Author: Hello Bangla News

  • রাশিয়া তিনিটি ড্রোন ভূ’পতিত করেছে

    রাশিয়া তিনিটি ড্রোন ভূ’পতিত করেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ সেপ্টেম্বর, ২০২৩ : মস্কোয় হামলা চালানোরর চেষ্টা করছিল এই ধরণের তিনিটি ড্রোন রাশিয়ার আকাশ সীমা অতিক্রম করার পর তা ভূ’পতিত করা হয়

    মঙ্গলবার সকালে ড্রোন ভূ’পাতিত করা হয়েছে বলে জানায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

    প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

    টেলিগ্রামে তিনি আরো বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলের উপর দিয়ে উড়তে থাকা একটি ড্রোন এবং দ্বিতীয়টি মস্কোর উত্তর পশ্চিমে ইস্ট্রিনস্কি জেলার উপর দিয়ে যাওয়ার সময়ে ধ্বংস করা হয়।

    মস্কোর উত্তর পশ্চিমে টাভার অঞ্চলে তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

    রুশ কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি মস্কো অঞ্চল লক্ষ্য করে ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে।

    সূত্র: বাসস

  • ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ৫ সেপ্টেম্বর, ২০২৩ : উন্নয়নমূলক কাজের জন্য সরকার অনেক সময় জমি অধিগ্রহণ করে থাকে।সেক্ষেত্রে সরকার ভূমির মালিক কে বাজার মূল্যের থেকে কয়েক গুণ বেশি দাম দেয়। কিন্তু তারপরও দেখা যায় বিভিন্ন কাঠামো তৈরি করে তার মূল্যও নিয়ে থাকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কেউ যাতে অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করতে না পারে, সেজন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতির বক্তেব্যে এসব কথা বলেন।

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠকশেষে প্রধানমন্ত্রীকে উদ্বৃত্ত করে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকার ক্ষতিগ্রস্থ লোকদের জমির বাজার মূল্যের চেয়ে তিনগুণ বেশি ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে, প্রকল্পের জায়গায় যাতে কেউ রাতারাতি অস্থায়ী বা বাঁশের কাঠামো তৈরি করে সেই কাঠামোর ক্ষতিপূরণ দাবি করতে না পারে।’ প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প এলাকায় তাদের প্রথম সফরের সময় প্রকল্পের স্থানসমূহের ছবি তুলে রাখতে বলেন, যাতে অতিরিক্ত ক্ষতিপূরণ দাবির প্রবণতা রোধ করা যায়।

    একনেক সভায় সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্রের একটি সংশোধিত প্রকল্পের অনুমোদনের সময় প্রধানমন্ত্রী সোলার প্ল্যান্টের খুঁটির উচ্চতা একটি আদর্শ স্তরে রাখার জন্য বাস্তবায়নকারি সংস্থাকে নির্দেশ দেন, যাতে খুঁটির নীচে সর্বোচ্চ বাতাস, জল এবং সূর্যের আলো যেতে পারে। এর ফলে জমিতে ভালো চাষাবাদ হতে পারে। এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঠিকভাবে প্রকল্পের নকশা প্রণয়নের নির্দেশ প্রদান করেছেন। যাতে প্রকল্প বাস্তবায়নের সময় নকশায় কোনো সংশোধনীর প্রয়োজন না হয়। নড়াইল জেলার নবগঙ্গা নদীর উপর একটি সেতু প্রকল্পের নকশায় ত্রুটির কথা উল্লেখ করে শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ভুল নকশার কারণে যেন সরকারের অর্থের অপচয় না হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, ইঞ্জিনচালিত নৌকা ও অন্যান্য নৌযান চলাচলের পথ সুগম করার জন্য নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর দুটি অংশ ভেঙ্গে ফেলতে হয়েছে। কারণ সেতুর উচ্চতা কম ছিল। নকশায় ভুলের কারনে নির্মাণাধীন সেতু ভেঙ্গে ফেলার প্রয়োজন হওয়ায় একনেক সভায় প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। সরকারি তহবিলের অপ্রয়োজনীয় অপচয় রোধ করতে প্রকল্পের নকশা নির্ভুলভাবে প্রণয়নের নির্দেশ দেন তিনি।

    চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রকল্প অনুমোদনের প্রসঙ্গ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প এলাকার বাঁধগুলোকে ভাঙনের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরই মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য অবকাঠামো নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

    এম এ মান্নান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করায় একনেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার সরকারকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় বাকি কাজ যথাসময়ে শেষ করার প্রতিশ্রুিত দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন,‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সময় আমরা সাধারণ মানুষের উচ্ছ্ব্সা ও আনন্দ দেখেছি। দেশবাসী এ ধরনের উন্নয়ন প্রকল্প আরও দেখতে চায়। আশা করি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবশিষ্ট কাজ শিগগিরই শেষ হবে।’

    অপর এক প্রশ্নের উত্তরে সরকারের জ্যেষ্ঠ এই মন্ত্রী বলেন, কোন তথ্য নিয়ে সরকার লুকোচুরি করে না। যখন তথ্য পাওয়া যাবে, তখন সাধারণ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে।

    প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, জাতীয় নির্বাচনের আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আংশিকভাবে চালু করা হয়েছে, এটি বলা ঠিক নয়। বরং বলা যায়, প্রকল্পের কাজ নিজস্ব গতিতে চলছে। রাজধানীতে এখন দৈনিক ৮০ হাজার মানুষ মেট্রোরেলে যাতায়াত করে এবং এতে তাদের ভোগান্তি অনেক কমে এসেছে।

    সূত্র: বাসস

  • বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম

    বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম

    www.HelloBangla.News – অর্থনীতি – ৫ সেপ্টেম্বর, ২০২৩ : বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলায়মানে কুলিবালি এই বলে আশাবাদ ব্যক্ত করেছে যে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

    তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দেশটি ২০৪১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য সঠিক পথে রয়েছে, কারণ বাংলাদেশ করোনা মহামারি সত্ত্বেও এর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।’

    আজ মঙ্গলবার ( ৫ নেপ্টেম্বর) ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘বাংলাদেশে ছোটো উদ্যোগের ক্রমবিকাশ: প্রেক্ষিত আরএআইসিই প্রকল্প’ শীর্ষক এক মতবিনিময় সভায় সম্মাননীয় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।

    ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশকে জনমিতিক সুযোগ গ্রহণ করতে হলে ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ করা জরুরি। ক্ষুদ্র উদ্যোগের বিকাশে আর্থিক পরিষেবার পাশাপাশি অ-আর্থিক পরিষেবা যেমন সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে।

    পিকেএসএফ পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে ড. নমিতা হালদার বলেন,  আরএআইসিই প্রকল্পটি পিছিয়ে পড়া মানুষের, বিশেষ করে তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করছে।

    সভায় ‘বাংলাদেশে ছোটো উদ্যোগের বিকাশ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ক উপস্থাপনায় পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের দেশীয় ছোটো উদ্যোগের বিকাশে পিকেএসএফ এর বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের ভূমিকা তুলে ধরেন। এছাড়া আরএআইসিই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।

    উপস্থাপনাসমূহের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম. এ. বাকী খলীলী। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের আরএআইসিই প্রকল্পের কয়েকজন অংশগ্রহণকারী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমূহের কর্মকর্তা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ।

    ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশের লক্ষ্যে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে আরএআইসিই প্রকল্পটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে। প্রকল্পটি ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ৬৪টি জেলার ৩৩৩টি উপজেলার শহর ও শহরতলী এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

    উপস্থাপনাসমূহের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম. এ. বাকী খলীলী। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের আরএআইসিই প্রকল্পের কয়েকজন অংশগ্রহণকারী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসমূহের কর্মকর্তা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ।

    ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশের লক্ষ্যে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে আরএআইসিই প্রকল্পটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে। প্রকল্পটি ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ৬৪টি জেলার ৩৩৩টি উপজেলার শহর ও শহরতলী এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

  • যথাসময়ে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

    যথাসময়ে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : ‘যথাসময়ে নির্বাচন হবে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তিনি বলেছেন, নির্বাচনের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না, ।

    তিনি আজ বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে নতুনভাবে প্রকাশিত দৈনিক বাংলা পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    দৈনিক বাংলার প্রকাশক ও কানাডিয়ান ইউনিভার্সিটি অভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন ও ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

    বিএনপির নেতা আমীর খসরু মাহমুদের সম্প্রতি বলেন, ‘তফসিল ঘোষণা হলেই যে নির্বাচন হয়ে যাবে, এতো সহজ নয়’ এই কথার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের ট্রেন যেমন কারো জন্য দাঁড়ায়নি, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি পাদানিতে বসে নির্বাচনের ট্রেনে চড়েছিলো। আমরা আশা করবো এবার নির্বাচনের ট্রেনে তারা ভালোভাবে বসবে। আর তারা না চড়লেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘উনাদের কোন নেতা কি বললো এতে কিচ্ছু আসে যায় না। নির্বাচনে জনগণ অংশগ্রহণ করলো কি না সেটিই মুখ্য। যদি জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই সেটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। তাদের বর্জন সত্ত্বেও যেভাবে সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, আগামী নির্বাচনও যদি তারা বর্জন করে জনগণ ব্যাপকভাবেই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তবে আশা করবো তারা অংশগ্রহণ করবে।’

    রোহিঙ্গা সমস্যা সমাধান প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন যে রোহিঙ্গারা এসেছিলো তাদেরকেই তো তারা পরিপূর্ণভাবে ফেরত পাঠাতে পারেনি। ১৯৭৬-৭৭ সালে রোহিঙ্গারা এসেছিলো সেই রোহিঙ্গারা এখনো আছে, ওরা এখন বাংলাদেশী হয়ে গেছে। ১৯৯১-৯২ সালে আবার রোহিঙ্গারা এসেছিলো যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সেই রোহিঙ্গাদের বহুজন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর এখন তারা রোহিঙ্গা ফেরত পাঠাতে সেমিনার করে বেড়াচ্ছে।’

    মন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে তারা চায় না যে, রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হোক।আমরা চেষ্টা করছি, কূটনৈতিকভাবে চেষ্টা করছি এবং অনেক অগ্রগতিও আছে। ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে।’

    এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা পত্রিকা, এর সকল সদস্য ও পাঠকের জন্য শুভকামনা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি কেক কাটায় অংশ নেন এবং পত্রিকার সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের ক্রীড়া ধারাভাষ্যকার জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

    এ সময় গণমাধ্যম বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশ আজকে এগিয়ে যাচ্ছে। দেশ, রাষ্ট্র, মানুষের এই সাফল্য কাগজের পাতায় আসতে হবে। কাগজের পাতায় সমালোচনা হবে, কিন্তু সাফল্য গাঁথাটাও প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে।’

    সূত্র: বাসস

  • মন্ত্রিসভায় ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

    মন্ত্রিসভায় ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

    www.HelloBangla.News – জাতীয় – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : ‘আনসার ব্যাটালিয়ান আইন, ২০২৩’ – এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে আনসার ব্যাটালিয়নের বিদ্রোহ সংঘটন ও প্ররোচনাসহ অন্যান্য অপরাধের দায়ে সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে।

    আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের মার্চে খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

    রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

    মাহবুব হোসেন বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী, আনসার ব্যাটালিয়নদের অভ্যন্তরীণ অপরাধের বিচার হবে দু’টি আদালতে। এর মধ্যে একটি হবে ‘সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত’। এর প্রধান হবেন একজন অতিরিক্ত মহাপরিচালক। আরেকটি হবে ‘বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত’। এর প্রধান হবে আনসারের মহাপরিচারক। এর মধ্যে বিদ্রোহ সংঘটন, তাতে প্ররোচনা, বিদ্রোহের কারণ সৃষ্টি, যড়যন্ত্রে লিপ্ত ও যোগদান করা ইত্যাদি গুরুতর অপরাধের বিচার হবে এই বিশেষ আনসার আদালতে। এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদন্ড।

    তিনি বলেন, এছাড়াও যাবজ্জীবন কারাদন্ড থেকে শুরু করে অন্যূন পাঁচ বছরের কারাদন্ডের অপরাধগুলোর বিচার হবে এই বিশেষ আদালতে। এসব আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়েছে। রাষ্ট্রপতির কাছে আবেদন করারও সুযোগ আছে।

    মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, প্রস্তাবিত এই আইনে বিদ্রোহের একটি সংজ্ঞাও দেওয়া হয়েছে।

    মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা, ২০২৩’র অনুমোদন দেওয়া হয়েছে।

    তিনি বলেন, উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানেও ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে এই সুযোগ থাকলেও  সেটি নীতিমালা অনুযায়ী হচ্ছে  না, যার যার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। এখন বেসরকারি খাতকেও একই নীতিমালার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

    তিনি আরো বলেন, বৈঠকে ‘সরকারি প্রতিষ্ঠানে ইন্টারর্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ), নীতিমালা, ২০২৩-এর খসড়া উপস্থাপন করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রতিষ্ঠানের বিষয়টি এই নীতিমালায় অন্তভুর্ক্ত করার নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে নীতিমালাটি সংশোধন করা হবে।

    তিনি  বলেন,  প্রত্যেক বছর ইন্টার্নশিপ করার সুযোগ দেবে প্রতিষ্ঠানগুলো। কতজনকে দেবেন সেটি তারা ঠিক করবে। প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী কোন বিষয়ে পড়ুয়া শিক্ষার্থী নেবে সেটি ঠিক করা হবে। উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কাজটি হবে। তিন থেকে ছয় মাস মেয়াদে হবে এই ইন্টার্নশিপ। এ জন্য ভাতাও দেওয়া হবে। কত ভাতা হবে সেটি পরে ঠিক হবে।

    মাহবুব হোসেন বলেন, দেশে নতুন করে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এর মধ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবে নারায়ণগঞ্জে। আর ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হবে সাতক্ষীরায়। এই দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পৃথক দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা বিষয়ে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকরি শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে ২০১৩ সালে জাতীয়করণ (সরকারি) কৃত ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের শিক্ষককে যোগ্যতা অজর্নের শর্ত পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত শর্ত পূরণের সুযোগ পাবেন ওই সব বিদ্যালয়ের শিক্ষকেরা।

    এ ছাড়া জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০১৩’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেকে ভুয়া সনদ নিয়ে বিভিন্ন কাজে প্রবাসে যাচ্ছেন বলে অভিযোগ এসেছে। চিকিৎসক ও প্রকৌশলীর ভুয়া সনদ নিয়েও যাচ্ছেন। কীভাবে তারা এই ভুয়া সনদ নেয়, কীভাবে ভুয়া সনদে যায়, কারা তাদের সহাযোগিতা করে এবং যারা যায় তারা নিজেরাও কীভাবে এই কাজটি করে তাদের চিহ্নিত করে আইনের  আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সহায়তা করবে।

    বৈঠকে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন) ২০২৩’- এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও ‘প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩’ এবং ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৩’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    সূত্র: বাসস

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে সরকারের মনোনয়ন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে সরকারের মনোনয়ন

    www.HelloBangla.News – জাতীয় – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদকে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল (এসইএআরও)-এর আঞ্চলিক পরিচালক পদে মনোনয়ন দিয়েছে।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি হচ্ছে এসইএআরও, যা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।
    এই প্রসঙ্গে সায়মা ওয়াজেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র এসইএআরও’র আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশ সরকার আমাকে মনোনীত করায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
    তিনি আরও জানান, নির্বাচিত হলে এ অঞ্চলের জনস্বাস্থ্য নীতি ও অনুশীলনে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার পরিকল্পনা করছেন তিনি।
    তিনি বলেন, ‘আমি অংশীদারত্বে কাজ করতে বিশ্বাসী এবং কমিউনিটির কথা শুনে স্থায়ী সমাধান তৈরি করতে আগ্রহী যা মাঠ পর্যায়ে কাজ করে। এটি আজ পর্যন্ত আমার কাজকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে এবং এটি আমি এই ভূমিকায় নিয়ে আসবো বলে আশা করি।’
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে।
    সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন। যার স্বীকৃতিস্বরূপ, বিশ্ব সংস্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লিউএইচ ও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন।
    সূত্র: বাসস

  • দুটি সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    দুটি সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    www.HelloBangla.News – জাতীয় – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : ৫ থেকে ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আজ জাকার্তায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ সোমবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছলে তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।
    বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১০) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোঃ সাজেবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
    সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।
    রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সন্ধ্যা ০৫:৪০ টায় (ইন্দোনেশিয়া সময়) জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
    ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং ২০২৩ সালের জন্য ‘আসিয়ান চেয়ার’ জোকো উইডোডোর আমন্ত্রণে রাষ্ট্রপতি ‘আসিয়ান’ (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।
    রাষ্ট্রপতি সেখানে ‘অতিথির চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে বৃদ্ধির কেন্দ্রবিন্দুকে সমর্থন করার জন্য আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করা’ বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।
    এছাড়াও তিনি তাঁর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তে রাষ্ট্রনেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
    রাষ্ট্রপতি জাকার্তায় থেকে রাষ্ট্রপতি আগামী ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
    সূত্র: বাসস

  • ডেঙ্গু মশার লার্ভা মারতে সারা বছরই কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    ডেঙ্গু মশার লার্ভা মারতে সারা বছরই কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : ডেঙ্গু মশার লার্ভা মারতে সারা বছরই কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ‘যে ওষুধে মশা মরে সেই ওষুধ ব্যবহার করতে হবে।’
    আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চায়নার সিনোভ্যাক বায়োটেক কর্তৃক ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিট গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
    জাহিদ মালেক বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যু অনেক বেশি। আরো চিন্তার কথা, ঢাকা থেকে এখন ঢাকার বাইরে আক্রান্ত বেশি। এই সংক্রমন ঠেকাতে হলে মশা জন্মানোর আগেই লার্ভা মারতে হবে। এই লার্ভা মারতে সারা বছরই কাজ করতে হবে এবং যে ওষুধে মশা মরে সেই ওষুধ ব্যবহার করতে হবে।’
    স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের একযোগে এক হয়ে কাজ করতে হবে। করোনা যেভাবে আমরা মোকাবিলা করেছি, সেভাবে কোন রকম ভেদাভেদ না রেখে, কাউকে দোষারোপ না করে, সকলে মিলে একসাথে ডেঙ্গু কমাতে কাজ করতে হবে।
    স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেঙ্গু রোগ চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত রোগীর তুলনায় বেশি বেড প্রস্তুত রয়েছে। টেস্টিং কিট এবং স্যালাইনের কোন রকম ঘাটতি নেই। তবে, রোগী আরো বেশি বেড়ে গেলে তখন সমস্যা হবে। এজন্য এখনই একযোগে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
    সভায় চীনের সাইনোভ্যাক বায়োটেক থেকে ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিট স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন চায়না অ্যাম্বাসির কালচারাল অফিসের প্রথম সচিব ল্যাং ল্যাং, সাইনোভ্যাক বায়োটেক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কিচাও ঝং এবং একই কোম্পানীর চীফ বিজনেস ডিরেক্টর বেটি লি।
    সভায় অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেনে বিশেষ অতিথি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব (প্রশাসন) সাইদুর রহমান প্রমুখ।
    সূত্র: বাসস

