Author: Hello Bangla News

  • দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত

    দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ নভেম্বর, ২০২৩: বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন আজ বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন।

    মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘তিনটি মন্ত্রণালয় খালি হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়েছিল, সেখান পূর্ণ মন্ত্রী থাকায় কাউকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলে যাবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব চলে যাবে এখন যিনি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

    একইদিন প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা ড. মশিউর রহমান, তৌফিক-ইএলাহি চৌধুরী বীর বিক্রম ও ড. গওহর রিজভী পদত্যাগ করেছেন ও তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

  • সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড পিছিয়ে ৪৪ রানে

    সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড পিছিয়ে ৪৪ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ নভেম্বর, ২০২৩: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ৩১০ রান ও হাতে ১ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতে বাংলাদেশ মাত্র একটি বল খেলার সুযোগ পায়। আলআউট হয়ে যায় গতকালের ৩১০ রানেই।

    নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শুরু করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলোনা। ডেভন কনওয়ে ও টম লাথাম উদ্বোধনী ব্যাটম্যান হিসেবে খেলতে নেমে ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারায়। লাথাম আউট হয়ে যান ২১ রান করে। এর পর খেলতে নামেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাসটম্যান কেন উইলিয়ামসন। তিনি করেন ১০৪ রান। এই রানের সুবাদে নিউজিল্যান্ড প্রথম দিন খেলা শেষে নিউজিল্যান ৮ উইকেট হারিয়ে করেছে ২৬৬ রান। দলের পক্ষে মিচেল ও ফিলিপস করেন যাথাক্রমে ৪১ ও ৪২ রান। এখনও নিউজিল্যান্ড হাতে ২ উইকেট রেখে ৪৪ রানে পিছিয়ে আছে।

    বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম পেয়েছেন ৪ উইকেট । তাছাড়া শরিফুল, নাঈম হাসান, মিরাজ ও মোমিনুল পেয়েছেন ১ টি করে উইকেট।

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

    নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও আজাজ প্যাটেল।

  • শিল্পকলার বটতলায় সাধুমেলার ৫৫তম আসর অনুষ্ঠিত

    শিল্পকলার বটতলায় সাধুমেলার ৫৫তম আসর অনুষ্ঠিত

    www.HelloBangla.News – বিনোদন – ২৯ নভেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে ২৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যায় লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষ্যে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫৫তম আসর অনুষ্ঠিত হয়েছে। সাধুমেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও শিল্পীরা। বটতলার এ আয়োজনে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    আগতদের উদ্দেশ্যে তিনি বলেন ’এই বিশ্ব, বাউলদের চিন্তা-চেতনার, সাধনার ধারায় পরিবর্তিত হোক, শিল্প-সংস্কৃতির ক্ষমতায়ন ছাড়া এই বিশ্ব ভালোভাবে বাঁচতে পারবে না। কারণ অধিকাংশেরই পৃথিবীর প্রতি ভালোবাসা নাই। অধিকাংশই স্বার্থের জায়গায় চলে গেছে।’ মহাপরিচালক আরো বলেন, ‘বিশ্বের যেখানেই যেকোন হত্যাকান্ডে আমরা কষ্ট পাই, কিন্তু তার কোন প্রতিকার হয় না। এই বিশ্বকে নান্দনিক করতে, বাসযোগ্য করতে আমাদের দেশ থেকে আমরা ঘোষণা করবো- এই বিশ্বকে ধ্বংস করতে আমরা দিবো না, বরং বিশ্বকে নান্দনিক করতে বাংলাদেশ অনন্য ভুমিকা পালন করবে।’

    শিল্পকলায় সাধুমেলার ৫৫তম আসর - বিনোদন - ২৯ নভেম্বর ২০২৩ (খ)_1
    শিল্পকলায় সাধুমেলার ৫৫তম আসর – বিনোদন – ২৯ নভেম্বর ২০২৩ (খ)_1

    লিয়াকত আলী লাকী আরও বলেন- ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে প্রায় ৫০ হাজার শিল্পীকে একজায়গায় করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আজ শিল্পকলা একাডেমি নানা কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ নান্দনিক ও সৃজনশীল হবে সেই প্রত্যাশা করছি্’

    প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সাধুমেলায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালন গবেষক ড.সৈয়দ জাহিদ হোসেন।’

    অনুষ্ঠানের শুরুতেই বাউল গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী কুতুব উদ্দিন, উপমা আক্তার বৃষ্টি এবং মো: মাহাবুল ইসলাম। বিশিষ্ট শিল্পীদের গান পরিবেশনের পর শুরু হয় আলোচনা পর্ব। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের গান।

