Author: Hello Bangla News

  • দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

    দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৩ : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনাসহ দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমুহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

    ভারতের গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    সতর্কীকরন কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদী সমুহের পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমুহের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    এই সময়ে এই অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী ও যদুকাটার পানি সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে।

    দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদী মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি কমতে শুরু করেছে।

    পূর্বাভাস কেন্দ্র আরো জানায় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

    সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপদসীমার ১৪ দশমিক ৮০ মিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ৬ দশমিক ৫৫ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ।

    দেশের নদ-নদী সমুহের ১০৯টি পয়েন্টের মধ্যে ৭০টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে এবং ৩৮টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে একটি পয়েন্টে।

    সূত্র : বাসস

  • আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ৯ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আরও ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর নকশা ও বাস্তবায়নে তাঁর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তিনি জমিসহ আরও ২২ হাজার ১০১টি বাড়ি বিতরণ করেন।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ “আশ্রয়ণ প্রকল্প”একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হয়। ১৯৯৭ সালে বঙ্গবন্ধুকন্যা কক্সবাজার জেলার সেন্টমার্টিনে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের উদ্যোগ নেন এবং একই বছর তিনি সারা দেশের গৃহহীন-ভূমিহীন মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু করেন “আশ্রয়ণ প্রকল্প”। এরই ধারাবাহিকায় আজও চলছে সেই মহতি প্রকল্প। দেশে কমছে ভূমিহীন ও গৃহহীনদের সংখ্যা।

    আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সুবিধাভোগীদের মধ্যে বাড়ি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, ‘আমি দেশে আরও ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করছি।’

    যারা জমিসহ বাড়ি পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এইসব বাড়ি আপনাদের মর্যাদা বাড়াতে সাহায্য করবে’।

    শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের জন্যে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন সেসব মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা দেখে তাঁর আত্মা খুশি হবে।

    তিনি যারা বাড়ি পেয়েছেন তাদের বাড়ির ভিতরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

    বাংলাদেশে কেউ যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তাঁর উদার পদক্ষেপের অংশ হিসেবে সরকারি খরচে নির্মিত বাড়িগুলো বিতরণ করেন।

    নতুন ঘোষণায় চতুর্থ ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় দফায় ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হয়েছে।

    আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মোট উপকারভোগী পরিবারের সংখ্যা এখন দুই লাখ ৩৮ হাজার ৮৫১ তে দাঁড়িয়েছে।

    নতুন ১২টি ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হলো: মানিকগঞ্জ, রাজবাড়ি, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।

    যে ১২৩টি ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হল: শরীয়তপুর জেলার গোসাইরহাট; কিশোরগঞ্জের কুলিয়ারচর, নিকলী, হোসেনপুর, বাজিতপুর, মিঠামইন ও করিমগঞ্জ; টাঙ্গাইলের ঘাটাইল, নাগরপুর, মির্জাপুর, কালিহাতী ও বাসাইল; মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও সদর; মুন্সীগঞ্জের শ্রীনগর ও টঙ্গীবাড়ি; রাজবাড়ীর গোয়ালন্দ; নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ, আড়াইহাজার ও সদর; ফরিদপুরের বোয়ালমারী, চরভদ্রাসন, ভাঙ্গা ও সদর; ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, ধোবাউড়া, গফরগাঁও, মুক্তাগাছা ও সদর; শেরপুরের শ্রীবরদী ও সদর; জামালপুরের ইসলামপুর ও সরিষাবাড়ী; কক্সবাজারের পেকুয়া, উখিয়া ও টেকনাফ; চট্টগ্রামের হাটহাজারী ও আনোয়ারা; চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া; নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ ও সদর; কুমিল্লার নাঙ্গলকোট, বরুড়া, হোমনা, তিতাস, মেঘনা ও বুড়িচং; ফেনীর দাগনভূঁইয়া, গাইবান্ধার পলাশবাড়ী; রংপুরের বদরগঞ্জ; দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও সদর।

