প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ - জাতীয় - ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
প্রাথমিকে শিক্ষক নিয়োগ - জাতীয় - ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩’ এর ১ম গ্রুপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে সর্বমোট ২ হাজার ৪৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮টি জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীরা পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ১৫ জানুয়ারি থেকে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে মৌখিক পরীক্ষা শুরু হয়।

গত বছরের ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এদিকে, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এই ধাপে গত ২ ফেব্রুয়ারি ওই তিন বিভাগের ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা ইসরায়েলের দখলদারিত্ব
পরবর্তী ওষুধ ও হার্টের রিং এর দাম কমাতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী