Author: Hello Bangla News

  • লিবিয়ায় ঝড়ে হতাহত ও নিখোঁজের ঘটনায় প্রধানমন্ত্রীর সমবেদনা

    লিবিয়ায় ঝড়ে হতাহত ও নিখোঁজের ঘটনায় প্রধানমন্ত্রীর সমবেদনা

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: ঝড়ের কারণে লিবিয়ায় হতাহত এবং নিখোঁজের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের প্রভাবে এই হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটে।

    লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবার কাছে লেখা একটি চিঠিতে তিনি বলেন, ‘পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে ভূমধ্যসাগরীয় এ ঝড়ের আঘাতের কারণে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

    প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তিনি বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

    শেখ হাসিনা বলেন, ‘আমি হতাহত এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের জন্য আত্মার অন্তস্তল থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

    তিনি আরো বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত লিবিয়ার জনগণের জন্য আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে  মানবিক সাহায্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

    তিনি আরও বলেন ‘আমরা লিবিয়া সরকারের সু-সমন্বিত ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টা এবং ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আপনার সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করছি।’

    এদিকে বিবিসি সংবাদে জানা গেছে, লিবিয়ার ডেরনা শহর বন্যায় এখন পর্যন্ত পাঁচ হাজার তিনশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের একজন মন্ত্রী হিশাম চোকিওয়াত বলছেন যে, “সাগরে ক্রমাগত আছড়ে পড়ছে লাশের পর লাশ”। আবার বহু মানুষ লাশের ব্যাগ জড়িয়ে ত্রাণ সহায়তার জন্য আকুতি জানাচ্ছে। আর নিহতদের অনেককে গণকবরে দাফন করা হয়েছে। ঘূর্ণিঝড় ড্যানিয়েল রবিবার আঘাত হানলে একটি বাঁধ ফেটে গেলে ডেরনা শহর বন্যার পানিতে তলিয়ে যায়।

  • বাজার নিয়ন্ত্রণে ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ

    বাজার নিয়ন্ত্রণে ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

    টিপু মুনশি বলেন, ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা হওয়ায় আমরা এ দাম নির্ধারণ করে দিয়েছি। প্রতি পিস ডিম এখন থেকে ১২ টাকায় বিক্রি করা হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ দাম নির্ধারণ করা হয়েছে।

    ডিম আমদানির সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, বাজার পর্যালোচনা করে সীমিত আকারে ডিম আমদানির অনুমোদন দেওয়া হবে। যদি ডিম প্রতি পিস ১২ টাকায় খুচরা পর্যায়ে বিক্রি করা হয়, তাহলে আমদানির বিষয়টি অতো গুরুত্ব পাবে না, সীমিত আকারে করা হবে। কিন্তু দাম ১২ টাকায় সীমিত না থেকে বাড়ানো হয়, কিংবা সুযোগ নেওয়া হয়, তাহলে বেশি করে আমদানি করা হবে। বাজার ঠিক রাখার জন্যই আমদানি করা হবে।

    এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভোক্তা অধিকার থেকে শুরু করে জেলা প্রশাসকরা (ডিসি) বাজার মনিটরিং করবেন। জেলা-উপজেলাসহ বড় বড় শহরগুলোয় এই মনিটরিং চলবে। আজকের ঘোষণার পরে সর্বাত্মক শক্তি নিয়ে বাজারে দাম নিয়ন্ত্রণ করা হবে।

    তিনি আরও বলেন, পেঁয়াজ স্টোর করার সুবিধা নেই। কিন্তু ডিমের ক্ষেত্রে বড়ো সুবিধাটা রয়েছে। সেটা হলো ডিম আমরা আমদানি করতে পারবো। এতে বাজারের বাড়তি দামের প্রভাবটা কমানো সম্ভব। ডিমের দাম যে ১২টাকা ঠিক করা হয়েছে, এটি খুবই ন্যায্য। কোনো অবস্থাতেই এটা কম না, যথেষ্ট ভালো দাম।

    এদিকে আলু ও পেঁয়াজের দামও বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন।

    সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমে আসবে বলেও জানান মন্ত্রী। টিপু মুনশি বলেন, বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন ন্যায্যদাম কার্যকর করবো।

  • রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারে আগুন গেলে প্রায় চার শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই দুই মার্কেটে বৈধ-অবৈধ দোকানের সংখ্যা ছিল প্রায় ৭০০।

    আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

    ব্যবসায়ীরা জানান, মার্কেটের হক বেকারিতে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে একে একে অন্যান্য দোকানগুলোয় লাগে।

    ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে একটি ইউনিট এলেও মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা ভেতরে ঢুকতে পারেনি। যে কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

    একজন দোকান মালিক জানান, তিনি রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসেন। মার্কেটে এ সময় আগুর জ্বললেও তার দোকান স্বাভাবিক ছিল। কিন্তু ৩০ মিনিটের মধ্যে আগুন তার দোকান পর্যন্ত পৌঁছে যায়। মার্কেটের ভেতর হওয়ায় তিনি দোকানে যেতে পারেননি। দুই মার্কেটে প্রায় পাঁচশোর বেশি দোকান ছিল সব পুড়ে গেছে।

    জানা গেছে, হক বেকারি থেকে প্রথমে আগুন লাগে। নিরাপত্তাকর্মীরা প্রথম ফায়ার ইস্টিংগুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু দোকানের শাটার বন্ধ থাকায় কোনো কাজে আসেনি। মুহূর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

    আগুনের ঘটনায় ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকানগুলো।

    এদিকে পৌনে ৬ ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা । তিনি জানান, ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ও ১৩৭ জন কর্মী।

    আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র‌্যাব, বিজিবি, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। এছাড়াও ছিলো সাধারণ মানুষ, দোকানোর মালিক ও কর্মচারিরা। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটে ওপর থেকে পানি ছিটানো হয়।

    জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।

    ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

  • বাংলাদেশে সীসা দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে গবেষণায়

    বাংলাদেশে সীসা দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে গবেষণায়

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: বায়ু দূষণের পাশাপাশি সীসা দূষণ বাংলাদেশে ব্যাপক হারে বেড়ে গেছে বলে জানিয়েছে পরিবেশ বিজ্ঞানিরা।বিষয়টি অবশ্যই উদ্বেগের। কেননা সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ অকালে মারা যাচ্ছে। একই কারণে দেশটির শিশুদের আইকিউ কমে যাচ্ছে, যার ফলে বুদ্ধি প্রতিবন্ধী হবার ঝুঁকি বাড়ছে। আর আমাদের চোখের সামনে ঘটছে প্রতিনিয়ত সীসা দূষণের ঘটনা। ব্যাটারি ভাঙ্গা শিল্প, সীসাযুক্ত পেইন্ট, অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল, খাবার রাখার জন্য ব্যবহৃত সিরামিকের পাত্র, ই-বর্জ্য, খেলানা, সার, রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলা, প্রসাধনী, খাবার-দাবার এবং চাষ করা মাছের জন্য তৈরি খাবার হচ্চে সীসা দুষণের মূল উৎস। ইদানিংকালে দেখো যাচ্ছে বায়ু দূষণে ঢাকা শহরের নাম শীর্ষে থাকছে।

    চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে’ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    বিশ্বব্যাংকের একদল গবেষক‘গ্লোবাল হেলথ বার্ডেন অ্যান্ড কস্ট অব লেড এক্সপোজার ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস: অ্যা হেলথ ইমপ্যাক্ট অ্যান্ড ইকোনমিক মডেলিং অ্যানালাইসিস’ নামের এই গবেষণাটি চালায়।

    গবেষণার পর প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, সীসা দূষণের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। এর ফলে একদিকে প্রাপ্ত বয়স্কদের মধ্যে অস্বাভাবিক হারে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি শিশুদেরও আইকিউ কমে যাচ্ছে। আর্থিক ক্ষতির হিসেবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ২০১৯ সালের মোটি জিডিপি’র প্রায় ৬ থেকে ৯ শতাংশের সমান। সীসা সবচেয়ে বড় ক্ষতি করে শিশুদের। মাত্রার চেয়ে বেশি সীসা শিশুদের শরীরের বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে।