    অন্য উপজেলাগুলো হলো- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল ও সদর; নীলফামারীর ডোমার ও জলঢাকা; নওগাঁর আত্রাই, বদলগাছী, মান্দা, নিয়ামতপুর, পোরশা, সাপাহার ও সদর; সিরাজগঞ্জের তাড়াশ, শাহজাদপুর ও কামারখন্দা; বগুড়ার গাবতলী, আদমদীঘি ও সদর; নাটোরের সিংড়া, নলডাঙ্গা ও সদর; পাবনার চাটমোহর, বেড়া, ফরিদপুর, ভাগুড়া ও সুজানগর; ঝিনাইদহে ঝিনাইদহ সদর; সাতক্ষীরার কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর; যশোরে যশোর সদর; কুষ্টিয়ার খোকসা; খুলনার দিঘলিয়া; নড়াইলের কালিয়া; পিরোজপুরে পিরোজপুর সদর; ঝালকাঠির ঝালকাঠি সদর; পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা; বরগুনার পাথরঘাটা, বেতাগী, তালতলী; সিলেটের বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও জকিগঞ্জ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, বাহুবল, লাখাই, হবিগঞ্জ সদর ও মাধবপুর ও শাল্লা এবং সুনামগঞ্জের ধর্মপাশা।

    খুলনা জেলার তেরখাদা উপজেলার আওতাধীন বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার আওতাধীন চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্প এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে।

    প্রধানমন্ত্রী অনুষ্ঠান চলাকালে, ঘর পাওয়া, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

    প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ।

    অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

    এরআগে প্রধানমন্ত্রী আরও নয়টি জেলা- মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, পঞ্চগড়, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও মাগুরাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) আশ্রয়ণ প্রকল্পটি এখন পর্যন্ত পাঁচ লাখ ৫৫ হাজার ৬১৭ পরিবারকে তাদের মালিকানায় দুই ডিসিমাল জমিসহ আধা-পাকা বাড়ি দিয়ে পুনর্বাসন করেছে। এসব বাড়িতে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিনামূল্যে সংযোগ দেয়া হয়েছে।

    আশ্রয়ণ প্রকল্প ও অন্যান্য কর্মসূচির আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৮ লাখ ২৯ হাজার ৬০৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

    বিশেষজ্ঞদের অভিমত, প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কারণে চরম দরিদ্র ও ভাসমান মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেছিলেন।
    বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের বাড়িঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ নেন।

    আশয়ণ প্রকল্পের মূল লক্ষ্য হল প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নতি ও দারিদ্র্য দূর করা।

    সূত্র: বাসস

  • দেশ থেকে গত ৫ বছরে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ১৩.৯৯ শতাংশ

    দেশ থেকে গত ৫ বছরে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ১৩.৯৯ শতাংশ

    www.HelloBangla.News – অর্থনীতি – ৯ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১৩.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত ৫ বছরে (২০১৭-২০২২) হিসাবে উঠে এসেছে। শুধু তাই নয় গত ৫ বছরে বিশ্বের অন্যান্য দেশ থেকে তাদের বার্ষিক আমদানি বেড়েছে ৪.৫০ শতাংশ।

    বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ। পোশাক আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রধান উৎস দেশ সে অবস্থান অক্ষুন্ন রয়েছে, যা দেশটির মোট আমদানির ৯. ৭৫ শতাংশ। ২০২১ সালে এটি ছিল ৮.৭৬ শতাংশ।

    ২০২২ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বস্ত্র আমদানি বেড়ে দাড়িয়েছে ৩৬.৩৮ শতাংশে। ২০২২ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ৯.৭৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যা ২০২১ সালে ছিল ৭.১৬ বিলিয়ন ডলার এবং ২০১৮ সালে ছিল ৫.৪০বিলিয়ন ডলার মূল্যের। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বর্গ মিটার পরিমাপক (এসএমই) পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে ২০.৬৫ শতাংশ পোশাক আমদানি করেছে, যা ২০২১ সালের ২.৬০ বিলিয়ন থেকে ২০২২ সালে ৩.১৪ বিলিয়ন এসএমই’তে পৌছে।

    অপরদিকে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি পরিমাপক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ৩.১১ শতাংশ কমেছে।

    ‘যেহেতু যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের শেয়ার মাত্র ৯.৭৫ শতাংশ, তাই এই শেয়ার আরো বাড়ানোর বিরাট সুযোগ রয়েছে’, বলি জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুখ হাসান ।

