www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (১৫ নভেম্বর) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, বিকেল ৫টায় কমিশনের ২৬তম কমিশন অনুষ্ঠিত হবে। কমিশনের সভা শেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অংশীজনের সাথে সভা করে একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতা অনুযায়ী আজ দ্বাদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ তফসিল দেওয়া হবে। এটি টেলিভিশন ও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
কমিশনের চারপাশে নিরাপত্তা প্রসঙ্গে ইসি সচিব বলেন, এ বিষয়টি দেখবে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। আমরা তাদের অনুরোধ রেখেছি। তারা কী পরিকল্পনা নিয়েছে সেটি তারাই বলতে পারবে।
জাহাংগীর আলম বলেন, আমরা বারবার বলছি নির্বাচন কমিশন মনে করে তফসিল ঘোষণার পরিবেশ আছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র হচ্ছে ৪২ হাজার ১০৩টি। এক্ষেত্রে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। বাড়বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্য সংখ্যাও। এবার ভোটের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪৪ কোটি টাকা।
www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন সংলাপের সুযোগ নেই।
আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন পিটার হাস।
ওবায়দুল কাদের বলেন, কোনো রাজনৈতিক দল, যারা গণতান্ত্রিক চর্চার প্র্যাকটিস করে তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলতে চাই।
সেতুমন্ত্রী বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।
www.HelloBangla.News – বিনোদন – ১৫ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর প্রদান করেছেন। তিনি গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ২৭টি বিভাগে বিজয়ী শিল্পী ও কলা কুশলীদের মাঝে এই পুরস্কার প্রদান করেন।
জাতির পিতার ছোট কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এরআগে গত ৩১ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
বীর মুক্তিযোদ্ধা এবং ‘ওরা ১১ জন’ খ্যাত বিশিষ্ট অভিনেতা কামরুল আলম খান খসরু এবং বিশিষ্ট অভিনেত্রী রওশন আরা রোজিনা, যিনি ‘রোজিনা’ নামে পরিচিত, চলচ্চিত্র শিল্পে তাদের অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী – বিনোদন – ১৫ – নভেম্বর ২০২৩ (খ)_1
সৈয়দা রুবাইয়াত হোসেন তার ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
মুহাম্মদ কাইয়ুম প্রযোজিত ‘কুড়া পক্ষীর শুন্যে উড়া’ ও মোহাম্মদ তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’ যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে।
চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ চলচ্চিত্রে তার প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন, আর যৌথভাবে জয়া আহসান ‘দ্য বিউটি সার্কাস’ এবং রিকিতা নন্দিনী শিমু ‘শিমু’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার ২০২২ পেয়েছেন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী এবং শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলী অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের বৃত্তান্ত তুলে পৃথক ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে পার্শ্ব চরিত্রে ‘পরাণ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মো. নাসির উদ্দিন খান এবং আফসানা মিমি ‘পাপ পুণ্য’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
শুভাশিস ভৌমিক ‘দেশান্তর’ ছবির জন্য নেতিবাচক চরিত্রে (খল চরিত্র) সেরা অভিনেতার পুরস্কার পান। ‘রোহিঙ্গা’ ও ‘বীরত্ব’ চলচ্চিত্রের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া।
‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের একটি গানের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন রিপন খান (মাহমুদুল ইসলাম খান)।
‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের ‘এ মন ভিজে যায়’ গানের জন্য যৌথভাবে বাপ্পা মজুমদার এবং ‘হৃদিতা’ চলচ্চিত্রের ঠিকানা বিহীন তোমাকে গানের জন্য চন্দন সিনহা সেরা গায়কের পুরস্কার পেয়েছেন।
‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের ‘এই শহরের পথে পথে’ গানের জন্য সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন আতিয়া আক্তার আনিসা।
