Author: Hello Bangla News

  • শাহরুখের ‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জওয়ান’

    শাহরুখের ‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জওয়ান’

    www.HelloBangla.News – বিনোদন – ১০ সেপ্টেম্বর, ২০২৩: চলতি বছরের ২৫ জানুয়ারি মু্ক্তি পায় শাহরুখের পাঠান ছবিটি। বলিউডের বাদশার এই ছবি ব্লকবাস্কার হয়েছিলো। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি। এর আগে শাহরুকের বেশ কিছু ছবি খুব একটা বাজার করতে পারেনি।তাই অনেকে ধরে নিয়েছিলো শাহরুখের দিনি শেষ হয়ে গেছে। কিন্তু সেই জনুয়ারির পর আবার সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে শাহরুখের জওয়ান ছবিটি।

    পাঠানের পর প্রায় আট মাস পরে প্রেক্ষাগৃহে রাজকীয় ভাবে ফিরেছেন শাহরুখ। সৌজন্যে, শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই ছবি মুক্তির দিনেই বক্স অফিসে নজির গড়েছে। প্রথম দিনেই প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘জওয়ান’।

    চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মুক্তির তিন দিনের মাথায় দেশের বক্স অফিসে ১৬৬ কোটি টাকার বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এই ছবি। তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি। চলতি বছরে বক্স অফিসে অনন্য নজির গড়েছিল ‘পাঠান’। নিজের গড়া সেই নজির এ বার নিজেই ভাঙছেন শাহরুখ। বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, মোট উপার্জনের নিরিখে ‘পাঠান’কে অনায়াসে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’।

    বাংলা ভাষায় একটি প্রবাদ আছে— সকাল দেখেই বোঝা যায়, সারা দিনটা কেমন কাটবে। শাহরুখের ক্ষেত্রে এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে সত্যি। যদিও, বলিউডের বাদশার ক্ষেত্রে বছরের শুরুতেই বোঝা গিয়েছিল তাঁর গোটা বছরটা কেমন কাটতে চলেছে। বছর শুরু করেছিলেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি।

    ‘পাঠান’-এর মতো সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’-ও। ভারতের পাশাপাশি বিদেশেও ছবির ব্যবসার পরিসংখ্যান বেশ আশাপ্রদ। তৃতীয় দিনে দাঁড়িয়ে ‘পাঠান’-এর ঝুলিতে ছিল প্রায় ৩১৩ কোটি টাকা। ‘পাঠান’-এর সেই নজিরও ভেঙে ফেলেছে ‘জওয়ান’। তিন দিনে ‘জওয়ান’-এর মোট উপার্জন প্রায় ৩৫০ কোটি টাকা।

    এদিকে বাংলাদেশেও মুক্তি পেয়েছে পাঠান। দর্শক যেন উপচে পড়ছে ‘জওয়ান’ দেখার জন্য। আশা করা যায় অবশ্যই ছবিটি ব্যবসায়ীক দিক দিয়ে রেকর্ড সৃষ্টি করবে। এই প্রথম কোনও হিন্দি ছবি বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও রিলিজ করল।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • দেশের নয়টি অঞ্চলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

    দেশের নয়টি অঞ্চলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা

    www.HelloBangla.News – জাতীয় – ১০ সেপ্টেম্বর, ২০২৩: আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

    আজ রবিবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আগামীকাল সোমবারের (১১ সেপ্টেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

  • তিন দিনের ছুটিতে ঢাকায় ফিরেছেন সাকিব ও মুশফিক

    তিন দিনের ছুটিতে ঢাকায় ফিরেছেন সাকিব ও মুশফিক

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের সুপার ফোরে পর পর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি হবে নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচের আগে আছে তিন দিনের ছুটি। ঢাকায় দুই দিন থেকে আবার শ্রীলঙ্কা ফিরে গিয়ে খেলবেন তুই তারকা ব্যাটসম্যান মুশফিক ও সাকিব। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মুশফিকুর রহিম এটা আগেই জানা ছিল। নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটার। তবে, এর বাইরেও আছে চমক। এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। তবে সাকিব ঠিক কেন দেশে আসছেন তা এখন পর্যন্ত অজানা।

    এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

    মুশফিক তার অনাগত সন্তানকে স্বাগত জানাতে ঢাকা আসছেন এটা জানা ছিল আগেই। সাকিবের দেশে ফেরার কারণটা এখনও স্পষ্ট না। তবে ধারণা করা হচ্ছে, শুধুমাত্র পরিবারকে সময় দিতেই ঢাকায় টাইগার দলপতি। পরিবার এই মুহূর্তে ঢাকায় আছে। সাকিবও তাই ঢাকার বিমানই ধরেছেন।

    ঢাকায় না এলেও এই সময়টায় শ্রীলঙ্কা থাকা হতো না সাকিবের। বিশেষ কাজে নাকি দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুবাই সফর বাদ দিয়ে ঢাকায় এসেছেন তিনি।

    সাকিব-মুশফিক দলের সঙ্গে না থাকলেও বিশেষ ক্ষতি নেই। তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। হোটেলে নিজেদের মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা।

  • টসে হেরে ব্যাটিং করছে ভারত

    টসে হেরে ব্যাটিং করছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। সুপার ফোরেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে প্রথম ঘন্টায় খেলা নির্বীঘ্নে হতে পারে বলে আশা করা যাচ্ছে। আজ টসে জিতে পাকিস্তান ব্যাটিং নিয়েছে। তাই সুপার ফোরের গরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং করছে ভারত।

    তবে এখন পর্যন্ত কলম্বোর আকাশ বেশ পরিষ্কার। প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে আগে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। যদিও ভারত আগে ব্যাটিংই করতে চেয়েছিল বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

    সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। সেই ম্যাচের একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে নামছে তারা। অন্যদিকে ভারতীয় শিবিরে পরিবর্তন এসেছে দুটি। শ্রেয়াস আইয়ারের জায়গায় লোকেশ রাহুল ও মোহাম্মদ শামির পরিবর্তে দলে ঢুকেছেন জাসপ্রিত বুমরাহ।

    পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

    ভারতের ব্যাটিং লাইন বিশ্বসেরা। অপর দিকে পাকিস্তানের বোলাররা আছে দারুণ ফর্মে। বিশেষ ভাবে শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

  • শেখ হাসিনা ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন

    শেখ হাসিনা ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : ভারতের রাজাধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে উক্ত সম্মেলনে যোগ দিয়েছেন।

    এরআগে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলন স্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা প্রগতি ময়দানের ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

    প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে ১৮ তম এই জি-২০ শীর্ষ সম্মেলন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে সারা বছর ধরে অনুষ্ঠিত সকল জি-২০ প্রক্রিয়া এবং বৈঠকের চূড়ান্ত পরিণতি হতে চলেছে।

    শীর্ষ সম্মেলনে জি-২০ নেতারা অন্যান্যের মধ্যে ডিজিটাল রূপান্তর, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস), খাদ্য নিরাপত্তা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান খুঁজে বের করবেন।

    নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগদানকারী বিশ্ব নেতারা হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল, তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রমুখ।

    ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত’ শীর্ষ সম্মেলনের এই মূল প্রতিপাদ্যের অধীনে শেখ হাসিনার বিভিন্ন অধিবেশনে যোগদান এবং দু’টি ভাষণ দেওয়ার কথা রয়েছে।

    ‘এক বিশ্ব’ এবং ‘এক পরিবার’ অধিবেশন চলাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কভিড-১৯ মহামারীর পরে অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো প্রয়োজনীয় পণ্যগুলোর বৈশ্বিক সরবরাহের মারাত্মক ব্যাঘাতের মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় তা তুলে ধরবেন।

    এছাড়া প্রধানমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতাও অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের কাছে তুলে ধরবেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

    ভারতের জি-২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছে এবং এই মেয়াদকালে ভারত বাংলাদেশসহ মোট নয়টি দেশকে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

    আমন্ত্রিত দেশগুলো হলো: বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।

    শীর্ষ সম্মেলনের চূড়ান্ত পর্যায়ে জি-২০ নেতাদের ঘোষণা গৃহীত হবে যেখানে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের এবং ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা করা এবং সম্মত হওয়া অগ্রাধিকারগুলোর প্রতি নেতাদের প্রতিশ্রুতি উল্লেখ থাকবে।

    আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম গ্রুপ অফ টুয়েন্টি (জি-২০)। এটি সকল প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক নির্মাণ এবং শাসন গঠন ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    সূত্র: বাসস

  • এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ জয় চাই বাংলাদেশের

    এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ জয় চাই বাংলাদেশের

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের জন্য জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে সাকিবরা। টসে জিতে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে দিয়েছে। তবে প্রথম পর্বে লিগে বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার কাছে আগে ব্যাটিং করে।নিজেদের মাঠে আজকের ম্যাচে শ্রীলঙ্কাই ফেবারিট।তার পরেও বাংলাদেশের ব্যাটিং ও বোলিং লাইন অনেক শক্তিশালি শ্রীলঙ্কার তুলনায়।

    আজ শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও আগে ব্যাটই করতে চেয়েছিলেন।

    পাকিস্তান ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। লঙ্কানদের একাদশে কোনো বদল নেই। টানা ১১ ম্যাচ জিতেছে তারা। এ ম্যাচেও ওই ধারা বজায় রাখতে চাইবে দলটি।

    বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

  • সড়ক দুর্ঘটনায় আগস্টে ৩৭৮ জনের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় আগস্টে ৩৭৮ জনের মৃত্যু

    www.HelloBangla.News – জাতীয় – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : আগস্ট মাসে সড়ক দুর্ঘটনা ও মৃত্যূর সংখ্যা গত মাসের তুলনায় কমেছে। চলতি বছরের আগস্ট মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৩টি। এর মধ্যে নিহত ৩৭৮ জন এবং আহত হয়েছেন ৭৯৪ জন।

    তবে জুলাই মাসের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনা কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ এবং প্রাণহানি কমেছে ৩৪ দশমিক ০৩ শতাংশ। গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হন।

    আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরেছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।

    বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনার ১০টি কারণও তুলে ধরা হয় সংগঠনটির পক্ষ থেকে। কারণগুলো হলো- ১. ত্রুটিপূর্ণ যানবাহন; ২. বেপরোয়া গতি; ৩. চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; ৪. বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; ৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; ৬. তরুণ-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; ৭. জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; ৮. দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; ৯. বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি; ১০. গণপরিবহন খাতে চাঁদাবাজি।

    আগস্টে নিহত ৩৭৮ জনের মধ্যে নারী ৪৪ ও শিশু ৫১ রয়েছে। ৪০৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৬ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৬২ শতাংশ। পথচারী নিহত হয়েছে ৯৩ জন, যা মোট নিহতের ২৪ দশমিক ৬০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, অর্থাৎ ১৫ দশমিক ০৭ শতাংশ।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

    এতে আরও বলা হয়, দুর্ঘটনা ও প্রাণহানি কমলেও তা টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না। কারণ সড়ক পরিবহন ব্যবস্থাপনায় তেমন কোনো উন্নতি ঘটেনি।

    রোড সেফটি ফাউন্ডেশন আরও জানায়, এ সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয়জন এবং নিখোঁজ রয়েছেন ছয়জন। রেলপথে ২৮টি দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু ও ১৯ জন আহত হয়েছেন।

    সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৬৯টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৪৫টি গ্রামীণ সড়কে, ৩৭টি শহরের সড়কে এবং চারটি দুর্ঘটনা অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৩৫ দশমিক ৪৮ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৩৩ দশমিক ৩৩ শতাংশ; রাজশাহী বিভাগে ১১ দশমিক ১৬ শতাংশ দুর্ঘটনা প্রাণহানি ১০ দশমিক ৫৮ শতাংশ; চট্টগ্রামে ১৩ দশমিক ১৫ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১৫ দশমিক ০৭ শতাংশ; খুলনায় ১৩ দশমিক ৮৯ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১৪ দশমিক ৮১ শতাংশ; বরিশালে ৭ দশমিক ৬৯ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৬ দশমিক ৬১ শতাংশ; সিলেটে ৪ দশমিক ৭১ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৪ দশমিক ২৩ শতাংশ; রংপুরে ৯ দশমিক ১৮ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ১০ দশমিক ৩১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪ দশমিক ৭১ শতাংশ দুর্ঘটনায় ৫ দশমিক ০২ শতাংশ প্রাণহানি হয়েছে।

    ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১৪৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৬ জন। সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এখানে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি ৩১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন ।

  • মরক্কোর ভূমিকম্পে নিহত ৬৩২ জন

    মরক্কোর ভূমিকম্পে নিহত ৬৩২ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : উত্তরপূর্ব আফ্রিকার দেশ মরক্কোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ২৯৬ জন মানুষ নিহত হয়েছেন। ৩২৯ জন আহত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে ধসে পড়েছে অসংখ্য বাড়ি-ঘর। আর ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়াদের উদ্ধার এবং বাঁচাতে এখন হাতে করে ধ্বংসস্তূপ সরাচ্ছেন সাধারণ মানুষ।

    শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল মাটিতে থেকে মাত্র ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। আর এটির স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ডের মতো। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।

    স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংমসস্তুপের নীচে বহুলোক চাপা পড়ে আছে।

    স্থানীয় মিডিয়া জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আল-হাউজ শহরে একটি পরিবার তাদের বাড়ি ধসে পড়ার পর ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে যায়।

    অ্যাটলাস পর্বতমালায় ‘তির্যক-বিপরীত ফল্টিং’ এ ভূমিকম্পের কারণ বলে ব্যাখ্যা করেছে ইউএসজিএস। স্পেন ও পর্তুগালেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

    সূত্র: বাসস

  • সাবারাবিক্রমার লড়াইর কাছে হেরেছে হৃদয়ের লড়াই

    সাবারাবিক্রমার লড়াইর কাছে হেরেছে হৃদয়ের লড়াই

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : টস জিতে ফিল্ডিং নিয়ে ভুল করেনি বাংলাদেশ। দারুণ বোলিং করেছে বোলাররা। সামারাবিক্রমার লড়াইর সুবাদে শ্রীলঙ্কা যে রান করেছিলো সেটা খুব একটা আহামরি নয়। তাই জেতা উচিত ছিলো বাংলাদেশের। কিন্ত্র হৃদয়ের একার লাড়াই যথেষ্ট ছিলোনা। বাংলাদেশ ২১ রানে হেরে ছিটকে পড়লো এশিয়া কাপ থেকে।

    শ্রীলঙ্কার ২৫৭ রান তাড়া করতে গিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হলেও যথারীতি ব্যর্থ হন টপ-অর্ডাররা। মুশফিকুর রহিমের সঙ্গে হৃদয়ের জুটি আশা জাগিয়েছিল। পরে হৃদয়ের একার লড়াইও টেনে নিতে পারেননি শেষ অবধি।

    শনিবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে লঙ্কানরা। জবাব দিতে নেমে ১১ বল আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

    রান তাড়ায় নেমে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। ৯ ম্যাচ পর পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, রান আসে ৪৭। মেহেদী হাসান মিরাজ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুললেও সেটি করতে পারছিলেন না নাঈম শেখ।

    মিরাজ অবশ্য আউট হয় ৪ চারে ২৯ বলে ২৮ রান করে। পুরো ইনিংসজুড়ে ভুগতে থাকা নাঈম শেখ আউটও হয়েছেন দৃষ্টিকটুভাবে। শানাকার শর্টবল পুল করতে গিয়ে কিপারের হাতে সহজ ক্যাচ দেন নাঈম। ৪৬ বলে ২১ রানের ইনিংস শেষ হয় তার।

    পরে দায়িত্ব নিয়ে খেলতে পারেননি সাকিব আল হাসান ও লিটন দাস। পাথিরানার অফ স্টাম্পের বেশ বাইরের বল জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান ।৭ বলে ৩ রান করেন তিনি।

    তিনে নামা লিটনও স্পিনার ওয়ালালগের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারানো বাংলাদেশ ২৮ রানে চার উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায়।

    এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের জুটির শুরুটা ধীরস্থির হলেও আস্তে আস্তে হাত খুলছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু এমন সময়ই হুট করে আউট হন মুশফিকুর রহিম। শানাকার বলে এগিয়ে এসে মারতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। ভাঙে হৃদয়ের সঙ্গে তার ১২২ বলে ৭২ রানের জুটি।

    মুশফিকের ফেরার পর উইকেটে আসেন শামীম পাটোয়ারী। কিন্তু তিনি ভালো করতে পারেননি। ১০ বলে ৫ রান করে মাহেশ থিকসেনার বলে এলবিডব্লিউ হন তিনি। শামীমের ফেরার পর দলের হয়ে একা লড়েন তাওহীদ হৃদয়। কিন্তু তিনিও শেষ অবধি যেতে পারেননি।

     

