তাদের আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে না আসার ব্যর্থতা-এখন এই ব্যর্থতাই তাদের বেসামাল ও বেপরোয়া করেছে।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ষড়যন্ত্রের গন্ধ সব ব্যাপারে বলতে চাই না। এখন বিএনপির কোনো প্রতিক্রিয়া নেই। কারণ, তারা বলেছিল নির্বাচন হবে না।”

    সেতুমন্ত্রী বলেন, “নির্বাচন হলে পাঁচদিনও টিকবে না। তারা যুক্তরাষ্ট্রের কাছে যা চায়, সেই চাওয়াটা পাওয়া হয়নি। তারা শুনতে চেয়েছিল সরকারের ওপরে নিষেধাজ্ঞা আসবে। ভীসানীতি আরোপ হবে- এমন স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গেছে। কিন্তু তারা তাদের কথা বলেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে।’

    তিনি বলেন, “বিএনপির নেতারা এখন মুক্তি পাচ্ছে অথচ তাদের নেতারা উল্টো বলছে তাদের নেতাকর্মীদেরকে জেলে ঢুকাচ্ছে সরকার। বিএনপি নেতাদের এ সবা কথা বার্তায় বুঝা যায় তারা মিথ্যাচার করছে ও আবোল- তাবোল কথা বলছে। ”

    রমজানে মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে থাকবে নিত্যপণ্যের দাম বলেও দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

  • বিদেশি কূটনীতিকদের দেশের অগ্রগতি জানাতেই আউটরিচ প্রোগ্রাম: পররাষ্ট্রমন্ত্রী

    বিদেশি কূটনীতিকদের দেশের অগ্রগতি জানাতেই আউটরিচ প্রোগ্রাম: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: বিদেশি কূটনীতিকদের দেশের অগ্রগতি জানাতেই আউটরিচ প্রোগ্রাম, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনে বলেন, “বিদেশি রাষ্ট্রদূতরা যেন আমাদের দেশকে জানে, দেশে যে বিরাট উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে সেগুলো যেন তারা স্বচক্ষে দেখে, সেই কারণেই তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছে। এবং চট্টগ্রাম থেকে ট্রেনযোগে তারা কক্সবাজার যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডরস আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই সফরের আয়োজন, এবং এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উদ্যোগ।”

    আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বেসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্যদের নিয়ে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে ট্রেনযোগে কক্সবাজার যাবার প্রাক্কালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কূটনীতিকদের এই পরিদর্শনের মাধ্যমে বাঙালি জাতির সামর্থ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তাতে আমাদের দেশকে তারা ভালোভাবে জানতে পারছে। বাংলাদেশকে জানার মাধ্যমে তারা তাদের দেশকে এই বার্তা পৌঁছে দেবে। এবং বাংলাদেশের এই খবরগুলো তারা বিশ্বময় ছড়িয়ে দেবে।”

    তিনি বলেন, “আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ট্রেন লাইন হয়েছিল ১৯৩০ সালে। কিন্তু তার অনেক আগেই চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত ট্রেন লাইনের পরিকল্পনা করা হয়েছিল ব্রিটিশ আমলে। অর্থাৎ ১৯০০ সালের পরপরই সেটির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দেশ বিভাগ হল, দেশ বিভাগের পর বাংলাদেশ হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনিও বাস্তবায়ন করে যেতে পারেননি। কারণ তাকে সাড়ে তিন বছরের মাথায় হত্যা করা হয়েছিল। বরং তিনি বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভাবে পুনর্গঠন করার আগেই তাকে হত্যা করা হয়।”

    ড. হাছান মাহমুদ বলেন, “এই জনপদের মানুষ যেই স্বপ্ন ১২৫ বছর আগে দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃতে। এটি একটি অসাধারণ কাজ। তাই আজকে আমরা কূটনীতিকদেরকে চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার নিয়ে যাচ্ছি।”

    বিদেশী প্রতিনিধিদের সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে কোন কথাবার্তা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান বলেন, “রোহিঙ্গা ইস্যুতে তাদের সাথে তো কথাবার্তা আমাদের সবসময়ই হয়, এবং তারা অনেকেই রোহিঙ্গা ক্যাম্পে গেছে। এবং এখনো যদি তারা সুযোগ পায় রোহিঙ্গা ক্যাম্পে যাবে। ”

    বিদেশে প্রতিনিধিদের এই পরিদর্শনের মাধ্যমে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অবশ্যই তারা বাংলাদেশকে আরো ভালোভাবে জানতে পারবে, ঢাকার বাইরে চট্টগ্রাম এবং কক্সবাজার সফরে এসেছে তারা। আজ চট্টগ্রামে কয়েক ঘন্টা কাটালো, কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম রোড টানেল তারা দেখল। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার কোথাও নদীর তলদেশ দিয়ে রোড টানেল নেই। সেটি তারা দেখল, এপার থেকে ওপারে গিয়ে আবার ফিরে আসল। এই যে অসাধারণ উন্নয়ন, যেগুলো আজ থেকে ১৫/২০ বছর আগে মানুষ কল্পনাও করেনি, সেগুলো আজকে বাস্তব। এবং সেই বাস্তবতা আজকে কূটনীতিকরা নিজের চোখে দেখেছে।”

    আউটরিচ কর্মসূচিতে অংশ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তুর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য।

  • রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা

    রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। প্রতি বছর দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয় কিছু ব্যবসায়ি। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়াসহ প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পৌরসভার মেয়র ও প্রশাসককে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত সরকারের বর্তমান মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সবার প্রতি প্রধানমন্ত্রী কতিপয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন নিয়মিত পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এতে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত সরকারের বর্তমান মেয়াদে প্রথম মন্ত্রিসভা-বৈঠকে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সকলের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন:

     

    নির্দেশনা গুলো হচ্ছে:

    ১) সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এবং অংশীজনের সংগে সমন্বয় করে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    ২) পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    ৩) নির্বাচনী ইশতেহার ২০২৪-এ বর্ণিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মন্ত্রণালয়/বিভাগগুলো জাতীয় বাজেট প্রণয়নকালে নির্বাচনী ইশতেহার ২০২৪ বিবেচনায় রাখবে।

    8) কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য পণ্য সংরক্ষাণাগার নির্মাণে অগ্রাধিকার দিতে হবে।

    (৫) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ নিশ্চিত করতে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগে করণীয় চিহ্নিত করে তা বাস্তবায়ন করবে।

    ৬) নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের উপকারিতা/দেশের জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। বিদেশি ঋণ/সহায়তা গ্রহণকালীন যথাযথভাবে সম্ভাব্যতা যাচাই করতে হবে। এছাড়া, চলমান প্রকল্পগুলো বিশেষ করে যেগুলির বাস্তবায়ন সর্বশেষ পর্যায়ে রয়েছে সেগুলির প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে।

    ৭) সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে।

    ৮) সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

    ৯) সরকারের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    ১০) নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে।

    ১১) রপ্তানী বহুমুখীকরণ, নতুন নতুন বাজার অনুসন্ধান ও প্রবেশে সহায়তা করতে হবে।

    ১২) গার্মেন্টস সেক্টরের মতো চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিজাত পণ্য বিষয়ক শিল্প বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

    ১৩) শিক্ষাকে কর্মমুখী করার লক্ষ্যে আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

    ১৪) যুবসমাজকে খেলাধুলা এবং শিল্প সংস্কৃতি চর্চায় উৎসাহ দেওয়ার মাধ্যমে তাদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বিরত রাখতে হবে।

    ১৫) অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সমন্বিতভাবে কার্যক্রম  গ্রহণ করতে হবে।

  • ওষুধ ও হার্টের রিং এর দাম কমাতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী

    ওষুধ ও হার্টের রিং এর দাম কমাতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: ওষুধ ও হার্টের রিং এর দাম কমাতেই হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, “বলেন, ওষুধ ও হার্টের রিং, উভয়ের দাম নির্ধারণেই বৈঠক বসেছে। তবে দাম কমাতেই হবে। স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করা হবে।”

    আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে, যে কোনোদিন মন্ত্রী হিসেবে অভিযানে যাওয়া হবে।”

    অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনে বলেন, “ভুল জায়গায় চিকিৎসা নেওয়ার চেয়ে চিকিৎসা না নেওয়া ভালো। সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া উচিত।”

  • প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

    প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩’ এর ১ম গ্রুপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে সর্বমোট ২ হাজার ৪৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

    প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮টি জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীরা পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ১৫ জানুয়ারি থেকে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে মৌখিক পরীক্ষা শুরু হয়।

    গত বছরের ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

    এদিকে, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এই ধাপে গত ২ ফেব্রুয়ারি ওই তিন বিভাগের ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

    প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।