Author: Hello Bangla News

  • রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের জনগণের সেবায় নিয়োজিত করা: প্রধানমন্ত্রী

    রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের জনগণের সেবায় নিয়োজিত করা: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়– ৩ সেপ্টেম্বর, ২০২৩ : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদ সদস্যদের (এমপি) উদ্দেশ্যে বলেছেন, ‘রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের জনগণের সেবায় নিয়োজিত করা।’
    সংসদে নাটোর-৪ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রস্তাবে আজ রবিবার (৩ সেপ্টেম্বর) এ কথা বলেন সংসদ নেতা।
    প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিন ও মো. আবদুল কুদ্দুস সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন।
    তিনি আরও বলেন, ‘আমি নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা অনুসরণ করে জনগণের দোরগোড়ায় দেশের স্বাধীনতা অর্জনের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’
    সংসদ অধিবেশনের শুরুতে দুইজন সংসদ সদস্যের মৃত্যু বিষয়ে তনি বলেন, শোক প্রস্তাব দিয়ে সংসদের অধিবেশন শুরু হওয়া খুবই মর্মান্তিক।এ প্রসঙ্গে তিনি বলেন, এই সংসদের ২৮ জন সদস্য মারা গেছেন যাদের মধ্যে ২৬ জনই আওয়ামী লীগের।
    আবদুল কুদ্দুস সম্পর্কে তিনি বলেন, ‘তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন। খুবই সাহসী ছিলেন। নাটোর ছিল সন্ত্রাসের জায়গা। সেখানে তিনি কয়েকবার নির্বাচিত হয়েছেন। তিনি মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।’
    প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিনকে তিনি ছাত্রজীবন থেকেই চিনতেন।
    শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণের জন্য রাজনীতি করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
    তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। সংসদ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করায় এটি সম্ভব হয়েছে।’
    বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য তাঁর সরকারের প্রচেষ্টার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশকে আরও উন্নত করতে হবে।’
    বীর মুক্তিযোদ্ধা, সাবেক ধর্মমন্ত্রী ও সাবেক এমপি অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক এমপি অধ্যাপক পান্না কায়সার, সাবেক এমপি মোহাম্মদ উল্লার মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে।
    সংসদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, একুশে পুরস্কার বিজয়ী কবি মোহাম্মদ রফিক, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেসা আশরাফ দিনা, কাজী নাবিল আহমেদ এমপির পিতা প্রকাশক ও অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদ, কানিজ ফাতেমা আহমেদ এমপির পিতা কামাল উদ্দিন আহমেদ খান এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ ও কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক প্রকাশ করে।
    সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়াশিকা আয়েশা খান, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আবদুল আজিজ, মশিউর রহমান রাঙ্গা প্রমুখ শোক প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন।
    অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।
    এক মিনিট নীরবতা পালন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
    সংসদের বৈঠক মুলতবি করার আগে মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী।
    সূত্র: বাসস

  • বিএনপির উদ্দেশ্য গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা: তথ্যমন্ত্রী