    আউট হওয়ার আগের বলেও থিকসেনার ফ্রি হিট বলে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু পরের বল তার প্যাডে লাগলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দেন। রিভিউ নিলেও আম্পায়ারস কলে সাজঘরে ফিরতে হয় হৃদয়কে। মাথা নিচু করে মাঠ ছাড়েন হৃদয়। এরপর বাংলাদেশের হার ছিল স্রেফ সময়ের ব্যাপার।

    যদিও শেষ উইকেট জুটিতে ফের হাসান মাহমুদ ও নাসুম আহমেদ সামান্য আশা জাগিয়েছিলেন। কিন্তু রানটা তাদের জন্য ছিল একটু বেশিই। শেষ উইকেট জুটিতে ১২ বলে ২০ রান যোগ করেন তারা। কিন্তু নাসুম বোল্ড হলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

    এর আগে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের শুরুর দিকে রান আসছিল, কিন্তু বাংলাদেশের বোলাররা দুর্দান্ত করছিলেন। ষষ্ঠ ওভার করতে এসে প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হজম করেন হাসান মাহমুদ। কিন্তু তৃতীয় বলেই তিনি পান উইকেট। তার দারুণ এক বলে উইকেটের পেছনে দিমুথ করুণারত্নের ক্যাচ নেন মুশফিকুর রহিম। এরপরের কিছুটা সময় ছিল বাংলাদেশের জন্য বেশ হতাশার। শুরুতে মুশফিকুর রহিম ও পরে শামীম পাটোয়ারী দুটি ক্যাচ ছাড়েন। মেন্ডিসের ক্যাচ ছেড়ে শামীম দেন ছক্কা।

    পাওয়ার প্লের ১০ ওভারে ৫১ রান খরচ করে ১ উইকেট হারায় শ্রীলঙ্কা। সাকিব আল হাসান এর মধ্যেই ব্যবহার করে ফেলেন পাঁচ বোলার। অল্প সময় পরপর বোলিং বদলাচ্ছিলেন তিনি, সেটি অবশ্য কাজেও এসেছে। যদিও উইকেট না পাওয়ার হতাশা কাটছিল না। গত কয়েক ম্যাচে শরিফুল ইসলাম নতুন বলে ভালো করছিলেন, এদিন তেমন সুযোগ পাননি।

    তবে তিনিই বাংলাদেশকে এনে দেন দ্বিতীয় উইকেট। ৬০ বলে ৪০ রান করা পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। এরপর আরেক সেট ব্যাটার কুশল মেন্ডিসকেও সাজঘরে ফেরান শরিফুল। তার বাউন্সার থার্ড ম্যানের উপর দিয়ে মারতে গিয়ে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দেন ৬ চার ও ১ ছক্কায় ৭৩ বলে ৫০ রান করা মেন্ডিস। দ্রুত দুই সেট ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল।

    এরপর বাংলাদেশের বোলাররা রীতিমতো চেপে ধরেন শ্রীলঙ্কান ব্যাটারদের। নাসুম ওভারপ্রতি রান দিচ্ছিলেন তিনের নিচে, সাকিবও তাই। আরেকদিকে উইকেট এনে দেন পেসাররা। তাসকিন আহমেদ ২৩ বলে ১০ রান করা চারিথ আশালাঙ্কাকে আউট করেন। ১৬ বলে ৬ রান করা ধনঞ্জয়া ডি সিলভা হাসান মাহমুদের বলে ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে।

    ততক্ষণে ক্রিজে চলে এসেছেন সাদিরা সামারাবিক্রমা। তিনি স্পিন খেলছিলেন খুব ভালো, ইনিংস এগিয়ে নিয়েছেন দারুণভাবে। তার সঙ্গে যোগ দেন অধিনায়ক দাসুন শানাকা। ৪০তম ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছিল শ্রীলঙ্কা। তারা ছিল বেশ চাপেও। এরপর ধীরে ধীরে দলকে তুলে আনার চেষ্টা করেন সামারাবিক্রমা ও শানাকা।

    পরের ৫ ওভারে ৪৩ রান তুলে শ্রীলঙ্কা রানটাকে বেশ ভালো অবস্থায় নিয়ে যাওয়ার আভাস দেয়। কিন্তু এরপর আবারও বাংলাদেশকে ম্যাচে ফেরান বোলাররা। সাকিব ৪৪তম ওভারে ৪ রান দেওয়ার পর ৪৬তম ওভারে এসে ৫ রান দেন। এর ঠিক পরের ওভারেই দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ, দেন কেবল ৩ রান। ওই ওভারেই দাসুন শানাকাকে বোল্ডও করেন হাসান।

