Category: বাংলাদেশ

  • সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ নভেম্বর, ২০২৩: ‘ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় বিমান প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এরআগে, বিমানটিটি স্থানীয় সময় রাত ১০.৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    প্রধানমন্ত্রী ৫ নভেম্বর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন।

    একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কা’বা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।

    গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন।

    জেদ্দা হিলটনে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করেন।

    ৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলন ওআইসির সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরবে আয়োজন করে।

    সূত্র : বাসস

  • ঢাকা ও আশপাশের এলাকায় বিজিব’র ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন

    ঢাকা ও আশপাশের এলাকায় বিজিব’র ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন

    www.HelloBangla.News – জাতীয় – ৮ নভেম্বর, ২০২৩: বেশ কয়েকদিন ধরে বেতন বাড়ার দাবির প্রেক্ষিতে গতকাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। অনেক শ্রমিক এটা মেনে নেয়নি। এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে তৃতীয় দফায় অবরোধ চলছে। এর মধ্যেই পোশাকশ্রমিকদের আন্দোলনও চলছে।

    এই পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।  সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

    আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিকনেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

    এদিকে গাজীপুর সিটি করপোরেশনের বেশ কিছু এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগও করতে দেখা গেছে তাদের।

  • গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    www.HelloBangla.News – জাতীয় – ৭ নভেম্বর, ২০২৩: গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও অবিলম্বে যুদ্ধ-বিরতির জন্য আমি সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এই ভয়াবহ যুদ্ধ, নির্বিচার হত্যাযজ্ঞ ও অবৈধ দখলদারিত্ব বন্ধে ভুমিকা রাখার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।’

    তিনি গতকাল সোমবার ( ৬ নভেম্বর) সৌদি আরবে ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।

    শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আমার ভূমিকা অব্যাহত রাখব।’

    প্রধানমন্ত্রী বলেন, শান্তির জন্য তাদের মুসলিম নারীদের আওয়াজ শুনতে হবে। তিনি বলেন, ‘আমরা গাজায় নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরাইলি নৃশংসতার নিন্দা করছি। গাজার এ নৃশংসতা, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় অমানবিক নির্যাতনের শিকার দুই লাখ নারীর কথা মনে করিয়ে দিচ্ছে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এ নৃশংস ঘটনাগুলো আমাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার বাবা-মা এবং নারী ও শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘ এটি ঘটনা মিয়ানমারের হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুর নির্যাতনের দৃশ্যকেই ফুটিয়ে তোলে- যারা নৃশংসতার শিকার হলে ২০১৭ সালের আগস্টে আমাদের সীমান্তে আশ্রয় চেয়েছিল।’

    প্রধানমন্ত্রী মুসলিম নারীদের জন্য এক গুচ্ছ পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো হল :

    প্রথমত, ফিলিস্তিনে অবিলম্বে সংঘাতের অবসান এবং সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের- বিশেষ করে নারী ও শিশুদের উপর অপরাধের বিচার।

    দ্বিতীয়ত, সমস্ত অপরাধ, সহিংসতা, বৈষম্য ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়াকে ‘না’ বলুন।

    তৃতীয়ত, এসডিজি-৫ পূরণের লক্ষ্যে লিঙ্গ সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিন।

    চতুর্থত, মুসলিম নারীরা যেন ইচ্ছেমতো স্বাধীনভাবে জনসমক্ষে নিজেদের উপস্থাপন করতে পারেন- তা নিশ্চিত করুন।

    পঞ্চমত, নারী ক্ষমতায়ন ও মূল স্রোতে নারীদের ভূমিকার উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ, বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এ সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত।

    প্রধানমন্ত্রী বলেন, ওআইসি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে এই বহুল প্রতীক্ষিত ইস্যুগুলোতে সংলাপ প্রত্যাসিত।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে এর সম্ভাবনা উপলব্ধি করে খুব তাড়াতাড়ি ওআইসি’র নারী উন্নয়ন সংস্থায় (ডব্লিউডিও) যোগ দেয়। তিনি বলেন, ‘ডব্লিউডিও এর যাত্রা শুরু করেছে এবং আমি আশা করি, ইসলামকে আরও ভালভাবে বোঝার মাধ্যমে আজকের চাহিদাগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য এ ম্যান্ডেটকে প্রসারিত করা যেতে পারে। আর তবেই আমরা একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্বের স্বপ্ন দেখতে পারি। আমি এই আন্তর্জাতিক সম্মেলনের সাফল্য কামনা করছি।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নারীমুক্তির জন্য সৌদি আরবের যুগান্তকারী উদ্যোগগুলোকে আগ্রহের সাথেই লক্ষ্য করি। আমি মহামান্য বাদশাহ ও হিজ রয়েল হাইনেস যুবরাজের এই রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করি।’

    তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লামের আহ্বানে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন একজন নারী- বিবি খাদিজা। পবিত্র কুরআনের সূরা আন-নিসা’র আয়াতের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, “আর আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা পরস্পরের এবং রক্ত সম্পর্কের অধিকার চাও। নিঃসন্দেহে আল্লাহ সর্বদাই তোমাদের উপর পর্যবেক্ষক।’ তিনি বলেন, বাংলাদেশে নারীর অধিকার ও লিঙ্গ সমতা রক্ষায় তাদের গর্বিত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো পথপ্রদর্শক আছেন, যিনি ১৯০৫ সালে প্রকাশিত তার ‘সুলতানার স্বপ্ন’ বইতে নারী নেতৃত্বাধীন বিশ্বের কল্পনা করেছিলেন। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

    শেখ হাসিনা বলেন, তাঁর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশের সংবিধানে নারীর সমমর্যাদা নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে প্রথম সংসদে নারীদের জন্য ১৫টি সংরক্ষিত আসনের বিধান করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর মেয়ে হিসেবে তিনি নারী ক্ষমতায়নের এ কাজটি অব্যহত রেখেছেন এবং নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করে ৫০টিতে উন্নীত করেছেন। আমাদের জাতীয় সংসদে এখন ৭৩ নারী সাংসদ রয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘নারীরা সব সময়ই আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সংস্কার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রথম সারিতে থেকেছেন। তারা নিজেরাই যেন কাজের মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, আমি তাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বৈশ্বিক সূচকে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি অনন্য উদাহরণ আছে- যেখানে জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও সরকারি দলের উপনেতা সবাই নারী। এছাড়াও আমাদের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত রয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘যতবার আমি দায়িত্বে এসেছি, সিদ্ধান্ত গ্রহণে নারীদের উন্নীত করার জন্য সমস্ত বাধা দূর করার চেষ্টা করে যাচ্ছি। প্রশাসন, বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয়, সশস্ত্র বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থায় আমাদের নারীদের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে দেখে আমি গর্বিত বোধ করি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের মেয়েরা পাবলিক পরীক্ষা, প্রতিযোগিতামূলক নিয়োগ ও জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির হোস্ট হিসাবে আমি ওআইসি সদস্য দেশগুলোর তরুণ মহিলাদের এই চমৎকার প্রতিষ্ঠানে পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে নারীদের জন্য সুবিধাসহ সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করছে। বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতিও আমাদের নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণের প্রমাণ।

    বাংলাদেশের সরকার প্রধান বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় ৪৬% নারী কর্মী। নারী উদ্যোক্তারা আমাদের কুটির, ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পে বড় ধরনের অবদান রাখছেন। আইটি ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং স্টার্ট-আপে নারীদের প্রাণবন্ত উপস্থিতি রয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার অর্থ, বাজার, ধারণা ও প্রশিক্ষণে নারীদের প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ সরকারী ক্ষেত্রে ছয় মাসের বেতনের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হয়। তিনি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযাগ রক্ষা করে যাচ্ছি- যাতে বিদেশে কর্মরত নারী কর্মীদের সুরক্ষা ও মঙ্গল নিশ্চিত করা যায়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দরিদ্র, বিধবা, পরিত্যক্ত, প্রতিবন্ধী ও বয়স্ক নারীরা উপকৃত হচ্ছে। সরকার বিনামূল্যের আবাসন ও আশ্রায়ন প্রকল্পে স্বামী ও স্ত্রী উভয়কে যৌথ মালিকানা দিচ্ছে, যাতে বিচ্ছেদ হলে সেটি স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। যৌতুক, বাল্যবিবাহ ও সাইবার হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন বাড়ছে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আইন অনুসারে সকল জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম ব্যবহার করা বাধ্যতামূলক। আমরা নারী শান্তি ও নিরাপত্তা কর্মীদের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের নারী শান্তিরক্ষীরা গর্বের সাথে আফ্রিকায় জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করছেন।’

    সূত্র: বাসস

  • বাসে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারেনা: তথ্যমন্ত্রী

    বাসে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারেনা: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ নভেম্বর, ২০২৩: বাসে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারেনা, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি পুলিশ হত্যা করেছে, ৩২ জন সাংবাদিককে আহত করেছে। যারা এগুলোর মূলহোতা, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা জানি তাদের কিভাবে মোকাবিলা করতে হবে। এখন তারা কর্মসূচি ঘোষণা করছে অনলাইনের মাধ্যমে। সেই কর্মসূচির মূল হচ্ছে অবরোধের নামে গাড়ি-ঘোড়া পোড়ানো। মানুষের ওপর আক্রমণ করা। এরা দেশ-জাতি-সমাজের শত্রু। এজন্যই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই গ্রেপ্তার অব্যাহত থাকবে।’

    আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী দলগুলোর রাজনীতি এবং আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ব্রিগেড ৭১।

    তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি সারা দেশে সন্ত্রাসের তাণ্ডব শুরু করেছে। ইসরাইল বাহিনী যে কায়দায় গাজায় হাসপাতালে আক্রমণ চালিয়েছে একই কায়দায় পুলিশ হাসপাতালে আক্রমণ চালানো হয়েছে। অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা কি মানুষ? এরা কি রাজনৈতিক কর্মী? এদের নেতারা কি রাজনৈতিক দলের নেতা? তারা (বিএনপি) হিংস্র হায়নার চেয়েও খারাপ। তাদের বিরুদ্ধে জনগণকে লড়তে হবে।’

    তিনি আরও বলেন, ‘অভ্যুদয়ের পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। বিদেশি শক্তির সঙ্গে মিলে এরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে তাদের অপচেষ্টা কিছুটা সফল হয়েছিল। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আওয়ামী লীগ ২১ বছর এদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার কাজে অনেকেটাই অগ্রসর হয়েছিলাম। ২০০১ সালে আবারও স্বাধীনতাবিরোধী শক্তি আন্তর্জাতিক শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসে। দেশ আবার পিছিয়ে পড়ে।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে জনগণের ভোটে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সেই থেকে দেশ আজ পর্যন্ত দেশ উন্নয়নের ধারার এগিয়ে চলছে। আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বিশ্বনেতারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছে। আজ মানব উন্নয়ন, অর্থনীতি এবং স্বাস্থ্য সুচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। ২০২১ সালে ডিজিপি পার ক্যাপিটা ইনকামে ভারকেও পেছনে ফেলেছি। পাকিস্তানের শাসকরা এখন বাংলাদেশে উন্নয়ন দেখে দীর্ঘশ্বাস ফেলে।’

    ব্রিগেড ৭১ এর আহ্বায়ক রাজ্জাকুল হায়দার চৌধুরী সভাপতিত্বে উক্ত সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব ব্যারিস্টার সৌমিত্র সরদার।

    সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর প্রতীক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

  • প্রধানমন্ত্রী ওমরাহ পালন করলেন

    প্রধানমন্ত্রী ওমরাহ পালন করলেন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। তিনি আজ সোমবার (৬ নভেম্বর) ভোরে পবিত্র মক্কায় তার ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন।

    তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন প্রধানমন্ত্রী ।

    প্রধানমন্ত্রী প্রথমে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন।

    শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ আদায় করেন।

    এসময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্যান্য সদস্যরাও ওমরাহ পালন করেন।

    পরে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামায়াতে ফজরের নামাজ আদায় করেন।

    সূত্র: বাসস

  • প্রধানমন্ত্রী মহানবীর রওজা মোবারক জিয়ারত করেছেন

    প্রধানমন্ত্রী মহানবীর রওজা মোবারক জিয়ারত করেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এখন সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল তিনি মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন।

    প্রধানমন্ত্রী মসজিদে নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে গতকাল স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে।

    শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন।

    আগামী ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন।

    ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

    সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন।

    ৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।

    মুসলিম উম্মাহর পন্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।

    সূত্র: বাসস

  • টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় –  ৫ নভেম্বর, ২০২৩: প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন।

    সেপ্টেম্বরের শুরুতে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন করার উদ্দেশ্যে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন চার্লি ক্যাম্পবেল।

    আন্তর্জাতিক সংবাদ সাময়িকী টাইম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদনসহ  গত ২ নভেম্বর ‘শেখ হাসিনা’স গ্রিপ অন পাওয়ার’ শিরোনামে প্রায় ৩,৪০০ শব্দের কভার স্টোরিটি যৌথভাবে লিখেছেন ঢাকায় চার্লি ক্যাম্পবেল ও লন্ডনে আস্থা রাজবংশী।

    এতে বলা হয়, সেপ্টেম্বরের শুরুতে টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমার জনগণ আমার সাথে আছে। তারাই আমার প্রধান শক্তি।’

    তিনি আরও বলেন, ‘একমাত্র বিকল্প হল আমাকে নির্মূল করা। আর আমি আমার জনগণের জন্য মরতে প্রস্তুত আছি।’