    বিএনপির উদ্দেশ্য গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়– ৩ সেপ্টেম্বর, ২০২৩ : বিএনপির গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করছে, উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা, ধূলিস্যাৎ করা। ২০১৪ সালে তারা সেই অপচেষ্টা করেছিলো, ২০১৮ সালে নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখন সেই অপচেষ্টা চালালে দেশের জনগণ তাদের প্রতিহত করবে।’
    মন্ত্রী আজ রবিবার (৩ সেপ্টেম্বর)দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য প্রসঙ্গে বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল বা নির্বাচনের তারিখ ঘোষণা স্বাধীন নির্বাচন কমিশনের এখতিয়ার। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সে অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুত আছি।
    হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা নির্বাচন বর্জন করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের বা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমি মনে করি, বিএনপি যদি একটি দায়িত্বশীল দল হয় তাহলে অবশ্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কারণ গণতন্ত্রকে সংহত করা শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়। তাই বলে নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালানো হলে দেশের মানুষ সেটি কঠোর হস্তে দমন করবে।’
    সিঙ্গাপুরে বিএনপি মহাসচিবের সাথে জাতীয় পার্টির মহাসচিবের বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এটি দেখেছি। কিন্তু মির্জা ফখরুল সাহেব বলেছেন সেটি অসত্য। তার বক্তব্যকেই আমি সত্য ধরে নিচ্ছি।’
    নির্বাচনে পররাষ্ট্রনীতির প্রভাব আছে কি না এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন হয় দেশে, ভোট দেয় দেশের জনগণ। এটা পররাষ্ট্রনীতির বিষয় না। আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।’
    সাংবাদিকরা বিএনপির দাবিকৃত তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের নাম আসা নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ড. ইউনূস সাহেব দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার প্রতি যথার্থ সম্মান এবং শ্রদ্ধা রাখতে চাই। সব প্রচার-অপপ্রচার যাই বলেন, এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’
    ড. ইউনূসের বিচার নিয়ে বিদেশিদের চিঠির প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেখুন কেউ আইনের উর্ধ্বে নয়। এ দেশে সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়েছে এবং তিনি সাজা ভোগ করছেন। পৃথিবীর বিভিন্ন দেশে নোবেল লরিয়েটের বিচার হয়েছে, তারা জেলও খেটেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার হচ্ছে। হাছান মাহমুদ বলেন, ‘আমাদের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। সত্যটা হচ্ছে এই যে, শ্রমিকদের ৫ শতাংশ হারে লভ্যাংশ দেওয়ার কথা ছিলো যেটির মূল্য হচ্ছে ১২শ’ কোটি টাকা। তিনি জালিয়াতির মাধ্যমে এবং ঘুষ প্রদান করে সেটিকে ৪শ’ কোটি টাকায় নামিয়েছিলেন। সেটিও তিনি প্রদান করেননি। সে জন্য বিচার হচ্ছে। আরো অনেক মামলা আছে। আমাদের দেশের বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি দেওয়া দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষপের শামিল। সে জন্য বাংলাদেশের সচেতন নাগরিক এবং সাংবাদিকরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন।’
    ঢাকায় নতুন উড়ালসড়ক প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী যে উড়ালসড়ক উদ্বোধন করেছেন সেটি উন্নয়নের অভিযাত্রায় অবশ্যই আরেকটি মাইলফলক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে ১৪ বছরে ঢাকা শহরসহ সারাদেশ সত্যিকার অর্থেই বদলে গেছে। আপনারা মির্জা ফখরুল সাহেবকে, বিএনপির নেতাদেরকে এ বিষয়ে প্রশ্ন করেন, তারা কি বলে একটু শোনার অপেক্ষায় আছি।
    লন্ডনে পিএসআইএফে যোগদান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টারিয়ানদের সাথে বৈঠক:
    মতবিনিময়ের শুরুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ তার সদ্যসমাপ্ত লন্ডন সফরের ওপর আলোকপাত করেন। মন্ত্রী ৫০টিরও বেশি দেশের ২৮২জন প্রতিনিধি সমন্বয়ে লন্ডনে অনুষ্ঠিত পার্লামেন্টারি সিকিউরিটি ইনটেলিজেন্ট ফোরামের (পিএসআইএফ) সম্মেলনে যোগদানের পাশাপাশি ফোরামের চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান রবার্ট পিটেনজার, কো-চেয়ার যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি এলিসিয়া কিয়ার্নসের সাথে তার বৈঠকের কথা জানান।
    ড. হাছান মাহমুদ জানান, যুক্তরাজ্যের মিনিস্টার অভ স্টেট ফর মিডিয়া, ট্যুরিজম এন্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ স্যার জন হুইটিংডেল, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ফ্রেঞ্চ হিল, বাংলাদেশ বিষয়ে যুক্তরাজ্য পার্লামেন্টের অল পার্টি গ্রুপের সভাপতি রুশনারা আলী এমপি প্রমুখের সাথে বৈঠকগুলোতে তারা বাংলাদেশের অসামান্য উন্নয়ন, সন্ত্রাস দমন ও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
    সূত্র: বাসস

