Author: Hello Bangla News

  • বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে

    বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৭ আগস্ট, ২০২৩ : চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে । কৃষি উৎপাদন বাড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    গতকাল রবিবার নতুন অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রিয় ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান। এসময় কৃষিঋণ বিভাগের পরিচালক কানিজ ফাতেমা, পরিচালক দেবাশীষ সরকারসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

    কেন্দ্রিয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা যা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্য ছিল ৩০ হাজার ৮১১ কোটি টাকা।

    এবার কৃষি ও পল্লী ঋণের চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১২ হাজার ৩০ কোটি টাকা, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ ২১ হাজার ৯২৩ কোটি টাকা, কৃষি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো ১ হাজার ৪৭ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিগত ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলো মোট ৩২ হাজার ৮৩০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে, যা অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার চেয়ে ১০৬ দশমিক ৫৫ শতাংশ বেশি।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, গত অর্থবছরে ৩৩ লাখ ৪ হাজার ৮১১ জন কৃষি ও পল্লী ঋণ পেয়েছেন। এবারের নীতিমালায় বলা হয়েছে, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কৃষি খাতে ঋণ বিতরণ করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রার বাইরে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাদের নিজস্ব অর্থায়নে যথাক্রমে ২৬ কোটি টাকা ও এক হাজার ৪২৩ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

    ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে নিজস্ব নেটওয়ার্ক (শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কন্ট্যাক্ট ফার্মিং, দলবদ্ধ ঋণ বিতরণ) এবং ব্যাংক-এমএফআই লিংকেজ ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার ন্যূনতম ৫০ শতাংশ হতে হবে। আগে তা ছিল ৩০ শতাংশ।

    এখানে উল্লেখ থাকে যে বর্তমানে কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় পর্যায়ে এসেছে। কেননা কৃষিজমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। ধান, গম ও ভুট্টা বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশ। সবজি উৎপাদনে তৃতীয় আর চাল ও মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ অবস্থানে। বন্যা, খরা, লবণাক্ততা ও দুর্যোগ সহিষ্ণু শস্যের জাত উদ্ভাবনেও শীর্ষে বাংলাদেশের নাম। এবার অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে এতে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

    সূত্র : বাসস

  • আমরা জনগণের কাছে দায়বদ্ধ :  প্রধানমন্ত্রী

    আমরা জনগণের কাছে দায়বদ্ধ : প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৩ : আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের শক্তিকেই তাঁর দলের শক্তি হিসেবে পুনর্ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ কেবল জনগণের কাছেই দায়বদ্ধ।

    তিনি বলেন, “জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোন প্রভু নেই, জনগণই আওয়ামী লীগের প্রভু। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।”

    ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন।

    আওয়ামী লীগই শুধু দেশের মানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, “এ কারণেই আমরা নির্বাচনের সময় দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার করে থাকি।”

    তিনি আরও বলেন, “আমরা কতটুকু করতে পেরেছি এবং ভবিষ্যতে কী করব; তা আমরা শুধু জনগণকে বলি, অন্য কাউকে নয়।”

    এ প্রসঙ্গে তিনি তার দলের নেতাকর্মীদের বলেন, “আমি চাই সবাই এটা মাথায় রেখে একসঙ্গে কাজ করবেন।”

    শেখ হাসিনা তাঁর সরকারের সাড়ে ১৪ বছরের অর্জন তৃণমূলের মানুষের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন। একইসঙ্গে আগামী সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে স্মরণ করিয়ে দিয়ে তিনি দলকে শক্তিশালী করতে বলেন এবং জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করার আহবান জানান।

    সভায় আওয়ামী লীগের প্রায় ৫ হাজার নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি অংশ নেন।

    দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

    প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দলের নেতাদের নির্দেশনা দিতে এ ধরনের সভা করে আওয়ামী লীগ। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে ২০১৭-এর ২৩ জুন এধরনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
    প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে আজ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ প্রদত্ত ‘উন্নয়নশীল দেশের’ মর্যাদা পেয়েছে। এজন্য দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়েছে।

    ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের কাছ থেকে আমি জানতে চাই তারা কি চান বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে চলুক।

    তিনি বলেন, “আপনারা বাংলাদেশের জনগণকে প্রশ্ন করবেন। কারণ তারাই (জনগন) ভোটের মালিক। তারা যদি চায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে যাবে, তাহলে নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আর আওয়ামী লীগ ভোট পেলেই এটা সম্ভব হবে। তাছাড়া অন্য কেউ এটা করবে না।”

