Author: Hello Bangla News

  • নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে ১ম টেস্ট জিতলো বাংলাদেশ

    নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে ১ম টেস্ট জিতলো বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ ডিসেম্বর, ২০২৩: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয় গত ২৮ নভেম্বর সিলেটে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রথম টেস্ট এটি। টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। তারপর থেকে লড়াই। লাড়ই হয়েছে সমানে সমানে। কিন্তু প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান উইনিয়ামসনের সেঞ্চুরির সুবাদে এগিয়ে থাকে মাত্র ৭ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩১০ রান ও দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রান করে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড করে ১৮১ রান। ফলে বাংলাদেশ জয় পায় ১৫০ রানে। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্ত ১০৫ ও অভিজ্ঞ মুশফিকুর করে ৬৭ রান। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

    জয়ের দৃশ্যপটটা বাংলাদেশ চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল। যদিও ম্যাচের আগে অনিশ্চয়তা ছিল পঞ্চম দিন পর্যন্ত খেলা গড়াবে কি না। দুই ইনিংসেই কিউইদের পরীক্ষায় নিয়েছেন তাইজুল ইসলাম। স্পিনবান্ধব হয়ে পড়া উইকেটে চতুর্থ দিন তার ঘূর্ণিতে ১১৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আজ (শনিবার) প্রথম টেস্টের শেষ দিনে নেমেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন আগেরদিন ৪৪ রানে অপরাজিত থাকা ড্যারিল মিচেল। এর কিছুক্ষন পরেই তিনি আউট হয়ে যান।

    মিচেলের বিদায়ের পর বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়িয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। তবে সেই দৌড় তাদের বেশিদূর নিয়ে যেতে পারেনি। তারা অলআউট হয়ে যায় ১৮১ রানে। বাংলাদেশের হয়ে তাইজুলের ৬টি ছাড়াও নাঈম হাসান ২টি, মেহেদি মিরাজ ও শরিফুল একটি করে শিকার ধরেন।

    বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল, অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সিরিজ থেকে সরে যান লিটন দাসও। নেতৃত্বের ভার আসে নাজমুল হোসেন শান্তর কাঁধে।

    প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করে পরের ইনিংসে সেটি পুষিয়ে দেন শান্ত। দ্বিতীয় ইনিংসে রান আউটের আক্ষেপে পোড়া মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসে দলের সেরা ব্যাটার। অবদান রাখলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক। তাইজুল ইসলাম দুই ইনিংসে উজ্জ্বল বোলিংয়ে; সম্ভবত তার পুরো টেস্ট ক্যারিয়ারের মতোই। অধিনায়ক হিসেবে অসাধারণ খেলেছেন তিনি।

    আগের দিন সংবাদ সম্মেলনে বহু অভিমানের কথাই শুনিয়ে গিয়েছিলেন তাইজুল। জানিয়েছিলেন দলের তার ওপর থাকা ‘আস্থা’র কথাও। সেটি বোধ হয় বিধাতাই সবচেয়ে ভালো জানেন। রঙিন জয়ের শেষটাও তাই হয়েছে তার হাত ধরে।

     

    স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)

    বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১০/১০, ৮৫.১ ওভার (জয় ৮৬, শান্ত ৩৭, মোমিনুল ৩৭, ফিলিপস ৪/৫৩)।

    নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৩১৭/১০, ১০১.৫ ওভার (উইলিয়ামসন ১০৪, তাইজুল ৪/১০৯)

    বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ২১২/৩, ৬৮ ওভার, শান্ত ১০৪*, মুশফিকুর ৪৩*) :

    নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস (১১৩/৭, ৪৯ ওভার, মিচেল ৪৪ঁ ও সোধি ৭*) :