  • টাইফুন হাইকুই তাইওয়ানে আঘাত হানছে

    টাইফুন হাইকুই তাইওয়ানে আঘাত হানছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ সেপ্টেম্বর, ২০২৩ : গত চার বছরের মধ্যে আজ রবিবার টাইফুন হাইকুই সরাসরি প্রথমবারের মতো তাইওয়ানে আঘাত হানছে ।
    হাইকুইর কারণে হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে । বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
    টাইফুনের প্রভাবে আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ এটি টাইটাঙে আঘাত হানবে। পূর্ব তাইওয়ানের পার্বত্যময় এ এলাকাটি কম জনবসতিময়।
    সকাল নয়টা নাগাদ ঝড়টি তাইওয়ানের ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে।
    গতকাল থেকেই এটি শক্তি সঞ্চয় করছে তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
    ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনটির কারণে রবিবার দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দুশোরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
    এদিকে সাতটি শহর থেকে ২৮ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাইওয়ানের যেসব এলাকায় হাইকুই তীব্রভাবে প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে সেসব এলাকায় সৈন্য পাঠানো হয়েছে।
    তাইওয়ানে ২০১৯ সালে বাইলু নামের সর্বশেষ বড়ো ধরনের টাইফুন আঘাত হানে।
    সূত্র: বাসস

  • আমরা কারো সাথে যুদ্ধ চাই না: প্রধানমন্ত্রী

    আমরা কারো সাথে যুদ্ধ চাই না: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ সেপ্টেম্বর, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী সিলেকশন বোর্ড-২০২৩-এ বলেন, ‘আমরা কারো সাথে যুদ্ধ চাই না, বরং শান্তিতে থাকতে চাই। কিন্তু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে।’
    প্রধামন্ত্রী আজ রবিবার (৩ সেপ্টেম্বর) নৌবাহিনী প্রধানের সচিবালয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী সিলেকশন বোর্ড-২০২৩-এ ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
    তিনি বলেন, জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।
    প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রতিটি দেশের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জাতির পিতার দেয়া নীতি অনুসরণ করছি, তাই আমরা সবার সাথে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি।’
    তিনি আরও বলেন, সরকার সফলভাবে দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন করছে।
    জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
    শেখ হাসিনা বলেন, ‘আমরা কারো সাথে যুদ্ধে লিপ্ত হব না। আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। তাঁর সরকার সফলভাবে এই ধরনের সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।
    প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়’- পররাষ্ট্র নীতি অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
    শেখ হাসিনা নৈতিকতা, ব্যবহারিক দিক সম্পর্কে জ্ঞান, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, দায়িত্ববোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন কর্মকর্তাদের পদোন্নতির জন্য বাছাইয়ে বিচক্ষণ ও নিরপেক্ষ মূল্যায়ন করার জন্য নির্বাচন বোর্ডকে নির্দেশ দেন।
    তিনি আরো বলেন, ‘নেতৃত্বের পদের জন্য আপনাদের এমন কর্মকর্তা বেছে নেয়া উচিত-যারা যে কোনো সময় সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী এবং যেকোনো পরিস্থিতিতে তাদের বিচক্ষণতা প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম।’
    প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, প্রতিটি দুর্যোগে তারা সবসময় জনগণের পাশে থাকে।
    তিনি বলেন, ‘আপনারা জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছেন এটাই সবচেয়ে বড় বিষয়।’
    সূত্র: বাসস

  • আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ

    আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩ সেপ্টেম্বর, ২০২৩ : এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর আজকের ম্যাচটিতে জয় ছাড়া কোন বিকল্প ছিলোনা বাংলাদেশের। তিনটি পরিবর্তন ও দুটি সেঞ্চুরির সুবাদে সহজেই আফগানিস্তানকে পরাজিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচের হারের হতাশা কাটিয়ে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
    আজ রবিবার (৩ সেপ্টেম্বর)লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৪৫ রানের বেশি করতে পারেনি আফগানরা। এ জয়ে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
    এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট হেরে যাওয়া ম্যাচের একাদশে আসে তিন পরিবর্তন। বদলে যায় উদ্বোধনী জুটিও।
    ফারুকীর করা প্রথম ওভারেই আসে ১৪ রান। রানের গতি পাওয়ার প্লে জুড়েই ছিল ওভার প্রতি ছয়ের ঘরে। দশম ওভারের শেষ বলে এসে নাঈম শেখ বোল্ড হন মুজিব উর রহমানের বলে, তখন বাংলাদেশের রান ৬০। ৫ চারে ৩২ বলে ২৮ রান করেন নাঈম। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসে এরপরও।
    তিনে খেলতে পাঠানো হয় তাওহীদ হৃদয়কে, এ জায়গায় থিতু হওয়া শান্তর বদলে। হৃদয় অবশ্য ফেরেন নিজের দ্বিতীয় বলেই, অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন প্রথম স্লিপে দাঁড়ানো ইব্রাহিম জাদরানের হাতে। হুট করে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর রানের গতিটাও কিছুটা কমে আসে। পাওয়ার প্লের পরের দশ ওভারে আসে কেবল ৪৮ রান। মিরাজ বেশিই ডট বল খেলছিলেন। এক সময় ৪৬ বলে তার রান ছিল ২৮। কিন্তু এই ব্যাটার ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। সময়ের সঙ্গে হাত খুলেছেন তিনি। মাঝে ফজল হক ফারুকীর ৩৩তম ওভারে ১৭ রান নেন শান্ত।
    ক্রমেই বড় হতে থাকে মিরাজের সঙ্গে তার জুটি। দুজন হাঁটেন সেঞ্চুরির দিকেও। ৪৪তম ওভারের চতুর্থ বলে গুলবাদিন নাঈবের বলে সিঙ্গেলস নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ, ১১৫তম বলে এসে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়ার পর ড্রেসিংরুমের দিকে ছুটে গিয়ে নিজের জার্সি নম্বর দেখিয়ে উদযাপন করেন।
    মিরাজ অবশ্য সাজঘরে ফেরেন আউট না হয়েই। ৪৩তম ওভারের প্রথম বলে মুজিব উর রহমানকে ছক্কা মারেন তিনি, তখনই ব্যথা পান হাতে। তার জায়গায় উইকেটে আসেন মুশফিকুর রহিম। নট আউট থেকে ক্রিজ ছাড়া মিরাজ ১১৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন। শান্তর সঙ্গে তার জুটি ছিল ১৯০ বলে ১৯৪ রানের।
    মিরাজ উঠে যাওয়ার দুই বল পরই সেঞ্চুরি পূর্ণ করেন শান্তও। ওয়ানডেতে পঞ্চমবারের মতো একই মাচে জোড়া সেঞ্চুরি দেখে বাংলাদেশ। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সেঞ্চুরি পেয়েছিলেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি তোলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল কায়েস ও সৌম্য সরকার তিন অঙ্কের মাইফলক স্পর্শ করেন। ২০২০ সালে তামিম ইকবাল ও লিটন দাস একই ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি।