    দেশের কামার, কুমার, তাঁতি, জেলেসহ সকল পেশার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা সকলের জন্যই কাজ করব, এটাই আমাদের প্রতিজ্ঞা।”

    তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো।

    সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।

    সভায় শোক প্রস্তাব পাঠ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
    সূত্র : বাসস

  • শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো: সেতুমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৬ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ শুরু হয়েছে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। এই সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শপথ নিন, প্রস্তুত হোন বঙ্গবন্ধুর বাংলাদেশ, অনেক রক্তঝরার বাংলাদেশ, এই দেশ, আমার পতাকা পাকিস্তানের বন্ধুদের হাতে আমরা তুলে দেব না, দিতে পারি না। ভয় নেই, শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো।’

    ওবায়দুল কাদের আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে; আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। ভয় পাবেন না; ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

    তিনি বলেন, ‘বিএনপির চেয়ে আমাদের লোকবল অনেক বেশি। ভয় নেই, শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা।’

    ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবুও সব সামলিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না।

    সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন, ইয়েস আমরাই পারি।

    সূত্র: বাসস

  • ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে

    ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ আগস্ট, ২০২৩ : ফ্রান্স ও স্পেনে যে দাবনল দেখা দিয়েছিলো তা বেশ কয়েকদিনের প্রচেষ্টায় নেভাতে সক্ষম হয়েছে সেই দেশর দমকলকর্মীরা । ভূমধ্যসাগর উপকূলীয় দুই দেশের অভিন্ন সীমান্তের কাছের দাবানল ছড়িয়ে পড়ছিলো।

    তবে দমকলকর্মীরা শনিবার অপর একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্মকর্তারা ।

    স্প্যানিশ সীমান্তের কাছের পর্যটক প্রিয় পার্বত্য বনাঞ্চল পোর্টবোর আশেপাশের কয়েকটি গ্রাম থেকে রাতে ১৩০ জনেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

    স্প্যানিশ বন রক্ষকরা বলছেন, পোর্টবোর আশেপাশে শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে ৫৭৩ হেক্টর এলাকা পুড়ে গেছে। পোর্টবোর সাথে ফ্রান্সের আন্তঃসীমান্ত রেল পরিষেবা রয়েছে।

    ক্যাটালোনিয়ার আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লোকজনকে সরিয়ে নেয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

    তবে বাসিন্দাদের এখনও ঘরে অবস্থান করার পরামর্শ এবং অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি রয়েছে।

    এদিকে ভূমধ্যসাগর উপকূলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্ক্ষৃপক্ষ বলেছে, নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে ১৫০ দমকলকর্মী কাজ করে যাচ্ছে। তবে দমকলকর্মীদের এই তৎপরতায় দুই দেশের কর্মকর্তারা খুশি।

    সূত্র: বাসস

  • চামড়াজাত পণ্যের রপ্তানী আয় বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

    চামড়াজাত পণ্যের রপ্তানী আয় বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা

    www.HelloBangla.News – অর্থনীতি – ৬ আগস্ট, ২০২৩ : আগামী তিন-চার বছরের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানী আয় বর্তমান ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫ বিলিয়নে উন্নীত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গতকাল শনিবার দুপুরে, রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেন।

    সাভার চামড়া শিল্প নগরীর ট্যানারী সমুহ, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট প্লান্ট (সিইটিপি) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ কমপ্লায়েন্স ও লেদার ওয়ার্কিং গ্রুপের ( এলডব্লিউজি) মানদন্ড উন্নত করার বিষয়ে এই সভার আয়োজন করা হয়। তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্প সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের (বিএসসিআইসি) চেয়ারম্যান, ট্যানারী মালিক ও চামড়াজাত তৈরি শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    তোফাজ্জল হোসেন মিয়া বলেন, সাভারের ট্যানারী শিল্পের সিইটিপি ত্রুটিমুক্ত করে মানদন্ডের উন্নয়ন করা খুবই জরুরি। তিনি বলেন, “ বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে দেশের রপ্তানী আয়ের পরিমাণ ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। আমরা যদি যথোপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি, এই খাত থেকে আগামী ৩-৪ বছরের মধ্যে রপ্তানী আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করা খুব কঠিন হবে না।” তোফাজ্জল হোসেন মিয়া আগামী ২০২৭ সালের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানী আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, তবে এজন্য আমাদের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, এই পরিবেশ তৈরি করার জন্য সরকারী ও বেসরকারি উভয় খাতকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কমপ্লায়েন্সের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় রেখে আমাদের দেশেরও চামড়াজাত শিল্পের কমপ্লায়েন্সকে ত্রুটিমুক্ত করে উন্নত করতে হবে।

