Tag: মিশর

  • টাইব্রেকারে কঙ্গোর কাছে হেরে বিদায় মিশরের

    টাইব্রেকারে কঙ্গোর কাছে হেরে বিদায় মিশরের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ জানুয়ারি, ২০২৪: আফ্রিকা কাপ অব নেশন্সে ফেভারিট দল ছিলো মিশর। কেননা এর আগে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো মিশরকে।

    ১-১ গোলে ম্যাচ সমতায় থাকার পর খেলার ফলাফল বের করে আনতে অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হয়। এতেও কোনো চূড়ান্ত ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৮-৭ গোলে মিসরকে হারিয়ে দেয় কঙ্গো। রোমাঞ্চকর শুটআউটে ১৮তম শটটি নেন কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি।

    প্রথমার্ধের ৩৭তম মিনিটে ফিফা র‍্যাংকিংয়ে ৩৩তম স্থানে থাকা মিশরকে চমকে দেয় ৬৭তম কঙ্গো। ইয়োনে উইসার ক্রসে লক্ষ্যভেদ করেন মেশাক এলিয়া। তবে তাদের এই এগিয়ে যাওয়া স্থায়ী হয় মাত্র ৯ মিনিট। বিরতির ঠিক আগে পাওয়া পেনাল্টি থেকে গোলটি শোধ করেন মিসরের মোস্তফা মোহামেদ।

    দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের দেখা না পাওয়ায় ৯০ মিনিটের খেলা ড্রয়ে শেষ হয়। তবে মিসর বড় ধাক্কা খায় অতিরিক্ত সময়ে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির লেফট-ব্যাক মোহামেদ হামদি। এরপর পেনাল্টি শুটআউটে হেরে যায় তারা।

    দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়ায় এমনিতেই শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে পড়েছিল মিশর। যদিও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে লিভারপুলে ফিরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার কথা ছিল দল সেমিফাইনালে উঠলে। কিন্তু তা আর হলো না। ফলে কোনো জয় ছাড়াই বিদায় নিল মিশর।

  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় মিশর: বস্ত্র ও পাটমন্ত্রী

    দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় মিশর: বস্ত্র ও পাটমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৩ জানুয়ারি, ২০২৪: দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় মিশর, বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করছে মিশর। এবিষয়ে দুই দেশের মধ্যে দ্রুত একটি যৌথ প্রটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।”

    জাহাঙ্গীর কবির নানক আজ মঙ্গলবার ( ২৩ জানুয়ারী) দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

    বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, “মিশরের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত সরকার গঠন করায় তাকে অভিন্দনও জানিয়েছেন তিনি।”

    জাহাঙ্গীর কবির নানক বলেন, “এছাড়াও  প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। গতবছর মিশর ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০বছর উদযাপন করা হয়েছে। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলেও তিনি(রাষ্ট্রদূত) আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, “ওমর ফাহমি জানান, মিশর আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। মিশর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সেজন্য মিশর বাংলাদেশের পাট-বস্ত্র, তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য ছাড়াও সাংস্কৃতিক শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।”

    বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না এবং দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচন সর্বজনীন করার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে একটি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।”

    বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ও দূতাবাসের দ্বিতীয় সচিব মিনা মাকারি উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস