তামিম বিষয়ে কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি

কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি - খেলাধুলা - ২৭ নভেম্বর ২০২৩
কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি - খেলাধুলা - ২৭ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ নভেম্বর, ২০২৩: তামিম ইকবালকে নিয়ে অনেক নাটক হয়েছে বিশ্বকাপের আগে। অবসরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আবার ফিরেন খেলায়। শেষ পর্যন্ত নানা বিতর্কের পর বিশ্বকাপ ক্রিকেটে খেলা হয়নি তামিমের। এবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের নাম পত্যাহার করেছেন। আগামীকাল থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে আজ বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। যদিও তামিমের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বিপিএলের পর সব সিদ্ধান্ত নেবেন বলে জানান বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘তামিম দুই-তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে শেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না। কারণ সময় খুব অল্প। ’

‘আমি ওকে ওই কথাই বলেছি যেটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি। এবার আমি বোর্ডে আসতে চাইনি, অনেকেই বলে কেন, চাপ আছে কি না। আমি তখন বলেছি যে না। দুটো কারণ- একটা হচ্ছে আমার সময় নাই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। ওখানেই কিন্তু ইঙ্গিতটা ছিল। ’

তামিমের ভবিষ্যৎ নিয়ে পাপন বলেন, ‘তামিম কিছু কথা বললো। এমন একটা সময় বলেছে যখন আমার হাতে একদম সময় নেই। এক মাস পর নির্বাচন আমার। আমি ওকে বলেছি নির্বাচন থেকে এলেই যে সব সমস্যা জানতো তা তো না। আমি কারো কথায় কিছু করবো না। আগে আমার নিজের জানতে হবে সমস্যাটা কোথায়। ’

নিজের শেষ সময়ে খানিক কঠোর হবেন, সেই আভাসও দিয়ে রেখেছেন বোর্ড সভাপতি, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। আমি জানিনা অনেক কিছু।  সেটা তামিমও স্বীকার করলো সে জানেনা। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে যেয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিব।

নিজের সিদ্ধান্তের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত নন পাপন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর কে পছন্দ করলো বা না করলো তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নিব।’

উল্লেখ্য, ২০২১ সালের ৭ই অক্টোবর চতুর্থ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। বোর্ড পরিচালকের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতো। নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। চতুর্থ মেয়াদে ২০২১ থেকে বোর্ড সভাপতির পদে আছেন তিনি।

পূর্ববর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত: সেতুমন্ত্রী