    পরে জেলার বিশিষ্ঠ শিল্পীবৃন্দ বলাই শাহ, জামাল উদ্দিন, টুনটুন ফকির, সমির হোসেন, বাউল রাজিব শাহ্ এবং মো: আরিফুল হক পরিবেশন করেন দলীয় গান ‘দয়াল চাঁদ এসে’। এছাড়াও গান পরিবেশন করেন সিনিয়র শিল্পী ওমর আলী, লাভলী শেখ, তাসলিমা আক্তার, বিদ্যুৎ শীল এবং মো: মানিক।

    সবশেষে পরিবেশিত হয় দলীয় সংগীত ‘মিলন হবে কতো দিনে’। দলীয় সংগীত পরিবেশন করেন নাবিয়া বিনতে মিতুল, ফারুক হোসেন, শ্রী কৃষ্ণ গোপাল, মোছা: লিমা খাতুন, মোসেলিম মিয়া, মো: জাহিদুল ইসলাম, ফাহিমা আহমেদ শিফা, আব্দুল মান্নান তালুকদার, রুমা আক্তার, মো: মিরাজ সিকদার, মো: ফারুক মিয়া, মোছা: মহিমা খাতুন, শাহ নেওয়াজ সজীব, রেজাউল করিম রেজা, আখি বেগম, মমতাজ বেগম, মো: মিজান, মিনারা হক, মো: আবু বকর সিদ্দিক, মো: নুরুল ইসলাম শেখ, মো: শাহেদ আলী, স্বর্না খান, সামসামু আলম টিটু, রুমানা ইয়াসমিন এবং প্রিয়া বিশ্বাস প্রমুখ

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ বিপ্লব।

  • মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিক নিহত

    মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিক নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ নভেম্বর, ২০২৩: মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

    আজ বুধবার (২৯ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এবং ফ্রি মালয়েশিয়া টুডে।

    খবরে আরও জানা যায়, গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাত পৌনে নয়টার দিকে ভবন ধসের এ ঘটনা ঘটে। পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ জানিয়েছেন, এখন পর্যন্ত উদ্ধারকারীরা আটকা পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন।  ধসের সময় ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন।

    উপ-পুলিশ প্রধান আরও জানিয়েছেন, প্রথমে প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম পড়ে যায়। এরপর আরো ১৪টি বিম ভেঙে পড়ে।

    মোহাম্মদ উসুফ বলেন, এখন পর্যন্ত তারা নিহত তিনজনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। গুরুতর আহত আরো দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, তাদের ধারণা ধসে পড়া কাঠামোর নিচে আরো চারজন এখনো আটকা আছে। এসব শ্রমিকরা সবাই বাংলাদেশি নাগরিক।

    পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের উপ-পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, ভবনের কাঠামোর ওজনের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত আছে।

  • ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়ছে

    ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ২ মাস বাড়ছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৯ নভেম্বর, ২০২৩: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর থেকে ২ মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি (২০২৪) পর্যন্ত করতে যাচ্ছে । এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার মেয়াদ ১৫ জানুয়ারি থেকে দেড় মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হচ্ছে।

    আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে সময় বাড়ানো হচ্ছে।

    চলতি নভেম্বর মাসজুড়ে চলছে আয়কর সেবা মাস, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২৭ নভেম্বর পর্যন্ত মোট ১৯ লাখ আয়কর রিটার্ন জমা হয়েছে। এ রিটার্নের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে চার হাজার ২০০ কোটি টাকা।

    হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমান দেশে টিআইএন নম্বরধারীর সংখ্যা প্রায় ৯৪ লাখ। এর মধ্যে গত ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। তার আগে ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। এ বছর ৩০ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেখানে ২৭ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে দুই-তৃতীয়াংশ।

  • ৩০ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ১২ জিম্মিকে ছেড়েছে হামাস

    ৩০ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ১২ জিম্মিকে ছেড়েছে হামাস

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ নভেম্বর, ২০২৩: হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি। অপর দিকে হামাস ১২ জিম্মিকে ছেড়েছে হামাস । ১২ মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১০ জন ইসরায়েলি এবং দুজন বিদেশি নাগরিক। পঞ্চম দফায় এই ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হলো।

    আজ বুধবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অধীনে ইসরায়েল মঙ্গলবার আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। আনাদোলু সংবাদদাতা জানিয়েছেন, মুক্ত পাওয়ার পর রেড ক্রসের একটি বাস ১৫ নারী ও ১৫ শিশুকে নিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইটোনিয়া শহরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার ছেড়ে গেছে।

