Category: বাংলাদেশ

  • স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    www.HelloBangla.News –  জাতীয় –  ২ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

    আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘স্বেচ্ছায় রক্তদানসহ মরণোত্তর চক্ষুদানে দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা আবশ্যক বলে আমি মনে করি। এসব কাজের জন্য তাদের বিশেষ স্বীকৃতি প্রদানের উদ্যোগ নিলে অনেকেই স্বপ্রণোদিত হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই মানবতার ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

    প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৩’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

    শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার গঠনের পর ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯’ প্রণয়ন করি। সেই আইনে আমরা মানবদেহে কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, অস্থি, অস্থিমজ্জা, চক্ষু, চর্ম ও টিস্যুসহ যেকোনো অঙ্গ বা প্রত্যঙ্গ সংযোজন এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে আইনানুগ কোনো উত্তরাধিকারের লিখিত অনুমতি সাপেক্ষে অঙ্গ নেওয়ার বিধান রেখেছিলাম। পরবর্তীতে ২০১৮ সালের ১নং আইনের মাধ্যমে পূর্ববর্তী আইনটিকে যুগোপযোগী করে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) আইন, ২০১৮’ প্রণয়ন করেছি। আমি নিজেও অনেকবার সন্ধানীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।’

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরাপদ রক্তের গুরুত্ব উপলব্ধি করে ১৯৭২ সালে তৎকালীন পিজি হাসপাতাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রক্ত পরিসঞ্চালন বিভাগ প্রতিষ্ঠা করেন। দেশের অন্ধত্ব সমস্যা সমাধানের জন্য তিনি ১৯৭৫ সালের ১৭ জুলাই ‘দ্য ব্লাইন্ড রিলিফ অ্যাক্ট ১৯৭৫’ প্রণয়ন করেন।

    স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানী বিগত চার দশকের অধিক সময়কাল যাবৎ আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘স্বেচ্ছায় রক্তদানকে জনপ্রিয় করার ক্ষেত্রে সন্ধানীর ভূমিকা প্রশংসনীয়। এর পাশাপাশি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি মানুষকে মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।’

    এখানে উল্লেখ থাকে যে মানুষ মৃত্যুর পর দেহের বেশ কিছু অঙ্গ  জীবিত থাকে তার মধ্যে অন্যতম চোখ। ব্যক্তির মৃত্যুর পর মানবদেহ থেকে ৬ ঘন্টার মধ্যে চোখের কর্ণিয়া সংগ্রহ করে তা অন্ধ ব্যক্তির চোখে সংযোজন করা যায়। বিশ্বের উন্নত দেশগুলোতে মরণোত্তর চক্ষুদানে অনেকে এগিয়ে আসছে।

  • বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী আজ তিন প্রকল্প উদ্বোধন করলেন

    বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী আজ তিন প্রকল্প উদ্বোধন করলেন

    www.HelloBangla.News –  জাতীয় –  ১ নভেম্বর, ২০২৩: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ যৌথভাবে ভারতীয় সহায়তায় বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।

    আজ বুধবার (১ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প তিনটি উদ্বোধন করেন।

    প্রকল্প তিনটি হলো আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ; খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২।

    আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি ভারত সরকারের অনুদান সহায়তার অধীনে বাংলাদেশকে প্রদত্ত ভারতীয় ৩৯২.৫২ কোটি রুপি ব্যয়ে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে ৬.৭৮ কিলোমিটার ডুয়াল গেজ ও ত্রিপুরায় ৫.৪৬ কিলোমিটার রেললাইনসহ এই রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৪ কিলোমিটার।

    খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পটি ভারত সরকারের কনসেশনাল লাইন অব ক্রেডিটের অধীনে বাস্তবায়িত হয়েছে যার মোট প্রকল্প ব্যয় ৩৮৮.৯২ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে মোংলা বন্দর ও খুলনায় বিদ্যমান রেল নেটওয়ার্কের মধ্যে প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।

    ভারতীয় কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের আওতায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ঋণের অধীনে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট হলো বাংলাদেশের খুলনা বিভাগের রামপালে অবস্থিত একটি ১৩২০ মেগাওয়াট (২X৬৬০) সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি)।

    প্রকল্পটি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক বাস্তবায়িত হয়েছে, যা ভারতের এনটিপিসি লিমিটেড এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি ৫০৫০ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি।

    ২০২২ সালের সেপ্টেম্বরে উভয় প্রধানমন্ত্রী যৌথভাবে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-১ উন্মোচন করেন। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কার্যক্রম বাংলাদেশে বিদ্যুৎ নিরাপত্তা বৃদ্ধি করবে।

    প্রকল্পগুলো এই অঞ্চলে কানেক্টিভিটি ও বিদ্যুৎ নিরাপত্তা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