    বাংলাদেশের ২০১৯ সালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন যে, সীসা দূষণের ফলে দেশটিতে শূন্য থেকে চার বছর বয়সী বাচ্চারা প্রায় দুই কোটি আইকিউ পয়েন্টস হারাচ্ছে। এতে শিশুদের বুদ্ধির যথাযথ বিকাশ হচ্ছেনা। ফলে নতুন কিছু শেখার ক্ষেত্রে তাদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি আচার-ব্যবহারেও নানা অসংগতি দেখা যাচ্ছে। এছাড়া, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, খিটখিটে মেজাজ – এরকম নানা সমস্যাও তৈরি করছে।

    ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. প্রিসিলা ওবিল এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশে শিশুদের রক্তে উচ্চমাত্রায় সীসার উপস্থিতি তাদের মেধার পূর্ণ বিকাশের ক্ষেত্রে একটি বড় বাধা।

    এছাড়া সীসা দূষণের ফলে তাদের আইকিউ কমে যাচ্ছে, যা দেশটির সার্বিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সীসা দূষণ বন্ধে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ জরুরী।”

    ২০২২ সালের মে মাসে প্রকাশিত ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজে’র তথ্যে দেখা গিয়েছিলো যে, সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ হাজার মানুষ অকালে মারা যাচ্ছে।

     

    কিন্তু নতুন এই গবেষণা প্রতিবেদনে আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে, সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর ২৫ বছর বা তার চেয়ে বেশি প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ মারা যাচ্ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সংক্রামক রোগ বিভাগের প্রকল্প সমন্বয়ক ড. মাহবুবুর রহমান বলেন, “সীসা দূষণ রোধে এখনই উপযুক্ত সময়। এই সমস্যাকে সমূলে উৎপাটনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।”

    বাংলাদেশে সীসা দূষণ ছাড়াচ্ছে অনেক ধারণের উৎস থেকে। যেমন, ব্যাটারি ভাঙ্গা শিল্প, সীসাযুক্ত পেইন্ট, অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল, খাবার রাখার জন্য ব্যবহৃত সিরামিকের পাত্র, ই-বর্জ্য, খেলানা, সার, রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলা, প্রসাধনী, খাবার-দাবার এবং চাষ করা মাছের জন্য তৈরি খাবার থেকেই মূলত: বাংলাদেশে সীসার দূষণ ঘটে।

    প্রকাশিত গবেষণাটির অংশ হিসেবে খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০টি নমুনা সংগ্রহ করে সীসার উপস্থিতি পরিমাপ করে দেখেছে নিউ-ইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘পিওর আর্থ’।

    এসব নমুনার মধ্যে খাবার রাখার জন্য ব্যবহৃত ধাতব ও প্লাস্টিকের পাত্র, সিরামিক পাত্র, রঙ, শুকনা খাবার, খেলনা, রান্নায় ব্যবহৃত মশলা এবং প্রসাধনী পণ্য রয়েছে। এগুলোর মধ্যে ২৪% নমুনাতেই মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে। খাবার রাখার জন্য ব্যবহৃত ৫৯% ধাতব পাত্রে, ৪৪% সিরামিক পাত্রে, ৯% প্লাস্টিকের পাত্রে, ৫৪% পেইন্টে, ১৭% চাল/স্টার্চে, ১৩% খেলনায়, ৭% মশলায় এবং ৬% প্রসাধনীতে অতিমাত্রায় ক্ষতিকর সীসার উপস্থিতি পাওয়া গেছে।

    বাংলাদেশের মানুষের মধ্যে প্রতি ডেসিলিটার রক্তে গড়ে প্রায় ৬.৮ মাইক্রোগ্রাম সীসা পাওয়া গেছে বলে গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে।