    স্বনামধন্য ম্যাগাজিন শেখ হাসিনার অর্থনৈতিক অর্জনকে আকর্ষণীয় বলে অভিহিত করে বলেছে যে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে শুরু করে খাদ্য রপ্তানিকারকে পরিণত হয়েছে। দেশটির জিডিপি ২০০৬ সালের ৭১ বিলিয়ন ডলার থেকে ২০২২ সালে ৪৬০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা দেশটিকে ভারতের পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে। পত্রিকাটি বলেছে, সামাজিক সূচকগুলোও উন্নত হয়েছে, বর্তমানে ৯৮% মেয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে।

    এতে বলা হয়েছে, বাংলাদেশ হাই-টেক ম্যানুফ্যাকচারিংয়ে এগিয়ে যাচ্ছে, স্যামসাং-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে চীন থেকে সাপ্লাই চেইন বের করে আনতে উৎসাহিত করছে।

    আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের উদ্ধৃতি দিয়ে সাময়িকীটি বলেছে, ‘গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। তবে আমরা অনেক দূর এগিয়েছি।’

    প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার আগেও ১৯৯৬ থেকে ২০০১ সালে তিনি ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে এক সময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থিদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে দীর্ঘ এই সময় তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

    ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার বা ভারতের ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী শেখ হাসিনা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আবারও জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

    প্রতিবেদনে শেখ হাসিনা বিএনপিকে একটি ‘সন্ত্রাসী দল’ বলে উপহাস করে বলেন, তারা ‘কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না’। তিনি সাবেক সেনা কর্মকর্তার হাতে এর সৃষ্টির ওপর জোর দেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া সামরিক স্বৈরশাসকের মতো দেশ শাসন করেছেন। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র সমর্থকরা যে সহিংসতা ও অগ্নিসংযোগ করেছে, হাসিনা তা তুলে ধরেন।

    এতে বলা হয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনার চতুর্থ মেয়াদের অর্থ কী হবে তা একটি মেরুকরণের প্রশ্ন। বেশিরভাগ আমেরিকান তাদের টি-শার্ট ও প্যান্ট সেলাই করা লেবেল থেকে দেশটিকে চেনেন, তবে এটি এমন একটি দেশ যার মধ্যপ্রাচ্যের যে কোনও মুসলিম দেশের চেয়ে জনসংখ্যা অনেক বেশি। প্রায় ১০ শতাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উল্লেখযোগ্য সংখ্যালঘু নিয়ে একটি মিশ্র জাতি। সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ হলেও ১৯৮৮ সালে এক সামরিক স্বৈরশাসক ইসলামকে রাষ্ট্রধর্ম করে একটি স্ববিরোধ তৈরি করে, যা উগ্র মৌলবাদীদের উর্বরক্ষেত্রে পরিণত হয়।

    অবাধ নির্বাচনের প্রতি তাঁর প্রতিশ্রুতির প্রমাণ হিসাবে শেখ হাসিনা তাঁর সরকারের স্বচ্ছ ব্যালট বাক্স, আইডি কার্ড ও বায়োমেট্রিক ডেটার সাথে যুক্ত ভোটার নিবন্ধন চালুর কথা উল্লেখ করেন।

    পিতার হত্যাকাণ্ডের পর হাসিনা ও তার বোন পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে আশ্রয় নেন এবং শেষ পর্যন্ত ভারতে রাজনৈতিক আশ্রয় পান। ১৯৮১ সালে তাকে বাংলাদেশে ফেরার অনুমতি দেওয়া হয়। তখন হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক তাকে স্বাগত জানায়। পরবর্তী বছরগুলোতে তিনি নির্বাচনের দাবি এবং সামরিক শাসন অবসানের জন্য আন্দোলনে কাটান।

    তিনি বলেন, ‘এটা ছিল আমাদের সংগ্রাম। ‘ভাটের অধিকার, ভাতের অধিকার। এটাই ছিল আমাদের স্লোগান।’

    এতে বলা হয়, বাংলাদেশ ১৯৭৭ সালে জিয়াউর রহমানের অধীনে ব্যাপকভাবে ইসলামিকরণ শুরু করে। তার বিএনপি এখন আরও রক্ষণশীল গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ। আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের পক্ষে।

    রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের বিষয়ে শেখ হাসিনার অবস্থানের অত্যন্ত প্রশংসা করে এতে বলা হয়েছে, শেখ হাসিনা ‘ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের নিন্দা করা (যদিও বিলম্বিতভাবে) কয়েকজন উন্নয়নশীল বিশ্বের নেতাদের একজন।