  • শর্তহীনভাবে যারা সংলাপে আসবেন তাদের স্বাগত জানাব: স্বরাষ্ট্রমন্ত্রী

    শর্তহীনভাবে যারা সংলাপে আসবেন তাদের স্বাগত জানাব: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News –  জাতীয় –  ১ নভেম্বর, ২০২৩: শর্তহীনভাবে সংলাপের বিষয়টি আমরা স্বাগত জানাই, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন তাদের স্বাগত জানাব। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।

    বুধবার (১ নভেম্বর) বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্লেখযোগ্য কোনো আলাপ হয়নি। তিনি বলেছেন, সংলাপ হচ্ছে প্রধান হাতিয়ার। আমরা বলেছি, আমরা সবসময় সংলাপকে স্বাগত জানাই। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমরাও মনে করি। সংবিধান আমাদের যেভাবে কাঠামো করে দিয়েছে, সেটা অনুসারে সংলাপ করতে হবে। এটা সারাহ কুকও স্বীকার করে নিয়েছেন। তিনিও বলেছেন, সংলাপের বিকল্প নেই।

    মন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবারে মতো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। আমাদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অনেকদিনের, সেটা স্মরণ করেই তিনি আমাদের কাছে এসেছেন। আমাদের অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন, আপনারা জানেন, ইউরোপের সঙ্গে আমাদের এসওপি হয়েছে, যারা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন, যে কারণে তাদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। আমরাও বলেছি, খুব শিগগিরই আমরা এই এসওপিতে সই করবো।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা আমাদের দেশের সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে চান। তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছেন, এটা অব্যাহত রাখতে চাচ্ছে।

    আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলছেন, আমরা সবকিছু শান্তিপূর্ণভাবে করতে চাই। সংবিধান মাথায় রেখেই আমরা আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা চাই না। তিনি আলাপ-আলোচনা করার জন্য সবসময় নির্দেশ দেন, যাতে পরিস্থিতি শান্ত থাকে, সেটা আমরা চালিয়ে যাচ্ছি।

    আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা আসবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। শর্তহীনভাব আসতে হবে। সংবিধানের কাঠামো মেনেই আমাদের সঙ্গে কথা বলতে হবে। সংবিধানের বাইরে যদি কেউ কিছু বলেন, তাহলে তো সেটা হবে না।

    আপনারা ক্ষমতায় আছেন তাদেরকে তো আপনাদের ডাকতে হবে- এমন কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকেই তো আসছেন। তাদের প্রয়োজনে আমাদের ফোন করছেন। তারা তো বলতে পারেন, আমরা কথা বলতে চাই, আমরা হরতাল চাই না, এটা তো তারা বলেননি কোনোদিন। আমরা তো বলছি, দরজা তো বন্ধ হয়নি। আমরা যেকোনো আলোচনায় রাজি আছে, সেটা সংবিধানর কাঠামোর মধ্য থেকে।

    শনিবার ৪৪টি রাজনৈতিক দলকে ডেকেছে নির্বাচন কমিশন। সেখানে বিএনপি বলে দিয়েছে, তারা আলোচনায় যাবে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা তারা সবসময় বলে থাকে। ২০১৪ সালেও বলেছে। যে দলের প্রতি দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই দল নিশ্চিতভাবে নির্বাচনে এলে জয়লাভ করতে পারবে না। তারা সংলাপ চায় না, সহিংসতা চায়।

  • পুলিশের ওপর হামলাকারী এবং নাশকতাকারীদের গ্রেপ্তার করা হবে: আইজিপি

    পুলিশের ওপর হামলাকারী এবং নাশকতাকারীদের গ্রেপ্তার করা হবে: আইজিপি

    www.HelloBangla.News –  জাতীয় –  ১ নভেম্বর, ২০২৩: গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অনেক পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। তাদের অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    তিনি বলেন, আমরা তাদের (বিএনপি) শান্তিপূর্ণ সমাবেশে অনুমতি দিয়েছিলাম। তবে তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। এমনকি পুলিশকে পিটিয়ে হত্যা করে। শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা পুলিশের ওপর হামলা করে অনেক পুলিশ সদস্যদের আহত করেছে।

    আজ বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন আইজিপি।

    আইজিপি বলেন, আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা (বিএনপি) মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতকারীরা জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের পেছনে কারা জড়িত আছে সে বিষয় নিয়ে গোয়েন্দারা কাজ করছে। এটি  তদন্তাধীন বিষয়। তাই  মন্তব্য করতে চাই না।’

    আইজিপি আরও বলেন, ‘সাংবাদিকরা আমাদের সঙ্গে জীবনের বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তাদেরকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। তারা যে অপরাধ করছে সাংবাদিকদের মাধ্যমে সেটি তাদের বিরুদ্ধে চলে যাবে সেজন্য তারা সাংবাদিকদের ওপরে হামলা চালায়।’