    মিরাজের মতো শান্তও তার সেঞ্চুরি ছুয়ে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ৯ চার ও ২ ছক্কায় ১০৫ বলে ১০৪ রান করেন তিনি। তবে দুই সেঞ্চুরিয়ানের বিদায়ের পরও দারুণভাবে ইনিংস টানে বাংলাদেশ। ১ চার ও ছক্কায় ১৫ বলে ২৫ রান করে মুশফিকুর রহিম রান আউট হলেও ৪ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩২ রান করেন সাকিব।
    অভিষিক্ত শামীম হোসেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই হাঁকান ছক্কা। ৬ বলে ১১ রান করা এই ব্যাটারও হন রান আউট। তবে বাংলাদেশের রান তিনশ ছাড়িয়েও যায় অনেক দূর। ৬ ওভার করা ফারুকী ৫৩ রান ও রশিদ খান ১০ ওভারে ৬৬ রান দিয়ে থাকেন অপরাজিত। আফগানদের পক্ষে দুটি উইকেট নেন মুজিব ও গুলবাদিন নাঈব।
    বড় রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফগানিস্তান। প্রথম ওভারে স্রেফ এক রান দেন তাসকিন আহমেদ। পরের ওভারে শরিফুল করেন দুর্দান্ত বল। কোনো রান না দিয়েই তিনি তুলে নেন রহমানউল্লাহ গুরবাজের উইকেট। আগে একবার বাংলাদেশ রিভিউ না নেওয়ায় বেঁচে যাওয়া এই ব্যাটার ৭ বলে ১ রান করে এলবিডব্লিউ হন। এ দফায় নিজে রিভিউ নিলেও বাঁচতে পারেননি।
    এরপর অবশ্য দুটি জুটি গড়ে উঠে আফগানদের। ৭৮ রানের জুটি এবার ভাঙেন দ্বিতীয় স্পেলে করতে আসা তাসকিন আহমেদ। তার অফ কাটারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রহমত শাহ। তার বিদায়ের পর ইবরাহিমের সঙ্গী হন হাশমাতুল্লাহ শাহিদী। এবার তাদের ৫২ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ।
    তাতে অবশ্য বড় কৃতিত্ব উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকুর রহিমের। হাসানের ফিফথ স্টাম্পে করা বল ইবরাহিমের ব্যাটের কানায় লাগে, ডানদিকে শরীরের পুরোটা ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন মুশফিক। ইনিংসে আফগানদের সর্বোচ্চ রান সংগ্রাহক ইবরাহিম ১০ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৭৫ রান করে আউট হন।
    তার বিদায়ের পর একরকম ধ্বসেই পড়ে আফগানদের ব্যাটিং। হাশমাতুল্লাহ শাহিদীও ৬ চারে ৬০ বলে ৫১ রান করে আউট হয়ে যান, শরিফুল ইসলামের বলে তার ক্যাচ নেন হাসান মাহমুদ। এরপর দলটির কোনো ব্যাটারই সেভাবে হাল ধরতে পারেননি। শেষদিকে ১৫ বলে ২৪ রান করে চেষ্টা করেছিলেন রশিদ খান। কিন্তু শেষ ব্যাটার হিসেবে তাসকিনের শিকার হন তিনি।
    তাসকিন ৮ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ৯ ওভারে ১ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।
    বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
    আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদী, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, কারিম জিনাত, রশিদ খান, ফজল হক ফারুকী ও মুজিব উর রহমান।

  • এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর টোল দিয়ে যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী

    এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর টোল দিয়ে যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ সেপ্টেম্বর, ২০২৩ : ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আরও একটি নতুন দ্বার উন্মোচিত হলো। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়েতে প্রথম টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টোল দিয়ে তিনি এক্সপ্রেসওয়েতে ওঠেন।
    প্রধানমন্ত্রী কাওলা প্রান্তের টোল প্লাজায় গাড়ি প্রতি ৮০ টাকা হারে টোল দিয়ে ফলক উন্মোচন মঞ্চে ওঠেন। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
    এসময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
    উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন প্রকল্প কর্তৃপক্ষ। এরপর ছোটবোন শেখ রেহানসহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে সমাবেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
    জানা যায়, চার শ্রেণির যানবাহনের মধ্যে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (তিন টনের কম) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। সবধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে ১৬০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে। মাঝারি ধরনের ট্রাকের (ছয় চাকা পর্যন্ত) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৩২০ টাকা এবং বড় ট্রাকের (ছয় চাকার বেশি) ক্ষেত্রে ৪০০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে। এ টাকার মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত করা আছে।
    শনিবার থেকেই এ টোলহার কার্যকর হবে। নির্ধারিত অংশের যেকোনো স্থানে ওঠা-নামার ক্ষেত্রে এ টোলহার প্রযোজ্য হবে।
    শনিবার নির্ধারিত কিছু গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাবে। আগামীকাল রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সবধরনের যানবাহনের জন্য এটি খুলে দেওয়া হবে। তবে, মোটরসাইকেল, সাইকেল এবং থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না।
    ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে চলাচলের জন্য ২০১১ সালের জুন মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় প্রকল্পটি ২০১৬ সালে শেষ করার কথা ছিল। কিন্তু নকশা বদল, ভূমি অধিগ্রহণে জটিলতা, অর্থের সংস্থানসহ নানা জটিলতায় নির্মাণকাজ শেষ করার সময়সীমা পাঁচবার পেছায়।
    তবে, পুরো প্রকল্পের কাজ ২০২৪ সালের জুনে শেষ হবে বলে জানা যায়।
    শুরুতে উড়ালসড়ক নির্মাণে ব্যয় ধরা হয় আট হাজার ৭০৩ কোটি টাকা। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় আট হাজার ৯৪০ কোটি টাকায়। সর্বশেষ ট্যাক্স, ভ্যাটসহ প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১৬ হাজার কোটি ৭০ লাখ ৭ হাজার ১৫৩ টাকা।
    উড়ালসড়কে ১১টি টোল প্লাজা থাকছে। পুরো পথ চালু হলে তা যানবাহনে পাড়ি দিতে ২০ মিনিট লাগবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। কাওলা থেকে তেজগাঁও অংশ পাড়ি দিতে লাগবে ১২ মিনিট।
    কাওলা থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার পথ পার হতে প্রধানমন্ত্রীর সময় লেগেছে ১৪ মিনিট কয়েক সেকেন্ড।
    ফার্মগেট থেকে প্রধানমন্ত্রী পুরাতন বাণিজ্যমেলা মাঠে যান। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বিমানবন্দরের কাওলা প্রান্ত থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন।
    সমাবেশে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী পুরাতন বাণিজ্যমেলা মাঠেও উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

  • জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে: ইসি

    জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে: ইসি

    www.HelloBangla.News – জাতীয় – ২ সেপ্টেম্বর, ২০২৩ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
    আজ শনিবার (০২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষক তৈরির উদ্বোধনী কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
    আনিছুর রহমান বলেন, আজকের প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল। আশা করা যায় ২০২৪ সালের শুরুর দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা এখনও ভোটগ্রহণের কোনো তারিখ ঠিক করিনি।
    তিনি বলেন, ভোটের দিন প্রিজাইডিং অফিসারের ক্ষমতা সবচেয়ে বেশি। অনেকে বিষয়টা জানেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও করণীয় আছে।আমরা যখন চাকরিতে ঢুকেছি, তখন নির্বাচনে কোনোরকম প্রশিক্ষণই হতো না। কিন্তু নির্বাচন তো ঠিকই করতাম। তারপরও নির্বাচন নিয়ে কোনো রকম কথাবার্তা হতো না। কিন্তু দিন যত যাচ্ছে ততই সবকিছু জটিল হচ্ছে। এরই প্রেক্ষিতে নির্বাচনও জটিল হয়ে গেছে।
    প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই জটিল হওয়ার কারণে এতো আইনকানুন ও এতো প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমাদের নির্বাচন আইন আছে, সেগুলো আপনারা দেখে বা পড়ে নেবেন। আপনাদের কাছে বেশি কথা না বলাই ভালো। নিজে পড়লেই জানা যায় সবকিছু।
    নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার চেষ্টা করা হবে।
    নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সকলের সহযোগিতা দরকার।ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা অনেক। একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচনে ভূমিকা রাখেন।
    প্রশিক্ষণে মোট তিন হাজার ২০০ প্রশিক্ষক তৈরি করা হবে। যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব মো. জাহাংগীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    সিইসি ইতোমধ্যে বলেছেন, নভেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ করা হবে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে সর্বনিম্ন টোল ৮০ ও সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ

    এলিভেটেড এক্সপ্রেসওয়ে সর্বনিম্ন টোল ৮০ ও সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ

    www.HelloBangla.News – জাতীয় – ২ সেপ্টেম্বর, ২০২৩ :
    আজ শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত নির্মিত হচ্ছে এ এক্সপ্রেসওয়ে দূরত্ব ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।এর মধ্যে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের ১০ কিলোমিটার উদ্বোধন হবে আজ।
    আগামীকাল রবিবার থেকে (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এই অংশ সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের যানের জন্য আলাদা করে টোল নির্ধারণ করে দেওয়া হয়েছে।
    তবে এই টোল অনুযায়ী এ পথে চলাচলকারী বাসের ভাড়া কী হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। লোকাল বাসগুলো কী নিয়মে চলাচল করবে সে বিষয়ে কিছু জানা জায়নি।
    এক্সপ্রেসওয়ের এই অংশে যানবাহনকে চার শ্রেণিতে ভাগ করে টোল ঠিক করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে সর্বনিম্ন টোল ৮০ ও সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ২১ আগস্ট মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপসচিব আবুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মগেট পর্যন্ত সব ধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে ১৬০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এতে এসব বাসে নতুন ভাড়া কত হবে তা জানেন না মালিকরা। বর্তমানে এই দূরত্বের যাত্রীপ্রতি ভাড়া ৩০ টাকা।
    তবে প্রকল্প পরিচালক জানিয়েছেন উদ্বোধনের পরেরদিন অর্থাৎ ৩ তারিখ ভোর ৬ টা থেকে যানবাহনের জন্য খুলে দেওয়া হবে।
    সবমিলিয়ে ৬৫ শতাংশের ওপরে কাজ হয়েছে। ঢাকা শহরের মধ্যে দিয়ে এমন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তবে সেসব সমস্যা কাটিয়ে তুলে কাজ হচ্ছে।
    প্রসঙ্গত, ২০১১ সালের ১৯ জানুয়ারি এ প্রকল্পের প্রথম চুক্তি স্বাক্ষর করা হয়। এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়।
    প্রকল্পটি থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ৫১ শতাংশ এবং চায়নাভিত্তিক প্রতিষ্ঠান শোনডং ইন্টারন্যাশনাল ইকোনমিক গ্র্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ ৩৪ শতাংশ ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড ১৫ শতাংশ যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। প্রকল্পের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৬ কিলোমিটার। র্যাম্পসহ মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

