Author: Hello Bangla News

  • জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি দেশের জনগণকে গর্বিত করেছে: সেতুমন্ত্রী

    জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি দেশের জনগণকে গর্বিত করেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ সেপ্টেম্বর, ২০২৩: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৌরবোজ্জ্বল উপস্থিতি দেশের আপামর জনগণকে গর্বিত করেছে ।

    তিনি বলেন, ‘জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৌরবোজ্জ্বল উপস্থিতি দেশের আপামর জনগণকে অনন্য মর্যাদায় অভিষিক্ত ও গর্বিত করেছে। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি নিয়ে মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য প্রদান করেছেন, তা শুভবোধসম্পন্ন কোনো রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।’

    ওবায়দুল কাদের আজ সোমবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিষ্টাচারবিহীন ও অমার্জিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি দেয়া হয়।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ সদস্য না হওয়া সত্ত্বেও বিশ্বের শক্তিধর রাষ্ট্রসমূহের সমন্বয়ে গঠিত জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতি বিশ্বনেতৃবৃন্দের মনোযোগ আকর্ষণ করেছে। সুদক্ষ নেতৃত্ব, অসাধারণ ব্যক্তিত্ব এবং কর্মকুশলতার উজ্জ্বল প্রভায় বিশ্বনেতৃবৃন্দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনায় তাঁর মেধা, মনন, সততা ও সাফল্যে এক সময়ের দরিদ্রপীড়িত অনিশ্চিত অর্থনীতির বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।’

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপ ও গৃহীত নীতির কারণে গত দেড় দশকে বাংলাদেশ যে সফলতা অর্জন করেছে তা নজিরবিহীন। যার মধ্য দিয়ে বিশ্বনেতৃবৃন্দ শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্বনেতৃবৃন্দ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেছেন।’

    ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বিশ্বাস করে ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণই একটি রাজনৈতিক সংগঠনের প্রধান শক্তি। মার্কিন প্রেসিডেন্টের তোলা সেলফি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এমনটা নয়, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের ইঙ্গিত বহন করে।’

    তিনি বলেন, বর্তমান সরকারের কোনো বন্ধু নেই বলে বিএনপি নেতারা এতো দিন ধরে যে অপপ্রচার চালিয়ে আসছে, তার যথার্থ জবাব শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই নয়, অন্যান্য বিশ্বনেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে উষ্ণ মনোভাব নিয়ে কুশল বিনিময় করেছেন যার ছবি ও সংবাদ ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ লাগাতারভাবে তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে। একইসাথে তারা বিদেশি প্রতিনিধি এবং সংস্থাসমূহের নিকট বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের সরবরাহকৃত বানোয়াট ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত হয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করলে বিএনপি পুলকিত বোধ করে এবং বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করানোর চক্রান্ত করে। আবার যখন সত্য উন্মোচিত হয় তখন তারা নতুন ষড়যন্ত্রের জাল বুনে।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে কথা বলেছেন! এই ভিসানীতিকে সরকারের পক্ষ থেকেও সাধুবাদ জানানো হয়েছে।

    ওবায়দুল কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রতিনিয়ত সাফল্য ও অগ্রগতির নতুন নতুন মাইলফলক অতিক্রম করছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতির সামনে যে অঙ্গীকার করেছেন তিনি তা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে চলেছেন। এক সময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ, মঙ্গা-খরা পীড়িত এবং খাদ্য ঘাটতিতে জর্জরিত ভঙ্গুর অর্থনীতির দেশ ছিল। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সে সংকট জয় করে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮.৭ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ২৫ শতাংশ থেকে ৫.৬ শতাংশে নেমে এসেছে। দেশের শতকরা ২৯ ভাগ মানুষ বিভিন্ন ভাতার আওতায় এসেছে। সারাদেশে ১৩ লাখের বেশি ভূমিহীন/গৃহহীন পরিবারকে বিনামূল্যে গৃহ দেয়া হয়েছে।

    সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতির মধ্য দিয়ে বিশ্বসভায় বাংলাদেশ আজ একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরব উপস্থিতি তারই প্রমাণ।

    সূত্র: বাসস

  • দেশে বকেয়া আমদানি শুল্কের পরিমাণ ৭৬০ কোটি ৩০ লাখ টাকা: অর্থমন্ত্রী

    দেশে বকেয়া আমদানি শুল্কের পরিমাণ ৭৬০ কোটি ৩০ লাখ টাকা: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১১ সেপ্টেম্বর, ২০২৩: আজ সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমানে বকেয়া আমদানি শুল্কের পরিমাণ প্রায় ৭৬০ কোটি ৩০ লাখ টাকা।

    আজ সোমবার (১১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান।

    অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বকেয়া আমদানি শুল্কের পরিমাণ প্রায় ৭৬০ কোটি ৩০ লাখ টাকা। আমদানি শুল্ক অনাদায়ী থাকার কারণে বলা হয়েছে, বিভিন্ন ধরনের আইনি জটিলতার কারণে ক্ষেত্র বিশেষে আমদানি শুল্ক অনাদায়ী হয়ে থাকে। পণ্যচালান খালাসের পর নিয়মিত নিবারণী তৎপরতার অংশ হিসেবে খালাসোত্তর নিরীক্ষা (পোস্ট ক্লিয়ারেন্স অডিট) কার্যক্রম সম্পাদন করা হয় এবং এর মাধ্যমে অনেক ক্ষেত্রে অনাদায়ী শুল্কের উদ্ভব হয়।

    তিনি বলেন, শুল্কায়ন সম্পন্ন হলেও সাময়িক অর্থ সংকটের কারণে অনেক সময় পণ্যের চালান না নেওয়ায় আমদানি শুল্ক অনাদায়ী থেকে যায়। সরকারি প্রতিষ্ঠানের আমদানির ক্ষেত্রে অধিকাংশ সময়ে বিলম্বে শুল্ক পরিশোধের ভিত্তিতে পণ্যের চালান নেওয়া হয়ে থাকে এবং পরবর্তী সময়ে পণ্য চালান সংশ্লিষ্ট শুল্ক করাদি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে সেক্ষেত্রে এই চালানের আমদানি শুল্ক অনাদায়ী থেকে যায়।

    তিনি আরও বলেন, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের নিরীক্ষা এবং সংশ্লিষ্ট কাস্টম হাউস বা স্টেশনের তৎপরবর্তী বিচারাদেশের মাধ্যমে ফাঁকি দেওয়া শুল্ক আদায়ের কার্যক্রম নেওয়া হয় বিধায় আমদানি পর্যায়ে বকেয়া হয়ে যায়।

    আমদানি শুল্কের আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এ উল্লিখিত বকেয়া আদায় সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণপূর্বক অনাদায়ী শুল্ক আদায়ের কার্যক্রম নেওয়া হয়। দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এ উল্লিখিত বকেয়া আদায় সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণপূর্বক অনাদায়ী শুল্ক আদায়ের জন্য বিভিন্ন কার্যক্রম নেওয়ার ফলে এ পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ টাকা আদায় হয়েছে এবং অবশিষ্ট রাজস্ব আদায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

    সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১১ সেপ্টেম্বর, ২০২৩: আজ আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা এবং বিভিন্নে আন্দোলনের অগ্রসৈনিক। প্রয়াত এই নেতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

    শ্রদ্ধা নিবেদনের সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে কাজী জাফরউল্লাহ সাংবাদিকদের বলেন, সাজেদা চৌধুরী দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরে রেখেছিলেন। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

    আব্দুর রহমান বলেন, ৭৫ সালের ১৫ আগস্টের প্রতিরোধে যে আন্দোলন-সংগ্রাম আমরা শুরু করি মূলত সাজেদা চৌধুরী সেই সময় অনুপ্রেরণা দিয়েছেন, সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য তিনি এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। আমাদের সংগ্রামী জীবনকালে তাকে নিয়ে আলোচনার শেষ নেই।

    সাজেদা চৌধুরী ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮৭ বছর বয়সে মারা যান। ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলাতে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তার স্বামী রাজনীতিবিদ ও সমাজকর্মী প্রয়াত গোলাম আকবর চৌধুরী।

    সূত্র: বাসস

  • বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক উন্নত প্রযুক্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিচ্ছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক উন্নত প্রযুক্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিচ্ছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ সেপ্টেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পৌঁছাবে যা উন্নত প্রযুক্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিচ্ছে।

    হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সম্মানে আয়োজিত ভোজসভায় শেখ হাসিনা বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ইন্দো-প্যাসিফিক এবং এর বাইরেও সকলের অভিন্ন সমৃদ্ধির জন্য কৌশলগত সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে বলে আমি আত্মবিশ্বাসী।’