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর জন্য প্রযোজক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া এবং শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘ঘরে ফেরা’ এর জন্য প্রযোজক এস এম কামরুল আহসান পুরস্কার পেয়েছেন।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ কাহিনীকার ফরিদুর রেজা সাগর ও খোরশেদ আলম খসরু, ‘পরাণ’ চলচ্চিত্রের জন্য রবিউল ইসলাম জীবন শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (পায়ের ছাপ), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ কাইয়ুম, এস এ হক অলিক (সংলাপ), মো. সাইফুল ইমাম (শ্রেষ্ঠ কৌতুক চরিত্র) সুজন মাহমুদ (সম্পাদক), হিমাদ্রি বড়ুয়া (সেরা শিল্প নির্দেশনা), রিপন নাথ (শব্দগ্রাহক), তানসিনা শাওন (পোশাক ও সাজ-সজ্জা) এবং মো. খোকন মোল্লা (মেকআপ ম্যান) এবং ফারজিনা আক্তার (সেরা শিশু শিল্পী বিশেষ বিভাগ) পুরস্কার পেয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার। আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী রোজিনা অনুষ্ঠানে নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন।
www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ নভেম্বর, ২০২৩: আজ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে খেলছে ভারত ও নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে ভারত সব কয়টি ম্যাচ জিতে অপরাজিত আছে। সেমিফাইনালে খেলা চার দলের মধ্যে চতুর্থ দল হিসেবে খেলছে নিউজিল্যান্ড। এবারের দলিয় শক্তির বিচারে ভারত অনেক শক্তিশালী দল।কিন্তু পরিসংখ্যান বলছে এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের রেকর্ড ভাল নয়। মোট সাত বার তারা উঠেছে শেষ চারে। কিন্তু সেই ধাপ পেরিয়ে ফাইনালে উঠেছে মাত্র তিন বার।গতবারের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। তবে এবার দেশের মাটিতে ভারতের সেই চিত্রের পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনা বেশি।
ম্যাচটি মাঠে গড়ানোর আগে থেকেই শুরু হয়েছে পিচ বিতর্ক। ইতোমধ্যে আগেই নির্ধারিত পিচ পরিবর্তন করে ভারতকে সুবিধা দিতে আলাদা ২২ গজ বাছাইয়ের অভিযোগ তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। এছাড়া ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও আরেক প্রতিবেদনে জোর করে রোহিত শর্মারা ওই পিচের ঘাস কাটিয়েছেন বলে জানিয়েছে। যেখানে পিচ মন্থর হয়ে বাড়তি সুবিধা করে দিতে পারে স্পিনারদের।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। নিউজিল্যান্ডও আগে ব্যাট করতে চেয়েছিল বলে জানান অধিনায়ক কেইন উইলিয়ামসন।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
www.HelloBangla.News – প্রযুক্তি – ১৫ নভেম্বর, ২০২৩: বেশ কয়েক দিন ধরেই ঢাকা শহরের আবহাওয়া ‘অস্বাস্থ্যকর’। সেই দূষণের ধারা আজও অব্যাহত রয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৭৬। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ সকাল সোয়া ১০টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। শহর দুটির স্কোর যথাক্রমে ২৭৭ ও ২৫১।
একই সময়ে বিশ্বের মধ্যে সবচেয়ে নির্মল বাতাস ছিল নরওয়ের অসলোতে। সোয়া ১০টার দিকে অসলোর স্কোর ছিল ৬।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১১ গুণের বেশি।
আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন, সেটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।
বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ নভেম্বর, ২০২৩: ট্যাংক ও বুলডোজার নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু পর পরই বুধবার (১৫ নভেম্বর) বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস।
হাসপাতালটির চারপাশে নির্বিচারে বোমা বর্ষণ করা হচ্ছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ওই এলাকা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হাসপাতালে সুনির্দিষ্ট ও বিশেষ এলাকাগুলোয় হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। আল-শিফা হাসপাতালের চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি বলেন, ইসরায়েলি অভিযানের কারণে হাসপাতালটিতে ৬শ’ ৫০ জন রোগী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১শ’ জনের অবস্থা সংকটজনক।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানকে ‘মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনের ওয়াফা সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালটিতে অসহায় রোগীরা আছেন। সেই সঙ্গে আছেন চিকিৎসাকর্মীরা। হাসপাতালে অভিযান চালিয়ে ইসরায়েল মানবতার বিরুদ্ধে চরম অপরাধ করেছে।