    লাথাম ক নুরুল ব শরিফুল ০

    কনওয়ে ক শাহাদাত ব তাইজুল ২২

    উইলিয়ামসন এলবিডব্লু ব তাইজুল ১১

    নিকোলস ক নাইম ব মিরাজ ২

    মিচেল ক তাইজুল ব নাইম ৫৮

    ব্লান্ডেল ক নুরুল ব তাইজুল ৬

    ফিলিপস এলবিডব্লু ব নাইম ১২

    জেমিসন এলবিডব্লু ব তাইজুল ৯

    সোধি ক জাকির ব তাইজুল ২২

    সাউদি ক জাকির ব তাইজুল ৩৪

    প্যাটেল অপরাজিত ০

    অতিরিক্ত (বা-৪, নো-১) ৫

    মোট (৭ উইকেট, ৪৯ ওভার) ১১৩

    উইকেট পতন : ১-০ (লাথাম), ২-১৯ (উইলিয়ামসন), ৩-৩০ (নিকোলস), ৪-৪৬ (কনওয়ে), ৫-৬০ (ব্লান্ডেল), ৬-৮১ (ফিলিপস), ৭-১০২ (জেমিসন), ৮-১৩২ (জেমিসন), ৯-১৭৮ (জেমিসন), ১০-১৮১ (সোধি)।

    বাংলাদেশ বোলিং :

    শরিফুল : ৬-২-১৩-১,

    মিরাজ : ১৫-৪-৪৪-১,

    তাইজুল: ৩১.১-৮-৭৫-৬ (নো-১),

    নাইম: ১৭-৩-৪০-২,

    মোমিনুল : ২-০-৫-০।

    ফল : বাংলাদেশ ১৫০ রানে জয়ী।

    সিরিজ : দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

  • হলফনামা অনুসারে হাছান মাহমুদের নগদ টাকা আছে ৫ লাখ ১০ হাজার

    হলফনামা অনুসারে হাছান মাহমুদের নগদ টাকা আছে ৫ লাখ ১০ হাজার

    www.HelloBangla.News – জাতীয় – ২ ডিসেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি রবিবার (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নির্বাচন করছেন চট্টগ্রাম-৭ আসনে। তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আসনটি থেকে তিনি চট্টগ্রাম রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  উক্ত আসনে আরও পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন— জাতীয় পার্টি থেকে মুছা আহমেদ রানা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আহমদ রেজা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মুহাম্মদ ইকবাল হাছান, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মো. মোরশেদ আলম ও তৃণমূল বিএনপি থেকে খোরশেদ আলম।

    হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তথ্যমন্ত্রীর নগদ টাকা আছে ৫ লাখ ১০ হাজার, স্ত্রীর আছে ৪০ হাজার টাকা। তথ্যমন্ত্রীর নামে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৭ লাখ ২০ হাজার টাকা এবং স্ত্রীর নামে আছে ৫ লাখ ১৫ হাজার। তথ্যমন্ত্রীর বিভিন্ন কোম্পানির শেয়ার আছে ৭ লাখ ১২ হাজার ২৫০ টাকা। তথ্যমন্ত্রীর নিজের ৫ ভরি এবং স্ত্রীর ৫০ ভরি স্বর্ণ রয়েছে। তার ইলেকট্রনিক সামগ্রী ৭০ হাজার টাকার এবং আসবাবপত্র আছে ৪৫ হাজার টাকা।

    তথ্যমন্ত্রী গ্লোবাল ইসলামি ব্যাংক থেকে ১ কোটি ২৫ লাখ টাকা, জামানতবিহীন ৯১ লাখ এবং ভাইদের কাছ থেকে লোন নিয়েছেন ১২ লাখ টাকা। এ হিসেবে তার মোট ঋণ আছে ২ কোটি ২৮ লাখ টাকা।

    তথ্যমন্ত্রীর কৃষিখাত থেকে বছরে আয় ১ লাখ ৩০ হাজার টাকা, বাড়ি-দোকান-অ্যাপার্টম্যান্ট ভাড়া ১ লাখ ৪৭ হাজার, ব্যাংক ও অন্যান্য খাত থেকে সম্মানী পান ১ লাখ ২২ হাজার ২৬৩ টাকা। এছাড়া তিনি মন্ত্রী হিসেবে তিনি নির্ধারিত বেতন-ভাতা পেয়ে থাকেন।