    তবে একজন মানুষের শরীরে কতটুকু সীসা থাকা নিরাপদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত তার সঠিক কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। তবে সীসা দূষণে দ্রুত পদক্ষেপ না নিলে এর ভয়াবহ প্রভাব আমাদের নতুন প্রজন্ম বিশেষ ভাবে শিশু-কিশোর ও তরুণরা মেধাশূন্য হয়ে পড়বে।তাই এই বিষয়ে দ্রুত সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সংশ্লিষ্ট কতৃপক্ষের।

    সূত্র: বিবিসি বাংলা

  • সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন

    সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন

    www.HelloBangla.News – বিনোদন – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন হয়েছে।এই বিশিষ্ট পরিচালকের মৃত্যুর এক দিন আগে তার স্ত্রীর মৃত্যু হয়। এই শোকের রেশ কাটতে না কারটেই ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত এই পরিচালকের মৃত্যু। স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে সোহানুর রহমান সোহানকে।

    আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে সোহানুর রহমানের মরদেহ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছায়। তার লাশ দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী।

    তার স্বজনরা জানিয়েছেন স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি কবর দেওয়া হয়। এজন্য টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

    এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন সোহানুর রহমান সোহান।

    এদিকে একদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

    বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

    সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’।

    সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন।

  • শস্য চুক্তি নবায়ন নিয়ে তিন দেশের সঙ্গে বসছেন জাতিসংঘ মহাসচিব

    শস্য চুক্তি নবায়ন নিয়ে তিন দেশের সঙ্গে বসছেন জাতিসংঘ মহাসচিব

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: বিশ্বব্যাপি চলছে খাদ্য মন্দা।সেই সঙ্গে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। এই সমস্যার সমাধান জাতিসংঘ এগিয়ে এসেছে।

    এই লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শস্য চুক্তি নবায়ন করা নিয়ে আলোচনা করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনকালে ব্যক্তিগত সাক্ষাতকালে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

    তিনি এক সংবাদ সম্মেলনে প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাথে আমার সাক্ষাত হতে যাচ্ছে।’

    এক্ষেত্রে গুতেরেস উল্লেখ করেন যে তিনি রাশিয়ান ফেডারেশন, ইউক্রেন এবং তুরস্কের প্রতিনিধির সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন । তবে তাদেরকে একত্রিত করার তার কোন পরিকল্পনা নেই।

    তিনি আরো বলেন, ‘আমি কৃষ্ণ সাগর সংক্রান্ত উদ্যোগ, ইউক্রেনের খাদপণ্য রপ্তানি এবং রাশিয়ার সার ও খাদ্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকার মধ্যেই বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি।’

    জাতিংঘ সাধারণ পরিষদের অধিবেশন ১৯-২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

    গত ১৭ জুলাই রাশিয়া শস্য চুক্তিতে তাদের অংশগ্রহণ অব্যাহত রাখতে অস্বীকার করে। এক বছর আগে করা এ চুক্তি কৃষ্ণ সাগরজুড়ে ইউক্রেনে উৎপাদিত শস্যের নিরাপদ রপ্তানি নিশ্চিত করেছিল।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এ চুক্তির আওতায় রাশিয়ার শস্য ও সার বিশ্ব বাজারে রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কোন শর্তই পূরণ করা হয়নি।  ফলে তারা এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

    সূত্র: বাসস

  • খেলা পরিত্যক্ত হলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা

    খেলা পরিত্যক্ত হলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত খেলাগুলেঅ বৃষ্টি যেন কাল হয়ে দাড়িয়েছে। কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়ামে নিদিষ্ট সময়ে খেলা শুরুর সম্ভবানা নেই। কেননা বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটার পরও পিচে কাভার ছিলো। মাঠ ভেজা। টস হয়নি। বেইছে বাতাস। যদি বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হয় তাহলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। আর যদি খেলা হয় তাহলে যে দল জিতবে সেই দল ফাইনালে খেলবে। তবে শ্রীলঙ্কার যেহেতু দেশের মাটিতে খেলা তাই তারাই শক্তির বিচারে এগিয়ে আছে। অপর দিকে পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়ার ইনজুরিতে রয়েছে। তাই দলে পাঁচটি পরিবর্তণ নিয়ে দল গুছিয়েছে পাকিস্তান। অপর দিকে শ্রীলঙ্কা দলগত ভাবে তিন বিভাগে শক্তিশালী। ভারতের মত শক্তিশালী ব্যাটিং লাইন যেন ঠিকমত দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার বোলারদের সামনে। মাত্র ২১৩ রানে আউট হয়ে যায় ভারত দল। যদিও ভারত জিতে ম্যাচটিতে তার পরেও ম্যাচে শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে দারুণ বোলিং করে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৩২ রানে অপরাজিত থাকে। ফলে ম্যাচসেরা হয়েছে এই তরুণ স্পিনার।