    তিনি আরও বলেন, ‘অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জিন্সের কাপড় আমদানিতে বাংলাদেশ শীর্ষ স্থান অধিকার করেছে।

    সূত্র : বাসস

  • ইউক্রেনের  ২ টি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

    ইউক্রেনের ২ টি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ আগস্ট, ২০২৩ : মস্কো নগরীর মেয়র আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রুশ বাহিনী রাজধানী মস্কো অভিমুখী ইউক্রেনের ২ টি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে।
    তিনি আরও জানিয়েছেন, ‘মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর এটি সর্বশেষ প্রচেষ্টা’।

    হামলাকারীর কথা উল্লেখ না করে মস্কোর মেয়র সার্গেই সুবিয়ানিন টেলিগ্রামে বলেছেন,‘দুটি যুদ্ধবিমানের মস্কোর দিকে উড়ে আসার বিষয়টি রেকর্ড করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দু’টি ড্রোন ভূপাতিত করা হয়।’

    তিনি বলেন, একটি ড্রোন শহরের দক্ষিণ উপকন্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। অন্যটি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়।

    মেয়র বলেন, ভূপাতিত করা ড্রোনগুলোর বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই। তবে জরুরি পরিষেবাগুলো কাজ করছে।

    রুশ কর্মকর্তাদের মতে, এক সপ্তাহের মধ্যে মস্কোয় এটি অন্তত তৃতীয় ড্রোন হামলা। রোববার ও সোমবারও ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

    এর আগে গত ৩০ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে।

    সূত্র : বাসস

  • শিল্পকলায় বঙ্গমাতা স্মরণে ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠিত

    শিল্পকলায় বঙ্গমাতা স্মরণে ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠিত

    www.HelloBangla.News – বিনোদন – ৯ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল মঙ্গলবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে “শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি: উৎসর্গ- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উপর নির্মিত ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শীত হয় ।

    আয়োজিত এ অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। বঙ্গমাতার ভুমিকা নিয়ে আলোচনা করেন মাহফুজা হিলালী, সহযোগী অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নাট্যকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি বলেন- “বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা”।

    সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন – “দূরদর্শী চিন্তা সম্পন্ন, বিচক্ষণ হিসেবে বঙ্গমাতা বাঙালির জাগরনে এক মহিয়সী নারী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে আছেন”।

    ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠিত - বিনোদন - ৯ আগস্ট ২০২৩ (খ)
    ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠিত – বিনোদন – ৯ আগস্ট ২০২৩ (খ)

    পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই পরিবেশিত হয় দলীয় নৃত্য – ‘বঙ্গমাতা’– কোরিওগ্রাফি করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল।

    এর পর পরিবেশিত হয় – শিশুদের দলীয় সঙ্গীত পরিবেশনা: আরেকটা বার জনম দেনা মা ও ধন্য মুজিব ধন্য । ‘দু:খিনী বাংলা জননী বাংলা’ নৃত্য পরিবেশন করে একাডেমির নৃত্যদল।

    সবশেষে পরিবেশিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’।

  • তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয়

    তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ আগস্ট, ২০২৩ : পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ২টি টি-টোয়েন্টি ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে ছিল ভারত। তবে গতকাল তৃতীয় ম্যচে দাউণ ভাবে ফিরে এসেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই ম্যাচটি হারলে সিরিজটাই হাতছাড়া হতো তাদের। ফলে এখনও সিরিজ জয়ের আশা করতেই পারে ভারত। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজের দুটিতেই জয় পেয়েছে ভারত।
    সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব এ ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় তুলে নেওয়ার পাশাপাশি সিরিজে টিকে রইলো ভারত।
    গতকাল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়রা। জবাবে ১৭.৫ ওভার খেলেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।
    লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (১) ও শুভমান গিল (৬) দুজনেই ফিরেছেন অল্পতেই। তবে সূর্যকুমার ও তিলক ভার্মা মিলে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ে বন্ধরে ভিড়িয়ে দেন। এই দুই ব্যাটসম্যান গড়েছেন ৮৭ রানের জুটি।
    ঝোড়ো ব্যাটিংয়ে সূর্য ফেরেন ব্যক্তিগত ৮৩ রানে, ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের বলে ক্যাচ তুলে দিয়ে। ৪৪ বল স্থায়ী ইনিংসটি তিনি ১০টি চার ও ৪টি ছক্কায় সাজিয়েছেন।
    বাকি পথ অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে সহজেই পাড়ি দেন তিলক। তার সামনেও ছিল ফিফটি করার হাতছানি। কিন্তু ১৮তম ওভারের পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হার্দিক। ৩৭ বলের মোকাবিলা করা তিলক অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪৯ রানে। অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়ার সময় হার্দিক অপরাজিত ছিলেন ২০ রানে।