    এর আগে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক পুলিশ নিহত এবং ৪১ জন আহত হয়।

    এই সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

  • প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ  ডাব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত

    প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ ডাব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত

    www.HelloBangla.News  – জাতীয় –  ১ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ।

    আজ বুধবার (নভেম্বর ০১) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে এ তথ্য জানান।

    সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । তিনি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

    বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করেছিল।

    ডব্লিউএইচও দক্ষিণ পূর্ব অঞ্চলবিষয়ক অফিস ওই সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি। এটি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।

    সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি।

    ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে।

  • সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন হবে: সিইসি

    সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন হবে: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ অক্টোবর, ২০২৩: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সিইসি আরও বলেন, ইসির হাতে কোনো অপশন (বিকল্প) নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের (জোট) মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।

    কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি। অনেক সময় নির্বাচনের অনুকূল বা প্রতিকূল পরিবেশ নিয়ে কথা ওঠে। এগুলো খুবই অর্থবহ। নির্বাচনের জন্য অনুকূল হোক বা প্রতিকূল হোক, আমাদের প্রত্যাশা হলো এবং আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে পরিবেশ অনুকূল করে তুলবে।’

    তিনি বলেন, ‘পিটার হাস বিশ্বাস করেন সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান সম্ভব। কথাটা আমরাও বলে এসেছি এবং বিশ্বাস করি। রাস্তায় শক্তি প্রদর্শনের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না। পিটার হাসও তাই বলেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে চা-চক্রের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। পিটার হাসও সবাইকে আহ্বান করবেন, সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির সমাধান হবে।’

  • আগামীকাল থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

    আগামীকাল থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ অক্টোবর, ২০২৩: পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার ( ১ নভেম্বর) থেকে । প্রথম টেনে হিসেবে পদ্মা সেতু অতিক্রম করবে সুন্দরবন এক্সপ্রেস । ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ও পরদিন বৃহস্পতিবার (২ নভেম্বর) বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু পার হয়ে খুলনা ও বেনাপোল যাবে। এতে চলাচলে সময় বাঁচবে প্রায় ২ ঘণ্টা।

    সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনা পর্যন্ত পাঁচ টাকা ভাড়া কমছে। আগে ঢাকা-খুলনা রুটে শোভন চেয়ারে ভাড়া ছিল ৫০৫ টাকা, সেটা নতুন রুটে হচ্ছে ৫০০ টাকা।

    এই ট্রেন দুটি আগে যমুনা নদীর ওপর দিয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে খুলনা ও বেনাপোল চলাচল করত।

    জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে। আর খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। আর বেনাপোল এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে। বেনাপোল এক্সপ্রেস বেনাপোল ছাড়বে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে।

    তবে পদ্মা সেতু দিয়ে চলাচল করলেও ভাড়া বাড়েনি এই পথে। সুন্দরবন এক্সপ্রেসের বর্তমান যমুনা নদী হয়ে যাওয়ার ভাড়া শোভন শ্রেণি ৫০৫ টাকা, এসি চেয়ার ৯৬৬ টাকা ও এসি সিটের এক হাজার ১৫৬ টাকা। তবে পদ্মা সেতু পার হয়ে গেলে ভাড়া হবে শোভন শ্রেণির ভাড়া হবে ৫০০ টাকা, এসি চেয়ার ভাড়া ৮৩০ টাকা ও এসি সিটের ভাড়া ৯৯৫ টাকা।

    অন্যদিকে, বেনাপোল এক্সপ্রেসের বর্তমান রুটের ভাড়া শোভন চেয়ার ৪৮৫ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) ৯৩২ টাকা। এতে পদ্মা সেতু হয়ে চলাচল করলে ভাড়া হবে শোভন শ্রেণিতে ভাড়া হবে ৪৮০ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) ভাড়া হবে ৯২০ টাকা। আর যশোর পর্যন্ত দুটি ট্রেনের ভাড়া একই থাকবে। শোভন চেয়ার ৪৫৫ টাকা ও এসি চেয়ার ৮৬৯ টাকা।

    সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

    আর ঢাকা থেকে ফিরতি পথে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভাঙ্গা জংশন, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নওয়াপাড়া এবং দৌলতপুর স্টেশনে যাত্রাবিরতি করবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

  • রাজধানীতে টহল দিচ্ছে বিজিবির র‍্যাট সদস্যরা

    রাজধানীতে টহল দিচ্ছে বিজিবির র‍্যাট সদস্যরা

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ অক্টোবর, ২০২৩: ২৮ আক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ দিন নাশকতার কারণে আজ এই দুই দলের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে টহলরত রয়েছে বিজিবির বিশেষায়িত র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যরা।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে র‍্যাট সদস্যদের ঢাকার সচিবালয় ও আশপাশের এলাকায় টহল দিতে দেখা গেছে।

