টাইব্রেকারে কঙ্গোর কাছে হেরে বিদায় মিশরের

কঙ্গোর কাছে হেরেছে মিশর - খেলাধুলা - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
কঙ্গোর কাছে হেরেছে মিশর - খেলাধুলা - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ জানুয়ারি, ২০২৪: আফ্রিকা কাপ অব নেশন্সে ফেভারিট দল ছিলো মিশর। কেননা এর আগে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো মিশরকে।

১-১ গোলে ম্যাচ সমতায় থাকার পর খেলার ফলাফল বের করে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হয়। এতেও কোনো চূড়ান্ত ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৮-৭ গোলে মিসরকে হারিয়ে দেয় কঙ্গো। রোমাঞ্চকর শুটআউটে ১৮তম শটটি নেন কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি।

প্রথমার্ধের ৩৭তম মিনিটে ফিফা র‍্যাংকিংয়ে ৩৩তম স্থানে থাকা মিশরকে চমকে দেয় ৬৭তম কঙ্গো। ইয়োনে উইসার ক্রসে লক্ষ্যভেদ করেন মেশাক এলিয়া। তবে তাদের এই এগিয়ে যাওয়া স্থায়ী হয় মাত্র ৯ মিনিট। বিরতির ঠিক আগে পাওয়া পেনাল্টি থেকে গোলটি শোধ করেন মিসরের মোস্তফা মোহামেদ।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের দেখা না পাওয়ায় ৯০ মিনিটের খেলা ড্রয়ে শেষ হয়। তবে মিসর বড় ধাক্কা খায় অতিরিক্ত সময়ে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির লেফট-ব্যাক মোহামেদ হামদি। এরপর পেনাল্টি শুটআউটে হেরে যায় তারা।

দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়ায় এমনিতেই শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে পড়েছিল মিশর। যদিও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে লিভারপুলে ফিরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার কথা ছিল দল সেমিফাইনালে উঠলে। কিন্তু তা আর হলো না। ফলে কোনো জয় ছাড়াই বিদায় নিল মিশর।

পূর্ববর্তী বিশ্বে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা
পরবর্তী ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’