    সূত্র: বাসস

  • ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাল দেশের প্রথম মেট্রোরেল

    ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাল দেশের প্রথম মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয়  –  ৫ নভেম্বর, ২০২৩: রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশনে প্রথন দিনের মতো যাত্রী নিয়ে পৌঁছাল দেশের প্রথম মেট্রোরেল। ২০ কিলোমিটারের এ পথ যেখানে বাসে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে, সেখানে মেট্রোরেল নিয়ে এলো মাত্র ৩২ মিনিটে।

    সকাল সাড়ে ৭টায় ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল স্টেশনে গিয়ে পৌঁছায়। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।

    মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দ্রুতগতির মেট্রোট্রেন যাত্রীদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।

    সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, মেট্রোরেল শুরুতে মতিঝিল-উত্তরা রুটে চলবে চার ঘণ্টা। এই রুটে ট্রেন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে। যদিও আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

    এদিকে মেট্রোরেল সকালের মতো বিকেলের অফিস শেষের সময়ও মতিঝিলে মেট্রোরেল চালানোর দাবি করেছে অনেক যাত্রী।  মেট্রোরেল শুধু সকালের শিফটে চালু হচ্ছে । তাই দেখা যাচ্ছে যে ফেরার পথে ওই আগের মতোই ধকল সয়ে পৌঁছাতে হবে।

    অবশ্য মেট্রোরেলের কর্মকর্তাদের ভাষ্যে, উত্তরা থেকে আগারগাঁও অংশের মতোই মতিঝিল অংশে ধীরে ধীরে চলাচলের সময় বাড়ানো হবে।

  • সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

    সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – খেলাধুলা  –  ৫ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সকালে ঢাকা ছেড়েছেন ।

    অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।

    আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    জানা গেছে, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী সন্ধ্যায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। শেখ হাসিনা ৬ নভেম্বর সকালে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।

    তিনি ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।

    সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে তিনি ওমরাহ পালন করবেন।

    শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আগামী ৮ নভেম্বর সকাল ৮টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • আজ পরীক্ষামূলক ভাবে চট্রগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে ট্রেন

    আজ পরীক্ষামূলক ভাবে চট্রগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে ট্রেন

    www.HelloBangla.News – জাতীয়  –  ৫ নভেম্বর, ২০২৩: প্রথমবারের মতো আজ আজ পরীক্ষামূলক ভাবে চট্রগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে ট্রেন। নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি-না যাচাই করতে চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন। আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।

    ট্রেনটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম ও রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা।

    রেলওয়ে সূত্র জানায়, আজ ট্রেনটি সকাল ১০টায় দোহাজারী স্টেশনে পৌঁছবে। নতুন রেলপথ নির্মাণ করা হলে সেটি যাচাই-বাছাই করতে হয়। এটি তারই অংশ। এখানে রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন। তারা যাচাই-বাছাই করে সবকিছু ঠিকঠাক আছে জানালে যথাসময়ে ট্রেন চলাচল শুরু হবে।

    জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালানোর জন্য প্রধান বাঁধা ছিল পুরনো কালুরঘাট সেতু। পরে বুয়েটের পরামর্শে সেটি সংস্কার করে ভারী ট্রেন চালানোর উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১ আগস্ট থেকে সেতুটির সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে কাজ শেষ পর্যায়ে এসে এখন সেতু দিয়ে ১৫ এক্সেল লোডের ইঞ্জিন চলাচল করতে পারে। শনিবার (৪ নভেম্বর) তিনটি ভিন্ন সিরিজের ইঞ্জিন দিয়ে এ সেতুতে ট্রায়াল রান সম্পন্ন করা হয়। ইঞ্জিন তিনটি শহর থেকে বোয়ালখালী অংশে যাতায়াত করে। এতে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

    রেলওয়ে কর্মকর্তারা জানান, ৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রায়াল ট্রেন চালানোর কথা ছিল। তবে পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে রেলওয়ে। একেবারে আগামী ১১ নভেম্বর এই রেলপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে।

    এর আগে গত ১৬ অক্টোবর দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। মন্ত্রী ওই দিন একটি ট্রলি দিয়ে দোহাজারী থেকে কক্সবাজার গিয়েছিলেন। তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রেললাইনের উদ্বোধন করবেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন অনুষ্ঠান একদিন এগিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

    জানা গেছে, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। ২০১৮ সালে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এ প্রকল্পের কাজ পুরোদমে চলায় নির্ধারিত সময়ের আগেই তা সমাপ্ত হতে যাচ্ছে। ২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ‘ফাস্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত হয়।