    সূত্র: বাসস

  • রান্না – ম্যাংগো ট্রয়ফল

    রান্না – ম্যাংগো ট্রয়ফল

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ আগস্ট, ২০২৩ : আমের মৌসুম প্রায় শেষের দিকে। আম দিয়ে তৈরি হয় নানা ধরণের জুসসহ অন্যান্য খাবার। আজ দেওয়া হলো ম্যাংগো ট্রয়ফল নামের একটি খাবার যা একটি উপাদেও খাবার। আমের মৌসুম শেষ হওয়ার আগে পাকা আম ফ্রিজে সংরক্ষন করে রেখে তা আবার অন্যান্য সময় ‘ম্যাংগো ট্রয়ফল’ রান্না করে খাওয়া যায়।

    উপকরণ:
    আম-১ টি, দুধ-১ লিটার, কর্নফ্লাওয়ার-৩ টেবিল চামচ, পাউডার দুধ-২ টেবিল চামচ, চিনি-৩/৪ কাপ, ভ্যানিলা এসেন্স সামান্য, ওরিও বিস্কুট ৮ টি ।

    রান্না - ম্যাংগো ট্রয়ফল - লাইফস্টাইল - ৬ আগস্ট ২০২৩  (B)
    রান্না – ম্যাংগো ট্রয়ফল – লাইফস্টাইল – ৬ আগস্ট ২০২৩ (B)

    প্রস্ত প্রণালি:
    ১) আম ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন।
    ২) বিস্কুট ব্লেন্ডার এর সাহায্যে গুড়ো করে নিন।
    ৩) একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করে নিন এবং একটু ঠান্ডা করে নিন।
    ৪) হালকা গরম দুধে কর্নফ্লাওয়ার, চিনি, পাউডার দুধ সব মিশিয়ে নিন এবং আবার চুলায় দিয়ে ভালো ভাবে গরম করুন। একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন এবং ঠান্ডা হতে ফ্রিজে রাখুন।
    ৫) একটি স্বচ্ছ পরিবেশন পাত্র ধুয়ে মুছে নিন। এখন প্রথমে বিস্কুট এর গুড়ো নিচের লেয়ারে বিছিয়ে দিন এবং তার উপর দুধের কাস্টার্ড টি দিয়ে আরেকটি লেয়ার করুন। সবার উপর এ টুকরো আমগুলো দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

    রেসিপি দিয়েছেন : ফারজানা আহাম্মেদ

  • চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৩ : দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    আজ রবিবার সকাল ৯.৪৫ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সকল নদীবন্দরের জন্য পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, কুমিল্লা এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

    তাছাড়া দেশের অন্যস্থানে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি /বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা /ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    রবিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলাহয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    আবার, সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং কমতে পারে রাতের তাপমাত্রাও।
    আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

    সূত্র: বাসস

  • ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আজ রাতে বাংলাদেশে আসছে

    ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আজ রাতে বাংলাদেশে আসছে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ আগস্ট, ২০২৩ : ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে এখনও প্রায় দুই মাস দেরি। এরই মধ্যে ট্রফি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আজ বাংলাদেশে আসছে। জানা গেছে আজ (৬ আগস্ট) মধ্যরাতে এই ট্রফি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এরপর আগামীকাল (সোমবার) পদ্মা সেতুতে ছবি তোলার জন্য ট্রফিটি নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এভাবে পর্যায়ক্রমে আগামী তিন দিন (৭-৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে এটি প্রদর্শনের জন্য রাখা হবে।

    পদ্মাসেতু সফর শেষে ট্রফিটি রাখা হবে হোটেলে। পরদিন (৮ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।