    অন্যদিকে হামাস আরও ১২ বন্দিকে মুক্তি দিয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে। আইসিআরসি বলেছে, তারা ১২ জন বন্দিকে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তর করার কাজে সফলভাবে সহায়তা করেছে।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের ১০ জন ইসরায়েলি ও দুইজন থাইল্যান্ডের নাগরিক এবং তারা ইসরায়েলে পৌঁছেছেন।

    উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এ চুক্তি অনুযায়ী, হামাস ৫০ বন্দিকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।

    যদিও ইসরায়েল হুমকি দিয়ে এসেছে, যুদ্ধবিরতি শেষ হলেই তারা আবারও গাজায় হামলা চালানো শুরু করবে। তবে শেষমুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরও দু’দিনের জন্য বাড়ানো হয়।

  • সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে: সেতুমন্ত্রী

    সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ নভেম্বর, ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে।’

    আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির কারা আসে, সবকিছু দেখে আমরা আমাদের কৌশল নির্ধারণ করবো।’

    ওবায়দুল কাদের বলেন, ‘তারা কারা কারা প্রার্থী সেটা আমরা আগে দেখি। আমাদের হাতে কিন্তু সময় আছে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ ডিসেম্বর পর্যন্ত, আমাদের হাতে সময় আছে। এর মধ্যে আমরা অবজার্ভ করবো, মনিটর করব, এডজাস্টমেন্ট করবো, একোমোডেট করবো। ডেমু ক্যান্ডিডেটের বিষয়টা ১৭ তারিখের মধ্যে ফাইনালাইজড হয়ে যাবে।’

    স্বতন্ত্র প্রার্থী বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন ফ্রি স্টাইলে হবে না। আমরা দেখি কারা কারা চাইছে। এর মধ্যে আমাদেরও একটা কৌশলগত সিদ্ধান্ত আছে। সে সিদ্ধান্তের জন্য ১৭ তারিখ পর্যন্ত হাতে সময় আছে। এর মধ্যেই আমরা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, সংযোজন, একোমোডেশন সব কিছু করতে পারি।’

    নির্বাচন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ ও সিইসির মন্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রথম কথা হচ্ছে- দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করছে। বিদেশি বন্ধুরাও এখানে পরিস্থিতি অবজার্ভ করছে। ইতোমধ্যে ১০০ পর্যবেক্ষক আসবে এমন আভাস আমরা পাচ্ছি। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখানে নানা মানুষের নানা মত থাকবেই। আমাদের টার্গেট হলো একটা পিসফুল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করা। ইলেকশন চলাকালীন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারে। এখন আল্টিমেটলি আমরাও একটা পিসফুল ইলেকশন দিয়ে সবাইকে দেখিয়ে দিতে চাই- আমরা ফ্রি, ফেয়ার ইলেকশনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। তারপর অনেক সমালোচনায় হয়ত বন্ধ হয়ে যাবে।’

    প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের ব্যাপারে দলীয় প্রধান শেখ হাসিনা সবাইকে নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের যে আচরণবিধি আছে সে আচরণবিধি কেউ যেন লঙ্ঘন না করে। নির্বাচন কমিশনের আচরণবিধির পরিপন্থি কোনো কিছু করা যাবে না।’

  • স্কুলে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

    স্কুলে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ নভেম্বর, ২০২৩: দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে কে, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, তা নির্ধারণ করে আজ, মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় ফলাফল প্রকাশ করা হবে।

    বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এ লটারির উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    লটারির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

    ডা. দীপু মনি বলেন, ‘বই উৎসব নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে। যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচনের পরের সময়টা আসলে কেমন থাকবে, সেটাও আমাদের একটু বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সে কারণে এবার বই উৎসবটা ঠিক ১ তারিখে করবো নাকি নির্বাচনের পরে ১০ থেকে ১১ তারিখ করবো, সেটা নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। সার্বিক অবস্থাটা বিবেচনায় নিয়ে খুব শিগগির সেটা জানাতে পারবো।’

    তিনি বলেন, ‘আজকে যে লটারিটা হচ্ছে, সেটাও আরও পরে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নভেম্বরের মধ্যেই এটা শেষ করছি আজকে। আবার বার্ষিক পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়নও এগিয়ে এনে দ্রুত শেষ করছি। নির্বাচনের আগের যে পরিবেশ-পরিস্থিতি সেটা আমাদের অবশ্যই মাথায় নিতে হবে, বিবেচনা করতে হবে।’

    এ সময় জানানো হয়, শিক্ষার্থী ও অভিভাবকরা ওয়েবসাইট এবং এসএমএসের মধ্যে ফল জানতে পারবেন। ওয়েবসাইটে httpsgsa.teletalk.com.bd-এ প্রবেশ করে এই ফলাফল দেখা যাবে।