    বিজিবির তরফ থেকে জানা গেছে, রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় বিজিবির বিশেষায়িত র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যরা টহল দিচ্ছে।

    জানা গেছে, চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি তৎপরতা রয়েছে বিজিবির।

    উল্লেখ্য, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।

  • আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষষ্ঠ পর্যায়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। আজ সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় ইমাম সম্মেলনে এ উদ্বোধন ঘোষণ দেন।

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘৫০টি মডেল মসজিদ উদ্বোধন এবং জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরন-২০২৩’ অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানস্থলে প্রধান একটিসহ তিনটি প্যান্ডেল তৈরি করে সারাদেশ থেকে আগত ইমামগণের সমাবেশের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে মদিনার পবিত্র মসজিদ-ই-নববীর ইমামের সঙ্গে অন্য দুটি প্যান্ডেল পরিদর্শন করেন।

    প্রধানমন্ত্রী এবং পবিত্র মসজিদ-ই-নববির ইমাম উভয়ই দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানস্থলে সমবেত ইমামদের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন।

    তিনি জাতীয় ইমাম কাউন্সিলে যোগ দেয়ার জন্য ইমামদের ধন্যবাদ জানান এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

    তিনি বলেন,”আল্লাহর কাছে প্রার্থনা করুন যে, তার সরকার কর্তৃক দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে।”

    প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি, আমরা শান্তি চাই। অশান্তি বা যুদ্ধ চাই না। যুদ্ধের ভয়াবহতা আমরা জানি। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সহনশীল ধর্ম। এটা আমাদের নবী শিখিয়েছেন। তার বিদায় হজের বাণী আমরা অনুসরণ করি। আমাদের ছেলে-মেয়েরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকে সম্পৃক্ত না হয়, আপনারা (ইমাম) সেদিকে লক্ষ্য রাখবেন।

    শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশে অন্যান্য ধর্মের লোকও আছে। তারাও যেন নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে। কেউ যদি অন্যায় করে, আল্লাহ বিচার করবেন। আমরা বলতে পারি না, কে মুসলমান, কে মুসলমান না।

    প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য। আপনাদের দোয়া চাই। সারা বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে ফিলিস্তিনে তাদের ওপর যে আক্রমণ, ছোট্ট শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে আমরা আর তা চাই না। ফিলিস্তিনে বাংলাদেশ থেকে সহায়তা পাঠিয়েছি। পৃথিবীর সব রাষ্ট্র প্রধানদের আমি অনুরোধ করেছি যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে।

     

    প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের হেফাজতকারি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকেও ধন্যবাদ জানান।

    পরে মূল অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    আজ নতুন ৫০টি মসজিদ উদ্বোধনের পর এ পর্যন্ত সারাদেশে ৫৬৪টির মধ্যে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র চালু হবে।

    ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি, দ্বিতীয় পর্যায়, ১৬ মার্চ, তৃতীয় পর্যায়, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায় এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর ২০১৪ সালে নির্বাচনী প্রতিশ্রুতির পর সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটি গ্রহণ করেছিল।

    ধর্ম মন্ত্রণালয় সূত্র মতে, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ৪৩ শতাংশ জমির ওপর তিন ক্যাটাগরিতে নির্মিত হচ্ছে। এরমধ্যে জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে চারতলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

    প্রতিটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওযুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

    এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামি গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা রাখা হয়েছে।

    মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াইজান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরিকত ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মাওলানা ড. মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালেহী ও মাওলানা এহসানুল হক আল মোজাদ্দেদী। স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সচিব মো. এ হামিদ জমাদ্দার।

  • হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার মামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

    হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার মামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ অক্টোবর, ২০২৩: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী হামলা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডাদেশের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

    আজ সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়।

    গত ১১ অক্টোবর আলোচিত এ মামলায় সাতজনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও আসামিদের আপিল শুনানি শেষ হয়।

    আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসা‌মিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।

    ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (আত্মঘাতী) সদস্যরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানের পর পাঁচ জঙ্গির লাশ পাওয়া যায়।

    এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।

    ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে।

    দে‌শের ই‌তিহা‌সে অন্যতম নৃশংস এ হামলায় ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশিসহ মোট ২০ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেনেডের আঘাতে প্রাণ হারান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম।

    হামলার পর জিম্মি অবস্থার অবসানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয়েছিলেন পাঁচ জঙ্গি। তারা হলেন- মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ওরফে মামুন, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল।

    এছাড়া বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছেন নব্য জেএমবির আরও ৮ সদস্য। তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত রেজা করিমও অভিযোগ থেকে অব্যাহতি পান।

    ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।