    কাই ফাইনালে যেতে হলে জিততেই হবে পাকিস্তানকে। । পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের কথা মাথায় রেখে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে প্রথম দলের ৫জন ক্রিকেটারকে বাদ দিয়েই একাদশ গঠন করেছে পাকিস্তান।

    এমনিতেই একটি পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। পেসার নাসিম শাহ ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে ২২ বছর বয়সী পেসার জামান খানকে। নাসিম শাহের পরিবর্তিত একজনকে একাদশে নিতেই হতো। সে হিসেবে জামান খানের অভিষেকটাও হয়ে যাচ্ছে আজ।

    হারিস রউফের অবস্থাও প্রায় একই। ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজয়ের দিন পাকিস্তান নাসিম শাহ এবং হারিস রউফকে হারিয়েছে। তারা পড়েছে ইনজুরিতে। এ কারণে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নতুন দুই পেসার খেলবেন মোহাম্মদ ওয়াসিম এবং জামান খান।

    ওপেনার ফাখর জামান এবার রয়েছেন পুরোপুরি অফ-ফর্মে। তাকে বিশ্রাম দিয়ে আজ একাদশে নেয়া হচ্ছে মোহাম্মদ হারিসকে। এছাড়া মিডল অর্ডারে আগা সালমানও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার পরিবর্তে সুযোগ দেয়া হচ্ছে সউদ শাকিলকে। এছাড়া দলে ফিরে আসছেন মোহাম্মদ নওয়াজ। ফাহিম আশরাফের পরিবর্তে অলরাউন্ডারের কোটায় খেলবেন তিনি।

    এবারের এশিয়া কাপে প্রতিটি ম্যাচ শুরুর আগেরদিনই একাদশ জানিয়ে দিচ্ছিলো পাকিস্তান। সে ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষেও গুরুত্বপূর্ন এই ম্যাচের একাদশ জানালো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

    আজ যে একাদশ খেলবে পাকিস্তানের

    মোহাম্মদ হারিস, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং জামান খান।

    দেখার বিষয় ম্যাচটি কত ওভার হয়।এবং কে যাবে ফাইনারে। তবে সব দিক দিয়ে এগিয়ে আছে শীলঙ্কা।

  • বাংলাদেশ ৩ বিলিয়ন মানুষের বাজার পেতে আগ্রহী: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ ৩ বিলিয়ন মানুষের বাজার পেতে আগ্রহী: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ সেপ্টেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দু’দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট ফোরাম-২০২৩’ এর জমকালো উদ্ভোধনকালে প্রধান অতিথির ভাষণে জানিয়েছেন, বাংলাদেশে অন্যান্য দেশের সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এই অঞ্চলের ৩ বিলিয়ন মানুষের বাজার পেতে আগ্রহী।

    তিনি বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রায় ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে। এছাড়া, আমাদের রয়েছে ১৭ কোটি মানুষ। যার বৃহৎ অংশ যুবসমাজ।’

    প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের স্বচ্ছল জনগোষ্ঠির সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে তিন কোটি। ফলে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ।

    সরকার প্রধান বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশসহ অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশেরগুলোর সঙ্গে আমরা দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চাই। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।’

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের প্রায় ৭০ শতাংশই আসে পুনঃবিনিয়োগ থেকে। এ থেকে প্রমাণ হয় বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিদ্যমান।