    চট্টগ্রামের পাঁচলাইশ থানার খুলশী মৌজায় ৬ কাঠা জমি রয়েছে, যার বাজারমূল্য  ১৬ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া তার নামে রাজধানীর পূর্বাচলে ৭ দশমিক ৫ কাঠা জমি রয়েছে। যেটি তিনি ২০০১ সালে প্রবাসী বাংলাদেশি কোটায় আবেদন করে ২০০৭ সালে বরাদ্দ পান। কিস্তি পরিশোধের পর জমিটি ২০১৯ সালে তথ্যমন্ত্রীর নামে রেজিস্ট্রেশন হয়। পৈত্রিক সূত্রে তথ্যমন্ত্রী চট্টগ্রামের বাকলিয়া মৌজায় ২ কাঠা জমির চারভাগের এক অংশ পান, যেটি দালান নির্মাণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া তথ্যমন্ত্রী ৫ দশমিক ৬ কাঠা জমির ওপর একটি দালান দানপত্র সূত্রে পেয়েছেন। তার নামে একটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে।

  • বাংলাদেশ আইএমও’র সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত

    বাংলাদেশ আইএমও’র সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত

    www.HelloBangla.News – জাতীয় – ২ ডিসেম্বর, ২০২৩: আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থার (আইএমও) সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ পেয়েছে ১২৮ ভোট।

    লন্ডনে আইএমও সদর দফতরে অনুষ্ঠিত ভোটে এই প্রথমবারের মতো অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে বাংলাদেশ জয়লাভ করলো। আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থা’র (আইএমও) সদস্য দেশ ১৭৫ টি।

    আজ শনিবার (২ ডিসেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

    যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এবং আইএমওতে স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম বলেছেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ৪০ সদস্যের কাউন্সিলে বাংলাদেশের নির্বাচনে জয়লাভ সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক মেরিটাইম কমিউনিটি যে  আস্থা রেখেছে এটা তার প্রমাণ। এই বিজয় একটি সামুদ্রিক জাতি হিসেবে বাংলাদেশ এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের  প্রতিফলন।

    হাইকমিশনার বাংলাদেশকে কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য আইএমও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০২৩ সালে আইএমও কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

    এর আগে, সাইদা মুনা তাসনীম আইএমও-এর ৩৩তম অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হন।

  • আবারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল

    আবারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ ডিসেম্বর, ২০২৩: হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে গাজায় প্রায় ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে অধিকাংশ শিশু, নারী ও বেসামরিক মানুষ। গাজায় যখন চরম মানবিক বিপর্যয় দেখা দেয় তখন সেখানে যুদ্ধ বিরতি ঘোষণার মধ্য দিয়ে বন্দি ও জিম্মি বিনিময় হয়। কিন্তু যুদ্ধ বিরতির সময় বাড়ানোর পক্ষে ছিলো বিশ্বের বিভিন্ন দেশ। এই অবস্থায় আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার দ্বিতীয় দিনে আজ শনিবার (২ ডিসেম্বর) ইসরায়েল গাজায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে।

    হামলা থেকে ধূসর ধোঁয়ায় গাজার আকাশ  মেঘ ঢেকে আছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার প্রথম দিনে ইসরায়েলি হামলায় প্রায় ২শ’ জন নিহত হয়েছে।

    উভয় পক্ষই যুদ্ধবিরতি ভঙ্গ করার জন্য একে অপরকে দোষারোপ করেছে। ইসরায়েল দাবি করেছে, হামাস এটি শেষ হওয়ার আগেই একটি রকেট নিক্ষেপ করার চেষ্টা করেছিল এবং মুক্তির জন্য আরও জিম্মিদের তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছিল।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন যা করছি তা হল গাজা উপত্যকায় হামাসের সামরিক স্থাপনায় হামলা চালানো।’