  • এশিয়া কাপে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

    এশিয়া কাপে নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই নেপালকে গুঁড়িয়ে দেয় তারা।বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ১০ উইকেটের দাপুটে জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করলো ভারত। অন্যদিকে প্রথমবার এশিয়ার মঞ্চে এসে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে নেপালকে। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানের বড় ব্যবধানে হারে তারা।
    ‘এ’ গ্রুপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো। এতে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সুপার ফোরে খেলবে ভারত। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থেকে সুপার ফোর খেলবে পাকিস্তান।
    পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে নামা নেপাল ইনিংসের প্রথম পাঁচ ওভারে তিনটি ক্যাচ ফেলে ভারতীয় ফিল্ডাররা। এই সুযোগে দলকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার আসিফ-কুশল ভুর্টেল। ৫৯ বলে ৬৫ রানের সূচনা গড়েন তারা।
    দশম ওভারে ভুর্টেলকে ৩৮ রানে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার শারদুল ঠাকুর। ভুর্টেলের বিদায়ের পর স্পিনার রবীন্দ্র জাদেজার ঘুর্ণিতে পড়ে ১০১ রানে চতুর্থ উইকেট হারায় নেপাল। এর মধ্যে ৩ উইকেট নেন জাদেজা।
    সতীর্থরা ফিরলেও অন্যপ্রান্তে দলের রানের চাকা সচল রাখেন আসিফ। ২৮তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারে দশম হাফ-সেঞ্চুরি পূর্ন করতে ৮৮ বল খেলেন তিনি। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি আসিফ। ৩০তম ওভারে দলীয় ১৩২ রানে আসিফকে প্যাভিলিয়নে ফেরান পেসার মোহাম্মদ সিরাজ। ৫৮ রানের ইনিংস খেলার পথে ৯৭ বল মোকাবেলায় ৮টি বাউন্ডারি আসিফ।
    ১৪৪ রানে ষষ্ঠ উইকেট পতন হলে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নেপাল। কিন্তু সপ্তম উইকেটে ৫০ রানের জুটি গড়ে নেপালের রান ২শর কাছে নিয়ে যান কামি ও দিপেন্দ্র সিং আইরি। ব্যক্তিগত ২৯ রানে আইরিকে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন হার্ডিক পান্ডিয়া।
    এরপর নেপালের রান ২শ পার করেন কামি। হাফ-সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে ৪৮তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে মোহাম্মদ সামির বলে আউট হন থামেন তিনি। ১টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৪৮ রান করেন কামি। শেষ পর্যন্ত ১০ বল বাকী থাকতে ২৩০ রানে অলআউট হলেও সম্মানজনক সংগ্রহ পায় নেপাল। ভারতের জাদেজা ও সিরাজ ৩টি করে উইকেট নেন।
    ২৩০ রানের টার্গেটে খেলতে নেমে ২ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ১৭ রান তুলে ভারত। এরপর বৃষ্টিতে প্রায় ২ ঘন্টা খেলা বন্ধ থাকে। এম অবস্থায় বৃষ্টি আইনে জয়ের জন্য ২৩ ওভারে ১৪৫ রানের নতুন টার্গেট পায় ভারত।
    নতুন টার্গেটে শুরু করে ১৩তম ওভারে নিজের মুখোমুখি হওয়া ৩৯তম বলে ওয়ানডেতে ৪৯তম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন রোহিত। ১৪তম ওভারে ভারতের রান এক’শতে পৌঁছায়। ১৬তম ওভারে নিজের মুখোমুখি হওয়া ৪৭তম বলে ওয়ানডেতে সপ্তম অর্ধশতক পূর্ণ করেন গিল।
    ২১তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে ভারতের জয় নিশ্চিত করেন গিল।
    সূত্র: বাসস

  • ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত

    ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ সেপ্টেম্বর, ২০২৩ : ইরানের কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
    রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা আজ সোমবার এ কথা জানিয়ে বলেছে, উত্তরাঞ্চলীয় শহর ধামগানের ৪শ’ কিলোমিটার গভীরে একটি টানেলে বিস্ফোরণটি ঘটে।
    তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
    ইরনা আরো জানিয়েছে, ‘ধামগানে রবিবারের বিস্ফোরণের পর ছয় শ্রমিক খনিতে আটকা পড়ে।’
    তাদের উদ্ধারে চালানো অভিযান ব্যর্থ হয়। পরে আজ সোমবার লাশ উদ্ধার করা হয়।
    একই এলাকায় ২০২১ সালের মে মাসে খনি ধসে দুই শ্রমিকের নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়।
    এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় আজাদ শাহর শহরে ২০১৭ সালে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ শ্রমিক প্রাণ হারিয়েছিল। অনেকে এ ঘটনা ইরানী কর্তৃপক্ষের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    সূত্র: বাসস