গাজার বৃহত্তম এই হাসপাতাল ও এর আশপাশে রোগী ও চিকিৎসাকর্মীসহ হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাঁদের সবার জীবন এখন ঝুঁকির মুখে।
আল-শিফায় ইসরায়েলি অভিযানকে ‘একটি প্রকাশ্য চক্রান্ত ও শিশুসুলভ রাজনৈতিক সিদ্ধান্ত” হিসাবে আখ্যা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশেক।
তিনি জোর দিয়ে বলেছেন, হাসপাতালটি রোগী, বেসামরিক নাগরিক ও বাস্তুচ্যুতদের আবাসন ও চিকিৎসাকেন্দ্র। কোনো সামরিক ঘাঁটি নয়।
একটি ভিডিও বার্তায় আল-রিশেক বলেছেন, আল-শিফায় অভিযানকে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের বিজয় হিসেবে চিহ্নিত করছে কিন্তু এটি তাদের আপাতত অর্জন। মূলত তারা তাদের পরাজয়ের গভীরতার দিকে নিয়ে যাচ্ছে।
www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের শ্রম অধিকার বিষয়ক প্রতিনিধি দল তিন সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন।বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে কথা হবে উক্ত বৈঠকে।
আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রতিনিধি দল তাদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকে অংশ নেওয়া তিন সচিবের মধ্যে রয়েছেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহী। ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন। তারা ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করছেন।
www.HelloBangla.News – অর্থনীতি – ১৫ নভেম্বর, ২০২৩: বেশ কয়েক মাস ধরে দেশের বাজারে ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তাই সরকার গত দেড় মাসে কয়েক দফায় ২৫ কোটি ডিম আমদানির অনুমতি প্রদান করে। এর মধ্যে ৬২ হাজার ডিম দেশে পৌঁছেছে। সরকারের ডিম আমদানির এই পদক্ষেপের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে খুচরা বাজারে উল্লেখযোগ্যভাবে পড়েছে। কয়েকদিন আগের ১৫ টাকার ডিম এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম প্রতি ৫ টাকা দাম কমায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী, গত দুই দিনি ধরে রাজধানীর বাজারগুলোতে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৪০ টাকায় বিক্রি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে বলেন,‘ ডিম আমদানি করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য হলো ডিমের দাম কমানো। আমরা সেখানে সফল হয়েছি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে এখন ডিম বিক্রি হচ্ছে।’
গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি ফার্মের ডিমের সর্বোচ্চ খুচরা দর ১২ টাকা বেঁধে দেয়ার তিন দিন পর গত ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেয়া শুরু করে মন্ত্রণালয়। এখন পর্যন্ত ২৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়।
শুধুমাত্র ডিম নয়, আলু, তেল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানোর মাধ্যমে বাজার স্থিতিশীল বা দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে।
www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলায় দুল দল মিলে রান করেছে ৭২৪। এই ম্যাচে ৭০ রানের জয় পেয়েছে ভারত। ফলে এবারের বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেলো ভারত। ম্যাচটিতে অনেক রেকর্ডের গাড়াগড়ি। ম্যাচে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জোড়া রেকর্ড ভেঙে ম্যাচটি নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছেন শ্রেয়াস আইয়ারও।বোলিং করতে এসে শামি পেয়েছেন ৭ উইকেট।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বুধবার (১৫ নভেম্বর) আসরের প্রথম সেমিফাইনালে কিউইদের ৭০ রানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে কোহলি ও আইয়ারের সেঞ্চুরিতে ভর করে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৩২৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি কিউইরা। দলীয় ৩৯ রানেই দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের উইকেট হারিয়ে বসে তারা। দুজনেই ব্যক্তিগত ১৩ রান করে বিদায় নেন শামির শিকার হয়ে। তবে এরপর তৃতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল প্রতিরোধ গড়েছিলেন। ১৮১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে খেলায় রাখেন এই দুই ব্যাটার।