    আন্তর্জাতিক নেতারা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো যুদ্ধে ফিরে আসার নিন্দা করেছে।

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্স-এ (পূর্বে টুইটারে) বলেছেন, ‘আমি গভীরভাবে দুঃখিত যে, গাজায় আবার সামরিক অভিযান শুরু হয়েছে।’

    সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, আজ শনিবার ইসরায়েলি বাহিনী দামেস্কে হামলা চালিয়েছে।

    হিজবুল্লাহ যোদ্ধারা বলেছে, শুক্রবার লেবাননে ইসরায়েলি হামলায় তাদের একজন সদস্য নিহত হয়েছে।

    সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বেড়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা আরেকটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করছে।

    মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন শুক্রবার ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ইসরায়েল, মিশর এবং কাতারের সাথে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

    ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে আকাশ ও স্থল অভিযান চালিয়েছে। গাজা পরিচালনাকারী হামাস কর্তৃপক্ষ বলছে, এতে ইসরায়েল ১৫,০০০ এরও বেশি লোককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক লোক।

    শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে পাঁচজন মারা গেছে এবং হামাস এখনও ‘১৭ নারী ও শিশুসহ ১৩৬ জনকে জিম্মি করে রেখেছে’।

    গাজা যুদ্ধে অন্তত ৬১ সাংবাদিক নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই সাংবাদিকদের মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও তিনজন লেবানিজ।

    সূত্র: বাসস

  • শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

    শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

    www.HelloBangla.News – জাতীয় – ১ ডিসেম্বর, ২০২৩: শুরু হলো গৌরবময় বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের মাস, বাঙালির শ্রেষ্ঠ অর্জনের মাস। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এ মাসেই জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। অবশেষে অর্জন করা সম্ভব হয় হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা।

    ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন।

    বাঙালি জাতির ইতিহাসে অনন্য গৌরবময় ডিসেম্বরে বিজয় অর্জনের পেছনে রয়েছে অনেক ঘাত-প্রতিঘাত। পশ্চিম পকিস্তানের সামরিক জান্তাদের শোষণ-বঞ্চনা এবং বিমাতাসুলভ আচরণের শিকার হয়ে আসছিল বাংলার মানুষ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন, স্বাধীনতা অর্জন ছাড়া বাঙালি জাতির ওপর অত্যাচার, নির্যাতন ও বঞ্চনার অবসান হবে না। তাই তিনি ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে দীপ্তকণ্ঠে বলেন,‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- ১৮ মিনিটের তার এই কালজয়ী ঘোষণার মধ্য দিয়ে মূলত সেদিন থেকেই শুরু হয় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যায়। বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় অসহযোগ আন্দোলন। চলতে থাকে সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতিও। এরই ধারাবাহিকতায় সংগঠিত হতে থাকে বাংলার মানুষ।’

    ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বর্বরোচিতভাবে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপরই ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুকে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। শুরু হয় বর্বর পাকিস্তানি বাহিনীর বাঙালি নিধন অভিযান।

    তবে পাকিস্তানের এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার সর্বস্তরের মানুষ। হাতে তুলে নেয় অস্ত্র, শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চলে বাঙালির মরণপণ যুদ্ধ। বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের একপর্যায়ে বাঙালি বিজয়ের দিকে ধাবিত হতে থাকে। ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়।

    একপর্যায়ে বাঙালির বীরত্বের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনী। এই ডিসেম্বর মাসের শুরুতেই মুক্তিযুদ্ধের পরিণতি বিজয়ে দিকে অগ্রসর হতে থাকে। এই মাসের শুরুর দিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তির অবস্থান প্রকাশ্যে চলে আসে। যদিও আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়।

    কিন্তু ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধ জাহাজ পাঠায়। সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়নও বাংলাদেশের পক্ষে যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দেয়। এছাড়া আগে থেকেই ভারত সার্বিকভাবে বাংলাদেশে পক্ষে দাঁড়ায় এবং সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনী অংশ নেয়।