    এর আগে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও কাইল মায়ার্সের ধীরগতির ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে যথেষ্ট রান তুলতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। কিং ৪২ বলে করেন ঠিক ৪২ রান। অন্যদিকে মায়ার্সের ব্যাট থেকে আসে ২০ বলে ২৫ রান। ব্যর্থ হয়েছেন জনসন চার্লসও (১২)।
    নিকোলাস পুরান ১২ বলে ২০ রানের ছোটখাটো ঝড় তুলে বিদায় নিলে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। কিন্তু পাওয়েলকে আটকাতে পারেননি ভারতীয় বোলাররা। ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন পাওয়েল।
    পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।

  • শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বঙ্গমাতা” প্রদর্শিত

    শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বঙ্গমাতা” প্রদর্শিত

    www.HelloBangla.News – বিনোদন – ৮ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল সোমবার বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বঙ্গমাতা” এর প্রিমিয়ার শো প্রদর্শিত হয়েছে । সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় “বঙ্গমাতা” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন গৌতম কৈরী। খোরশেদ বাহার এর “বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক” উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বঙ্গমাতা’ র চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুস্তাফা।
    প্রিমিয়ার শো আয়োজন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। “বঙ্গমাতা” এর নির্মাতা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে স্বাগত এবং ১৫ই আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘‘মহিয়সী নারীদের মধ্যে অন্যতম ছিলেন বঙ্গমাতা। বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তিনি তা দেখে যেতে পারেন নি। আজ সেই সোনার বাংলা প্রতিষ্ঠায় স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত, নান্দনিক দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের অংশগ্রহণে সেই লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
    প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি বলেন, “মহিয়সী নারী বঙ্গমাতা আজীবন সুখে-দুঃখে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। মানুষের অধিকার আদায়ে, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত-উজ্জীবিত করেছেন। সারাজীবন নিজের আনন্দ-সুখকে বিসর্জন দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েছেন। সাধারণ নারীর পক্ষে এটা কখনো সম্ভব নয়। বঙ্গমাতার ত্যাগের মহিমাকে কেউ স্পর্শ করতে পারবে না। প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।”
    আলোচনা পর্বের পর শুরু হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জীবনীর উপর নির্মিত ‘বঙ্গমাতা’ এর প্রিমিয়ার শো। এর উদ্বোধন করেন গাজীপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি। তিনি বলেন, “বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা-চেতনা বঙ্গমাতা স্পষ্টভাবে অনুধাবন করতে পারতেন। বঙ্গমাতার সুচিন্তিত পরামর্শ বঙ্গবন্ধুকে বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে, উদ্দীপ্ত করেছে। তিনি বলেন, নারীর অধিকার আদায় ও প্রতিষ্ঠায় বঙ্গমাতা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি অসাধারণের মধ্যেও ছিলেন সাধারণ। এটাই ছিলো তাঁর বিশেষত্ব। তাই বঙ্গমাতার চেতনাবোধ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে”।
    সবশেষে প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বঙ্গমাতা”।

  • রান্না : গরুর মাংসের কাঠি  কাবাব

    রান্না : গরুর মাংসের কাঠি কাবাব

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ আগস্ট, ২০২৩ : গরুর মাংস দিয়ে তৈরি হয় নানা ধরণের খাবার। আজ দেওয়া হলো জনপ্রিয় একটি খাবার গরুর মাংসের কাঠি কাবাব। বর্ষায় বিশেষ ভাবে লুটি, পোরটা, রুট সঙ্গে খেতে মজা এই খবারটি।