    বিসিবি জানিয়েছে আর সর্বস্তরের মানুষ যাতে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারে তাই শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আইসিসির ক্যাম্পেইন হিসেবে বাংলাদেশের পদ্মাসেতুতে প্রথমে আনুষ্ঠানিক ফটোসেশন হবে বিশ্বকাপ ট্রফির। মাওয়া প্রান্তে বিকেল ৩টা পর্যন্ত চলবে প্রাথমিক সফর। পরদিন মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং শেষদিন বসুন্ধরায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

  • রাশিয়ার ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

    রাশিয়ার ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ আগস্ট, ২০২৩ : রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগ স্থাপনাকারি সেতুতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কেননা ইউক্রেন কার্চ প্রণালীতে রাশিয়ার একটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। কৌশলগত দিক থেকে সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। আজ শনিবার রাশিয়ার গণমাধ্যম খেবে এ খবর পাওয়া গেছে।

    বার্তা সংস্থা ‘তাস’ জানায়, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌছেছে।

    জাহাজটি থেকে কোন তেল পড়ে যায়নি বলে, তাস জানিয়েছে । জাহাজটিতে ১১ জন মানুষ ছিল।

    জাহাজটিকে রাসায়নিক ট্যাঙ্কার এসআইজি বলে চিহ্নিত করেছে, মস্কো টাইম । উক্ত জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করে এবং রাশিয়ার বাহিনীকে জেট জ্বালানি সরবরাহ করার জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

    ভ্লাদিমির রোগভ জানান, এ ড্রোন হামলায় জাহাজের কাঁচ ভেঙ্গে বেশ কয়েকজন ক্রু আহত হয়েছে। ভ্লাদিমির ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা।

    সূত্র: বাসস

  • এবারের নারী বিশ্বকাপে দর্শক সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে : ফিফা

    এবারের নারী বিশ্বকাপে দর্শক সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে : ফিফা

    www.HelloBangla.News – বিনোদন – ৫ আগস্ট, ২০২৩ : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা জানিয়েছে ২০১৯ সালের তুলনায় এবারের নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে দর্শক উপস্থিতির সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে । অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ অনেকাংশেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলেও উল্লেখ করেছে ফিফা।

    ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে প্রকাশিত ডাটা অনুযায়ী গ্রুপ পর্বে ৪৮ ম্যাচে এ পর্যন্ত ১২ লাখ ২২ হাজার ৮৩৯ সমর্থক মাঠে উপস্থিত ছিল। চার বছর আগে ফ্রান্সের গ্রুপ পর্বের ৪৮ ম্যাচের তুলনায় যা ২৯ শতাংশ বেশী। এবারের বিশ্বকাপে গড়ে প্রতিদিন ২৫ হাজারের কিছু বেশী দর্শক মাঠে উপস্থিত ছিল। সাধারণত নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ায় বেশী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    ডানেডিনে কোস্টারিকার বিরুদ্ধে জাপানের ২-০ গোলের জয়ের ম্যাচটি দেখেছে ৭ হাজারের কম মানুষ। এ পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টিকেট বিক্রি হয়েছে। প্রাথমিক ভাবে ১.৩ মিলিন টিকেট বিক্রয়ের লক্ষ্য ছিল, যা গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে।

    ফিফা নারী ফুটবল প্রধান সারাই বারেমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী ফাইনাল পর্যন্ত ১.৯ মিলিয়ন ভক্ত স্টেডিয়ামের গেটে পা রাখবে। টুর্নামেন্ট এখনো পর্যন্ত চমৎকার ভাবে এগিয়ে চলছে। অনেক দিক থেকেই যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সারা বিশ্বজুড়ে টেলিভিশন সম্প্রচারের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’

    নেদারল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচটি আমেরিকায় সবচেয়ে বেশী মানুষ টিভিতে উপভোগ করেছে।

    বারেমান আরো জানিয়েছেন এবারের বিশ্বকাপে এটাই প্রমানিত হয়েছে নারী ফুটবল অনেকদুর এগিয়েছে। শীর্ষ দেশগুলোর মধ্যে অনেকেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

    গতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ রানার্স-আপ জার্মানী, ইতালি, ব্রাজিল ও অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডা নক আউট পর্বে যেতে পারেনি। তাদের পরিবর্তে শেষ ষোলয় উঠেছে মরক্কো, নাইজেরিয়া, জ্যামাইকা ও দক্ষিণ আফ্রিকা।

    ফিফা জনিয়েছে সব মিলিয়ে নারী দর্শক উপস্থিতির বিশয়টি খেলাধুলার ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

    সূত্র: বাসস