    প্রধানমন্ত্রী বলেন, তারা কৌশলগত সম্পদ ও উন্নত প্রযুক্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিচ্ছে।

    তিনি বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং জীবনযাত্রার ব্যয়ের একাধিক সংকট মোকাবেলায় আমাদের অংশীদারিত্ব একটি অর্থবহ শক্তি হতে পারে।

    প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। আমরা দায়িত্বশীল ব্যবসা পরিচালনার দিকে আলোকপাত করে একটি শক্তিশালী বাণিজ্য অংশীদারিত্ব গড়ে তুলেছি।

    ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে গতকাল রবিবার রাতে ঢাকায় এসেছেন ম্যাখোঁ।

    শেখ হাসিনা বলেন, এই ভোজসভায় ফরাসি প্রেসিডেন্টকে আতিথ্য দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

    তিনি বলেন, আমি ২০২১ সালের নভেম্বরে এলিসি প্যালেসে আপনার উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করছি। আমি আনন্দিত যে আপনি আমার ঢাকা সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

    বাংলাদেশের জনগণ ‘আপনাকে (ফরাসি প্রেসিডেন্ট) এবং আপনার প্রতিনিধিদলকে এখানে’ স্বাগত জানাতে তার সঙ্গে ভোজসভায় যোগ দিয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন,  তাঁরা ফরাসি প্রেসিডেন্টের জন্য বাংলাদেশের অদ্বিতীয় জনপ্রিয় খাবার কাচ্চি বিরিয়ানির স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন।

    তিনি বলেন, আমাদের উভয় জাতিই আমাদের রন্ধনপ্রণালী, সংস্কৃতি এবং ভাষাগত ঐতিহ্যের জন্য অত্যন্ত গর্বিত। আমাদের দুই জনগোষ্ঠীকে একে অপরের কাছাকাছি আনতে আমাদের দুটি সংস্কৃতির মধ্যে আরও পদ্ধতিগত পন্থা এবং সংমিশ্রণকে উন্নীত করার সময় এসেছে। তিনি আরও বলেন, আমি কি আমাদের আরেকটি সুস্বাদু খাবার স্থানীয় জনপ্রিয় ফল আমড়ার জুস দিয়ে টোস্ট করার কথা বলতে পারি!

    তিনি বলেন, তার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরাসি বিপ্লবের চেতনায় গভীর ভাবে  অনুপ্রাণিত ছিলেন।

    প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রসারে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।

    বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে) এর  প্রতিফলন ঘটেছে।

    বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার আহ্বান আন্দ্রে মারলো’র মতো বিশ্ব বুদ্ধিজীবীদের সঙ্গে প্রতিধ্বনিত হয়েছিল যারা আমাদের উদ্দেশ্যে সাধনে লড়াই করার জন্য অনেক তরুণকে সংগঠিত করেছিলেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

    তিনি বলেন, এটা প্রায়ই আমার মনে হয় যে প্রেসিডেন্ট ম্যাখোঁ তার ফরওয়ার্ড মার্চ আন্দোলনের মাধ্যমে মারলো ও তার অনুসারীদের গর্বিত উত্তরাধিকার বহন করছেন।

    তিনি আরও বলেন, মি: প্রেসিডেন্ট,  ফ্রান্সে আপনি যে সাহসী সংস্কার করেছেন তার জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই। আমরা আপনাকে আন্তর্জাতিক রাজনীতিতে বিশুদ্ধ বাতাসের নিঃশ্বাস হিসাবে দেখি।

    কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য আপনার (ফরাসি প্রেসিডেন্ট) গুরুত্ব আরোপ মূলত আমাদের পররাষ্ট্রনীতির নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    ভোজ সভাস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে ম্যাখোঁকে স্বাগত জানান।

    এ সময় জাতির পিতার ছোট কন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন

    জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ সেপ্টেম্বর, ২০২৩: নিজের ২৪তম গ্র্যান্ড স্ল্যামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন জকোভিচ। আর সেই সুবাধেই ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জিতে নিলেন এ ম্যাচ। ২০২১ সালের ইউএস ওপেন ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ঘটছে এবার। এবারও মুখোমুখি হন নোভাক জকোভিচ ও ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচ জিতে নেন ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচেরই এবার প্রতিশোধ নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা জকোভিচ।

    সার্বিয়ার এই ৩৬ বছর বয়সী টেনিস তারকা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন। এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকেও ছাপিয়ে গেলেন তিনি।

    তবে যতটা সহজ জয় মনে হচ্ছে, জোকোভিচের জন্য তা মোটেই তা ছিল না। প্রথম সেটটা মোটামুটি হেসেখেলে জিতলেও দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছেন মেদভেদেভ। এই সেট সম্পন্ন হতে সময় লেগেছে ১ ঘণ্টা ৪৪ মিনিট!  তবে তৃতীয় সেটে ফের অনায়াসেই জয় তুলে নিয়েছেন সার্বিয়ান গ্রেট।

    ক্যারিয়ারের ২৪তম মেজর জিতে উচ্ছ্বসিত জোকোভিচ জানিয়ে দেন, এখানেই থামবেন না তিনি। পরের বছর ১০ম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার লক্ষ্য ঠিক করেছেন তিনি।

    এ বছরের শুরুর দিকে স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে পেছনে ফেলে ২২তম মেজর জেতার কীর্তি গড়েন জোকোভিচ। শুধু কি তাই, বছরের ৪টি গ্র্যান্ড স্লামের ৩টিই তার হাতে উঠেছে। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারবার বছরের তিনটি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড আছে তার দখলে।

  • একটি মিশন চলাকালে পানামার হেলিকপ্টার নিখোঁজ

    একটি মিশন চলাকালে পানামার হেলিকপ্টার নিখোঁজ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ সেপ্টেম্বর, ২০২৩: মধ্য আমেরিকার দেশ পানামার ন্যাশনাল অ্যারোনাভাল সার্ভিসের (সেনাম) একটি হেলিকপ্টার গতকাল রবিবার নিখোঁজ হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে একটি মিশন চলাকালে এটি নিখোঁজ হয়।

    এডব্লিউ-১৩৯ নামের হেলিকপ্টারটি এবং এর তিনজন ক্রু’কে শনাক্ত করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে, পানামার নৌ ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পানামা পাবলিক ফোর্সের শাখা সেনামের এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে।

    জানা গেছে, হেলিকপ্টারটি ক্যারিবীয় উপকূল পুন্টা রিনকন ও সান্তিয়াগো ডি কভেরাগুয়াস শহরের মাঝামাঝি স্থানে নিখোঁজ হয়। স্থানটি পানামা সিটি থেকে প্রায় ২৫০ কিলোমিটার অবস্থিত।

    নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে চারটি বিমান পাঠানো হয়েছে।

    সূত্র: বাসস

  • জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

    জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ সেপ্টেম্বর, ২০২৩: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভার‌তের বা‌ণিজ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।

    আজ রবিবার (১০ সেপ্টেম্বর) ৩টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

    এর আগে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি।

    এর আগে, ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছেন, এখানে তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

    সফরকালে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়।

    তিনটি সমঝোতা স্মারক হল: ‘কৃষি গবেষণায় সহযোগিতা, ‘সাংস্কৃতিক বিনিময়’ এবং ‘দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজিকরণ’।

    ৯ সেপ্টেম্বর জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ’ এর অধীনে পৃথক দুটি ভাষণ দেন।

    আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

    জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে এবার মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ মোট নয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।

    ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

  • ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে

    ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ সেপ্টেম্বর, ২০২৩: ভূমিকম্পে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও দুই হাজার মানুষ। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর। এর আগে দেশটিতে ছয় দশক আগে ভূমিকম্পে দেশটিতে এই ধরণের ভূমিকম্প হয়ছিলো।

    গত শুক্রবার গভীর রাতে মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ।

    মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভূমিকম্পে আহত ২ হাজার মানুষের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। আর সবচেয়ে বেশি হতাহত হয়েছেন মারাক্কেশের দক্ষিণে অবস্থিত প্রদেশগুলোতে।

    জানা গেছে, ভয়াবহ এই ভূমিকম্প ও হতাহতের ঘটনায় রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং বেঁচে যাওয়াদের আশ্রয়, খাবার ও অন্যান্য সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। অবশ্য ভূমিকম্পে বাড়িঘর হারিয়ে অনেকেই তাদের টানা দ্বিতীয় রাত খোলা জায়গায় কাটাচ্ছেন।

    ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শুক্রবার রাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১১.১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