     

    তবুও হাল ছাড়েননি সামারাবিক্রমা। সাকিবের করা ৪৮তম ওভারে ১১ রান নেওয়ার পরেরটিতে হাসান মাহমুদকে প্রথম বলেই ছক্কা হাঁকান। তাসকিন আহমেদের শেষ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ওই ওভারেও একটি চার ও ছক্কা হাঁকান। ৮ চার ও ২ ছক্কার ইনিংসে ৭২ বল খেলে ৯৩ রান করেন সামারাবিক্রমা।

    বাংলাদেশের তিন পেসারের মধ্যে তাসকিন ১০ ওভারে ৬৩ রান দিয়ে তিন, শরিফুল ৪ ওভারে ৪৮ রান দিয়ে দুই ও হাসান মাহমুদ ৯ ওভারে ৫৭ রান দিয়ে তিন উইকেট নেন। ১০ ওভারে ৪৪ রান দিয়ে সাকিব ও ১০ ওভারে ৩১ রান দিয়ে নাসুম উইকেটশূন্য ছিলেন। ৩ ওভারে ১৪ রান দেওয়া মিরাজও উইকেট পাননি।

  • শিক্ষার ক্ষেত্র গুলোকে সমন্বিত পদ্ধতির মাধ্যমে সমৃদ্ধ করতে হবে: দীপু মনি

    শিক্ষার ক্ষেত্র গুলোকে সমন্বিত পদ্ধতির মাধ্যমে সমৃদ্ধ করতে হবে: দীপু মনি

    www.HelloBangla.News – জাতীয় – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : চলমান শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ ও রূপান্তরিত করার আহ্বান জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি । প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে ইউনেস্কো সম্মেলনে শুক্রবার (৮ সেপ্টিম্বর) তিনি এ আহবান জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান শিক্ষার ক্ষেত্রগুলোকে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে সমৃদ্ধ ও রূপান্তরিত করতে হবে যাতে আজীবন সাক্ষরতা অর্জন করতে কেউ পিছিয়ে না থাকে।

    সাক্ষরতা আন্দোলনকে শক্তিশালী করার জন্য তিনি স্টেকহোল্ডার এবং সম্প্রদায় বিশেষ করে যুবকদের সম্পৃক্ত করার ধারণাটি চালু করার কথা বলেন।

    শিক্ষামন্ত্রী সাক্ষরতা প্রসারে বাংলাদেশে গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান যে ২০২৩ সালের সাক্ষরতা মূল্যায়ন সমীক্ষায় সাক্ষরতার হার ২০১১  সালে ৫৩.৭০% থেকে ২০২৩  সালে ৭৩.৬৯%-এ উন্নীত হওয়ার আশাব্যঞ্জক অগ্রগতি প্রকাশ করা হয়েছে।

    তিনি দর্শকদের জানান যে, এটি জিও, এনজিও এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতার ভাল অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব হয়েছে।

    দীপু মনি ইউনেস্কো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ২০২৩ এর পুরস্কার অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। ‘বন্ধুত্ব’ নামে একটি বাংলাদেশী এনজিও সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মধ্যে সাক্ষরতা প্রচারে তাদের কাজের জন্য সাক্ষরতার জন্য ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার পেয়েছে।

    ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ইউনেস্কোর শিক্ষা বিষয়ক এডিজি মিজ স্টেফানিয়া জিআননিনি এবং সেনেগাল, বেনিন এবং ইকুয়েডরের শিক্ষামন্ত্রীরাও অংশগ্রহণ করেন।

    শিক্ষামন্ত্রী দীপু মনি পরে ট্রান্সফর্মিং এডুকেশনের উচ্চ পর্যায়ের স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে সম্মেলনে যোগ দেন।

    পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে যুব ও প্রাপ্ত বয়স্কদের সাক্ষরতার ওপর গুরুত্ব দিয়ে এসডিজি এর টার্গেট ৪.৬ অর্জন করা এটাই ছিল সম্মেলনের মূল বিষয়।যা জীবনব্যাপী শিক্ষার সংস্কৃতিকে সমৃদ্ধ করার উপায়গুলো অন্বেষণ করার যত প্রোগ্রাম, বিষয়বস্তু এবং অনুশীলনগুলো কার্যকর করবে।

    সূত্র: বাসস