জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী - জাতীয় - ১০ সেপ্টেম্বর ২০২৩
দেশে ফিরছেন প্রধানমন্ত্রী - জাতীয় - ১০ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১০ সেপ্টেম্বর, ২০২৩: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভার‌তের বা‌ণিজ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) ৩টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি।

এর আগে, ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছেন, এখানে তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

সফরকালে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়।

তিনটি সমঝোতা স্মারক হল: ‘কৃষি গবেষণায় সহযোগিতা, ‘সাংস্কৃতিক বিনিময়’ এবং ‘দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজিকরণ’।

৯ সেপ্টেম্বর জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ’ এর অধীনে পৃথক দুটি ভাষণ দেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে এবার মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ মোট নয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।

১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

পূর্ববর্তী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে
পরবর্তী একটি মিশন চলাকালে পানামার হেলিকপ্টার নিখোঁজ