এই জুটি ভাঙতে যখন হিমশিম খাচ্ছিলেন ভারতীয় বোলাররা, তখন ত্রাতা হয়ে আসেন শামি। উইলিয়ামসনকে (৬৯) ফিরিয়ে জুটি ভাঙার পর টম লাথ্যামকে (০) ফেরান খালি হাতে। আর তাতেই বিশ্বকাপে দ্রুততম সময়ে ৫০তম উইকেটের দেখা পেয়ে যান তিনি। মাত্র ১৭ ইনিংসে ৫০ উইকেটের মালিক হয়েছেন তিনি। এর আগে ১৯ ইনিংসে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে রেকর্ডের মালিক হয়েছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। একইসঙ্গে স্টার্ককে পেছনে ফেলে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশিবার (৪) পাঁচ উইকেট তুলে নেওয়ার কীর্তিও গড়েছেন শামি।
একদিকে শামির বলে টপাটপ উইকেট পড়ছিল, অন্যদিকে একপ্রান্তে লড়াই জারি রেখে সেঞ্চুরি তুলে নেন কিউই ব্যাটার ডেরিল মিচেল। এরপরও দলকে ম্যাচে রেখেছিলেন মিচেল, কিন্তু অন্য প্রান্ত থেকে সহায়তা পাননি তিনি। যা একটু চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপস (৪১)। কিন্তু তাকে ফিরিয়ে জুটি ভাঙেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। ৪৫তম ওভারে এসে মিচেলকে (১৩৪) বিদায় করে বাকি কাজ সেরে নেন শামি। এরপর ৪৯তম ওভারে আর ২ উইকেট তুলে নিয়ে গুঁটিয়ে দেন কিউইদের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের উড়ন্ত শুরুর পর রোহিত যখন ফিফটির তিন রান দূরে, ঠিক তখনই বিদায় নিতে হয় তাকে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে টিম সাউথির স্লোয়ার উড়িয়ে মারেন ভারতীয় অধিনায়ক। মিড অফে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন কেন উইলিয়ামসন। ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে নেন বিদায়।
রোহিতের বিদায়ের পর দলকে টেনেছেন শুভমান গিল। সেঞ্চুরির পথে এগোলেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে পারলেন না, ছাড়তে হয়েছে মাঠ। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে নিজের ৬৫ বলে ৭৯ ইনিংসটি সাজান ৮ চার ও ৩ ছক্কায়। তবে লড়াই চালিয়ে যান কোহলি। ৫৯ বলে তুলে নেন ৭২তম ওয়ানডে ফিফটি, বিশ্বকাপের নকআউট পর্বে যেটি প্রথম।
৮০তম রান নেওয়ার সময় তিনি ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে। ২০০৩ সালের আসরে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি। এরপর ১০৬ বলে পান সেঞ্চুরির দেখা। একইসঙ্গে শচীনকে তিনি ছাড়িয়ে যান আবারও। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০টি শতক এখন কেবল তার দখলে।
১২৮ বলে ১৬৩ রানের জুটি গড়ার পর সাউথির বল উড়িয়ে মারতে গিয়ে বিদায় নেন কোহলি। ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলে তিনি ফেরেন সাজঘরে। তবে লড়াই চালিয়ে যান শ্রেয়াস। মাত্র ৩৫ বলে প্রথম ফিফটি ছুঁয়ে পরের ফিফটি পূর্ণ করেন ৩২ বলে। সেঞ্চুরি হাঁকানোর পর আর ৫ রান যোগ করে তিনি বিদায় নেন বোল্টের বলে।
শেষদিকে আবারও ব্যাট করতে নেমেন ইনজুরিতে মাঠ ছাড়া গিল। তবে এই যাত্রায় তার ব্যাট থেকে আসে কেবল এক রান। আর লোকেশ রাহুলের ২০ বলে ৩৯ রানের ক্যামিওতে বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা।
www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । তিনি বলেন, ‘কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, আমরা তা করতে দেব না। কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং কেউ সৃষ্টির চেষ্টা করলে তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্বাচনে অংশ নেব এবং জনগণের রায়ে আমরা বিশ্বাস করি।’
আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিন এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল।
নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশিরা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই বলেন। তবে জনগণ কী বলে সেটাই আসল কথা।’
তিনি বলেন,‘তাদের (বিদেশিদের) কথা যুক্তিসঙ্গত ও বাস্তবতার সাথে মিল না থাকলে আমরা শুনবো না। তিনি আরো বলেন, দেশের জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারী সম্পত্তি ধ্বংস করেছে এবং ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৫৪টি গাড়িতে আগুন দিয়েছে। আমরা অগ্নি সন্ত্রাস দেখতে চাইনা।’
তিনি আরো বলেন, ‘আমরা কোনো সহিংসতা দেখতে চাই না। জনসাধারণের জান-মাল রক্ষার দায়িত্ব সরকারের। আমরা মানুষ হত্যার সুযোগ দেব না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি বড় দল কিন্তু তাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।’
বাংলাদেশের মানবাধিকার বিষেয়ে ড. মোমেন বলেন, ‘যারা বাংলাদেশের মানবাধিকারের সমালোচনা করছেন তারা আসলে ঘুমিয়ে আছেন এবং তারা গাজার বর্বরতার কথা বলেন না।’