  • টসে জিতে ব্যাটিং করছে ভারত

    টসে জিতে ব্যাটিং করছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ সেপ্টেম্বর, ২০২৩ : আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ খেলাটি।ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এই খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত বাহিনী। ভারত ওয়ানডে দল হিসেবে পাকিস্তানের থেকে শক্তিশালি হলেও দুই দলের খেলা সব সময় প্রতিদন্দিতাপূর্ণ হয়ে থাকে।তবে শ্রীলংঙ্কার আকাশ মেঘে ঢাকা। তাই বিঘ্ন সৃষ্টি হতে পারে খেলায়। কমতে পারে ওভারও। পাল্লেকেলের খেলা শুরুর আগেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
    তবে বৃষ্টির শঙ্কা মাথা নিয়ে নির্ধারিত সময়েই টস করেছেন দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম। হাই-ভোল্টেজ দ্বৈরথে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। বৃষ্টিতে বিলম্ব না হলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
    ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে চমক দেখিয়েছিল বাবর আজমের পাকিস্তান। এর আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগেই নেপালের বিপক্ষে একাদশ দিয়েছিল পাকিস্তান। নেপালের বিপক্ষের দল নিয়ে ভারতের বিপক্ষে নামছে পাকিস্তান। একদিকে পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার আছে দুরুণ ফর্মে। অপর দিকে ভারতের ব্যাটিং লাইন অনেক শক্তিশালী। দলে আছে পান্ডিয়া ও জাদেজার মতো বিশ্বসেরা অলরাউন্ডার। তাই দলগত শক্তির বিচারে ভারত এগিয়ে।

    পাকিস্তানের একাদশ
    বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

    ভারত একাদশ
    রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

  • ৫০ কোটি মার্কিন ডলার আয়ের সম্ভাবনা ফুল রপ্তানি করে: বৃষিমন্ত্রী

    ৫০ কোটি মার্কিন ডলার আয়ের সম্ভাবনা ফুল রপ্তানি করে: বৃষিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ০২ সেপ্টেম্বর, ২০২৩ : দেশের উৎপাদিত ফুল বিদেশে রপ্তানি করে ৫০ কোটি মার্কিন ডলার করা সম্ভব বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক।
    কৃষিমন্ত্রী বলেছেন, দেশে এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। দেশে ও আন্তর্জাতিক বাজারে ফুলের চাহিদা দিনকে-দিন বৃদ্ধি পাচ্ছে। সারাবিশ্বে ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের ফুলের বাজার রয়েছে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজার ধরার মতো সুযোগ আমাদের রয়েছে, সে সুযোগ কাজে লাগাতে হবে।’
    ড. রাজ্জাক গতকাল শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সন্নিকটে বেড়িবাঁধে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নির্মিত পাইকারি ফুলের আধুনিক বাজার ও প্রসেসিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি সামনে আরো বিকশিত হবে। সেখানে ফুল বিরাট ভূমিকা রাখতে পারবে। সেজন্য, ফুলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তার ব্যাপক সম্প্রসারণ করতে হবে।’
    তিনি এসময় বিজ্ঞানী ও উদ্যান তত্ত্ববিদদের দ্রুত ফুলের আধুনিক জাত ও প্রযুক্তি উদ্ভাবনের নির্দেশ দিয়েছেন।
    ড. রাজ্জাক বলেন, এই বাজারকে আধুনিক ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে হবে। কোন রকমের অব্যবস্থাপনা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
    টাকা পাচার-রোধে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে ডলারের কিছু ঘাটতি চলছে। এই ঘাটতির পিছনে একদিকে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। অন্যদিকে রয়েছে দেশের ভূমিদস্যু, কিছু ব্যবসায়ী ও চাকরিজীবি- যারা অর্থ পাচারের মাধ্যমে দুবাই, কানাডা, মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন ও সম্পদের মালিক হয়েছেন।
    তিনি বলেন, ভূমিদস্যু, কিছু ব্যবসায়ী ও চাকরিজীবি অর্থ পাচার করে দিনে-দুপুরেই দেশটাকে ডাকাতি করছে। এদেরকে রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এদেরকে মোকাবেলা করা খুবই কঠিন। স্থানীয় ও আন্তর্জাতিক চক্র এর সাথে জড়িত। সেজন্য, যারা অর্থ পাচার করে, সম্পদ লুটে বিদেশে নিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে।
    কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের সাবেক কর্মকর্তা মাসুদ করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ প্রমুখ বক্তৃতা করেন।
    অনুষ্ঠানে ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে দেড় হাজার কোটি টাকার ফুলের বাজার রয়েছে, যেখানে ১৫ লাখ মানুষ নিয়োজিত।
    সূত্র: বাসস