    তিনি বলেন, আমি মনে করি যে, দু’দিনব্যাপী এই ফোরামে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অর্জন ও গতিশীল শিল্প খাতের সম্ভাবনাসমূহ তুলে ধরা এবং প্রতিশ্রুতিশীল দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘ মেয়াদি সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বিকাশের লক্ষ্য আরও প্রসারিত হবে।

    প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা বিভিন্ন দেশের সঙ্গে প্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছি, যা ভবিষ্যতে বাংলাদেশে নতুন বিনিয়োগ করার পরিবেশকে আরও সহজ করে তুলবে।’

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কমনওয়েলথের বিজনেস-টু-বিজনেস (বিটুবি) কানেকটিভিটি ক্লাস্টার এর লিড কান্ট্রি হিসেবে নেতৃত্ব প্রদান করছে এবং আন্তঃকমনওয়েলথ বাণিজ্য লক্ষ্যমাত্রা ২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্জনে কমনওয়েলথ ও সদস্য রাষ্ট্রসমূহের সঙ্গে একযোগে কাজ করছে। এছাড়াও, বাণিজ্য সহজীকরণের লক্ষে কমনওয়েলথ সদস্য রাষ্ট্রসমূহকে কাগজবিহীন (পেপারলেস) বাণিজ্য সুবিধা সংক্রান্ত আইনি কাঠামো প্রণয়ণে সহায়তা প্রদানের জন্য ‘লিগ্যাল রিফর্ম এন্ড ডিজিটাইজেশন ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

    সরকার প্রদান বলেন, আমাদের প্রয়োজন অধিকতর টেকসই বিনিয়োগ। বিনিয়োগ বিকাশের পূর্বশর্ত হিসেবে আমার সরকার যে কার্যক্রমগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করেছে, তা হলো সাংগঠনিক সংস্কার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ গঠন, বিনিয়োগকারীদের জন্য আকষর্ণীয় সুযোগ সুবিধা প্রদান এবং বিনিয়োগ পরবর্তী সেবা নিশ্চিতকরণ।

    তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রায় সকল খাতই উন্মুক্ত। তবে এর মধ্যে কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া ও চামড়াজাত পণ্য প্রস্তুত, চিকিৎসা উপকরণ, গাড়ি ও জাহাজ নির্মাণ, তথ্য প্রযুক্তিসহ অনেক খাতে অধিক বিনিয়োগ করা যেতে পারে।

    তিনি বলেন ‘এ সকল খাতে আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা প্রদানের পাশাপাশি ব্যবসা হতে উদ্ভুত লাভ/ডিভিডেন্ড নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার প্রক্রিয়া সহজতর করা হয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের কাছে সরকারের বিভিন্ন সংস্থার সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বিডা অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে ২৬টি সংস্থার ৭৮টি সেবা একটি প্ল্যাটফর্ম থেকে দেওয়া হচ্ছে।

    ‘বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে অবকাঠামো উন্নয়ন,’ উল্লেখ করে সরকার প্রধান বলেন, এজন্য আমরা সমগ্র দেশে ১’শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ১০৯টি হাইটেক পার্ক এবং সফটওয়ার প্রযুক্তি পার্ক এবং আইটি প্রশিক্ষণ এবং ইনকিউবিউশন সেন্টার স্থাপন করছি। যেখানে বৈদেশিক বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।

    এ সম্পর্কে তিনি আরও বলেন, আমাদের সড়ক, রেল এবং আকাশপথে যোগাযোগ উন্নত হচ্ছে। দেশের প্রায় সকল মহাসড়ক চার বা তদুর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে বা হচ্ছে। পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা সরাসরি রাজধানী ঢাকা এবং দেশের অন্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত হয়েছে। পদ্মা সেতু দিয়ে শিগগিরই ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্থাপিত হবে যা মোংলা বন্দর পর্যন্ত সম্প্রসারিত হবে। পাশাপাশি চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার প্রথম টানেল চালু হবে শিগরিরই। চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজারে রেললাইন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান তিনি।

    তিনি বলেন, ঢাকায় গত বছর মেট্রোরেলের একাংশ এবং কয়েকদিন আগে দেশের প্রথম এলিভেটেট এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করা হয়েছে। আগামি কয়েক মাসের মধ্যে এসব অবকাঠামোর পুরো অংশ চালু হলে ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। ট্রাফিক জ্যামে আর কাউকে বসে থাকতে হবে না।

    কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি), বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেডআই ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউইআইসি চেয়ারম্যান লর্ড মারল্যান্ড ।

    প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং স্ট্র্যাটেজিক এডভাইজার অব কমনওয়েলথ কান্ট্রিস অ্যান্ড বিয়ন্ড জিল্লুর হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    অনুষ্ঠানে, টেকসই, পরিবেশবান্ধব বিনিয়োগ প্রচারের লক্ষে ২০২২ সালে প্রবর্তিত দ্বিতীয় ‘কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

    উগান্ডার ‘ইকো ব্রিকস’ এই পুরস্কারটি জিতে নেয়। ইকো ব্রিকসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, টেকসই পরিবেশবান্ধব বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার ও কমনওয়েলথের যৌথ উদ্যোগে ২০২২ সাল থেকে প্রদান করা হচ্ছে ‘কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রীন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড।’

    কমনওয়েলথভুক্ত দেশগুলোতে পরিবেশবান্ধব বিনিয়োগ নিশ্চিত করতে এই পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানুষকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

    শুরুতেই বাংলাদেশে কমনওয়েলথ ব্যবসা এবং সুযোগ নিয়ে একটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র দেখানো হয়।

    দুই দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা ১২টিরও বেশি সেশনে অংশ নিচ্ছেন।

    কমনওয়েলথ হল ৫৬টি দেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা সাধারণ মূল্যবোধ দ্বারা একত্রিত এবং বিশ্বের জনসংখ্যার এক তৃতীয়াংশের আবাসস্থল। বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের ৩৪তম সদস্য হিসেবে যোগদান করে।

    প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, গত প্রায় ১৫ বছরে দারিদ্র্যের হার ৪১.৫ থেকে ১৮.৬ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৫৯ বছরে থেকে ৭৩ বছরে উন্নীত হয়েছে। খাদ্য ও পুষ্টির জোগান আমরা দিতে সক্ষম হয়েছি। এমনকি চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। এই সময়ে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৭৬৫ মার্কিন ডলার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যদিও কিছুটা হ্রাস পেয়েছে। কারণ, আমরা এই মাথাপিছু আয় ২,৮২৫ মার্কিন ডলারে তুলতে পেরেছিলাম। তবে, আমরা আরো উন্নতি করতে পারবো, সে বিশ্বাস আমার আছে।

    প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে জিডিপি’র পরিমাণ ছিল মাত্র ৬০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে (২০২২ পর্যন্ত) তা পৌণে আট গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এমনকি করোনা মহামারির সময় যখন বহু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক, তখনও আমাদের প্রবৃদ্ধির হার ছিল ৩.৫১ শতাংশ। যা আমাদের অর্থনীতির স্থিতিস্থাপকতারই প্রমাণ বহন করে। ’

    সরকার প্রধান বলেন, পাশাপাশি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। চাল, সবজি, ফল, মাছ, মাংস এবং ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশেগুলোর একটি।

    প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্য অর্জনের পর আমরা কাজ করছি ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের। স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গড়ে তোলার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

    দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের সেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন খন্ডচিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক উন্নত স্মার্ট দেশে এবং ২১০০ সালের মধ্যে টেকসই বদ্বীপে পরিণত হওয়ার। সে লক্ষে আমরা এগেয় যাচ্ছি।

    সূত্র : বাসস

  • বাংলাদেশের কূটনৈতিক সফলতা নিয়ে বিএনপি অপপ্রচারে লিপ্ত: সেতুমন্ত্রী

    বাংলাদেশের কূটনৈতিক সফলতা নিয়ে বিএনপি অপপ্রচারে লিপ্ত: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৩ সেপ্টেম্বর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ঐতিহাসিক বাংলাদেশ সফর, ব্রিকস সম্মেলন এবং জি-২০ সম্মেলনে বাংলাদেশের অসাধারণ কূটনৈতিক সফলতা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।

    আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্লজ্জ মিথ্যাচার এবং বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘মিলিয়ন-বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশের বিরুদ্ধে লাগাতার কুৎসা ও মিথ্যাচারের মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশকে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার এক গভীর ষড়যন্ত্র চালিয়ে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশলতার কারণে বিএনপির সে চক্রান্ত ব্যর্থতা হওয়ায় এখন তাদের গাত্রদাহ হচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন এবং ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও মর্যাদা বয়ে এনেছেন। এ সম্মেলনগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরব উপস্থিতি বিশ্বনেতৃবৃন্দের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। যার মধ্য দিয়ে বিশ্বসভায় সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মর্যাদাপূর্ণ অবস্থান এবং সুদক্ষ নেতৃত্বের স্বীকৃতি প্রতীয়মান হয়েছে।’

    তিনি বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ শক্তিধর দেশের রাষ্ট্রনায়করা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ এবং অসাধারণ অগ্রগতি ও সাফল্য অর্জিত হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বনেতৃবৃন্দ যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুপ্রসারিত করছে, ঠিক তখন বিএনপি-জামায়াত অপশক্তি দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে তারই প্রতিফলন ঘটেছে।’

    তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় সততা, নিষ্ঠা, দক্ষতা ও কর্মপরিকল্পনায় বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। একের পর এক বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সফলভাবে বাস্তবায়িত সব মেগাপ্রকল্পের সুবিধা ভোগ করছে জনগণ। জনগণের স্বপ্নের এসব প্রকল্পেও বিএনপির গাত্রদাহ!

    বিএনপি জাতিকে বিভ্রান্ত করতে উন্নয়ন প্রকল্প নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিকৃত তথ্য উপস্থাপন করছে। দেশবাসী ভুলে যায়নি, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন টাইমসে দেশবিরোধী কলাম লিখে পদ্মাসেতু প্রকল্পের বিরুদ্ধে মিথ্যাচার করেছিল। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিল অথচ তখন তারা উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। বরং দুর্নীতি ও লুটপাটতন্ত্র কায়েম করেছিল।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সময় ২০০৫-০৬ অর্থবছরে বাজেটের আকার ছিল মাত্র ৬১ হাজার ৫ কোটি টাকা। আর সেখানে ২০২৩-২৪ অর্থবছরে বাজাটের পরিমাণ ৭ লাখ ৬৯ হাজার ৭৮৫ কোটি টাকা। তাদের সময় যেসব প্রকল্প কল্পনারও বাইরে ছিল শেখ হাসিনা সেসব প্রকল্প বাস্তবায়ন করে দেখিয়েছেন। বঙ্গবন্ধুকন্যার সততা, নিষ্ঠা ও সুশাসনের কারণেই এ সাফল্য অর্জিত হয়েছে।’

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধশালী কল্যাণকর ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আপামর জনগণ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় আজ ঐক্যবদ্ধ। বিএনপি-জামায়াত অপশক্তির কোনো ষড়যন্ত্রই বাঙালি জাতির এই স্বপ্নযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

  • প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

    প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ সেপ্টেম্বর, ২০২৩: শিক্ষক স্বল্পতার স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন ‘শুধু পাহাড় নয় হাওর, চরসহ প্রায় সব এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে, এটা বাস্তবতা। আর সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক-স্বল্পতা দূর করতে কাজ করছি।’

    আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটি শুধু দেশে নয়, সারাবিশ্বের সবাই জানে। অতি সম্প্রতি জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত হয়েছেন।

    শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ যে আদর্শের ভিত্তিতে তৈরি হয়েছে সেখানে কোনো বৈষম্য, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থাকবে না। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। আমাদের কাজ অব্যাহত থাকবে। সামনে নির্বাচন, আমরা নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। জনগণের রায়ে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জনগণ আবারও আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দেবে।

    তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কাছ থেকে আমি অভূতপূর্ব সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বড় কথা মাননীয় প্রধানমন্ত্রী যা কথা দেন সেই কথা তিনি রাখেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান নাজিম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।