    এসএমএসের মাধ্যমে ফল পেতে GSA লিখে স্পেস দিয়ে Result লিখে স্পেস দিয়ে User ID লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থী জেনে যাবে, সে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে।

    সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৪ অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ১৪ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও পরে তা বাড়িয়ে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কেন্দ্রীয় লটারির অধীনে রয়েছে সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৪৬ বিদ্যালয়। বিদ্যালয়গুলোতে শূন্য আসন ১১ লাখ ২২ হাজার ৯৪টি। বিপরীতে ভর্তির জন্য আবেদন জমা পড়ে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি।

    দেশের ৬৫৮টি সরকারি বিদ্যালয়ে আসন সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১০১টি। এর বিপরীতে আবেদন করেছে ৫ লাখ ৬৩ হাজার ১৩ জন শিক্ষার্থী। প্রতি আসনে ৫ জন করে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

    অন্যদিকে, তিন হাজার ১৮৮টি বেসরকারি বিদ্যালয়ে শূন্য আসন ১০ লাখ তিন হাজার ৯৯৩টি। এর বিপরীতে আবেদন করেছে তিন লাখ ১০ হাজার ৭৭৯ জন।

  • বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেশেই করা হচ্ছে: স্পিকার

    বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেশেই করা হচ্ছে: স্পিকার

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ নভেম্বর, ২০২৩: বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেশেই করা হচ্ছে, বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নতি লাভ করেছে, চিকিৎসকদের দক্ষতাই এর বড় উদাহরণ। ব্যয়বহুল অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা দেশে স্বল্পমূল্যে করা হচ্ছে। বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসহ শত-শত জটিল অপারেশন দেশেই করা হচ্ছে। এমনকি কিডনি, লিভার, বোনমেরো ট্রান্সপ্লান্ট, হৃদরোগের বাইপাস ও নিউরোসার্জারিসহ অনেক চিকিৎসা এখন দেশেই হচ্ছে।’

    আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, বিগত ১৪ বছরে স্বাস্থ্য খাতে আমাদের সফলতা অনেক বিস্তৃত। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায় এবং অনেক স্বল্প মূল্য। সারাদেশে ৬ শতাধিক হাসপাতাল নির্মাণ, হৃদরোগ, ক্যান্সার, নিউরো সায়েন্সসহ বিশেষায়িত অসংখ্য হাসপাতাল নির্মাণ হয়েছে। গ্রামাঞ্চলে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যেখানে ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে পাওয়া যায়।

    স্পিকার বলেন, ‘২০০৯ সালে দেশে মাত্র ৫০টি মেডিকেল কলেজ ছিল, যা বর্তমানে ১১৫টি। শিক্ষার্থীদের জন্য এমবিবিএস আসন ছিল ২ হাজার ৫০টি, যা বর্তমানে ১০ হাজার ৭৮৯টিতে উন্নীত হয়েছে। সরকারি বেসরকারি ডেন্টাল কলেজের সংখ্যা ১৩টি থেকে ৩৭টিতে বৃদ্ধি পেয়েছে। চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকার স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।’

    তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য শারফুদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাই, কারণ তিনি প্রথমবারের মতো বিগত ২৫ বছরের শিক্ষার্থীদেরকে একই প্লাটফর্মে এনে এই পুনর্মিলনীর আয়োজন করেছেন। বিএসএমএমইউয়ের মাধ্যমে আগামী দিনে দেশের স্বাস্থ্য খাত আরও উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবে বলে আমি আশা রাখি।’

    বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এবং বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য জাকিয়া সুলতানা।

  • বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নির্বাচন করুক: তথ্যমন্ত্রী

    বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নির্বাচন করুক: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ নভেম্বর, ২০২৩: বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নির্বাচন করুক এটা আওয়ামী লীগ চায় বলে মন্তব্য করেছেন তথমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

    আজ মঙ্গলবার (২৮ নভেম্বর)  সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

    ড. হাছান মাহমুদ বলেন, ‘দিনের পর দিন অবরোধ ডেকে জনজীবনে দুর্ভোগ ডেকে কোন লাভ হবে না। তাদের কর্মসূচি কেউ মানছে না।’

    তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যাদের নির্বাচনে করার যোগ্যতা নেই সে নেতারাই নির্বাচন বানচালের কথা বলে। বিএনপির যাদের যোগ্যতা আছে তারা নির্বাচনমুখী।’

    ইসির তফসিল পরিবর্তনের বিষয় নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনের তারিখ ঠিক রেখে অন্যান্য তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে তা যথার্থ।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব না।’

    তিনি, অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করারও আহ্বান জানান।