বিশ্বে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে ঢাকা - প্রযুক্তি - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বায়ুদূষণের শীর্ষে ঢাকা - প্রযুক্তি - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – প্রযুক্তি – ২৯ জানুয়ারি, ২০২৪: বেশ কিছুদিন ধরেই রাজধানী ঢাকা বায়ুদূষণে এক থেকে চারের মধ্যে থাকছে। এই অবস্থার কোন উন্নতি দেখা দিচ্ছে না। বিষয়টি অবশ্যই উদ্বেগের।

আজ সোমবার (২৯ জানুয়ারি) বায়ুর মান পর্যবেক্ষণকারী এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) বলছে সকালে রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় দেখা গেছে। সকাল ১০টার সময় ঢাকার স্কোর ছিল ২৬৮।

এ স্কোর স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। ওই সময় দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ঘানার আকারা। এ নগরীর স্কোরও ২৬৮।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার। সংস্থাটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে সংস্থাটি।

আইকিউএয়ারের র‍্যাংকিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়। র‍্যাংকিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। তিনশর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, বায়ুদূষণ কমাতে আগামী ১০০ দিনের কর্মসূচি হিসেবে পরিবেশ মন্ত্রণালয় ঢাকার আশপাশের এক হাজার অবৈধ ইটভাটার মধ্যে ৫০০ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আদালতের হিসেবে ২ হাজারের মতো অবৈধ ইটভাটা রয়েছে। আমরা প্রথমে ঢাকার আশপাশে স্থায়ী চিমনিগুলো চিহ্নিত করছি। ১০০ দিনের কর্মসূচিতে দিনে গড়ে তিন থেকে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেবো। অথ্যাৎ ১০০ কর্ম দিবসে লক্ষ্য হচ্ছে ৫০০ ইটভাটা গুঁড়িয়ে দেবো। ঢাকার চারপাশে এক হাজার অবৈধ ইটভাটা রয়েছে৷ আসলে এ ধরনের ইটভাটার জন্য সম্পূর্ণ অবৈধ। আরেকটা আছে স্বাস্থ্যের ঝুঁকি।”

ঢাকাকে দূষণের হাত থেকে বাঁচাতে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগ অবশ্যই ইতিবাচক ।

পূর্ববর্তী প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ চাইলেন
পরবর্তী টাইব্রেকারে কঙ্গোর কাছে হেরে বিদায় মিশরের