    উপকরণ :
    রানের মাংস – ১/২ কেজি, আদা রসুন বাটা – ১টেবিল চামচ, মরিচ গুরা – ১ চা চামচ, কাবাব মসলা – ২ চা চামচ, লবন স্বাদ মতো, পেপেবাটা ১ টেবিল চামচ, টমেটো সস – ১ টেবিল চামচ, কাচা মরিচ বাটা – ১ চা চামচ, পেয়াজ বাটা – ১ চা চামচ, ডিম – ১টা, বিস্কুটের গুড়া পরিমান মতো, তেল পরিমান মতো।

    রান্না  গরুর মাংসের কাঠি  কাবাব - লাইফস্টাইল - ৮ আগস্ট ২০২৩ (খ)
    রান্না গরুর মাংসের কাঠি কাবাব – লাইফস্টাইল – ৮ আগস্ট ২০২৩ (খ)

    প্রনালী:
    প্রথমে মাংস রানের অংশ থেকে দের ইঞ্চি চিকন পাতলা লমবায় কেটে নিতে হবে। দেখতে ফিতার মতো হবে লমবাগুলি, একটু ছেচে নিবো, তার পর সব মসলা দিয়ে মেখে নিতে হবে। যদি তারাতারি চাই তাহলে পেপে বাটা দিয়ে ১/ ঘন্টা পরেই কাজ করতে হবে। এই ভাবে রেখে দিতে হবে ৬/৭ ঘন্টা। তার পর একটা কাঠিনিয়ে এতে মাংস গেথে নিতে হবে যেইভাবে সেলাই করি সেভাবে। তার পর হাত দিয়ে চেপে নিন তারপর ডিমে ডুবিয়ে বিস্কুটের গুড়ায় গড়িয়ে নিবো এই ভাবে সব গুলো বানিয়ে ফ্রিজে রেখে দিব ১/২ঘন্টা, তার পর তেলে ভেজে নিবো হয়ে গেলো মজাদার কাঠি কাবাব, এই কাবাব,পরাটা নান রুটি লুচির সাথে দারুন জমবে ভালো।

    রেসিপি দিয়েছেন : রাজিয়া সুলতানা।

  • যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত, বিদ্যুৎহীন হাজার হাজার লোক

    যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত, বিদ্যুৎহীন হাজার হাজার লোক

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৩ : যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঝড় বয়ে গেছে। এতে দু’জনের প্রাণহানি এবং হাজার হাজার লোক বিদ্যুতহীন অবস্থায় রয়েছে। এছাড়া হাজার হাজার ফ্লাইট বিলম্বে ছেড়েছে। কিছু ফ্লাইট বাতিল করা হয়। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় ঝড়ের ফলে এই নিহত ও বিদ্যুত সংকটের ঘটনা ঘটে।
    প্রচন্ড ঝড় আলবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ মানুষ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে। তাদের নিরাপদে থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ।
    এর আগে দ্যা ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) বিপজ্জনক ঝড়ের ‘মাঝারি ঝুঁকির’ পূর্বাভাস দিয়েছিল। সেখানে বলা হয় ঝড়টি ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
    স্থানীয় এবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, আলাবামায় বজ্রপাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া স্থানীয় সিবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলাইনায় ভেঙে পড়া গাছের আঘাতে ১৫ বছর বয়সী আরো একজন মারা গেছেন।
    এদিকে ঝড়ের কারনে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাত লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত ছিল।
    ওয়েবসাইট ফ্লাইটএওয়্যার থেকে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক হাজার ৭শ’রও বেশি ফ্লাইট বাতিল এবং আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
    বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়েই বিরুপ আবহাওয়া পরিস্তিতির সৃষ্টি হয়েছে ।
    সূত্র: বাসস

  • বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির সময় ৬ মাস বাড়ছে

    বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির সময় ৬ মাস বাড়ছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৮ আগস্ট, ২০২৩ : বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির সময় ৬ মাস বাড়ানো হচ্ছে। কেননা চাহিদার শতভাগ সয়াবিন তেল প্যাকেটজাত করে বিপণনের ক্ষেত্রে ব্যবসায়ীরা সম্পূর্ণরূপে প্রস্তুত নয় । তবে ৬ মাস পর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে । বিষয়টি জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
    গতকাল সোমবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে খোলা সয়াবিন তেল বিপণন ও বিক্রয় বন্ধের বিষয়ে সচেতনতানূলক সভার আয়োজন করা হয়। এ সভাটি অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ানবাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ।
    সভায় ব্যবসায়ীরা জানান, খোলা ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধের বিষয়ে তারা একমত। কিন্তু ব্যবসায়ীদের যে সক্ষমতা রয়েছে তাতে শতভাগ ভোজ্যতেল প্যাকেটজাত করে বিপণনের ক্ষেত্রে তারা প্রস্তুত নন। সেজন্য তারা সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে আরও সময় দাবি করেন।
    এর প্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘আমরা সকলের সমন্বয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাজারে সম্পূর্ণরূপে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করতে চাই। ব্যবসায়ীরা খোলাবাজারে ভোজ্যতেল বিক্রি বন্ধের জন্য আরও সময় চান। ব্যবসায়ীরা বলছেন যে, শতভাগ প্যাকেটিং করার জন্য এখনও তারা পুরোপুরি প্রস্তুত নন। তবে ৬ মাসের মধ্যে খোলাবাজারে সয়াবিন তেল বিক্রি বন্ধ করে দেয়া হবে।’
    সফিকুজ্জামান আরো বলেন, ‘২০১৩ সালের আইনে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ অন্তর্ভুক্তকরণের বিষয়টি সম্পৃক্ত করা হয়। এছাড়া ২০১৯ সালের আইনে ভোজ্যতেল প্যাকেট বা বোতলজাত করার বিধান রাখা হয়েছে। এর জন্য গত ৩১ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত ছিল। এ সময়ের মধ্যে ভোজ্যতেল প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান শতভাগ বোতলজাত ও প্যাকেটজাত করতে পারেনি।’
    তিনি বলেন, ‘খোলা সয়াবিন তেলে ভেজাল দেয়া হচ্ছে। এছাড়া পাম তেল সয়াবিন বলে বিক্রি হচ্ছে। এতে করে ক্রেতারা কেজিতে ২০ টাকার ওপরে দাম দিতে বাধ্য হচ্ছে। প্রতারিত হচ্ছেন। এ অবস্থায় আইনটি বাস্তবায়নের বিকল্প নেই।’
    অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘খোলা তেলের ড্রামগুলো বেশিরভাগই কেমিক্যালের ড্রাম। এতে স্বাস্থ্যঝুঁকিও আছে। এসব ড্রামে তেলাপোকা, ইঁদুর পাওয়া যাচ্ছে। এজন্য পাম ও সয়াবিন তেল বোতলজাত করতে হবে। কেননা ইতোপূর্বে তিনবার এ ব্যাপারে তারিখ পেছানো হয়েছে।’
    গত ৩১ জুলাই সয়াবিন পুরোপুরি বোতলজাত করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে শতভাগ বোতলজাত সয়াবিন তেল বাজারজাতে আরও সময় লাগবে উল্লেখ করে সভায় সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, ‘খোলা সয়াবিন তেল বাজারজাত করা এখনই বন্ধ করা সম্ভব নয়। এতে বাজারে সংকট সৃষ্টি হতে পারে। এ জন্য ছয় মাস সময় বৃদ্ধি করতে হবে। এ সময়ের মধ্যে কোম্পানিগুলো নিজেদের সক্ষমতা অর্জন করে ফেলবে। কেউ কেউ বাকি থাকলে সেটি আলোচনা করে সমাধান করা হবে।’
    সভায় মহাপরিচালক সফিকুজ্জামান আরও বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সময় চাওয়ার বিষয়টি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়কে জানাব। আমরা ব্যবসায়ীদের বলেছি যে, সাত দিনের মধ্যে একটি কর্ম পরিকল্পনা দিতে হবে। যাতে উল্লেখ থাকবে কতদিনের মধ্যে কী কী পদক্ষেপ কোম্পানিগুলো নেবে।’
    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা, এস আলম গ্রুপের সিনিয়র ম্যানেজার কাজী সালাহ উদ্দীন আহমেদ, রূপচাঁদার জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম, বিএসটিআইর সহকারী পরিচালক মনির হোসেন প্রমুখ ।
    সূত্র: বাসস