    এছাড়া ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূ- কম্পন অনুভূত হয়। দুর্গম পাহাড়ি এলাকায় বেশ কিছু গ্রাম পুরোপুরি সমতল হয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া রাজধানী রাবাতের পাশাপাশি কাসাব্লাঙ্কা, আগাদির এবং এসসাউইরাতেও কম্পন অনুভূত হয়।

    মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির আল হাউজ প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, আর এর পরে রয়েছে তারউদান্ত প্রদেশ। মারাক্কেশে মৃত্যুর সংখ্যা অনেক কম, যদিও ইউনেস্কো-সুরক্ষিত পুরোনো এই শহরটিও ভূমিকম্পে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ১৯৬০ সালের পর শুক্রবার এই ভূমিকম্প দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী। ওই বছর দেশটিতে শক্তিশালী এক ভূকম্পনে কমপক্ষে ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটে। তবে শুক্রবারের ভূমিকম্পটি মরক্কোতে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।

     

    জাতিসংঘ বলেছে, তারা মরক্কো সরকারকে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। এছাড়া স্পেন, ফ্রান্স এবং ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ থেকে একই ধরনের প্রতিশ্রুতি এসেছে।

    সূত্র: বিবিসি

  • জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব গেল ব্রাজিলে

    জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব গেল ব্রাজিলে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ সেপ্টেম্বর, ২০২৩: জি-২০ শীর্ষ সম্মেলনের নতুন সভাপতি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাববিার (১০ সেপ্টেম্বর) ব্রাজিলের কাছে সভাপতিত্ব দিয়ে জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্তির ঘোষণা দিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, এই মেয়াদে তার দেশ ন্যায়ের বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী গড়তে কাজ করবে।

     

    প্রধানমন্ত্রী মোদি আগামী নভেম্বরে একটি ভার্চ্যুয়াল বৈঠকের প্রস্তাব দিয়েছেন। কেননা তখনও সভাপতিত্ব ভারতের কাছেই থাকছে।

     

    শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হলেও নেতারা এখনও সাইডলাইনে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। কেউ কেউ সংবাদমাধ্যমের সঙ্গে বৈঠক করছেন এবং বিবৃতি প্রকাশ করছেন।

     

    ভারত জি-২০ সভাপতিত্ব ব্রাজিলের কাছে হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে সভাপতিত্বের হাতুড়িটি হস্তান্তর করেন।

     

    ব্রাজিল বলছে, ২০২৪ সালে সভাপতিত্বের সময়ে দেশটি দারিদ্র্য, টেকসই উন্নয়ন এবং বিভিন্ন সংগঠনে বৈশ্বিক সুশাসন পুনর্গঠনের ওপর গুরুত্ব দেবে।

     

    শনিবার লুলা বলেন, আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হবে না।

     

    পুতিন বালি কিংবা দিল্লি সম্মেলনে অংশ নেননি। তিনি বারবার আন্তর্জাতিক সমাবেশ এড়িয়ে যাচ্ছেন।

    ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

     

  • বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে: সেতুমন্ত্রী

    বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ সেপ্টেম্বর, ২০২৩: বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

    তিনি বলেন, দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম। তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে।

    আজ রবিবার(১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

    কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ জনগণের ভালোবাসা নিয়েই আছে। এ দল সন্ত্রাসী, সাম্প্রদায়িক কিংবা অপকর্মকারীদের দল নয়। জনকল্যাণে আওয়ামী লীগ সবসময় সতর্ক অবস্থান জানান দেয়।

    এ সময় যুবলীগকে আগামী নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।

    যুবলীগের প্রশংসা করে কাদের বলেন, যুবলীগ ঐক্যের বন্ধনে আবদ্ধ, আন্দোলন সংগ্রামে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন। যুবলীগ অন্যান্য সংগঠনের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। যার যা প্রাপ্য তা স্বীকার করা উচিত। ভালো কাজের প্রশংসা পাওয়া উচিত।

    যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম রাজনীতিতে যুবলীগের সাংগঠনিক কর্মকান্ডে বেশ ভালো কাজ। এখানে যারা আসে তারা সারাজীবন যুবলীগ করবে না। খারাপ যুবক আমাদের প্রয়োজন নেই। খারাপ ২০ জনের চেয়ে ভালো দুইজন অনেক ভালো।আমরা জনগণের দল, জনগণের সঙ্গে আছি, জনগণকে ভালোবাসি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।পরে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।