    শরণার্থীদের আশ্রয়, খাদ্য, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয় ভারত। তবে পাকিস্তানের পক্ষের ছিল চীন।

    মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ মরণপণ যুদ্ধের কাছে টিকতে না পেরে এবং বিশ্ব জনমতের চাপে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স) মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর (ভারতীয় বাহিনী) যৌথ কমান্ডের কাছে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। রক্তক্ষয়ী এই মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

    বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে প্রতিটি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

  • নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: সেতুমন্ত্রী

    নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ ডিসেম্বর, ২০২৩: নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, বলে মন্তব্য করেছিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের ট্রেন চলছে। যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছা পর্যন্ত এ ট্রেন কোথাও থামবে না।

    আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনকে ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারাদেশে লক্ষ্য করা যাচ্ছে। ২/১ টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলো কি না তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন সেটা বেশি করে ভাববার বিষয়। বিএনপি আন্দোলনের নামে দেশে যে সহিংসতা, সন্ত্রাস করছে সে বিষয়ে টিআইবি কিংবা সুজন (সুশাসনের জন্য নাগরিক) তাদের মুখে কোন কথা নেই। অথচ তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে।’

    ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নামে একটি দল আজকে সহিংসতা, সন্ত্রাস, অগ্নি-সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার চক্রান্ত করছে। এখন আবার তারা নতুন করে আন্দোলনের কথা বলছে। তার তো আন্দোলন করছে, একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এখন পর্যন্ত? আমি চ্যালেঞ্জ করতে পারি একটাও সফল হয়নি। তারা সন্ত্রাস করতে পেরেছে, আগুন সন্ত্রাস করতে পেরেছে। কিন্তু জনগণের অংশগ্রহণ, জনগণের সাড়া নিয়ে তারা কোনো আন্দোলন সফল করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।’

    প্রেস বিফিংএর সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • জলবায়ু সম্মেলনে অনুন্নত দেশগুলোর জন্য তহবিল ৪২ কোটি ডলার

    জলবায়ু সম্মেলনে অনুন্নত দেশগুলোর জন্য তহবিল ৪২ কোটি ডলার

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১ ডিসেম্বর, ২০২৩: সারা বিশ্বে আজ পরিবেশগত ঝুঁকি বাড়ছে। আর এর প্রধান কারণ বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়ন কর্মকান্ড। আর এ কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো।শুধু তাই নয় সার্বিক ভাবে গোটা বিশ্বে জলবায়ুজনিত সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জলবায়ু সংক্রান্ত ঝুঁকিতে থাকা দেশগুলোকে আর্থিক সহযোগিতার জন্য উন্নত দেশগুলোকে বলা হয়েছে। আর এই তহবিল সংগ্রহের লক্ষ্যে এবারের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ২৮)।

    আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুরু হওয়া এ সম্মেলনে এরই মধ্যে তহবিল অনুমোদন করেছে তেলের অন্যতম বড় উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তাদের সঙ্গে এক হয়ে উন্নত আরও কয়েকটি দেশের ।

    তহবিলের প্রতিশ্রুতি দেওয়া দেশগুলোর মধ্যে আছে, সম্মেলনের আয়োজক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ১০ কোটি ডলার, যুক্তরাজ্য ৬ কোটি পাউন্ড, যুক্তরাষ্ট্র ১ কোটি ৭৫ লাখ ডলার এবং জাপান ১ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পরে ইউরোপীয় ইউনিয়নও ২৪ কোটি ৫৩৯ লাখ ডলার এবং জার্মানি ১০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

    সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো প্রথমদিনেই ৪২ কোটি ডলার তহবিল গরিব দেশগুলোর জন্য বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।

    জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা সাইমন ইমানুয়েল কারভিন স্টিয়েল বলেছেন, এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ ইস্যু ক্ষয় ও ক্ষতিকে (লস অ্যান্ড ডেমেজ) সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ ব্যাপারে তহবিলে অর্থায়নসহ আমাদের সামনের দিকে এগোতে হবে। এখান থেকে পেছনে ফেরার সুযোগ নেই। উন্নত দেশগুলো বেশ কয়েক বছর আগে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে। গরিব দেশগুলোকে এই অর্থ দেওয়া হবে তাদের অভিযোজন ও সবুজ জ্বালানির উন্নয়নে। আমরা আশা করছি, এবছর আমরা এই প্রতিশ্রুতির কাছাকাছি পৌঁছাতে পারবো।

  • নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১ ডিসেম্বর, ২০২৩: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দেশের সমদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে এবং উত্তর-পশ্চিম দিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।তাই এই সতর্ক সংকেত জারি করা হয়। আবহাওয়া অফিস থেকে এই তথ্য পাওয়া গেছে।

    আজ শুক্রবার (১ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিস থেকে জানা গেছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ (১ ডিসেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

    নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আগামী রবিবার (৩ ডিসেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন এটির নাম হবে ‘মিগজাউম’। নামটি মিয়ানমারের দেওয়া।

    এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • ১০জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ৩০ নাগরিকের মুক্তি

    ১০জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ৩০ নাগরিকের মুক্তি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ ডিসেম্বর, ২০২৩: হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির সপ্তম দিনে হামাস কর্তৃপক্ষ আট জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তি প্রাপ্ত এসব জিম্মির মধ্যে উরুগুয়ে, মেক্সিকো এবং রাশিয়ার দ্বৈত নাগরিকও রয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার শুক্রবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ আটজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে দু’জন নাবালক এবং ছয় জন নারী রয়েছে।’

    তিনি আরো বলেন, গাজায় বন্দি থাকা মোট ১০জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ৩০ নাগরিককে ইসরাইয়েল কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে গতকাল মুক্তি পাওয়া দুই রাশিয়ার নাগরিক অন্তর্ভূক্ত রয়েছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় বলা হচ্ছে, বৃহস্পতিবার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শেষ হয়ে যাবে। বহুমুখী কূটনৈতিক তৎপরতায় চুক্তির মেয়াদ আরও পাঁচদিন বাড়ানো হতে পারে। কিন্তু হামাস বলছে উল্টো কথা। সংগঠনটির দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তাবিত জিম্মি মুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল সাত নারী ও শিশুকে গ্রহণ করতে অস্বীকার করেছে।

    এদিকে, সৌদি আরব বলেছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দিতে হবে। কাতারের মধ্যস্থতায় চুক্তির মেয়াদ বাড়ানো সংক্রান্ত সমস্ত কিছু বাদ দিয়ে ফিলিস্তিনে বিলম্ব ছাড়া স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক তৎপরতা শুরু করতে বলেছে দেশটি।

  • নির্বাচনের বিষয়ে শতাধিক বিদেশি পর্যবেক্ষক সাড়া দিয়েছেন: সেতুমন্ত্রী

    নির্বাচনের বিষয়ে শতাধিক বিদেশি পর্যবেক্ষক সাড়া দিয়েছেন: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ নভেম্বর, ২০২৩: নির্বাচনের বিষয়ে শতাধিক বিদেশি পর্যবেক্ষক সাড়া দিয়েছেন,  বলে জানিয়েছেনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বলেন, ‘এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।’

    তিনি আরও বলেছেন, ‘আমরা তাদের সঙ্গে একমত। নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তা-ই চাই।’

    আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব’— ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির এ বক্তব্য প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

    গতকাল বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, ‘বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় পুরো বিশ্ব।’

    ইসির সঙ্গে আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশাকরি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার আচরণের সীমা মেনে চলবেন বলে আশা করে সরকার। আর জোটের আসন নিয়ে শরীকদের হতাশ করবে না আওয়ামী লীগ।

    নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি তাদের শেষ কথা বলে দিয়েছে। তাই তাদের নিয়ে কথা বলার কোনো জায়গা নেই।’

    এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।